নারীর পক্ষে একটি পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান বা সিডও সনদ ঘোষণার দিনটিকে স্মরণ করে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রতিপালিত হচ্ছে। প্রতিটি গণমাধ্যমে কমবেশি এ নিয়ে অালোচনা হচ্ছে। কিন্তু তার অভিঘাত সমাজে বা মানবচরিত্রে কতখানি ছাপ রেখে যেতে পারছে, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। নারীর প্রতি বৈষম্যের কারণেই সহিংসতার সৃষ্টি।
এ সহিংসতার শেষ নেই। মায়ের জঠর থেকেই এর সূচনা। মেয়েভ্রূণ হত্যা থেকে শুরু করে বৃদ্ধাশ্রম পর্যন্ত নারীর প্রতি বৈষম্য বহমান। ধর্ষণ, হত্যা, যৌন নির্যাতন, প্রহার, বাল্যবিবাহ, যৌতুক, পুত্রহীনতা, কন্যাসন্তান জন্মদান, লিঙ্গীয় বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শিক্ষাবৈষম্য, বর্ণবৈষম্য, সুযোগবৈষম্য, গণমাধ্যমসন্ত্রাস, প্রযুক্তিসন্ত্রাস, কর্মবৈষম্য, উচ্চ-নীচ বৈষম্য, আরও কত। এ রকম গল্পও প্রচলিত আছে নেতৃস্থানীয় এক পুরুষোত্তমের কাছে, যুদ্ধ বা মানবসৃষ্ট কোনো দুর্যোগের সংবাদ দেওয়া হলে তিনি প্রথমেই জিজ্ঞাসা করতেন ‘মহিলাটা কে?’ শুধু তিনিই বা কেন, অধিকাংশ পুরুষেরই ধারণা, সব ধরনের গন্ডগোলের মূলেই থাকেন একজন নারী।
পৃথিবীতে রচিত প্রায় সব মহাকাব্যে নারীর ঘাড়ে দোষ চাপিয়ে মহাকবিরা অমর হয়ে আছেন। নারী নাকি নিজের দোষেই নিজেরা ধর্ষিত হচ্ছেন। তেঁতুল হুজুরের মতো মানসিকতার পুরুষের অভাব নেই। তাঁরা বলতেই পারেন। কিন্তু নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের শুরুতেই নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমেন নারী হয়েও বাণী দিলেন, ‘পুরুষেরা আক্রমণ করবে এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য।...নারীর অশালীন চলাফেরা ও পারিবারিক শৃঙ্খলা না থাকার কারণে দেশে ধর্ষণ ও নির্যাতনের মাত্রা বেড়ে গেছে।’ এ যেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দ্বারা সংঘটিত হত্যা, নির্যাতন, গুমের অভিযোগ আমলে না এনে তদন্তের আগেই বলে দেওয়া, ‘এ কাজ বিরোধী দলের’।
এতে করে যেমন অপরাধীকেই প্রশ্রয় দেওয়া হয়, তেমনিই ‘অশালীন চলাফেরা’র জন্যই ধর্ষণ-নির্যাতনের দায় নারীরই বলে পুরুষকে দায়মুক্ত করার প্রচেষ্টা, পুরুষের স্বভাবজাত বৈশিষ্ট্যকে বজায় রাখার অনুপ্রেরণাদান। পুরুষের পুরুষবাদিতায় যেখানে নারীর প্রতি সহিংসতা আটকানো যাচ্ছে না, সেখানে নারীও (যাঁরা আইন প্রণয়নে ন্যস্ত) পুরুষবাদী হয়ে উঠলে নির্যাতিতার পক্ষে আইনের সঠিক প্রয়োগ কি দিল্লি দূর অস্ত হয়ে পড়ে না?
দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার একজন চিকিৎসক ছাত্রী ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মেনেছেন। বিশ্বকে আতঙ্কে স্তব্ধ করে দেওয়া এ রকম হৃদয়বিদারক একটি ঘটনার পরও ভারতে কিংবা পৃথিবীর অন্য কোথাও ধর্ষণ কিন্তু থেমে নেই। বলা হয়, ভারতে প্রতি ২০ মিনিটে একজন ধর্ষিত হন। তাঁদের মধ্যে শিশু-কিশোরীর সংখ্যাই বেশি। বিশ্লেষকদের মতে, ধর্ষণের ঘটনা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। কেন? কারণ, এখনো নারীকে নিতান্তই যৌনসামগ্রী হিসেবে বিবেচনা করেন পুরুষ। পুরুষসৃষ্ট নারী-পুরুষবৈষম্য ও পুরুষতন্ত্রের শক্তিশালী অবস্থানের কারণে রাষ্ট্র, সমাজ, পরিবার, আইন ও ধর্মের আশ্রয়ে-প্রশ্রয়ে নারীর প্রতি সহিংসতা ঘটে। ফলে সহিংসতার শিকার নারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পান না। তাই পুরুষতন্ত্রের আবহমানকালের পথচলায় নারীর ওপর পুরুষের বিজয় ও শক্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যৌননিপীড়নও একধরনের অধিকারে পরিণত হয়েছে।
পৃথিবীর সব দেশেই শিক্ষার হার বাড়ছে। বলা হয়, শিক্ষা মানুষকে পরিশীলিত করে। কিন্তু ক্রমবর্ধমান ধর্ষণের চিত্র থেকে কি সেই পরিচয় পাওয়া যাচ্ছে? ধর্ষণে ষোলো আনা দোষই ধর্ষকের কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের কারণে, বিশেষ করে ধর্মীয় গোঁড়ামির দৃষ্টিতে নারীর খোলামেলা চালচলনই এর জন্য দায়ী বলা হয়। পুরুষের কুনজর কেড়ে নেওয়ার জন্য নারীর অশালীন পোশাক-পরিচ্ছদই নাকি কারণ। নারীকে তাঁরা আবৃত হওয়ার সবক দেন কিন্তু নিজেদের কুনজর নিবৃত্ত করার কোনোই যৌক্তিক কারণ খুঁজে পান না। অন্যদিকে ধর্ষণের বিচারের নামে ধর্ষিতাকে আরও কয়েকবার ধর্ষণ করা হয়; এজলাসে, ডাক্তারি পরীক্ষাকালে আর কৌতূহলী মানুষের চোখে। আবার তাকে সান্ত্বনা দিয়ে বলা হয়, আহা রে, পশুটা ওর ইজ্জত নিয়েছে বা নষ্ট করেছে! সমাজে অবাঞ্ছিত, অবহেলিত, ঘৃণিত হয়ে বেঁচে থাকতে হয় মেয়েটিকে, নয়তো আত্মহত্যায় শান্তি খুঁজতে হয়। আর ধর্ষণ শেষে যাদের হত্যা করা হয়, তাদের জন্য সমাজ আহা-উহু করলেও স্বজনেরা একধরনের স্বস্তি বোধ করেন। এ-ই হচ্ছে নারীজীবন!
