জুলিয়া নিব্লেট, ওয়ানজা ক্যাম্পোস দ্য নোব্রেগা, হাজাহ মাসুরেই বিন্তি হাজি মাস্রি, বেনওয়া পিয়েরে লারামে, সোফি অবেয়ার, নুর আশিকিন মোহাম্মাদ তায়েব, লিওনি মারগারেথা কুলেনারে, সিডসেল ব্লেকেন, ইয়াসোজা গুনাসেকেরা, ইয়োহান ফ্রিজেল, এলিসন মেরি ব্লেইক, মার্শা বার্নিকাট, ইয়ানিনা জারুজেলস্কি, ক্রিস্টিন হান্টার, লরি কাটো ও ক্রিস্টা রাডার
নারীর প্রতি সহিংসতার কারণে যেসব ক্ষতি সাধিত হয়, তা সামাল দেওয়া যেকোনো দেশের জন্যই কঠিন। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার কারণে যে ক্ষতি হয়, তা এ দেশের মোট দেশজ উৎপাদনের আনুমানিক ২ দশমিক ১ শতাংশ। সহিংসতা, প্রতিদিন একটি মেয়েকে বিদ্যালয়ে যেতে এবং একজন নারীকে চাকরি করতে বাধা দেয়। আর এর ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের আপস করতে হয় এবং একটি গোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। যারা সহিংসতার শিকার হয় তারা জীবনে শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে বেঁচে থাকে এবং সামাজিক ও আইনি সহায়তাকে সংগ্রাম করতে হয় তাদের সাহায্য করার জন্য। দেশের অর্ধেক জনসংখ্যা যদি অমূল্য সম্ভাবনা হিসেবে অর্থনীতিতে অবদান না রাখতে পারে, তাহলে মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের দিকে বাংলাদেশ কি তার যাত্রা অব্যাহত রাখতে পারবে?
নারী ও পুরুষের সমতা অর্জন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি। মেয়েশিশু ও নারীদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ দারুণ অগ্রগতি সাধন করেছে। প্রাথমিক বিদ্যালয়গুলো ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ভর্তি করছে। মা ও শিশুমৃত্যুর হার অনেকাংশে কমেছে এবং নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড তৈরি করছে। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি ক্ষেত্র তৈরি পোশাক খাত ৪০ লাখ বাংলাদেশির কর্মসংস্থান করেছে, যাদের বেশির ভাগই নারী। এই ক্ষেত্রটিতে নারীদের অংশগ্রহণের হার কমছে। তবে যা-ই হোক, এই শিল্পটি যেহেতু কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে করে দেশের নীতিমালা ও কর্মসূচির জন্য বাংলাদেশের অর্থনীতিতে নারীদের ভূমিকা ও স্থান অবশ্যই অগ্রাধিকার পাওয়া উচিত। ক্ষুদ্রঋণের সৃষ্টি ও প্রসার যেখানে অগ্রাধিকার দেওয়া হয়, নারী উদ্যোক্তাদের তা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করেছে এবং বৈশ্বিক সমৃদ্ধিতে এই ক্ষুদ্রঋণ বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য অবদান।

নারীর প্রতি সহিংসতা এই অগ্রগতিকে রুখে দেয়। বাংলাদেশে বর্তমানে ৮০ শতাংশেরও বেশি বিবাহিত নারী তাঁদের জীবদ্দশায় কমপক্ষে একবার নির্যাতনের শিকার হয়; তা সে শারীরিক, যৌন, মানসিক বা আর্থিক নির্যাতন অথবা আচার-আচরণ নিয়ন্ত্রণ যা-ই হোক না কেন। বিগত এক বছরে আনুমানিক দুই-তৃতীয়াংশ বিবাহিত নারী তাঁদের স্বামীদের দ্বারা নিগ্রহের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে জানা গেছে। বাল্যবিবাহ এবং মেয়েদের জোর করে বিয়ে দেওয়ার যে উচ্চ হার রয়েছে বাংলাদেশে, তা লাখ লাখ মেয়েকে ক্রমবর্ধমান স্বাস্থ্য ও যৌন নির্যাতনের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আর এসব নির্যাতনের যারা শিকার হয়, তাদের মধ্যে খুব কমই এসব ঘটনার অভিযোগ দাখিল করে থাকে। কারণ, বাংলাদেশি আইন তাদের যেসব অধিকার দিয়েছে, সেসব অধিকারের কথা তারা জানে না। অথবা তারা প্রতিশোধ, দুর্নামের ভয় পায় বা আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে খুব একটা সাহায্য পায় না বলে তাদের কাছে যায় না। কর্মক্ষেত্রে সহিংসতার শিকার হওয়ার ভয় অথবা রাস্তাঘাটে চলাফেরার সীমাবদ্ধতা নারীদের উপার্জন করার সুযোগ-সুবিধা সীমিত করে দেয়। যেসব কর্মজীবী নারী বাসগৃহে সহিংসতার শিকার হন কাজ থেকে বাধ্য হয়ে দূরে থাকার কারণে, তাঁদের আয়-রোজগার কমে আসে এবং অনেক ক্ষেত্রে চাকরিতে যেতেও পারেন না। নারীর প্রতি সহিংসতা দূর করা গেলে তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিরই আরও প্রসার ঘটাবে।
