সময়টা ২০০৪ কিংবা তার পরের বছর। ক্ষমতায় খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় সরকার। আমি তখন পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছি। আমাদের একটা প্রধান কাজ ছিল সরকারের জন্য ‘উপকূলীয় অঞ্চল নীতি’ তৈরিতে সাহায্য করা। মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ ছিলেন পানিসম্পদমন্ত্রী। তিনি এ ব্যাপারে যথেষ্ট উৎসাহী ছিলেন। তাঁর কাছে কোনো কাজ পড়ে থাকত না।
উপকূলীয় অঞ্চল নীতির খসড়া যখন তৈরি হলো, তখন আমরা ঠিক করলাম প্রতিটি উপকূলীয় জেলায় সমাজের সব অংশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে হবে। পেশাদার কাজের পরিভাষায় বলতে হয়, ‘স্টেকহোল্ডার কনসালটেশন’। তো এ রকম একটা সভা হলো গোপালগঞ্জে। আমরা কয়েকজন সেখানে উপস্থিত ছিলাম। জানতে পারলাম টুঙ্গিপাড়ায় পর্যটনের একটা মোটেল আছে। আমরা ঠিক করলাম ওই মোটেলে থাকব এবং এই সুযোগে বঙ্গবন্ধুর সমাধি দেখব।
আমরা হুট করেই টুঙ্গিপাড়ায় চলে গিয়েছিলাম। আগাম তথ্য না দেওয়া সত্ত্বেও মোটেলে ঘর পেতে অসুবিধা হয়নি। সব ঘর ফাঁকা। আওয়ামী লীগ সরকারে নেই। তাই মোটেল একেবারেই সুনসান। এমনকি তাদের ভাঁড়ারে খাবারও মজুত নেই। কারণ, অতিথি কেউ আসেন না। আমরা ইতিমধ্যে গোপালগঞ্জে সভা শেষ করেছি। পরদিন সকাল পর্যন্ত অখণ্ড অবসর। মোটেলের পাশেই বঙ্গবন্ধুর সমাধিস্থল। একেবারেই নদীর গা ঘেঁষে। চমৎকার একটা পরিবেশ।
বিকেলে ঢুকলাম সমাধি দেখতে। লাল সিরামিক ইটের কাঠামো। স্থাপত্যশৈলী সহজ ও সুন্দর। পুরো চত্বরটা সামনে-পেছনে বেশ লম্বা। সে তুলনায় চওড়া কম। শেষ প্রান্তে কালো মার্বেল পাথরে মোড়া মেঝের ওপর এক পাশে বঙ্গবন্ধুর কবর, অন্য পাশে তাঁর বাবা-মায়ের। কালো রঙের মেঝে দেখে ভ্রম হয়, বুঝি জল জমে আছে। চত্বরজুড়েই নীরবতা। আমরা ছাড়া আর কোনো মানুষ নেই। অযত্নের ছাপ চোখে পড়ে সহজেই। মেঝের কোথাও শেওলা জমেছে। সামনের সবুজ আঙিনায় ঘাসগুলো অগোছালোভাবে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ যে সরকারে নেই, এটা তারই প্রতীকী রূপ। বছর খানেকের মধ্যে আরও দুবার সেখানে গিয়েছিলাম। ঘুরেফিরে একই দৃশ্য। আওয়ামী লীগ এখন সরকারে। টুঙ্গিপাড়ায় নিশ্চয়ই মানুষের যাতায়াত বেড়েছে। আগস্ট এলে তো জনতার ঢল নামে। ব্যানারে-ফেস্টুনে ছেয়ে যাবে টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধুর দলের ক্ষমতায় থাকা আর না থাকায় কত পার্থক্য!
