নাসিকের অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনটি সরকার একটা টেস্ট কেস হিসেবে নিয়েছিল
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনটি সরকার একটা টেস্ট কেস হিসেবে নিয়েছিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনটি সরকার একটা টেস্ট কেস হিসেবে নিয়েছিল বলে মনে হয়। অনেকের ভাষ্যমতে, অ্যাসিড টেস্ট। সরকারের উদ্দেশ্য সফল হয়েছে বলা যায়। ইতিপূর্বে সিলেট, বরিশাল, রাজশাহী এবং পরে গাজীপুরে মেয়র নির্বাচনে হোঁচট খেয়ে সরকার কৌশল পাল্টেছিল। পরবর্তী স্থানীয় সরকার সংস্থার নির্বাচনগুলো যেভাবে হয়েছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিজয় সম্পর্কে সন্দিহান হওয়ার কারণ ঘটেছিল।
আওয়ামী লীগের যেসব প্রার্থী ওই নির্বাচনগুলোতে হেরেছিলেন, তঁারা অনেকেই যোগ্য এবং ভাবমূর্তির দিক দিয়েও পরিচ্ছন্ন ছিলেন। কিন্তু এরপরও তাঁরা হেরেছেন। তাঁদের পরাজয়ে মনে হচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে বিএনপি-জামায়াত চক্রের নেতিবাচক ভূমিকা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। এমনকি তারা পরিবর্তনের জন্য সরকারের উন্নয়ন কার্যক্রমকেও হিসাবের মধ্যে নেয়নি। অবশ্য ওই সময়ে সরকারের উন্নয়নকাজ ও দেশের উন্নতির চিত্র মানুষের কাছে স্পষ্ট ছিল না। তখন মাত্র দেশের অর্থনৈতিক ও সামাজিক সূচকে উত্তরণ ঘটতে শুরু করেছে। তবে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু স্থানীয় ভোটার পর্যায়ে তখনো তা ততটা দৃষ্টিগোচর হয়নি। ফলে সরকারের দাপটে অসহায় বিএনপি যেন সহানুভূতি টেনেছিল মানুষের।
এরপর সিটি করপোরেশনের মেয়র নির্বাচন হয়েছে তিনটি—ঢাকার দুটি ও চট্টগ্রামের একটি। অন্তত একটি ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে সরকারি দল দলীয় পরিচয়ের বৃত্ত থেকে বাইরে থাকতে পেরেছিল। কিন্তু নির্বাচনে বিএনপির জন্য সমসুযোগের ক্ষেত্র তৈরি ছিল, এমন কথা বলা যাবে না। অবশ্য ভোটাররা তত দিনে সরকারের উন্নয়নের বার্তাটি পেতে শুরু করেছেন বলে অনেকের ধারণা। ওই নির্বাচনে ভোট কম পড়েছিল, প্রতিদ্বন্দ্বিতাও হয়নি। বিএনপি শেষ পর্যন্ত না লড়ে মাঠ ছেড়ে দিয়েছিল।
এরপর স্থানীয় সরকারের নির্বাচন প্রায় একতরফাভাবে অনুষ্ঠিত হয়ে গেছে। এর ফলে বহু কষ্টে অর্জিত গণতান্ত্রিক ভোটাধিকারের কার্যকারিতা সম্পর্কে জনমনে সংশয়ের কারণ ঘটেছিল। মানুষ ভোট বা নির্বাচনে আগ্রহ হারাতে থাকে। এ সময়ে আরও দুটি ঘটনা ঘটে। সত্যিই দেশে উৎপাদন, বিশেষত কৃষি উৎপাদনে চমকপ্রদ সাফল্য অর্জিত হয়ে সাধারণের জীবনে স্বস্তি এসেছে। শহরগুলোয় রাস্তাঘাট, উড়ালসড়ক দৃষ্টিগোচর হতে শুরু করেছে, সারা দেশে সড়ক যোগাযোগে ব্যাপক কার্যকর উন্নয়ন ঘটেছে। সরকারও এ সাফল্যকে এই প্রথম ভালোভাবে প্রচারণায় কাজে লাগাতে পেরেছে। মানুষ সরকারের প্রতি, বিশেষভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা ফিরে পেতে থাকে।
