নারী ভাষাসৈনিকের খোঁজে কুমিল্লায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়লা নূর l ছবি: এম সাদেক
লায়লা নূর l ছবি: এম সাদেক

বাংলা ভাষার পক্ষে লড়াই করতে গিয়ে যে গুটি কয়েক ছাত্রী গ্রেপ্তার হন, কুমিল্লার লায়লা নূর ছিলেন তাঁদের অন্যতম। ১৯৫৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তার আগেই পাকিস্তানি শাসকগোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিয়ে পূর্ববঙ্গে ৯২-ক ধারা জারি করে। তা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি আমতলায় সমাবেশ করার সিদ্ধান্ত নেন। আগের রাতে তাঁরা হলে হলে হলে কালো পতাকা উত্তোলন করেন। সকালে ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও আমতলায় সমবেত হন। এরপর সেনা ও পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে সবাইকে গ্রেপ্তার করে।
একজন সেনাসদস্য হাতকড়া পরাতে এলে লায়লা নূর তাঁকে ধমক দিয়ে বলেন, ‘খবরদার, গায়ে হাত দেবেন না। কোথায় যেতে হবে বলুন।’ এরপর অন্যদের সঙ্গে তাঁকেও ট্রাকে তুলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেদিন ২১ জন ছাত্রী গ্রেপ্তার হয়েছিলেন। তাঁরা জেলও খেটেছেন ২১ দিন।
তবে লায়লা নূর ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন সাত বছর আগেই, ১৯৪৮ সালে। তখন তিনি স্কুলের ছাত্রী। তাঁর বাবা আবু নাসের মোহাম্মদ নুরুল্লাহ ছিলেন টাটা স্টিল মিলের নির্বাহী প্রকৌশলী। তাঁর কর্মস্থল ছিল বিহারে। দেশ বিভাগের পর তাঁরা কুমিল্লায় ফিরে আসেন। কুমিল্লার কৃতী সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত (একাত্তরের শহীদ) পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব আনেন। সেই প্রস্তাব আমলে না নিলে ছাত্ররা আন্দোলনে নামেন। আবার গোঁড়াপন্থীরা কুমিল্লায় উর্দু ভাষার পক্ষে একটি সমাবেশ ডাকে। লায়লা নূর সেখানে সভাপতির অনুমতি নিয়ে বলেন, ‘উর্দু কখনো বাঙালির মাতৃভাষা হতে পারে না।’ সভায় উপস্থিত কেউ কেউ তাঁকে বক্তব্য প্রত্যাহার করতে বললে তিনি অস্বীকার করেন।
এই ছিলেন লায়লা নূর। ছিলেন না, এখনো আছেন। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার অশোকতলার বাসায় তাঁর সঙ্গে দেখা করি। কয়েক দিন আগে হাসপাতাল থেকে ফিরেছেন তিনি। অসুস্থ। বয়স ৮১। কিন্তু মনোবল অটুট। প্রতিটি প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন। ৩৫ বছর অধ্যাপনা শেষে ১৯৯২ সালে অবসর নেন লায়লা নূর। তিনি ভাষা আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন। কুমিল্লাবাসী এ জন্য গর্ব অনুভব করে। একই সঙ্গে তাঁদের মনোবেদনা হলো আজও তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। যদিও জেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে বেশ কয়েকবার সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনার শুরুতেই জিজ্ঞেস করি, কে আপনাকে এই আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন? লায়লা নূর জানালেন, ‘আমাকে কেউ বলেননি। আমাদের বাড়িতে প্রচার বই ছিল। বাংলা ভাষার বড় বড় লেখকের বই পড়েছি। উপমহাদেশে একমাত্র বাংলা ভাষার লেখকই নোবেল পুরস্কার পেয়েছেন। তাই পাকিস্তান হওয়ার পর যখন দেখলাম উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন মনটা বিদ্রোহী হয়ে উঠল।’
লায়লা নূর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক। শিক্ষকতায় কীভাবে এলেন? তিনি বললেন, ‘শিক্ষক হওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর সেটি কলেজের তৎকালীন অধ্যক্ষ আখতার হামিদ খানের জন্যই সম্ভব হয়েছে।’ তিনি বলেছিলেন, ‘প্রুভ ইয়োর ওয়ার্থ, ডু নট কাম থ্রো ব্যাক ডোর।’ বছর খানেক আমি অবৈতনিক শিক্ষক ছিলাম। আখতার হামিদ ছিলেন মহৎ মানুষ। একজন মানুষকে বড় হতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। তিনি বাঙালি না হয়েও বাংলার মানুষকে খুব ভালোবাসতেন। এই ভালোবাসা থেকেই কুমিল্লা বার্ড প্রতিষ্ঠা করেছিলেন, কুমিল্লায় সমবায় আন্দোলন গড়ে তুলেছেন।
জিজ্ঞেস করি, আপনার জীবনের সার্থকতা কী?
