নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুমজিলে ম্লামবো এংচুকা
ফুমজিলে ম্লামবো এংচুকা

সম্প্রতি আমরা কলম্বিয়া সরকার ও দেশটির প্রধান গেরিলাগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিটি উদ্যাপন করেছি। চুক্তিটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়েছে। এটি পাঁচ দশক ধরে চলা দ্বন্দ্বের অবসানের পরিষ্কার লক্ষণ। তবে কলম্বিয়ার নারীরা যেভাবে নানা গঠনমূলক উপায়ে এই আলোচনায় অংশ নিয়েছেন, একে প্রভাবিত করেছেন এবং শান্তির জন্য সমবেত হয়েছেন, সে দিকটি তেমন আলোচিত হচ্ছে না। যুদ্ধ-পেরোনো নারীরা বহু বৈঠক আয়োজন করেছেন—সেখানে দুই বিবদমান পক্ষের নারীরাও অংশ নিয়েছেন।
একইভাবে খুব কম মানুষই জানে যে গত বছর ফিলিপাইনে দশকব্যাপী চলা আরেকটি সংঘাতের অবসান হয়েছে। সেখানেও আলোচনাকারীদের এক-তৃতীয়াংশের বেশি ছিলেন নারী। আনুষ্ঠানিক শান্তি আলোচনায় যতসংখ্যক নারীর উপস্থিতির রীতি রয়েছে, এটা তার চেয়েও বেশি। এই আলোচনায় নারীদের এমন উপস্থিতির কারণ হচ্ছে ফিলিপাইনের স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারী নেতৃত্বের অস্তিত্ব। দেশটিতে দুজন নারী প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। তাঁরা বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরুর জন্য নিজেদের রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করেছেন।
নানা উত্তেজনার কারণে বুরুন্ডির ভঙ্গুর শান্তি আলোচনা হুমকির মুখে পড়লে সেখানকার নারীরা দ্রুততার সঙ্গে দেশজুড়ে নিজেদের যোগাযোগ-জাল গড়ে তোলেন। তাঁদের লক্ষ্য ছিল নানা রকম স্থানীয় বিরোধ মীমাংসায় মধ্যস্থতা করা এবং সেটা যাতে আর না বাড়ে, তা নিশ্চিত করা। তাঁদের হিসাব অনুসারে, ২০১৫ সালে তাঁরা দেশজুড়ে ১২৯টি পৌরসভায় তিন হাজার দ্বন্দ্ব-সংঘাত মেটানোর চেষ্টা করেছেন। তাঁরা যেসব কাজ করেছেন, সেগুলো হচ্ছে: নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করা, গ্রেপ্তারকৃত বিক্ষোভকারী ও রাজনৈতিক বন্দীদের মুক্তিতে সহায়তা করা। এ ছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অহিংসার বাণী ছড়িয়ে দেওয়া ও সংলাপের ব্যবস্থা করা এবং আতঙ্ক যাতে না ছাড়ায়, সেই চেষ্টাও করেছেন। এসব প্রচেষ্টায় সমর্থন দিতে পেরে জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন উইমেন গর্বিত।
এগুলো বিচ্ছিন্ন গল্প নয়। নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাবের ১৫তম বার্ষিকীতে যে সমন্বিত গবেষণা করা হয়েছে, তাতে এযাবৎকালের সবচেয়ে জোরালো যুক্তি দিয়ে বলা হয়েছে, লৈঙ্গিক সমতা মানবিক সহায়তাকে সমৃদ্ধ করে, শান্তিরক্ষীদের প্রচেষ্টাকে সংহত করে, শান্তি চুক্তি সম্পাদনে সহায়তা করে, শান্তি চুক্তিকে টেকসই এবং যুদ্ধের পর অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করে। প্রস্তাবটি যুগান্তকারী এই অর্থে যে এটা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় লৈঙ্গিক সমতা ও নারী নেতৃত্বের ভূমিকার স্বীকৃতি দিয়েছে।