জোট সরকার আমলের আর একটি স্মৃতি তুলে ধরতে চাই। সেদিন ছিল ১৫ আগস্ট। সকাল দশটা-এগারোটা হবে। ধানমন্ডির ৩২ নম্বর সড়ক দিয়ে যাচ্ছি। হাঁটতে তেমন অসুবিধা হচ্ছে না। মানুষের ভিড় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটা ব্যানার দেখলাম। সঙ্গে অল্প কয়েকজন শিক্ষক। কয়েকটা চেনা মুখ। যেমন—অধ্যাপক আরেফিন সিদ্দিক, অধ্যাপক শরিফ উল্লাহ ভুঁইয়া, অধ্যাপক আবুল বারকাত আর অধ্যাপক নাজমা শাহীনকে দেখলাম। শরিফ উল্লাহ ভুঁইয়া ও নাজমা শাহীন একসময় জাসদ-ছাত্রলীগের তুখোড় সংগঠক ছিলেন। তখন থেকেই চিনতাম। ব্যস এই পর্যন্ত। একটু আগেই বৃষ্টি হয়েছিল। হয়তো সে জন্যই মানুষের ভিড় নেই। একসময় হাজার হাজার মানুষ মাইলের পর মাইল হেঁটে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা শোনার জন্য। আজ তার ছিটেফোঁটাও নেই। প্রায় জনশূন্য ৩২ নম্বর সড়ক দেখে আবারও মনে হলো, আওয়ামী লীগ ক্ষমতায় নেই।
ফ্ল্যাশব্যাকে চলে যেতে ইচ্ছে হলো পঁচাত্তরের প্রথম মাসগুলোয়। বাকশালে যোগ দেওয়ার জন্য তখন হিড়িক পড়ে গিয়েছিল। সাংবাদিকদের মধ্যেই মাতামাতি ছিল বেশি। ২৩ মে ঢাকার ২২৪ জন সাংবাদিক বাকশালের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন। ২ জুন আবেদন করেন ৯ জন সম্পাদক। ৪ জুন ঢাকার আরও ৩০২ জন সাংবাদিক গণভবনে গিয়ে আবেদন জানান বাকশালের সৈনিক হতে। তখনকার সাংবাদিক ইউনিয়নের অন্যতম দুই নেতা আমসাংবাদিকদের সঙ্গে না গিয়ে ৯ জুন দুজন আলাদা করে গণভবনে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে বাকশালে যোগ দেওয়ার আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে তাঁরা ‘দ্বিতীয় বিপ্লব’ সফল করার জন্য কাজ করার সুযোগ চান। বাকশালকে অভিনন্দন জানিয়ে তাঁরা বলেন, বাঙালি জাতির ভবিষ্যৎ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নই হবে বাকশালের লক্ষ্য। পরদিন দ্য বাংলাদেশ অবজারভার-এ এ কথা ছাপা হয়েছিল। এঁরা পরে আওয়ামীবিরোধী সাংবাদিক হিসেবেই পরিচিতি পান।
একশ্রেণির মানুষ বাকশাল নিয়ে বেশ মাতামাতি করছিল। তাদের তখন একটাই স্লোগান—এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। কেউ কেউ ভাবছেন, দেশে সমাজতন্ত্র কায়েম হয়ে গেছে; সমাজতান্ত্রিক দেশে তো একটাই দল থাকে। আবার কেউ কেউ বলছেন, এটা এক দল নয়, এটা অনেক দল নিয়ে একটা প্ল্যাটফর্ম। এটা একধরনের জাতীয় সরকার। জাতীয়তাবাদের নামে উন্মাদনা তখন তুঙ্গে।
শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক জীবনে বাকশাল গঠন ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা। বাকশাল তৈরি করা নিয়ে পক্ষে-বিপক্ষে নানান যুক্তি আছে। যাঁরা শেখ মুজিবের খুব অনুগত এবং তাঁর সামনে ‘না’ বলতে শেখেননি, তাঁদের যুক্তি এক রকম। আর যাঁরা তাঁর ঘোর বিরোধী ও সমালোচক, তাঁদের যুক্তি অন্য রকম। শেখ মুজিব আসলে কী চেয়েছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এ প্রসঙ্গে