: শিক্ষকতা জীবনে আমার হাত দিয়ে হাজার হাজার শিক্ষার্থী বেরিয়েছে এবং তারা পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এটাই আমার সার্থকতা। যে রফিকুল ইসলামের প্রস্তাবে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছিল, সেও ছিল আমার ছাত্র।
: আপনার লেখালেখি?
: বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় লিখেছি। ইংরেজি লেখাই বেশি। ইংরেজি বিভাগ থেকে টিচার নামে একটি সাময়িকী বের হতো। সেখানে লিখতাম। পরে তিতাস চৌধুরীর অলক্ত পত্রিকায় অনেক লেখা ছাপা হয়েছে। তবে এখনো কোনো বই বের হয়নি। আত্মজীবনীমূলক একটি বই লিখেছি। নাম প্রচ্ছন্ন।
প্রচ্ছন্ন নাম কেন জানতে চাইলে লায়লা নূর বলেন, ‘সব কথা তো স্পষ্ট বলা যায় না।’
পরের প্রশ্ন ছিল: একাত্তরে কোথায় ছিলেন? কীভাবে ছিলেন?
: এই বাড়িতেই ছিলাম। পেছনে আরও একটি বাড়ি ছিল, সেখানে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় নিতেন। যার মধ্যে আমার অনেক ছাত্র ছিল। বাড়ির পেছনে তখন ধানখেত ছিল। ওরা এখানে আসত, থাকত, খাওয়াদাওয়া করত। অপারেশন করে আবার চলে যেত। আমি তাদের একটি কথাই বলতাম, ‘জুতা ও কাপড়গুলো লুকিয়ে রেখো। আর্মির লোকেরা এসে দেখলে আমাকে সন্দেহ করবে।’ তিনি জানান, তাঁর মামাতো ভাই কর্নেল মোশতাককে ২৭ এপ্রিল ঢাকা সেনানিবাসে হত্যা করে পাকিস্তানিরা।
: পাকিস্তান আমলে শিক্ষকতা করেছেন, বাংলাদেশ আমলেও করেছেন। কোনো পার্থক্য লক্ষ করেছেন কি?