অপর বিষয়টি হলো যুদ্ধাপরাধীদের বিচার, শাস্তি ও ফাঁসি কার্যকরের পাশাপাশি এই সূত্রে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রচারণার নতুন পরিবেশ তৈরি। এতে নতুন প্রজন্ম, যাঁরা নতুন ভোটার হচ্ছেন, তাঁদের প্রায় ৭০ হাজার এবার নাসিক নির্বাচনে ভোটার ছিলেন, তাঁরা বিএনপির জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকার বিষয়টি ভালোভাবে নেননি। আমার ধারণা, তাঁরা নারায়ণগঞ্জ নির্বাচনে আইভীর পক্ষে
ভোট দিয়েছেন।
তৃতীয় একটি বিষয়ও নজরে রাখা দরকার। গত প্রায় আট বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভাবমূর্তি আরও বাড়াতে পেরেছেন। প্রথম থেকেই, সেই বিডিআরের ঘটনা থেকে, তিনি সাহস ও দক্ষতার সঙ্গে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ও মোকাবিলা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর নেতৃত্ব প্রশংসিত ও স্বীকৃত হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার বিষয়ে বিএনপির অস্পষ্ট সন্দেহজনক ভূমিকা তুলে ধরার ব্যাপারে তাঁর দৃঢ়তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়েছে।
অর্থনৈতিক পরিবর্তনের সুফল সাধারণের হাতে আসতে থাকলে নিম্নপর্যায়ে দলীয় রাজনীতির অন্ধ অনুসারী থাকার প্রবণতা কমে আসে। সাধারণত রাজনীতি অল্প কিছু মানুষের জন্য লাভজনক বিষয় হয়, অধিকাংশকে এ থেকে লাভ আদায়ে অনেক ঝুঁকি ও অপবাদ সইতে হয়। এর চেয়ে নানা রকম উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের পথগুলো এখন অনেকটা দৃশ্যমান। তরুণেরা আজ রাজনীতির চেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আগ্রহী হচ্ছেন বেশি। এ অবস্থায় বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘটানো বেশ কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া বিএনপি যদি জামায়াত ও ইসলামী ঐক্যজোটের মতো মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে প্রশ্নবিদ্ধ দলগুলোকে সঙ্গে রেখে জনগণকে কাছে টানতে চায়, তাহলে খুব কাজ হবে না।
শেখ হাসিনা প্রায় একক সিদ্ধান্তেই বড় রকমের ঝুঁকি নিয়ে তাঁর প্রশাসন ও রাজনীতি পরিচালনা করছেন। তিনি সর্বাধিক জোর দিয়েছেন অবকাঠামো উন্নয়নের ওপর, তাতে বিশেষত জ্বালানি খাতের উন্নয়নের প্রশ্নে অনেক মহলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রকল্পগুলো এগিয়ে নিতে চান। কিন্তু এর কোনো কোনোটি, অন্তত রামপাল প্রকল্প শেষ হওয়ার আগেই তাঁকে ভোগান্তিতে ফেলতে পারে; কারণ, এটি সত্যিই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে। তবে আপাতত বিদ্যুৎ উৎপাদন বাড়লে ও সঞ্চালন ঠিকঠাকভাবে চললে তিনি লাভবান হবেন। শহরে দৃশ্যমান উন্নয়নে জোর দিচ্ছেন, গ্রামেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে, তা-ও দৃশ্যমানভাবেই। সামাজিক সব সূচকে উন্নতি দৃশ্যমান—গড় আয় আর গড় আয়ুর অগ্রগতি এককথায় চমকপ্রদ।
