নারীর ব্যথাভারাতুর দিনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদরের কিশোরী কন্যার তলপেটে ব্যথা। সকাল থেকে কুঁইকুঁই করে কাঁদছে। বিছানা থেকে উঠতে পারছে না। স্কুলেও যেতে পারবে না কদিন। মা তার মাথায় হাত বুলাচ্ছেন। আর আরেক কিশোরী, যে কিনা মায়ের আদেশে দফায় দফায় গরম পানির ব্যাগ, সুপ, চা বানিয়ে আনছে। সে গৃহপরিচারিকা, তারও মাসে মাসে ছয়-সাত দিন একই রকম পেট ব্যথা করে। তখন তারও কাজ করতে ভালো লাগে না, সে-ও একটু বিশ্রাম চায়। কিন্তু তাকে কি সত্যিই আমরা বিশ্রাম দিই?
নারী তাঁর জীবনচক্রে সাধারণত ৯-১০ বছর বয়স থেকে ৪৫-৫৫ বছর পর্যন্ত রজঃস্বলা থাকেন। প্রজনন ভূমিকার জন্য এ সময়কাল বাঞ্ছনীয় হলেও কায়িক শ্রমের ক্ষেত্রে নারীকে ৪০ বছরের পর এ সমাজ কর্মক্ষম ভাবে না। ২০১৩ সালে ১২টি কারখানার ১ হাজার ১৩ জন নারীশ্রমিকের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, অংশগ্রহণকারী নারীদের ৮৭ শতাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছর। তাঁদের ৯৬ শতাংশ ভাগাভাগি করে টয়লেট, গোসলখানা ও রান্নাঘর ব্যবহার করেন। একটি টয়লেট ব্যবহার করেন গড়ে ২২ জন।
রজঃস্বলা নারীর বিশেষ দিনগুলো বিশেষ যত্ন প্রয়োজন। চিকিৎসকেরা বলেন, নারীর মেয়েলি রোগ অনেকটাই রজঃকালীন অপরিচ্ছন্নতা ও অসাবধানতার কারণে হয়ে থাকে। যে পোশাকশিল্প আমাদের অর্থনীতি সচল রেখেছে, তার ৯০ শতাংশ কর্মী শিশু-কিশোরী-তরুণী। পোশাকশিল্পের উদ্যোক্তারা দাবি করেন, সেখানে শিশুশ্রম বন্ধ করা হয়েছে। কিন্তু মহিলা পরিষদের এক গবেষণার তথ্য হলো, পোশাকশিল্পে নারীশ্রমিকদের ৮ শতাংশের বয়স ১২ থেকে ১৮ বছর।
পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকে শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তাবান্ধব করে গড়ে তোলার জন্য নীতিমালা আছে। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা, বহির্নির্গমন সিঁড়ি, খাওয়ার জায়গা, শিশুদিবাকেন্দ্র, স্বাস্থ্যসম্মত টয়লেট ইত্যাদির কথা বলা আছে। এ নীতিমালা অনুসরণ করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান, অধিকাংশই করে না। কিন্তু মালিক কাজ বুঝে নেওয়ার ক্ষেত্রে একেবারে খড়্গহস্ত। পান থেকে চুন খসলে চাকরি নিয়ে টানাটানি।

>শ্রমিক নারী হোক আর পুরুষ হোক, তার স্বাস্থ্য বা শারী​িরক সামর্থে্যর ওপর তার উৎপাদনশীলতা নির্ভরশীল। নারীশ্রমিকদের কাছ থেকে আরও গতিময় ও সৃজনশীল কাজ আদায় করার লক্ষ্যে প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নারীবান্ধব টয়লেট, বিশ্রামকক্ষ, নারী গাইনি চিকিৎসক প্রয়োজন

স্বামীহারা রাহেলা খাতুনের দুই মেয়ে। বড়টির বিয়ে দিয়েছেন। ছোটটির বয়স ১৪, তাকে গ্রামে বড় মেয়ের কাছে রেখে নিজে ঢাকায় এসে বাসাবাড়িতে কাজ করেন। মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখেন মুঠোফোনে। কী এক নিরাপত্তাহীনতার কারণে ছোট মেয়েটিকে সেখানে না রাখতে পেরে ঢাকায় এনে একটা পোশাকশিল্প কারখানায় ভুয়া জন্মসনদ দেখিয়ে চাকরিতে লাগিয়ে দেন। মাস দুয়েক চাকরি করার পর মেয়েটির চাকরি চলে গেল।
কেন? পরপর তিন দিন কাজে যেতে পারেনি। রাহেলা বলছিলেন, তাঁর মেয়েটির ঋতুস্রাব চলছিল, সে পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে। কী করে কারখানায় কাজ করতে যাবে? সেখানে তো সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসার কোনো সুযোগ নেই।
সম্প্রতি একটি ব্রিটিশ কোম্পানি ‘পিরিয়ডিক পলিসি’ বলে একটি নীতিমালা তৈরির পরিকল্পনা করেছে: ঋতুস্রাবের সময় নারীরা কর্মক্ষেত্র থেকে ছুটি পাবেন। তারা মনে করছে, এর ফলে নারীরা কর্মক্ষেত্রে আরও গতিময় ও সৃজনশীল হবেন। ওই কোম্পানির শ্রমিকদের ৩১ জনের মধ্যে ২৮ জনই নারী। কোম্পানিটির কর্তাব্যক্তি বলেন, ‘আমি এ বিষয়ে কয়েকজন নারীকে জিজ্ঞাসা করেছি। তাঁরা বলেছেন, যদি পুরুষদের পিরিয়ড হতো, তাহলে এ নীতিমালা আরও আগেই হয়ে যেত।’