: পাকিস্তানিদের বোকামির জন্য পাকিস্তান ভেঙেছে। কিন্তু বাংলাদেশ আমলেও তো আমরা যা চেয়েছি, তা হয়নি। যা চাইনি, তা হয়েছে। স্বাধীনতা হওয়া মানে যা খুশি তা-ই করা নয়। কিন্তু অনেকে সেটাই করলেন। মুক্তিযুদ্ধ থেকে এসে কেউ কেউ বললেন, ‘যুদ্ধ শেষ হয়নি’। তবে স্বাধীনতার পর যে অস্থিরতা ও অনিশ্চয়তা ছিল, তার চেয়ে এখন অবস্থা ভালো।
মেয়েদের অগ্রগতি কীভাবে দেখছেন? তিনি বললেন, ‘আমাদের সময়ে কর্মক্ষেত্রে মেয়েদের সংখ্যা ছিল খুবই কম। এখন অনেকে বাইরে আসছে। সে ক্ষেত্রে অগ্রগতিটা চোখে পড়ার মতো। তবে খারাপ লাগে যখন পত্রিকা খুললেই নারী নির্যাতনের খবর দেখি। হত্যা-অপরাধ বাড়ছে। এটা হওয়া উচিত ছিল না। মনে হয় আমরা স্বাধীনতা পেলেও আদর্শবাদী নেতা পাইনি।
: আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জীবনের স্মরণীয় কোনো স্মৃতি?
: ছাত্রজীবনে একবার হোসেন শহীদ সোহরাওয়ার্দী এসেছিলেন ভিক্টোরিয়া কলেজে। আমি ইংরেজিতে পড়ি শুনে তিনি জিজ্ঞেস করলেন, ‘শেলীর কবিতা শোনাতে পারো?’ কিন্তু আমার শোনানোর আগেই তিনি শেলীর কবিতা আবৃত্তি করতে থাকলেন। আরেকবার শেখ মুজিবুর রহমান জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি আমার দলে যোগ দেবে কি না?’ কিন্তু আমি কোনো রাজনীতি করিনি। মহিলা সমিতি করেছি। সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। অধ্যাপনার বাইরে কিছু সামাজিক দায়িত্বও পালন করেছি।
: এখনকার শিক্ষক বা শিক্ষার্থীদের উদ্দেশে কিছু বলবেন?
: লাভ নেই। আমরা মনে করতাম পড়ানোটাই একজন শিক্ষকের মূল কাজ। কিন্তু এখন সবকিছু বাণিজ্যিক হয়ে গেছে। শিক্ষকেরাও এর বাইরে নন।
: আপনার আদর্শ কে বা কারা?
: ছাত্রজীবনে গান্ধী, সুভাষ বসুকে নায়ক ভাবতাম। ফজলুল হক বাঙালিদের জন্য অনেক কিছু করেছেন। বলতে পারেন এঁরাই আদর্শ। পরবর্তী সময়ে যাঁরা নেতৃত্ব পেয়েছেন, তাঁদের কাজে নীতিবোধটা শিথিল ছিল। দুর্বলতা রয়েই গেছে।
: শিক্ষাবিদ হিসেবে কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে?
: স্বাধীনতার পর পাবলিক পরীক্ষায় নকল বেড়ে যাওয়া। আমাদের কলেজের অধ্যক্ষ একবার বৈঠক ডেকে বললেন, ‘আমি ছাত্রদের নিয়ন্ত্রণ করতে পারব না।’ আমরা আশাহত হলেও কিছু করার ছিল না। আমি ছাত্রছাত্রীদের নকলের কুফল সম্পর্কে বলতাম। তবে কাউকে বহিষ্কার করিনি। বহিষ্কার করলে একটি ছেলে বা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। তবে আমি আশা করি, আজকের তরুণেরা অনেক বেশি সজাগ। তারা একদিন দেশটাকে আমূল বদলে দেবে।
এই বয়সেও আশাবাদী লায়লা নূর। একজন আদর্শবাদী ও জনপ্রিয় শিক্ষক। কীভাবে জনপ্রিয় হলেন, জিজ্ঞেস করতে তাঁর ছাত্র ও অজিত গুহ কলেজের বর্তমান অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বললেন, তিনি কেবল ক্লাসেই ভালো পড়াতেন না, তাঁর নৈতিকতা বোধও ছিল প্রখর। শিক্ষা দেওয়াটাই ছিল তাঁর জীবনের ব্রত।
এ রকম একজন শিক্ষাব্রতী ও ভাষাসৈনিককে আমরা কীভাবে ভুলে যাই?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]