নিখোঁজ তরুণেরা কোথায় গেলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ: গত বৃহস্পতিবার রাজধানীর বনানী এলাকা থেকে একসঙ্গে চার তরুণ নিখোঁজ হয়ে গেছেন। তাঁদের দুজন সাফায়াত হোসেন ও জাইন হোসেন খান ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির বিদ্যুৎপ্রকৌশল বিভাগের ছাত্র; তাঁরা শেষ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলেন। তাঁরা সহপাঠী এবং পরস্পরের বন্ধু। তাঁদের আরেক বন্ধু মো. সুজন রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে তথ্যপ্রযুক্তির একটা কোর্স শেষ করে ঢাকার এক প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। চতুর্থ জন মেহেদি হাওলাদার বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র। সুজন ও মেহেদি বরিশালের বাবুগঞ্জের একই গ্রামের বাসিন্দা।
অর্থাৎ পুলিশের ভাষ্য অনুযায়ী, এই চার তরুণ পরস্পরের পরিচিত। পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, তাঁরা বনানী এলাকা থেকে নিখোঁজ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত একসঙ্গে ছিলেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেছেন, ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী কাঁচাবাজার এলাকার ‘নর্দার্ন ক্যাফে’ নামের এক রেস্তোরাঁয় ওই চার তরুণকে শেষবারের মতো একসঙ্গে দেখা গেছে। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেছেন, তাঁদের মুঠোফোনগুলো তারপর একই সঙ্গে বন্ধ হয়ে গেছে। এরপর থেকেই তাঁরা নিখোঁজ রয়েছেন এবং পুলিশ তাঁদের খুঁজে বের করার চেষ্টা করছে।
বনানী থানার ওই এসআইয়ের এসব বক্তব্য থেকে অনুমান হয়, পুলিশ ওই চার তরুণকে আগে থেকেই অনুসরণ করে আসছিল। এমনকি, তাঁরা যেসব মুঠোফোন ব্যবহার করছিলেন, সেগুলোর নম্বরও পুলিশের জানা আছে; কোন মুহূর্ত থেকে সেগুলো বন্ধ হয়ে গেছে তার রেকর্ডও পুলিশের কাছে আছে। এখন প্রশ্ন হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনানীর নর্দার্ন ক্যাফে থেকে বেরিয়ে চার তরুণ কোথায় কীভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন; তারপর থেকে তাঁদের অনুসরণ করা পুলিশের পক্ষে আর সম্ভব হলো না কেন।
এই চার তরুণের নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পরদিন, বুধবার প্রথম আলোয় প্রকাশিত আরেকটি খবরে জানা গেল, গত ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরও দুই তরুণ নিখোঁজ হয়েছেন। প্রথমজন ইমরান ফরহাদ ঢাকার মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজের ছাত্র। তিনি ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। দ্বিতীয়জন সাঈদ আনোয়ার খান বনানীর বাসিন্দা, তিনি ও লেভেল পাস করেছেন। সর্বশেষ ৮ নভেম্বর বৃহস্পতিবারের খবর হলো, ২৯ নভেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ৯ জন নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে মাদ্রাসাছাত্র এক কিশোরও আছে।
এই নিখোঁজ তরুণেরা গোপনে জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করছে। বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, তাঁরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছেন।’ অবশ্য এর এক দিন আগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ওই তরুণেরা যে জঙ্গি সংগঠনেই যোগ দিতে গেছেন—এমন কথা তাঁরা বলছেন না। কারণ তাঁরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি। পুলিশ তাঁদের ব্যাপারে খোঁজ নিচ্ছে।
এ রকম সন্দেহের বাস্তব কারণ আছে। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় যে পাঁচ তরুণ আক্রমণ চালিয়েছিলেন, তাঁরাও ওই ঘটনার বেশ কিছুদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁরা গোপনে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়েছিলেন। সম্প্রতি নিখোঁজ তরুণেরাও জঙ্গি হামলা চালানোর প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে এভাবে নিরুদ্দেশ হলেন কি না, এমন সন্দেহ পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। অবশ্য গত জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার পর এ ধরনের কোনো ঘটনা আর ঘটেনি। ওই দুই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে যে প্রবল জঙ্গিবিরোধী অভিযান শুরু করে, তার ফলে তাদের সঙ্গে সংঘর্ষে কিছু জঙ্গি মারা যায়। সরকারের দৃঢ় জঙ্গিবিরোধী অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কঠোর সতর্কতা ও নজরদারির ফলে জঙ্গি হামলা ও গুপ্তহত্যা বন্ধ হয়ে যায়। জঙ্গিদের ব্যাপারে জনমনে যে ভীতি-শঙ্কা ছড়িয়ে পড়েছিল, তা প্রশমিত হয়। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এর মধ্যে বৃহস্পতিবার সকালে র‍্যাব চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজি-বির সন্দেহভাজন পাঁচ সদস্যকে আটক করেছে এবং তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বলে র‍্যাব সূত্রে খবর বেরিয়েছে প্রথম আলোর অনলাইন সংস্করণে। এ থেকেও শঙ্কা হয়, শুধু নব্য জেএমবি ও আনসার আল ইসলাম নয়, হরকাতুল জিহাদসহ অন্য জঙ্গি সংগঠনগুলো গোপনে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন অনেকের মধ্যে এমন শঙ্কা দেখা দিতে পারে যে এ দেশের জঙ্গিরা গোপনে গোপনে আবারও সংগঠিত হচ্ছে; হামলা চালানোর উদ্দেশ্যে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কঠোর সতর্কতা ও নজরদারির কারণে জঙ্গিদের পক্ষে ‘অপারেশন’ চালানো আপাতত সম্ভব হচ্ছে না বটে। কিন্তু সে জন্য তারা একদম হাল ছেড়ে দিয়েছে, এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষত যেসব জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ আছে, তাদের ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই।
যদি সত্যিই এমন হয় যে দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা গোপনে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে সম্প্রতি নিখোঁজ হওয়া তরুণদের সংশ্লিষ্টতা আছে, তাহলে তাঁদের গন্তব্য কী হতে পারে? ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত হতে আগ্রহী তরুণেরা কি সিরিয়া-ইরাকে গেছেন বা যাচ্ছেন?