এ কথাও সত্যি, কোনো কোনো ক্ষেত্রে নাটক, সিনেমা, যাত্রা, মডেলিংয়ে নারীকে যেভাবে উপস্থাপন করা হয়, সেখানে যৌন উত্তেজনা ছড়ানোর একটা বিষয় লক্ষ করা যায়। হিন্দি সিনেমায় নতুন সংযোজিত ‘আইটেম সং’-এ নারীশিল্পীদের স্বল্পবাস ও উত্তেজক অঙ্গভঙ্গির কারণে নারীদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় বলে এসব নিষিদ্ধ করার কথাও বলেছিলেন নারীবাদীরা। পুরুষতান্ত্রিক আয়োজনে সংঘটিত হয় শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। পুরুষ মহাপরাক্রমশালী, শৌর্য-বীর্যে মহান, যুদ্ধের মাঠে অকুতোভয়, বীর, মহানায়ক আর নারী লবঙ্গলতিকা, আবেদনময়ী, সেবাদাসী, যৌনসঙ্গী ও সন্তান উৎপাদনের যন্ত্র। রাষ্ট্র-সমাজের উন্নয়নে নারীর ভূমিকা কখনো স্বীকার করা হয়নি।
সুতরাং নারী আদিকাল থেকেই পুরুষের মনে শুধু শরীর হিসেবেই বিবেচিত। এই একবিংশ শতাব্দীতেও সব ধরনের মননশীল কাজে নারীকে কেবল শরীর হিসেবে দেখানোর ষড়যন্ত্রে পুরুষতন্ত্র মহাব্যস্ত। আমাদের ভারত উপমহাদেশের সিনেমাগুলোতেও স্বল্পবাস তরুণীদের তরুণেরা (এঁদের মধ্যে নায়ক-নায়িকাও থাকেন) উত্ত্যক্ত করেন। এসব চলচ্চিত্র নির্মাতা বলাই বাহুল্য পুরুষ। নারীকে এসব বুঝতে হবে। নারী যেন নিজেকে এই ষড়যন্ত্রে অঙ্গীভূত না করেন, সতর্ক থাকতে হবে। অস্কার বিজয়ী লুপিতা নিয়ঙ্গো বলেন, ‘আমি এই ধারণাই প্রচার করব, সৌন্দর্য কারও ঠিক করে দেওয়া ব্যাপার নয়, বরং সেটা হলো নারীকে তার নিজের মতো প্রকাশ করতে দেওয়া।’ পুরুষ যেভাবে নারীশরীরকে দেখতে পছন্দ করেন বা তাঁদের যৌনাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নারীকে যে ভঙ্গিমায় উপস্থাপনের অভিলাষ পোষণ করেন, নারীকে সেসব চাতুরতা উপলব্ধির প্রজ্ঞা অর্জন করতে হবে।
এ দেশে বসবাসরত ইউরোপ-আমেরিকা বা অন্যান্য দেশের নারীরা অনেক সময়ই কর্মক্ষেত্রে বা বাজারঘাটে বাধ্য হয়ে এ দেশীয় পোশাক পরেন। কারণ, অনভ্যস্ততায় অসুবিধা হলেও যৌন হয়রানির জন্য আইনের দ্বারস্থ হয়ে পুনরায় হয়রানির ঝামেলায় যেতে চান না। আবার রাজধানীর সংরক্ষিত পার্কগুলোয় যখন তাঁরা দৌড়ান বা ব্যায়াম-উপযোগী খোলামেলা পোশাকে বিচরণ করেন, তখন দারোয়ান বখাটে চেহারার লোকদের পার্কে ঢুকতে দেন না। কারণ, বখাটেদের অনভ্যস্ত কৌতূহলী চোখে ওসব নারীকে উত্ত্যক্ত করার দুরভিসন্ধি থাকে। অন্যদিকে আমাদের নারীরা ইউরোপ-আমেরিকা গিয়ে ওই দেশীয় পোশাকে ঘুরে বেড়ান অনায়াসে। ওখানেও কূপমণ্ডূক বাঙালিরা সমমনাদের সঙ্গে সমালোচনায় মুখর হন কিন্তু কঠোর আইনের কারণে যৌন হয়রানির বাসনা চরিতার্থের তেমন সুযোগ পান না। তাই দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সহায়ক না হয়ে পুরোনো ধ্যানধারণাকেই উসকে দিলে সমতার জন্য লড়াই কোনো দিন শেষ হবে না, বছরে কেবল এক পক্ষে তো নয়ই।
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।
muslima.umme¦gmail.com