এমন নীতিমালা কি আমাদের দেশে কখনো হবে? কিন্তু তাই বলে ঋতুস৶াবের সময় কাজে যেতে পারেনি বলে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া অত্যন্ত অমানবিক। এ দেশের দরিদ্র নারীরা আর্থিক সামর্থ্যের অভাবে স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারেন না। ঋতুস্রাব চলছে এমন অবস্থায় সারা দিন প্রায় একই জায়গায় দাঁড়িয়ে বা বসে কাজ করা নারীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এটা নারীরা পুরুষদের চেয়ে ভালো জানেন ও উপলব্ধি করেন। তাই দেশের নারী উদ্যোক্তারা এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে পারেন। মানবিকতাবোধকে অগ্রাধিকার দেওয়াও একজন উন্নত উদ্যোক্তার চারিত্রিক গুণাবলির অংশ।
শ্রমিক নারী হোক আর পুরুষ হোক, তার স্বাস্থ্য বা শারীিরক সামর্থ্যের ওপর তার উৎপাদনশীলতা নির্ভরশীল। নারীশ্রমিকদের কাছ থেকে আরও গতিময় ও সৃজনশীল কাজ আদায় করার লক্ষ্যে প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নারীবান্ধব টয়লেট (হাইকমোড ও ব্যবহৃত স্যানিটারি প্যাড ফেলার জন্য ঢাকনাযুক্ত ঝুড়ি), বিশ্রামকক্ষ, নারী গাইনি চিকিৎসক প্রয়োজন। স্বল্প মূল্যে নারীশ্রমিকদের মধ্যে স্যানিটারি প্যাড বিক্রয়ের ব্যবস্থা চালু করা অবিলম্বে প্রয়োজন। কিছু কোম্পানি তুলনামূলক কম দামে বাজারে এ ধরনের পণ্য সরবরাহ করে থাকে। এসব কোম্পানির সঙ্গে চুক্তি করে শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের নারীশ্রমিকদের কাছে নামমাত্র মূল্যে বাধ্যতামূলক বিক্রয়ের পদক্ষেপ নিতে পারে।
ঋতুস্রাব সম্পর্কে এখনো নারীদের মধ্যে অনেক সংস্কার আছে। স্যানিটারি প্যাডের ব্যবহার ও ব্যবহার-পরবর্তী ব্যবস্থাপনার জন্য প্রাথমিকভাবে পরামর্শদানও জরুরি। এর ব্যবহার কেবল শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনেই প্রভাব ফেলবে না, নারীর ব্যক্তিগত পীড়া লাঘব, নারীস্বাস্থ্যের উন্নয়নসহ ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যও নিশ্চিত করবে।
বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে ২০০৬ অনুযায়ী গৃহকর্মীর সংখ্যা ৩ লাখ ৩১ হাজার, যাদের বয়স ১৫ বছরের ওপরে। ধারণা করা হয়, বর্তমানে দেশে প্রায় ২৫ লাখ মানুষ গৃহকর্মে নিয়োজিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশুশ্রম জরিপ ২০১০ অনুযায়ী, গৃহকর্মী হিসেবে কাজ করে এমন শিশুর সংখ্যা ১ লাখ ২৫ হাজার, যাদের বয়স ৫-১৭ বছর এবং এর মধ্যে শতকরা ৮০ ভাগই মেয়েশিশু।
অনেকে বলবেন, ও বাবা! কাজের মেয়ের জন্যও প্যাড-প্যান্টির খরচ জোগাতে হবে? কেন নয়? ভেবে দেখুন, রান্নাবাড়া থেকে শুরু করে যেসব বিষয়ে পরিচ্ছন্নতা জরুরি, গৃহপরিচারিকাদের তার সবটাতেই হাত দিতে হয়। তবু তো কারখানার শ্রমিকেরা সাপ্তাহিক ও অন্যান্য ছুটি পান বা নিয়মবাঁধা শ্রমঘণ্টায় সীমাবদ্ধ থাকেন। কিন্তু গৃহপরিচারিকাদের ছুটিছাটা নেই, ২৪ ঘণ্টাই তাঁদের কর্মদিবস। ওই বিশেষ কটা দিন তাঁর চলাফেরা সহজতর এবং ব্যক্তিগত ও গৃহকর্মে পরিচ্ছন্নতার সুযোগ দিয়ে ভবিষ্যতের মেয়েলি অসুখের হাত থেকে বাঁচাতে সাহায্য করা কেবল জরুরি নয়, মানবিকও।
যদি এমন হতো, গ্রামের বউ-ঝিদের কাছেও বিষয়টা পৌঁছানোর ব্যবস্থা করা যেত! স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে এ বিষয়ে ব্যবস্থা নিলে নারীর স্বাস্থ্য, কর্মদক্ষতা ও আয়ু বৃদ্ধিতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। মার্শাল ব্রায়ান নামের একজন আমেরিকান কলাগাছের আঁশ দিয়ে স্বল্প মূল্যের স্যানিটারি প্যাড তৈরির উপায় বাতলেছেন। আমাদের দেশে কলাগাছের অভাব নেই, কচুরিপানায় নদ-নদী-খাল-বিল সয়লাব। অভাব নেই উদ্ভাবনী প্রতিভার। তাহলে কি অভাব কেবল সদিচ্ছা আর নারীর প্রতি মমতার?
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।
[email protected]