তুফান সরকারের নারী সহযোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলায় একটি প্রবাদ আছে, ‘কাকের মাংস কাকে খায় না।’ প্রবাদটি প্রাণিকুলের জন্য সত্য হলেও মনুষ্য সমাজের জন্য কতটা প্রযোজ্য, তা নিয়ে সন্দেহ আছে। কেননা, মানুষই আজ মানুষের সবচেয়ে বড় শত্রু। গত তিন ধরে একটি খবর বিভিন্ন গণমাধ্যমে বিশেষভাবে ঘুরেফিরে আসছে। সেটি হলো বগুড়ায় এক ‘শক্তিশালী’ তুফানের হাতে কিশোরী ধর্ষণ এবং সেই ঘটনা ধামাচাপা দিতে ওই কিশোরী ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে।

‘অসীম ক্ষমতার’ জোরে অপরাধের পর অপরাধ করে যাওয়া কত সহজ! কলেজে ভর্তির কথা বলে কিশোরীকে ধর্ষণ করে তুফান যেন কোনো অপরাধই করেননি! আর মা-মেয়েকে ধরে এনে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়ে কলেজে ভর্তির ইচ্ছা প্রকাশ করার ‘উচিত শিক্ষা’ দিয়েছেন তাঁর স্ত্রী-শাশুড়ি। ‘সোনার ছেলে’ তুফানকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন তাঁরা।

কিন্তু কেন এমন ঘটনা ঘটল? নিজের স্বামীর অপরাধ জানার পরও আশা কেন তুফানের বিচার না চেয়ে উল্টো তাঁরই পক্ষ নিলেন? সেখানেও হয়তো ক্ষমতার দাপট কাজ করেছে। কেননা আমাদের সমাজে এখনো অধিকাংশ ক্ষেত্রে নারীরা তাঁর স্বামীর ওপরই নির্ভরশীল। সেটা যতটা না নিরাপত্তা বা আর্থিক কারণে, তার চেয়ে হয়তো অনেক বেশি মানসিক কারণে। আর এ ক্ষেত্রে তো তুফানের ক্ষমতার দাপট কাজ করা অস্বাভাবিক নয়। তুফানের শাশুড়ির ক্ষেত্রেও হয়তো সামাজিক নিরাপত্তার বিষয়টিই কাজ করেছে।

কিন্তু আশার বড় বোন মার্জিয়া আক্তার? তিনি তো পৌর কাউন্সিলর। রাজনৈতিকভাবে তিনি নিজেই যথেষ্ট ক্ষমতা ধারণ করেন। আর্থিক, সামাজিক, রাজনৈতিক—সব ক্ষেত্রেই তাঁর দখলদারি রয়েছে। তিনিও কি তাহলে সেই ক্ষমতার দম্ভেই অন্ধ হয়ে ওই কিশোরী ও তার মায়ের ওপর নির্যাতন চালালেন? মার্জিয়া নিজেও একজন নারী, তবে ক্ষমতামত্ত নারী। তাই তাঁর ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন ওই কিশোরী ও তার মায়ের মাথা ন্যাড়া করে। তুফানের পক্ষ নিয়ে তিন নারী যে আচরণ করেছেন, তা তো পুরুষতন্ত্রেরই নামান্তর। নারীর এই ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতা আরেক নারীর জীবনে যে বিভীষিকা নিয়ে আসছে, এটি যদি রোধ করা না যায়, তবে তার ফল মোটেও সুখকর হবে না।

কিশোরীকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের বিচার আদালত করবেন। কিন্তু এ ক্ষেত্রে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তার বিচার আমরা কোথায় পাব? তুফানের মতো একজন ‘পুরুষ’ ওই কিশোরীকে ধর্ষণ করে যে ঘৃণ্য কাজ করেছেন, তাঁর চেয়ে তার স্ত্রী, স্ত্রীর বড় বোন ও শাশুড়ি নারী হয়েও নারীর প্রতি যে অবমাননা করেছেন, সেটি লঘু করে দেখার কোনো উপায় নেই। কেননা অবয়বে তাঁরা নারী হলেও মনস্তাত্ত্বিকভাবে তাঁরা যেন তথাকথিত পুরুষতন্ত্রেরই প্রতিনিধিত্ব করেছেন। একজন ‘ধর্ষক’ পুরুষের পক্ষে যখন তাঁর স্ত্রী, স্ত্রীর বড় বোন ও শাশুড়ি দাঁড়ায়, তখন বুঝতে হয়, পুরুষতন্ত্র শুধু পুরুষালি ব্যাপার নয়, নারীর মনেও তা বাসা বাঁধাতে পারে।