নিক্সন-কিসিঞ্জার কিছুই কর্ণপাত করেন না
>বাংলাদেশে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসের তৎকালীন ডেপুটি চিফ অব মিশন মহারাজাকৃষ্ণ রাসগোত্রার আত্মজীবনী এ লাইফ ইন ডিপ্লোম্যাসি-তে সে দ্বন্দ্বের কিছু বিবরণ পাওয়া যায়। এবারের আয়োজন শুরু হলো এই বই দিয়ে, এর নির্বাচিত অংশের অনুবাদের দ্বিতীয় পর্ব আজ ছাপা হলো।
১৯৭১ সালের মার্চ মাসের যে রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় বর্বর আক্রমণ শুরু করে, প্রায় তখন থেকেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট এবং ঢাকার মার্কিন কনস্যুলেট জেনারেল পূর্ব পাকিস্তানের ব্যাপারে নিক্সন-কিসিঞ্জারের নীতি এবং জেনারেল ইয়াহিয়া খানের প্রতি এ দুজনের সর্বাত্মক সমর্থনের সঙ্গে প্রবল দ্বিমত পোষণ করে আসছিল। খোদ হোয়াইট হাউসেও কিসিঞ্জারের দক্ষিণ এশিয়াবিষয়ক দুই কর্মকর্তা স্যাম হসকিনসন ও হ্যাল সন্ডার্স এবং কিসিঞ্জারের বিশেষ সহকারী উইনস্টন লর্ড ওই নীতির মধ্যে বিপদ দেখতে পেয়েছিলেন। তাঁরা নীতিটি পুনর্বিবেচনা করে দেখার জন্য কিসিঞ্জারকে বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু তাঁদের অনুরোধ বৃথা গেছে।
ঢাকার মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাডও প্রতিদিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে টেলিগ্রাম বার্তা পাঠিয়ে ঢাকায় পাকিস্তানিদের বর্বর আক্রমণের বিভীষিকার বিবরণ তুলে ধরছিলেন। কিন্তু হোয়াইট হাউস পূর্ব পাকিস্তানে চলমান গণহত্যার বিষয়ে কর্ণপাত করেনি। উল্টো বরং ঢাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে কনসাল জেনারেল ব্লাড বস্তুনিষ্ঠ বিবরণ পাঠাচ্ছিলেন বলে তারা তাঁর ওপর ভীষণ রুষ্ট হয়।
আমলাতন্ত্রের ইতিহাসে ঢাকার মার্কিন কনস্যুলেট দপ্তরের কর্মীরা এক বিরল ব্যতিক্রমী পদক্ষেপ নেন। তাঁরা তাঁদের সরকারের পূর্ব পাকিস্তান নীতির সঙ্গে ভিন্নমত প্রকাশ করে এক টেলিগ্রাম বার্তায় ওয়ািশংটনের নৈতিক দেউলিয়াত্ব এবং ‘গণতন্ত্র দমন, নৃশংসতা ও গণহত্যা’র নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেন। ওই টেলিগ্রাম বার্তায় কনসাল জেনারেল ব্লাড নিজে স্বাক্ষর করেননি, তবে সেটির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে পাঠানো পৃথক এক পত্রে তিনি ওই বার্তার বক্তব্য সমর্থন করেন।
কিন্তু গোপনীয় টেলিগ্রাম বার্তাটি অনেক বেশি প্রচার পেয়ে যায়, যাঁরা ওটা পাঠিয়েছিলেন, তাঁরা সম্ভবত অতটা চাননি। বার্তাটি পররাষ্ট্র বিভাগে পৌঁছার এক বা দুই দিন পর এক সিনেটরের কার্যালয়ে আমাকে সেটার একটা কপি দেখানো হয়। মার্কিন পররাষ্ট্র বিভাগের মধ্য ও নিচের সারির কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্র বিভাগের সেই নবীন কর্মকর্তাদের (ঢাকায় কর্মরত) প্রতি প্রভূত সমর্থন ও প্রশংসা ছিল, যাঁরা নিজেদের চাকরির ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে তাঁদের জাতির মর্যাদা ও মানবিক আদর্শ ঊর্ধ্বে তুলে ধরেছেন। ব্লাডকে ঢাকা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরত নিয়ে যাওয়া হয়, পররাষ্ট্র বিভাগে অনির্দিষ্ট বারোয়ারি কাজে লাগানো হয়; তাঁর পদোন্নতি আটকে দেওয়া হয়, রাষ্ট্রদূতের পদ থেকে তাঁকে বঞ্চিত করা হয়, যে পদে তাঁর স্বাভাবিকভাবে উন্নীত হওয়ার কথা ছিল।