নারীর প্রতি সহিংসতার অবসান ন্যায় আর অন্যায়ের মতো সরল একটা বিষয়, একটি অহিংস সমাজ গড়ে তোলার প্রচেষ্টায় প্রাথমিক পদক্ষেপ হচ্ছে নারী ও মেয়েশিশুরা যেন কোনো প্রকার নির্যাতন আর সহিংসতার ভয় ছাড়াই বেঁচে থাকতে পারে, এমন সমাজব্যবস্থা নিশ্চিত করা। আর তা শুধু নারী ও মেয়েশিশুদের জন্যই নয়, পুরুষ ও ছেলেশিশুদের জন্যও তা নিশ্চিত করতে হবে। সহিংসতার চক্রের অবসান ঘটানোর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলা এবং সবার সঙ্গে সংশ্লিষ্টতা। পরিবর্তন শুরু হতে পারে স্থানীয় উদ্যোগের মাধ্যমেও।
একটি উদাহরণ হচ্ছে ‘সখী’ প্রকল্প—নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন, মেরি স্টোপস বাংলাদেশ এবং উই ক্যান বাংলাদেশ-এর যৌথ সমন্বয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি ঢাকার ১৫টি বস্তির নারীদের প্রশিক্ষণ দেয় কীভাবে তাঁদের পরিবারের জন্য আয় করতে হবে, তাঁদের যোগাযোগ করিয়ে দেয় চাকরি মেলার মাধ্যমে সম্ভাব্য চাকরিদাতাদের সঙ্গে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে। কক্সবাজার জেলায় ঝুঁকির মুখে রয়েছে এমন নারীদের জীবিকা উন্নয়নে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) সহায়তা করছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। সেখানে স্বনির্ভর নারীগোষ্ঠী ব্যাংক অ্যাকাউন্ট খুলছে জমা টাকা দিয়ে, যেখানে প্রত্যেক অংশগ্রহণকারী অবদান রাখছে তাদের সঞ্চয় দিয়ে এবং প্রত্যেক নারী সম্পদ কিনতে পারছে ও উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে পারছে।
সবাইকে সঙ্গে নিয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে মনোভাবের পরিবর্তন এবং অর্থনীতির মৌলিক বিষয়াবলি ও প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোর যথাযথ ব্যবস্থাপনাই হবে মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের ফর্মুলার প্রধান অংশ। নারী ও মেয়েদের সামাজিক মর্যাদা এবং তাদের অধিকার নিশ্চিতকরণ এই পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। নারীর প্রতি সহিংসতাকে প্রত্যাখ্যান করা, একে সহ্য না করা এবং যারা এ ধরনের সহিংসতার শিকার, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো সাধারণ কিছু পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই এই পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারি। আমরা, ‘অ্যাম্বাসেডরস ফর চেঞ্জ’, যাঁরা প্রতিনিধিত্ব করছি অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, শ্রীলঙ্কা, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের এবং ইউএন উইমেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), যুক্তরাষ্ট্র সাহায্য সংস্থা (ইউএসএআইডি) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি), আমরা আপনাদের প্রত্যেককে আহ্বান করছি আমাদের পাশে দাঁড়াতে। আমরা আপনাদের আহ্বান করছি আমাদের বাংলাদেশি বোনদের, পুরুষ সহকর্মীদের পাশে দাঁড়াতে, যাতে করে নারীর প্রতি সহিংসতাকে আমরা নির্মূল করতে পারি।
জুলিয়া নিব্লেট: বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার; ওয়ানজা ক্যাম্পোস দ্য নোব্রেগা: বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত; হাজাহ মাসুরেই বিন্তি হাজি মাস্রি: বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার; বেনওয়া পিয়েরে লারামে: বাংলাদেশে কানাডার হাইকমিশনার; সোফি অবেয়ার: বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত; নুর আশিকিন মোহাম্মাদ তায়েব: বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার; লিওনি মারগারেথা কুলেনারে: বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত; সিডসেল ব্লেকেন: বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত; ইয়াসোজা গুনাসেকেরা: বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার; ইয়োহান ফ্রিজেল: বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত; এলিসন মেরি ব্লেইক: বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার; মার্শা বার্নিকাট: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত; ইয়ানিনা জারুজেলস্কি: ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর; ক্রিস্টিন হান্টার: কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইউএন উইমেন; লরি কাটো: ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ক্রিস্টা রাডার: কান্ট্রি ডিরেক্টর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।