নারীর 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের জন্য ইউনিসেফের একটা স্লোগান হচ্ছে—‘শিশুদের জন্য হ্যাঁ বলুন।’ এর ১০টি আদর্শের মধ্যে শিশুদের অধিকার সর্বাগ্রে রাখাসহ শিশুদের প্রতি সহিংসতা ও ক্ষতিকর কাজে ব্যবহার বন্ধ, শিশুদের কথা শোনা, যুদ্ধ থেকে শিশুদের রক্ষা, বিশ্বকে শিশুদের জন্য সুরক্ষিত করা ইত্যাদি। ইউএন উইমেন থেকেও নারীর জন্য এ ধরনের স্লোগান আসা উচিত আর তা হচ্ছে ‘নারীরা না বলুন’।
এইসব দিনরাত্রির সেই ছোট্ট টুনি কবে বড় হয়ে সংসার শুরু করেছিলেন, সে খবর আমরা পাইনি। পেলাম তাঁর চলে যাওয়ার খবর। আকস্মিকভাবে চলে গেলেন ডা. শামারুখ। তাঁদের হত্যা করা হয়েছে, নাকি তাঁরা আত্মহত্যা করেছেন, তা নিয়ে এখনো টানাপোড়েন চলছে। যারা ক্ষমতাধর, রায় তাদের অনুকূলে যাওয়ার আশঙ্কাই করছে ঘরপোড়া মানুষ। উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে সমাজের প্রচলিত প্রথা-বিশ্বাসকে মানা বা তোয়াক্কা করায় খানিক শিথিলতা আছে। যত জ্বালা মধ্যবিত্ত নারীর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর সমাজের মুখ চেয়ে, সন্তানের কথা ভেবে নির্যাতক-নিষ্কর্মা-কূপমণ্ডূক স্বামীকে ত্যাগ করতে পারেননি। বিবাহিত জীবনের প্রথম থেকেই তাঁর স্বামীর আচরণে তিনি কষ্ট পেয়ে আসছিলেন। যাঁদের পায়ের নিচে মাটি নেই, সেসব নারী অপারগ হয়ে স্বামীর নির্যাতন মুখ বুজে সহ্য করেন, তালাকের বলি হন, হত্যার শিকার হন, আত্মহত্যার পথ খুঁজে নেন। যিনি সুশিক্ষিত, মর্যাদাসম্পন্ন; চরম কিছু ঘটার সুযোগ কেন তিনি করে দেবেন?
নারীর ক্ষমতায়ন আজ বিশ্বের অন্যতম প্রধান দাবি। শিক্ষা ও স্বনির্ভরতার হাত ধরে ক্ষমতায়নের অগ্রযাত্রার কথা থাকলেও এ দেশের নারীরা এখনো সমাজ ও সন্তানের কথা চিন্তা করে পড়ে পড়ে মার খাচ্ছেন। যে রুমানা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, উচ্চশিক্ষিত, ক্ষমতায়িত; শিক্ষার্থীদের মধ্যে ক্ষমতায়নের বীজ বুনে দেওয়ার জন্য সে নারীই তো অগ্রপথিক। তাঁকেই কেন অন্ধত্বের সঙ্গে লড়তে হচ্ছে আজ? বলা হয়, নারীরা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন।
২০১৩ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে শতকরা প্রায় ৪০ ভাগ নারীকে স্বামী বা সঙ্গী হত্যা করেছে। ৪২টি দেশের অর্ধেকেরও বেশি দেশে প্রতি তিনজনের একজন বিবাহিত নারী স্বামী দ্বারা শারীরিক, যৌন ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ভারতে এ হার ৩৪ শতাংশ। বাংলাদেশে শতকরা ৪৭ শতাংশ বিবাহিত নারী স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার। শারীরিক নির্যাতনের হার সবচেয়ে বেশি আফ্রিকার দেশ গিনিতে। সেখানে এ হার ৭৩ শতাংশ।