নিক্সন ও কিসিঞ্জারের ঘৃণা-অবজ্ঞা ও দুর্ব্যবহারের শিকার আরেকজন কর্মকর্তা হলেন নিউইয়র্কের সাবেক রিপাবলিকান সিনেটর ও ১৯৭১ সালে ভারতে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং। তিনি পূর্ব পাকিস্তান বিষয়ে মার্কিন নীতির স্পষ্টভাষী সমালোচক ছিলেন এবং ঢাকার ‘ব্লাড টেলিগ্রামে’র প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করতেন।
সেই দিনগুলোতে রাজধানী ওয়াশিংটনে গোপনীয় খবরাদি ফাঁস হয়ে যাচ্ছিল, রাষ্ট্রদূত কিটিংয়ের তার বার্তাগুলোও কংগ্রেসম্যানদের প্রভাবশালী মহল, সংবাদমাধ্যম ও সিভিল সোসাইটির প্রেসিডেন্ট নিক্সনের নীতির বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। পূর্ব পাকিস্তানে চলমান বিভীষিকাময় ঘটনাবলির ব্যাপারে ওয়াশিংটন প্রশাসনের সুচিন্তিত উপেক্ষা লাহোর ও করাচিতেও আমেরিকান কূটনীতিকদের ক্ষুব্ধ করেছিল। কিন্তু তাঁদের প্রতিবাদী কণ্ঠস্বর রোধ করেন পাকিস্তানে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড। তিনি নিক্সন-কিসিঞ্জারের এই নীতির সঙ্গে তাল মিলিয়ে বলছিলেন যে, পূর্ব পাকিস্তানে চলমান সন্ত্রাসের রাজত্ব একান্তই পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।
বাঙালি শরণার্থীদের অবিরাম ভারতে প্রবেশের ব্যাপারে হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তা ও পররাষ্ট্র বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটাির (সহকারী পররাষ্ট্রমন্ত্রী) জোসেফ সিসকোর সঙ্গে আলাপ করার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছিল, নিক্সন ও কিসিঞ্জার মনে করেছিলেন বাঙালি শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ভারতকে কয়েক লাখ ডলার দিলেই ভারত তার দেশে এক কোটি বাঙালি শরণার্থীকে ‘রিসেট্ল’ করতে বা নতুন করে বসতি গড়তে দিতে রাজি হয়ে যাবে। একদিন এক অদ্ভুত ধরনের আলাপচারিতায় সিসকো আমাকে বলেন, বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দলে দলে ভারতে এসে ঢুকেছে; তাদের ‘নিজের মধ্যে’ নেওয়ার ইতিহাস ভারতের আছে। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের বাঙালিরা এমন একটা জাতি, যাদের শিকড় আসলে ভারতীয়, সুতরাং তাদের আত্তীকৃত করে নেওয়া ভারতের জন্য কঠিন হবে না। তিনি আরও বলেন, এই মানবিক উদ্যোগে যুক্তরাষ্ট্র ভারতকে অর্থকড়ি দিয়ে সহযোগিতা করবে।
