নারীরা যাবেন কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেলীর অপরাধ ছিল তিনি স্বামীকে তালাক দিয়েছেন। কী দুঃসাহস তাঁর! তাই তো সাবেক স্বামী জাহাঙ্গীর তাঁকে অ্যাসিড ছুড়ে মেরেছেন। পাঠক, চিনতে পেরেছেন কি শেলীকে? গত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোসহ দেশের প্রায় সব জাতীয় দৈনিকে শেলীর অ্যাসিডদগ্ধ হওয়ার খবর ছাপা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৬ সেপ্টেম্বর ভোরে। চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকার একটি বস্তিতে মা হোসেনে আরা বেগমের (৫৫) সঙ্গে ঘুমিয়ে ছিলেন শেলী আক্তার (২২)। এ সময় ঘরের বেড়ার ফাঁকা অংশ দিয়ে তাঁদের দিকে অ্যাসিড ছুড়ে মারেন শেলীর সাবেক স্বামী জাহাঙ্গীর। অ্যাসিডে শেলীর মুখসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে যায়। এ ঘটনার পর জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন শেলী। রাজধানীর রূপনগর এলাকা থেকে গত বৃহস্পতিবার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাছে জাহাঙ্গীর স্বীকার করেছেন, শেলীর দেওয়া তালাক তিনি মানেন না। তালাকের প্রতিশোধ নিতেই তিনি অ্যাসিড ছুড়ে মেরেছেন।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক বছর আগে শেলীর সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর ওপর জাহাঙ্গীর নির্যাতন চালাতেন। এক বছর আগে শেলী তাঁর স্বামীকে তালাক দিয়ে মায়ের কাছে চলে আসেন। আর এটাই শেলীর জন্য কাল হয়ে দাঁড়াল। অ্যাসিডদগ্ধ হয়ে তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন।

তবে শুধু জাহাঙ্গীর নন, একই ধরনের ঘটনা ঘটিয়েছেন আরও অনেক পুরুষ। গত বছরের ঘটনা। রংপুরের পীরগঞ্জের ইসলামপুর গ্রামের বাসিন্দা হাসানুজ্জামান রিজুকে (২২) তালাক দেয় তাঁর স্ত্রী নাজমিন আক্তার (১৫)। যৌতুকের জন্য স্বামী তাকে নির্যাতন করতেন। এ জন্যই নাজমিন তাঁকে তালাক দেয়। কিন্তু তা কোনোভাবেই মানতে পারেন না রিজু। স্ত্রীকে ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে দেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাজিনা বেগম স্বামী রহিম বখসের অব্যাহত নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁকে তালাক দেন। স্বামী এটিকে তাঁর অপমান হিসেবে নেন। তিনি প্রতিশোধ নিতে সাজিনার পায়ের রগ কেটে দেন।

তালাকের অপমান সইতে না পেরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামে আবু হানিফা (৩০) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এ রকম আরও অনেক উদাহরণ হয়েছে।

স্ত্রী স্বামীকে তালাক দেবেন—এটা অনেক স্বামী মেনে নিতে পারেন না। এটা তাঁদের অহংবোধে তীব্র আঘাত করে। মনোভাবটা এ রকম, ‘স্ত্রীরা কেন স্বামীদের তালাক দেবেন? তাঁদের এত বড় সাহস হয় কী করে। কেবল স্বামীরাই স্ত্রীদের তালাক দেবেন। তাহলেই সেটা ঠিক হয়।’

পুরুষের এই মনোভাবের জন্য দায়ী আমাদের সমাজব্যবস্থা। যেখানে এখনো নারীর কর্তৃত্ব, নারীর ওপরে ওঠা, নারীর অধিকার ও তাঁদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি মেনে নেয় না। সেখানে নারীর তালাক দেওয়ার সিদ্ধান্তটিও মানবে না, সেটাই স্বাভাবিক। আমাদের সমাজ এখনো পুরুষের আধিপত্যে বিশ্বাসী। কোনো নারী যখন স্বামীকে তালাক দিলেন, তখন মনে করা হয়, এর মধ্য দিয়ে স্বামীটিকে চরমভাবে অবমাননা করা হলো। নারী হচ্ছেন পুরুষের অধীন। তাঁর ইচ্ছা-অনিচ্ছা বলে কিছু থাকতে পারে না। পুরুষদের যখন ইচ্ছা হবে, তখন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেবেন। এ অধিকার শুধু তাঁদেরই। এর উল্টোটা ঘটলেই বিপত্তি।

নারী যদি তাঁর স্বামীকে তালাক দেন, তাহলে তাঁকে সামাজিকভাবেও নিগ্রহের শিকার হতে হয়। আত্মীয়স্বজন তাঁকে নানা কথা বলেন। এমনকি নিজ পরিবারের সদস্যরাও তাঁকে কথা শোনাতে ছাড়ে না। ‘অপয়া’ ‘বাজে মেয়ে’ ‘কুলটা’ ইত্যাদি বিশেষণে তাঁকে অভিহিত হতে হয়। আবার স্বামী যদি কোনো নারীকে তালাক দেন, তাহলেও সেই নারীকে সামাজিক নিগ্রহের শিকার হতে হয়। তালাকের জন্য নারীকে দোষী সাব্যস্ত করা হয়। এই যদি হয় সমাজের চিত্র, তাহলে নারীরা যাবেন কোথায়? কেন একজন নারীকে স্বামীর নির্যাতন মেনে নিতে হবে? কেন সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন না?

এ জন্য আমাদের এই সমাজব্যবস্থার পরিবর্তন দরকার। এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারীদের নিগ্রহের শিকার হতে হবে না। তাঁরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন। যে সমাজে শেলীর মতো আর কাউকে অ্যাসিডদগ্ধ হতে হবে না। নাজমিনের মতো আর কাউকে ছুরিকাঘাতের শিকার হতে হবে না। এ সমাজ পরিবর্তনের দায়িত্ব রাষ্ট্রের, আমার, আপনার, সবার।

রোকেয়া রহমান: সাংবাদিক