অ্যাকাডেমিক গবেষকেরা যে প্রমাণ সংগ্রহ করেছেন, এই প্রস্তাবে সেসবের সার সংকলন করা হয়েছে। এতে দেখা যায়, নারীরা কীভাবে শান্তি আলোচনায় প্রভাব বিস্তার করেন। আর তাঁরা আলোচনায় অংশ নিলে শেষ পর্যন্ত তা চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে শেষ হয় এবং সেটা টেকসইও হয়। বস্তুত, যে চুক্তি এমনিতে ১৫ বছর স্থায়ী হতো, নারীরা যুক্ত হওয়ায় তার স্থায়িত্ব ৩৫ শতাংশ বেড়েছে। যেসব দ্বন্দ্ব-সংঘাতপূর্ণ সমাজ নারীর ক্ষমতায়নকে লক্ষ্য হিসেবে নিয়েছে, সেসব সমাজে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া ও দারিদ্র্য বিমোচনের গতি ত্বরান্বিত হয়েছে।
যে পৃথিবীতে চরমপন্থীরা নারীকে অধস্তন করাতে তাদের মতাদর্শ ও যুদ্ধকৌশলের কেন্দ্রে রাখে, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের উচিত লৈঙ্গিক সমতাকে তাদের শান্তি ও নিরাপত্তা কার্যক্রমের ভিত্তি করে তোলা। নীতিমালা, ঘোষণা ও উচ্চাকাঙ্ক্ষা নয়, আমাদের সিদ্ধান্তগুলোকে চালিত করুক লৈঙ্গিক সমতার চেতনা। সেই সিদ্ধান্ত যেমন কোথায় আমাদের তহবিল খরচ হবে সে বিষয়ে, তেমনি কাকে দিয়ে কাজ করানো হবে সে ব্যাপারেও।
আমাদের অবশ্যই যুদ্ধবিধ্বস্ত নারীদের জীবনে বাস্তব পরিবর্তনের জন্য চেষ্টা করে যেতে হবে এবং যুদ্ধবিগ্রহ প্রতিরোধে নারীদের যে সক্ষমতা আছে, তাকেও কাজে লাগাতে হবে। সব দেশের উচিত সকল শান্তি আলোচনার টেবিলে নারীদেরও অংশগ্রহণ করতে দেওয়া। নাগরিক সমাজ ও নারী আন্দোলন কার্যকর শান্তি প্রক্রিয়ায় অসাধারণ অবদান রেখে আসছে। আমরা জানি, শান্তি চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় নাগরিক সমাজের প্রতিনিধিদের জড়িত করা হলে তা অন্তত ৬৪ শতাংশ বেশি সফল ও টেকসই হয়।
শান্তি প্রক্রিয়ায় যুদ্ধমান পক্ষগুলোর প্রাধান্য থাকে আর শান্তিবাদীদের তাতে অযোগ্য বলে সরিয়ে রাখা হয়। সময় এসেছে এর অবসান ঘটানোর। লৈঙ্গিক সমতার জন্য তহবিল ঘাটতির অবসানেরও সময় এসে গেছে। ভঙ্গুর রাষ্ট্রগুলোতে যে সহায়তা দেওয়া হয়, তার মাত্র ২ শতাংশ যায় শান্তি ও নিরাপত্তাজনিত হস্তক্ষেপে লৈঙ্গিক সমতাকে প্রধান লক্ষ্য করে। পরিবর্তনের জন্য প্রয়োজন দৃঢ় পদক্ষেপ, অধিকতর বিনিয়োগ ছাড়া সেটা ঘটে না।
সেই সময় এখন এসে গেছে। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের দেশগুলো টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০৩০ সালমুখী কর্মসূচি গ্রহণ করেছে। সেখানে নিশ্চিত করার কথা বলা হয়েছে যে, ‘সকল মানব সত্তাই মর্যাদা ও সমতার সম্ভাবনা পূরণের যোগ্য’ এবং ‘ভয় ও সহিংসতামুক্ত শান্তিময়, ন্যায্য ও গ্রহণমুখী সমাজকে এগিয়ে নিতে’ পারে। এর দুই দিন পরে ৭২টি রাষ্ট্র ও সরকারপ্রধান আমাদের বৈশ্বিক সভায় অংশ নেন। লৈঙ্গিক সমতার লক্ষ্যে উচ্চপর্যায়ের সহায়তা ও সুনির্দিষ্ট কর্মসূচির প্রতি অঙ্গীকারই ছিল ওই সভার উদ্দেশ্য। এই ১৩ অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ–বিষয়ক ১৩২৫ নম্বর প্রস্তাবের ১৫তম বার্ষিকী উদ্যাপন করছে।
যে পৃথিবী সংঘাত, চরমপন্থা, ও বাস্তুচ্যুতিতে এত বেশি নিমজ্জিত, সেখানে আমরা কেবল সাধারণ মানুষের অসাধারণ কীর্তির আশায় স্বস্তিতে বসে থাকতে পারি না। এখন চাই আমাদের সম্মিলিত পদক্ষেপের পূর্ণশক্তি। চাই আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সাহসিকতা। সর্বোপরি, দিবস উদ্যাপনকে কেবল বছর গড়ানোর চাইতেও বড় করে দেখা উচিত। এসব উপলক্ষকে অবশ্যই কথাকে কাজে পরিণত করার মুহূর্ত করে তোলা উচিত।
ইংরেজি থেকে অনূদিত।
ফুমজিলে ম্লামবো এংচুকা: জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন ওমেনের নির্বাহী পরিচালক।