নারীর সুরক্ষায় একটি মোবাইল অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে মনে হতে পারে, নারী নির্যাতন রোধে মোবাইল অ্যাপের কী করার আছে? দরকার তো কিছু সংঘবদ্ধ বখাটে ছেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এবং সেটা করবে থানা-পুলিশ। আইন আছে। আদালত আছে। ওগুলো যদি যথাযথভাবে কাজ করে, তাহলেই তো যথেষ্ট।

কথাটা ঠিক। কিন্তু প্রথমত, আইন থাকলেও এর কার্যকর প্রয়োগ নেই। বছরের পর বছর মামলা ঝুলে থাকে। পরে দেখা যায় মামলা ঠিকভাবে সাজানো হয়নি। সাক্ষী-সাবুদ তলব করা হয়নি। মেডিকেল রিপোর্ট ফাইলে নেই। তখন আসামি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে এসে মামলার বাদীকে হুমকি-ধমকি দেওয়া শুরু করে। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়, এমনকি কেউ কেউ নির্যাতিত নারীকে দ্বিতীয়বারের মতো নির্যাতন করে; হত্যাকাণ্ড পর্যন্তও ঘটে থাকে। এই তো চলছে।
তা ছাড়া আছে রাজনৈতিক ও সামাজিক প্রভাবশালী মহলের চাপ। কোনো নারী ধর্ষণের শিকার হলে মামলা বন্ধ করার জন্য তথাকথিত সালিসের নামে গরিব পরিবারকে গ্রামছাড়াও করা হয়। নির্যাতিত নারী বারবার নির্যাতিত হতে থাকে এই সালিসের নামে, প্রভাবশালীদের রক্তচক্ষুর দাবড়ানিতে।

এখানে নিশ্চয়ই সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবে সরকার আরও কিছু ভাবছে। ভাবছে একটি মোবাইল অ্যাপ চালু করার কথা। সেটা তৈরি হয়ে গেছে। এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সে কথায় পরে আসছি।

এখন নারীর জন্য রাজধানী ঢাকাও অনিরাপদ। পথেঘাটে প্রায় প্রতিদিন কিছু বখাটে ছেলে নারীদের অপদস্থ করছে, কাপড় ধরে টানাটানি করছে, খারাপ মন্তব্য করছে। এমনকি গায়ে হাতও দেয়। এই বখাটেদের আইনের আওতায় আনা উচিত। যত দ্রুত সম্ভব বিচার করে সাজা না দিলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না। তবে শুধু সাজা দিয়েই সবটা বন্ধ করা যাবে না। সেই সঙ্গে দরকার নারীর প্রতি সহিংসতা রোধে সবার সহযোগিতা। শুধু থানা-পুলিশ, সরকার বা মন্ত্রণালয় নয়; সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে; নারী নির্যাতনের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমাদের সমাজে আগেও যেমন নারীদের প্রতি বৈষম্য ছিল, তেমনি এখনো চলছে। আগে সব ঘটনার কথা জানা যেত না, এখন এই তথ্যপ্রযুক্তির যুগে সব খবর বের হয়ে যায়। হয়তো প্রশাসন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে নারীর অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে। কিন্তু তাতে কী? নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়া হয় না, এমন অভিযোগ প্রচুর। নারীরা এখন মাঠে, কলকারখানায়, অফিস-আদালতে কাজ করেন, আবার একই সঙ্গে ঘরসংসারও চালান। চুলা ঠেলতে হয়। সন্তান পালন করতে হয়। এরপরও স্বামী নামক ব্যক্তিটির চোটপাটে সারাক্ষণ তটস্থ থাকতে হয়। মারধরও সইতে হয়।

এখন নারীর আর্থসামাজিক-রাজনৈতিক ক্ষমতায়ন বড় চ্যালেঞ্জের মুখে। তারপরও নারী সমাজ এগিয়ে যাচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে, সমাজ ও সংসারে ক্ষমতায়নের জন্য সোচ্চার হয়ে উঠছে।

এই বিষয়গুলো নিয়ে গত ৩১ মার্চ প্রথম আলোর আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচনা হয়। সহযোগিতায় ছিল ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)। তারা দেশের বিভিন্ন অঞ্চলে ছেলেমেয়েদের সঙ্গে আলোচনা, মতবিনিময়, তাদের কথা শোনা ও বোঝার চেষ্টা করে। তারা একটি জননীতি তৈরি ও তার বাস্তবায়ন চায়। কেন ছেলেরা এমন সহিংস আচরণ করে, সে বিষয়টি আলোচনার মধ্য দিয়ে বের করার চেষ্টা করে। তরুণদের অনেকেই বলেছেন, আসলে পুরুষ তাদের ক্ষমতা ও আধিপত্য ছাড়তে চায় না। সে জন্যই সহিংসতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও নানা রকম অপকর্ম করেন। ছাত্রীদের মনস্তাত্ত্বিক হয়রানি করেন। সহযোগিতা না করলে ভালো হবে না, পরীক্ষায় উঁচু মানের ডিগ্রি পেলেও বিশ্ববিদ্যালয়ে চাকরি হবে না ইত্যাদি বলে হুমকি দেন।
তাহলে বুঝুন আমরা কোথায় আছি!