আমি সিসকোকে স্মরণ করিয়ে দিলাম, যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, যে ভারতের চেয়ে অনেক বেশি অভিবাসী চায়। যুক্তরাষ্ট্রের আয়তন আর ফাঁকা জায়গা ভারতের তুলনায় অনেক বেশি। তাই আমরা একটা বোঝাপড়ায় আসতে পারি। আমি বললাম, মোট যত বাঙালি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে, আমেরিকা তাদের অর্ধেককে নিয়ে যাবে; তাহলে অবশিষ্ট অর্ধেকের ভারতের ভূখণ্ডে পুনর্বাসনের কথা ভারত সরকার বিবেচনা করবে। আমার এই কথা শুনে সিসকো আঁতকে উঠে দুই হাত ছুড়তে লাগলেন। আমি তখন তাঁকে বুঝিয়ে বললাম, ‘পরিস্থিতি ভয়াবহ। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বারবার বলেছেন, প্রত্যেক শরণার্থীকে পূর্ব বাংলায় নিজের ঘরে ফিরে যেতে হবে। কিন্তু আপনারা তাঁর কথা আমলে নেননি। কিন্তু তিনি এটা আন্তরিকভাবেই বলেছেন।’
পূর্ব পাকিস্তানে চলমান ট্র্যাজিক ঘটনাবলির কী প্রভাব মার্কিন-ভারত সম্পর্কের ওপর পড়তে যাচ্ছে, তা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলেন দক্ষিণ এশিয়ায় কিসিঞ্জারের খুবই যোগ্য ও কর্তব্যপরায়ণ দুই কর্মকর্তা হ্যাল সন্ডার্স ও স্যাম হসকিনসন। তাঁরা পূর্বাভাস দিচ্ছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা ক্রমেই অনিবার্য হয়ে উঠছে এবং সে কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদ আসন্ন; কিন্তু তাঁদের এসব কথায় কিসিঞ্জার কর্ণপাত করেননি।
ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে আমার সংশ্লিষ্টতা ছিল প্রচারকাজের সঙ্গে, যা কিসিঞ্জার পছন্দ করেননি। আমি মনে করতাম, তাঁর কাছ থেকে দূরে থাকাই ভালো। কিন্তু ভারতের রাজনৈতিক নেতা, সমাজতান্ত্রিক ভাবধারার সুপরিচিত গান্ধীবাদী জয়প্রকাশ নারায়ণ কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করবেন; সে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য আমাকে ১৯৭১ সালের ১৬ জুলাই কিসিঞ্জারের দ্বারস্থ হতে হলো। জয়প্রকাশ নারায়ণ একজন ঘোষিত শান্তিবাদী ছিলেন, কিন্তু পূর্ব বাংলায় পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতায় এতটাই বিক্ষুব্ধ হয়েছিলেন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ স্বাধীন করতে। তিনি আরও আবেদন করেছিলেন, ভারত যেন অর্থসাহায্য ও অস্ত্রশস্ত্র দিয়ে মুক্তিবাহিনীর গেরিলাদের সহযোগিতা করে। জয়প্রকাশ সত্যের নৈতিক শক্তিতে বিশ্বাস করতেন। তিনি বাংলাদেশ বিষয়ে কয়েকটি দেশের নেতাদের নিজের মতে শামিল করার উদ্দেশ্যে সেসব দেশে সফরে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন। দিল্লি জানত, এ ব্যাপারে সতর্কতা ও ধৈর্যের প্রয়োজন আছে; কিন্তু সেখানে জয়প্রকাশ নারায়ণ তাঁর আবেগপ্রবণ ব্যবহারে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনযাপন কঠিন করে তুলেছিলেন। তাই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে বিদেশ সফরে পাঠিয়ে দেন, যাতে তিনি বিশ্বনেতাদের তাঁর মতের পক্ষে ‘টেনে আনতে’ পারেন।
আগামীকাল শেষ পর্ব: মৈত্রী চুক্তির কারণে নিক্সন-কিসিঞ্জার ক্ষুব্ধ হন
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন।
মহারাজাকৃষ্ণ রাসগোত্রা: ভারতের সাবেক কূটনীতিক।