লেখক-রাজনীতিবিদ মওদুদ আহমদের পর্যবেক্ষণ আমলে নেওয়া যেতে পারে। তাঁর মতে, এ যাত্রায় শেখ মুজিব ছিলেন একা এবং একার পক্ষে কোনো সমাজকেই যে পরিবর্তন করা সম্ভব নয়, সেটা বোধ হয় তিনি নিজেও জানতেন। তাঁর দলের লোকেরা, নেতৃবৃন্দ, পার্লামেন্ট সদস্যরা যদিও তাঁকে বাহ্যিক সমর্থন দিয়েছিলেন, তাঁদের বেশির ভাগই ছিলেন এটির বিরুদ্ধে। তাঁরা সামনে গুণকীর্তন করেছেন আর পেছনে গিয়ে সমালোচনা করেছেন (সূত্র: চলমান ইতিহাস, ২০১০)।
১৫ আগস্ট ভোরবেলা পৃথিবীটাই যেন পাল্টে গিয়েছিল। মনে হচ্ছিল, সবকিছুই তো ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই যেন ভোজভাজির মতো সব বদলে গেল। শেখ মুজিবকে নিয়ে দলের মধ্যে যে মাতামাতি ছিল, ১৫ আগস্ট সকালে নিমেষে তা উধাও হলো। দৃশ্যপট আমূল পাল্টে গেল। যাঁরা এত দিন তাঁর নামে জয়ধ্বনি দিয়েছিলেন, তাঁরা কেউ গর্তে লুকালেন, কেউ খুশিতে ডগমগ হলেন, কেউবা নির্লিপ্ত হয়ে গেলেন। এই অভ্যুত্থানের সঙ্গে পঞ্চাশের দশকে ইরাকের সামরিক অভ্যুত্থানের মিল খুঁজে পাওয়া যায়।
১৯৫৮ সালের ১৪ জুলাই ব্রিগেডিয়ার জেনারেল আবদাল করিম কাসেম একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইরাকের রাজা ফয়সালকে ক্ষমতাচ্যুত করেন। রাজা, তাঁর স্ত্রী, এক পুত্র, এক কন্যা, মা ও খালাকে এক সারিতে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। অথচ এর কয়েক সপ্তাহ আগের চিত্রটা ছিল বিপরীত। রাজা ইমাম হুসেনের সমাধি দেখতে কারবালা যাচ্ছেন। সেখানে তিনি ইমামের প্রতি শ্রদ্ধা জানাবেন। ওই সময় জনতার ঢল নেমেছিল। অগুনতি মানুষ। সবাই রাজাকে একনজর দেখতে চায়। মানুষের ভিড়ে রাজপথ পরিপূর্ণ। তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। রাজার গাড়ি আর এগোতে পারছে না। জনতা তখন রাজার গাড়ি হাত দিয়ে তুলে ইমাম হুসেনের সমাধির কাছে নিয়ে গিয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব অনেককেই নেতা বানিয়েছিলেন। কিন্তু বিপদের সময় তাঁরা কেউ কাজে আসেননি। তাঁর অবর্তমানে সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের অক্ষম আহাজারি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। শেখ মুজিবের মরদেহ দাফনের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন ঢাকা সেনানিবাসের স্টেশন কমান্ডার লে. কর্নেল এম এ হামিদ। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসা থেকে মৃত্যুর ৩২ ঘণ্টা পর শেখ মুজিবের কফিনবন্দী দেহ হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় তাঁর গ্রামে নিয়ে যাওয়া হয়। কর্নেল হামিদের মন্তব্য ছিল—জাতির জনককে শেষ বিদায় জানাতে যেকোনো কারণেই হোক টুঙ্গিপাড়ায় লোকজন সেদিন ভিড় করেনি। যে ব্যক্তি সারা জীবন বাঙালি জাতির স্বাধীন সত্তার জন্য সংগ্রাম করে গেলেন, তাঁকে শেষ বিদায় জানানো হলো অতি নীরবে, নিঃশব্দে।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক
[email protected]