নারীর বঞ্চনার শেষ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত প্রতিকূলতা সত্ত্বেও নারীরা এগিয়ে যাচ্ছেন
শত প্রতিকূলতা সত্ত্বেও নারীরা এগিয়ে যাচ্ছেন

সৃষ্টির আদিকাল থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষদের পাশাপাশি নারীরাও দায়িত্ব পালন করে আসছেন। পারিবারিক ক্ষেত্রে নারীর ভূমিকাই বেশি। তবু নারীর বঞ্চনা ও লাঞ্ছনার যেন শেষ নেই।
পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দাসপ্রথা বিলোপের সঙ্গে পুরুষদের পাশাপাশি যে নারীরা সক্রিয় ছিলেন, তঁারাই নারী অধিকার আন্দোলনের প্রবক্তা হিসেবে কাজ শুরু করেন। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও বিলেতে অনেক নারীকর্মী নারীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পুরুষশাসিত সমাজ ও সংসদের সামনে আন্দোলন শুরু করেন। ১৮৫০ সালের আগে যুক্তরাষ্ট্রের লুসি স্টোন, মাতিলদা জোসলিন গেজ, সোজুর্নার ট্রুথের নাম বেশি শোনা যায়।
সেই ধারাবাহিকতায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের ও ১৮৯৫ সালে অস্ট্রেলিয়ার নারীরা ভোটাধিকার লাভ করেন। আর ব্রিটিশ উপনিবেশগুলোতে ১৯০২ সালে নারীরা ভোটাধিকার লাভ করেন। পৃথিবীর অনেক দেশে শাসক হিসেবে রানি থাকলেও বহু দেশেই নারীর অধিকার বলে কিছু ছিল না। ১৮৪৯ সালে অ্যামেলিয়া ব্লুমার বিশ্বে নারীর অধিকারের পরিচিত প্রবক্তা হয়ে ওঠেন। তিনি প্রথম নারী পত্রিকা দ্য লিলির সম্পাদক। তিনি লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে নারীর অধিকার, দায়িত্ব, কাজের পারিশ্রমিক নিশ্চিত করেন।
এটি ভাবতে এখনো অবাক লাগে যে স্বামী, বাবা বা ভাইয়ের আপত্তির কারণে পাকিস্তান ও আফগানিস্তানের অনেক নারী নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। মাত্র কিছুদিন আগে, ২০১৩ সালে ভোটাধিকার পেলেন সৌদি নারীরা। আমাদের দেশের নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। সাংসদ হিসেবে যোগ দিতে পারছেন, এমনকি সেনাবাহিনীতেও তাঁরা অংশ নিতে পারছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, দেশের অন্যতম বিরোধী দলের প্রধান রওশন এরশাদও একজন নারী। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরীর মতো নারীরা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এত কিছু সত্ত্বেও বাংলাদেশের নারীরা এখনো পুরুষের কাতারে উঠে আসতে পারেননি। দেশের গুরুত্বপূর্ণ ও উঁচু পর্যায়ে এখনো নারীর উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। মুসলিম পরিবারের সম্পত্তি বণ্টনে এখনো নারীরা পুরুষের তুলনায় কম ভাগ পান। আর হিন্দু নারীরা তো এখনো পৈতৃক সম্পত্তি পান না। নারীরা শিক্ষা-দীক্ষায় আরও এগিয়ে এলে নিজেদের দাবি আদায় করতে সক্ষম হবেন।
শুধু আইন করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা যাবে না। এটা শিক্ষা-দীক্ষা ও সংস্কৃতির ব্যাপার। সমাজে ও রাষ্ট্রে সেই সংস্কৃতি সৃষ্টি করতে হবে। পরিবারেই সেই শিক্ষা ও সংস্কৃতির গোড়াপত্তন করতে হবে। সেই লড়াইয়ে আমরা পুরুষকেও সঙ্গী হিসেবে পেতে চাই।
লেখকেরা শিক্ষার্থী।