দেশের সবচেয়ে উঁচু শিক্ষায়তনের অবস্থা এই! এই অবস্থার পাশাপাশি দেখুন একদম নিচতলার বখাটেরা কী করছে। সেদিন ঢাকার একটি নামকরা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী একটি বাসে উঠে দেখেন যাত্রী কম। তিনি নেমে যেতে চাইলে বাসের হেলপার নামতে বাধা দেয়। সেখানেই সে থেমে থাকে না। কটাক্ষ করে বলে ‘আপা ভয় পাইছে!’ বাসের দু-চারজন যাত্রী যারা ছিল, তারাও হেসে ওঠে। কেউ প্রতিবাদ করে না। কিছু দূর গিয়ে সেই ছাত্রী জোর করে বাস থেকে নেমে মানসম্ভ্রম বাঁচাতে পেরেছে। অনেকের সেই সৌভাগ্য হয় না। বাসচালক-হেলপারদের লালসার শিকার হয়।

এ রকম অবস্থায় কোনো নারী কী করবেন? আমাদের আলোচনায় ইশরাত শারমিন রহমান মোবাইল অ্যাপের কথা বলেন। তিনি নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামে নিয়োজিত। প্রধানত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে ন্যাশনাল ট্রমা সেন্টারে নির্যাতিত নারীদের সুস্থ করে তোলা তাঁর দায়িত্ব। তিনি বললেন, বর্তমানে যে হটলাইন ১০৯ রয়েছে, সেটা আরও ফলপ্রসূ করার জন্য মন্ত্রণালয় সেই মোবাইল অ্যাপটি চালু করতে যাচ্ছে।

এই অ্যাপটির কথা এর আগেও বলে গেছেন সাবিনা সুলতানা। আমাদেরই আরেকটি গোলটেবিল বৈঠকে। সেটি ছিল নির্মাণশিল্পে নারী শ্রমিকদের বিষয়ে। সাবিনা সুলতানা নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেনের সিনিয়র প্রোগ্রাম অফিসার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেভেন রিংস সিমেন্টের সহযোগিতায় আয়োজিত সেই আলোচনায় তিনি মোবাইল অ্যাপের বিষয়ে বিস্তারিত বলেন।

আমরা জানি, কোনো নারী সহিংসতার শিকার হলে ১০৯ নম্বরে ডায়াল করতে পারেন। এটা টোল ফ্রি, অর্থাৎ ফোন কলের জন্য কোনো বিল দিতে হয় না। অভিযোগ লিপিবদ্ধ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এর কিছু সুফল পাওয়া যাচ্ছে। কিন্তু ডায়াল করার সময়টুকুও তো অনেক সময় পাওয়া যায় না। তাই মোবাইল অ্যাপ। ওই অ্যাপে টিপ দিলেই সঙ্গে সঙ্গে সেটা কাজ শুরু করে দেবে। থানা-পুলিশ থেকে শুরু করে আত্মীয়স্বজন, বন্ধু-সবার কাছে জরুরি খবর যাবে, ‘আমি হামলার শিকার’। এমনকি শুধু পাওয়ার বাটনে চারবার চাপ দিলেই মোবাইল স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে দেবে। ছবি উঠতে থাকবে। দৃশ্য ধারণ করবে মোবাইল নিজে নিজেই। স্মার্টফোনে জিপিএস থাকলে কোন জায়গায় সেই নারী আক্রান্ত হয়েছেন, সেটাও সবাই জানতে পারবেন। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সক্রিয় পদক্ষেপ না নেয়, তাহলে তাদের জবাবদিহির আওতায় আনাও সহজ হবে। অ্যাপটির নাম ‘জয়’।

আপাতত এটি অ্যান্ড্রয়েড সেটে কাজ করবে। ভবিষ্যতে আইফোন সেটেও যেন ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা করা হলে সবার জন্য সুবিধা হবে।
এই মোবাইল অ্যাপটি দ্রুত কার্যকর করা দরকার।

আব্দুল কাইয়ুম: প্রথম আলোর সহযোগী সম্পাদক
quayum@gmail. com