শেখ হাসিনা এখন দুর্নীতি দমনের বিষয়ে আন্তরিক হতে পারেন। তাঁর আত্মবিশ্বাস এতটাই বেড়েছে যে দলের অনেক বিশৃঙ্খলাকারী সদস্যের বিষয়ে আইনি প্রক্রিয়ার অগ্রাধিকার মেনে নিচ্ছেন। এতে যুবলীগ-ছাত্রলীগের আধিপত্য বিস্তারের ও বিত্ত অর্জনের অবৈধ তৎপরতা কমে এলে আওয়ামী লীগ আরও লাভবান হবে। অবস্থান শক্ত হওয়ায় এখন সরকার মানবাধিকার ও আইনের শাসনের বিষয়ে মনোযোগ দিতে পারে। এতে যেসব অপবাদ ও অপশক্তির বোঝা বইতে হয়, তা থেকে দল মুক্তি পাবে। সেটা আখেরে আওয়ামী লীগ ও তার সরকারকেই লাভবান করবে।
এবারে নারায়ণগঞ্জ নির্বাচনে সুকৌশলে শামীম ওসমানকে দমানো হয়েছে। নির্বাচনের আগে-পরে তিনি অনেক বাগাড়ম্বর ও নাটকীয় চমকের আশ্রয় নিলেও বস্তুত তাঁকে সম্পূর্ণ উপেক্ষা করেই নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিশাল বিজয় অর্জন করেছেন। এটা নারায়ণগঞ্জের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি নাটকীয় পরিবর্তনের বার্তা দিচ্ছে বলেই মনে হয়।
এ নির্বাচন থেকে জাতীয় নির্বাচনের জন্যও কিছু বার্তা তো পাওয়া গেল। নির্বাচনে বিজয়ী হতে টাকা কিছু লাগলেও পেশিশক্তির প্রয়োজন নেই। সরকারি হস্তক্ষেপ ছাড়াও সুষ্ঠু নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী হতে পারেন, সঙ্গে প্রয়োজন দলীয় কোন্দল ও স্থানীয় স্বার্থের বিরোধগুলো কাটিয়ে ওঠার মতো পরিকল্পনা, সর্বোপরি সত্য হলো, যোগ্য ও সৎ প্রার্থীই বিজয়ী হন। এই বার্তা বিএনপি-আওয়ামী লীগ উভয় দলের জন্যই এসেছে। উভয় দল মিলে যেভাবে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার অবক্ষয় ঘটিয়েছিল, এখন তা থেকে বেরিয়ে আসার সুযোগ এসেছে, সময় তৈরি হয়েছে। এভাবেই তো একটা দেশ এগিয়ে যায়।
বর্তমান বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মেয়াদ শেষ পর্যায়ে। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। আশার কথা, রাষ্ট্রপতি বড় দুই দলের আস্থায় আছেন এবং আমরা আশা করি, তিনি সে আস্থার ভালো প্রতিদান উভয় দলকেই দেবেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনোরূপ হস্তক্ষেপ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাহস অর্জন করেছে—এটাই আজ বড় কথা। তবে তা পূর্ণতা পাবে যদি এই সাহস দেশকে আজ্ঞাবহ নির্বাচন কমিশন থেকে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ নির্বাচন কমিশন উপহার দিতে পারে। তার পরীক্ষা যদি নারায়ণগঞ্জে হয়ে থাকে, তাহলে তাতে সরকার ও কমিশনকে সবাই পাস মার্ক দেবেন। ইতিমধ্যে পর্যবেক্ষকেরা সবাই তা দিয়েছেন, দিচ্ছেন।
শেষে দুটি কথা বলতে হয়। প্রথমত, রাজনীতিতে সৎলোকের পুনর্বাসন-প্রক্রিয়া এবারে জোরদার করা হোক। দ্বিতীয়ত, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হলে দেশের অপর বড় দল বিএনপিকে তাদের প্রশ্নবিদ্ধ রাজনীতি নিয়ে ভাবতে হবে। প্রশ্নবিদ্ধ
নির্বাচন ও নির্বাচন কমিশনকে স্থায়ীভাবে বিতাড়ন করতে চাইলে গণতান্ত্রিক রাজনীতির অংশীদার বিএনপিসহ সব রাজনৈতিক দলকেও যেকোনো রকম প্রশ্নবিদ্ধ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
আশা করি এই পরাজয়ের জন্য গৎবাঁধা সমালোচনার পথে না হেঁটে বিএনপি তাদের জন্য সৃষ্ট নতুন চ্যালেঞ্জগুলো বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।