স্বামী কর্তৃক স্ত্রীহত্যার শতকরা ৯৫ ভাগের কারণই যৌতুক। দেখা গেছে, এসব নির্যাতিতা একাধিকবার তাঁদের বাবা-মা, ভাইবোনদের কাছে আশঙ্কা ব্যক্ত করেছেন যে তাঁরা নৃশংসতার সম্মুখীন, তাঁদের যেন উদ্ধার করা হয়। স্বামীর পরিবারে মেয়ের অশান্তির খবর পেয়েও মেয়ের বাবা-মা-অভিভাবকেরা সমাজের মুখ চেয়ে ‘মানিয়ে নাও’ ‘মানিয়ে নাও’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। তারপর যখন মেয়ের নির্যাতন বা মৃত্যুর খবর পান, তখন মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকে না। গত দু-এক বছরের মধ্যে যৌতুকের কারণে নিহত হয়েছেন নরসিংদীর সুবর্ণা, নারিন্দার টুম্পা, কেরানীগঞ্জের রুনা, শেরপুরের জেসমিন, পাবনার রেখা, নাটোরের সাহারা খাতুন, নারায়ণগঞ্জের শ্রাবণী আক্তার এবং সংবাদে না আসা শত নারী। শুধু ২০১৩ সালেই যৌতুকের জন্য নির্যাতিত হয়েছেন ৪৩৯ জন নারী। তাঁদের মধ্যে হত্যা করা হয়েছে ২৪৫ জনকে।
সমাজ আর সন্তানের মুখ চেয়ে নারীর নিজের জীবনকে সারা জীবন হুমকির মধ্যে রাখার সংকল্প পরিত্যাগ করতে হবে। নির্যাতকেরাও জানে যে নারীকে ধরে রাখার অন্যতম অস্ত্র সন্তান। এমন চিত্রও এ সমাজে বিরল নয় যে ইচ্ছার বিরুদ্ধে বা জোর করে কোনো নারীকে বিয়ে করে তাঁকে দ্রুত সন্তান ধারণে বাধ্য করা হয়, যাতে তিনি সন্তানের মায়ায় স্বামীগৃহ পরিত্যাগের বাসনা পরিহার করেন। যে সন্তান বাবা-মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি, মারামারি, কান্নাকাটি, অশান্তি দেখে আতঙ্কিত ও নিরাপত্তাহীন, সে কি আসলে সুস্থ মানসিকতায় বেড়ে উঠতে পারে? নারীরা যে সন্তানের ‘ভালো’র জন্য নিজের শারীরিক-মানসিক সুখ তুচ্ছ করেন বা প্রাণ বিসর্জন দেন, সে সন্তানের কি আদৌ কোনো ভালো হয়? যেহেতু মা ও সন্তান কারোরই মঙ্গল এতে নিহিত নেই, সেহেতু এ টানাপোড়েনের মধ্যে থেকে বের হয়ে আসার সাহস সঞ্চার করতে হবে।
অর্থনৈতিক স্বাবলম্বিতা সত্ত্বেও যেসব নারী সমাজ আর সন্তানের পিছুটানে নির্যাতন হজম করেন, তাঁদের ‘না’ বলতে শিখতে হবে। অনেকে বলবেন, ‘না’ বললেই তো তাঁদের ওপর নেমে আসে খড়্গ। এখনো আমাদের দেশে অনেক নারী নিজের পছন্দে বিয়ে করলে মা-বাবার শরণাপন্ন হতে অস্বস্তিবোধ করেন বা তাঁদের মা-বাবাও ‘নিজে করেছ, এখন নিজেই বোঝো’ বলে রাগ পুষে রাখেন। যাঁরা মা-বাবা-আত্মীয়স্বজনেরও সহযোগিতা পান না, তাঁদের কী উপায়? যদিও পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ রয়েছে,¯ আইন পাসের মাধ্যমে সব সময় নির্যাতন বন্ধ করা সম্ভব হয় না, প্রয়োজন হয় আইন জানা এবং আইনের প্রতি ভয় ও শ্রদ্ধা। তা ছাড়া, আইনের দীর্ঘসূত্রতাও তাৎক্ষণিক সমাধানে সহায়ক নয়। স্থানীয় সরকারের নারী জনপ্রতিনিধিদের অধীনে একটি করে সেল রাখা যেতে পারে, যেখানে সেলফোনের মাধ্যমে নির্যাতিতা যোগাযোগ করলেই তাঁকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।
বর মোটরসাইকেল দাবি করায় যৌতুক দিয়ে বিয়ে নয়—এমন কথা বলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মেধাবী ছাত্রী ববিতা খাতুন (১৯ বছর) বিয়ের আসরেই বিয়ে ভেঙে দেন। ববিতা এ সিদ্ধান্তে তাঁর মা-বাবাসহ আত্মীয়স্বজনকে পাশে পেয়েছিলেন। এমন উদাহরণ বিরল হলেও তা অনেক নারীকেই মর্যাদাবান হওয়ার দীক্ষা দেয়। কবি কামিনী রায় ছোটবেলায় আমাদের শিখিয়েছিলেন
‘কাঁদে প্রাণ যবে, আঁখি—সযতনে শুষ্ক রাখি
নির্মল নয়নের জলে
‘পাছে লোকে কিছু বলে’।—একি কেবল নিছক মুখস্থ করার জন্য? সব শ্রেণির নারীকে যেকোনো অন্যায় নিপীড়নে নীরবে চোখের জল না ফেলে ‘না’ বলার সাহস অর্জন করতে হবে।
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।