এই সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, আইএস তাদের মূল ঘাঁটি সিরিয়া-ইরাকে এখন কঠিন দশায় পড়েছে। ইরাকের যে বেশ কিছু অঞ্চল তারা দখল করে নিয়েছিল, ইরাকি সরকারি সেনাবাহিনীর পাল্টা আক্রমণের মুখে তারা সেগুলোর প্রায় সবই হারিয়েছে। এখন ইরাকে তারা টিকে আছে একমাত্র মসুল শহরে। আর সেই মসুলকে ঘিরে চলছে প্রচণ্ড লড়াই। ইরাকি বাহিনী, কুর্দি পেশমার্গা বাহিনী, শিয়া মিলিশিয়া—এ রকম তিন-চারটা পক্ষ মসুলের চারপাশ ঘিরে আক্রমণ চালাচ্ছে আইএসকে ওই শহর থেকে উৎখাত করার উদ্দেশ্যে। তাদের সহযোগিতা করছে আমেরিকা। এই চতুর্মুখী আক্রমণে আইএস ইতিমধ্যে মসুল শহরের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আমেরিকার সেনা কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই মসুল শহরকে আইএসের দখল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করা হবে। আর ইরাকি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যেই তাঁরা মসুল থেকে আইএসকে পুরোপুরি উৎখাত করবেন।
ওদিকে সিরিয়াতেও আইএসের অবস্থা খুব সঙ্গিন। রুশ বিমানবাহিনীর সহায়তায় বাশার আল-আসাদের সরকারি বাহিনী আইএসের নিয়ন্ত্রণ থেকে বেশ কিছু অঞ্চল মুক্ত করেছে। তা ছাড়া সিরীয় কুর্দিরাসহ বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীও আইএসের বিরুদ্ধে প্রবল আক্রমণ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই ঘোষণা করেছেন, সিরিয়ার সরকার পরিবর্তন করার দায়িত্ব না নিয়ে তিনি অচিরেই আইএসকে ধ্বংস করবেন।
সুতরাং, আইএসের এমন দুর্দশার সময় জঙ্গিদের পক্ষে সিরিয়ায় ‘জিহাদ’ করতে যাওয়া বাস্তবসম্মত নয়। তা ছাড়া সংগঠনটির নেতারাও কয়েক মাস আগেই তাঁদের বিদেশি যোদ্ধাদের বলে দিয়েছেন, ‘তোমরা সিরিয়া এসো না; নিজ নিজ দেশেই অপারেশন চালাও।’
তাহলে এ দেশের আইএস অনুসারী বা তাদের সঙ্গে যুক্ত হতে যদি কোনো তরুণ নিখোঁজ হয়ে থাকেন, তাঁরা সিরিয়া-ইরাকে না গিয়ে স্বদেশেই ‘অপারেশন’ চালানোর উদ্দেশ্যে গোপনে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতে শুরু করলেন কি না, এটাই পুলিশ ও গোয়েন্দাদের অনুসন্ধানের বিষয়। জুলাইয়ের পর থেকে বেশ কিছু জঙ্গি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করেছেন বলে তাঁরা দাবি করেন। আমরা দেখেছি, তাঁদের হাতে কিছু জঙ্গি মারাও পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযান চলাকালে ওই জঙ্গিরা সংঘর্ষে লিপ্ত হয়ে মারা গেছে, পুলিশ কর্তৃপক্ষ এ রকম দাবি করেছিল। আবার কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে পুলিশ কিংবা র‍্যাব সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর দাবি করা হয়েছে যে ওই ব্যক্তিরা জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিলেন।
আমরা চাই, সম্প্রতি নিখোঁজ তরুণদের ক্ষেত্রে সে রকম কিছু না ঘটুক। আমরা প্রত্যাশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই নিখোঁজ তরুণদের খুঁজে পাবেন জীবিত অবস্থায়। তাঁরা জঙ্গি হোন বা না হোন, তাঁরা যেখানে যে অবস্থাতেই নিখোঁজ থাকুন না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাঁদের জীবিত অবস্থায় জনসমক্ষে হাজির করে কী ঘটেছিল তার সত্য বিবরণ তুলে ধরা।