
‘নারায়ণগঞ্জে চল, তোরে দেখাইতেছি’
টক শো–বক্তা হিসেবে শামীম ওসমানের উত্থান খুব বেশি দিনের নয়। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে একই দলের দুজন প্রার্থী মুখোমুখি দাঁড়িয়ে গেলে যে উত্তেজনার সৃষ্টি হয়, সেই প্রেক্ষাপটে প্রথম শামীম ওসমানকে টেলিভিশন টক শোতে দেখি আমরা। সেখানে অন্য প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ছিলেন মুখোমুখি। সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের আগে প্রার্থীরা নিজেদের অবস্থান ব্যক্ত করে জনগণের কাছে ভোট চাইবেন, সেটি খুব কাঙ্ক্ষিত গণতান্ত্রিক প্রক্রিয়া।
অথচ সেই সময়েও অধিকাংশ টেলিভিশন টক শোর অবস্থান ছিল অনেকটা দুই প্রার্থীকে পরস্পরের বিরুদ্ধে উত্তেজনাকর অবস্থায় ছেড়ে দেওয়া। শামীম ওসমানের একচেটিয়া আক্রমণাত্মক অভিযোগের মুখে সেলিনা হায়াৎ আইভীর অস্বস্তিবোধ করা মুখ কিন্তু ঠান্ডা মাথায় অভিযোগ খণ্ডনের দৃশ্য এখনো মনে পড়ে। সেই সব দিন পেরিয়ে ফের একযোগে প্রায় সব কটি টেলিভিশন চ্যানেলে টক শো-বক্তা হিসেবে শামীম ওসমানকে দেখা গেল এ বছরের মে মাসে নারায়ণগঞ্জে সাত খুনের পরে।
চ্যানেলের পর চ্যানেলে তাঁকে নিয়ে আসা হলো এবং তিনি একচেটিয়াভাবে নিজেকে সাফসুতরা হিসেবে তুলে ধরলেন। প্রয়োজনে তিনি ধমক দিলেন উপস্থাপকদের এবং দীর্ঘ সময় ধরে নিজের পক্ষে সাফাই গাইলেন বিভিন্ন চ্যানেলে, নিজেকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার চ্যাম্পিয়ন ঘোষণা করলেন, যৌনপল্লি উচ্ছেদের মাধ্যমে ধর্মরক্ষাকারী হিসেবে নিজেকে তুলে ধরে নারী নেতাদের তুলাধোনা করলেন এবং অনুপস্থিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে শুধু যে সব দায় চাপিয়ে গেলেন এমন নয়, বরং একটি ছবি দেখিয়ে তাঁর চরিত্র সম্পর্কে অশালীন ইঙ্গিত পর্যন্ত করলেন।
এমনকি মেধাবী কিশোর ত্বকীর রক্তাক্ত শার্টের বিষয়ে যে অমানবিক বক্তব্য দিলেন, সেসব বিষয়ে এসব টক শোর উপস্থাপকেরা কোনো প্রতিবাদ জানালেন না। নারায়ণগঞ্জের সাত হত্যা মামলার অন্যতম আসামি নূর হোসেনের সঙ্গে তাঁর টেলিফোন আলাপ ফাঁস হওয়া এবং নানা অভিযোগে যখন তাঁর জনপ্রতিনিধি হিসেবে জিজ্ঞাসাবাদে থাকার কথা, তখন তাঁকে আমরা পেলাম টক শোর তুখোড় বক্তা হিসেবে। কোনো চ্যানেলেই তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণের জন্য যে হোমওয়ার্ক করা প্রয়োজন, সেটি ছিল না।
যদি তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট তথ্য-প্রমাণ না-ই থাকে, তবে তাঁকে টক শোতে কেন নিয়ে আসা হলো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বরং এই অনুমিতির দিকেই যাওয়া যায় যে তাঁকে কথা বলার পরিসর করে দেওয়া হয়েছে। ফলাফল হলো, তাঁর বিরুদ্ধে যত অভিযোগ, যত রুষ্টতা মানুষের মনে তৈরি হয়েছিল, তার বিপরীতে একধরনের সহনশীল একটি মনোভাব গড়ে উঠতে সাহায্য করে সেই সময়কার টক শোগুলো।
ফের তিনি খবরের শিরোনাম হয়েছেন সাংবাদিকদের ‘অ্যালসেশিয়ান কুকুর’-এর সঙ্গে তুলনা করে। কোনো কার্যকর প্রতিবাদ তখনো হয়নি। তিনি অভিযুক্ত হননি জবাবদিহির জন্য; বরং শামীম ওসমান এমন কথা বলবেন এবং পার পেয়ে যাবেন, সেই ধরনের একটি ইমেজই প্রতিষ্ঠিত হয়েছে। এই পার পেয়ে যাওয়া জমিনের ওপর দাঁড়িয়েই তিনি ১৩ আগস্ট একাত্তর টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একাত্তর জার্নালে হুমকি দিলেন নারায়ণগঞ্জের মেয়র আইভীকে ‘তুই নারায়ণগঞ্জে চল, তোরে দেখাইতেছি’ বলে। সেই ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে গেল, সবাই দেখলেন একটি ‘ফান আইটেম’ হিসেবে। কিন্তু এসব বক্তব্য কি আসলেই কমেডি-জাতীয় কিছু?
সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বললেন সমাজকল্যাণমন্ত্রী!
সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বললেন ৯ আগস্ট, সিলেটে, আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভায়। বক্তব্যের উচ্চারণ-অযোগ্য অংশগুলো বাদ দিয়েই আর যা তিনি বলেছেন, ‘এরা খবিশ, চরিত্রহীন। স্বাধীন কমিশন হলে পরে দেখে নেব তোমরা কতটুকু যেতে পারো।’ সাংবাদিকদের নির্বিশেষে যে গালি তিনি দিয়েছেন, সে বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তবে বক্তব্যের যে জায়গাটি ভয়ংকর মনে হয়েছে তা হলো, ‘স্বাধীন কমিশন হলে পরে দেখে নেব তোমরা কতটুকু যেতে পারো।’ অথচ প্রচার পেল বেশি গালাগাল অংশটুকু।
প্রবল প্রতিবাদের মুখে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এ যাত্রায়ও তিনি ক্ষমা পেয়ে যাবেন হয়তো। কেউ কেউ বলেছেন যে সমাজকল্যাণমন্ত্রী মানসিক ভারসাম্যহীন। প্রশ্ন উঠেছে, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কি মন্ত্রী থাকতে পারেন? শুরুর দিকে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছিল, কয়েক জেলায় মানববন্ধন করা হয়েছিল। এখন সেসব চুকেবুকে গেছে বলেই মনে হয়। তিনি সমাজকল্যাণমন্ত্রী হিসেবে নিশ্চয়ই সমাজের কল্যাণ করে যাচ্ছেন। আমার কাছে তাঁকে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি, বরং তিনি অত্যন্ত
কনসিসট্যান্ট যে বিষয়ে তা হলো, সাংবাদিকদের তিনি দেখে নেবেন একহাত, আইন করে। গত ২২ জুলাই নিজ মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকার কঠোর সমালোচনা করে বলেছিলেন, ‘এমন আইন করা হচ্ছে যে তাদের কোনো স্বাধীনতা থাকবে না।’
বাস্তবেও যে সম্প্রচার নীতিমালা করা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, সেই আইনে সাংবাদিকদের আসলেই কোনো স্বাধীনতা থাকবে না। তাঁকে হাসির পাত্র, ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে তুলে ধরার রাজনীতির নিচে এসব সত্য চাপা পড়ে যায়, তাঁর অবস্থানটি মানুষ সহ্য করে ফেলে এবং তিনি বহাল তবিয়তে মন্ত্রিত্ব করতে থাকেন।
নিছক কমেডি কি কোনো?
এসব নিছক কোনো কমেডি মনে হয় না। শামীম ওসমানকে বারবার যে কভারেজ দেওয়া হচ্ছে টক শোতে এনে, যা তাঁকে বলতে দেওয়া হচ্ছে, তাঁর ভেতর দিয়ে গৌণ হয়ে যাচ্ছে তাঁর অপরাধ। তিনি ক্রমাগত আক্রমণ করে চলেছেন সবাইকে, কিন্তু সেই আক্রমণের চেয়ে প্রধান বিনোদন হয়ে উঠেছে আক্রমণের ভাষা, বাক্রীতি। কেউ তাঁকে চ্যালেঞ্জ করছেন না। বিখ্যাত হিন্দি ছবি সোলের গব্বার সিং চরিত্রটি নায়কদের চেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল, জনপ্রিয় করে তৈরি করা হয়েছিল প্রয়াত হুমায়ুন ফরীদি অভিনীত খল চরিত্রগুলো। শামীম ওসমান সম্পর্কে একটি মিথ তৈরি করা হচ্ছে যে তিনি অপ্রতিরোধ্য। তিনি যা খুশি তা-ই বলতে পারেন। এমনকি টক শো শেষ হলে মেয়র আইভীকে তিনি মারতে গিয়েছিলেন মর্মেও সংবাদ এসেছে পত্রিকায়। এযাবৎ টক শোতে এসে যা যা তিনি বলেছেন, সেগুলোর ভিত্তিতেই তাঁকে জবাবদিহিতে আনা সম্ভব। একজন সাংসদ যখন একজন মেয়রকে ‘নারায়ণগঞ্জে চল, তোরে দেখাইতেছি’ মর্মে হুমকি জাতির সামনে দেন এবং অনুষ্ঠান শেষে সেই মেয়রকে মারতে গিয়েও পার পেয়ে যান এবং জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না, তখন এসব টক শোর উদ্দেশ্য নিয়ে নড়েচড়ে বসতেই হয়। জানতে ইচ্ছা করে, এক অতিথির বিরুদ্ধে আরেক অতিথির এই আক্রমণের ব্যাপারে হোস্ট চ্যানেল কি কোনো ব্যবস্থা নিয়েছে?
দ্বিতীয়ত, ওই টক শোতেই জানা যায়, মেয়র আইভী যে অতিথি হিসেবে আসবেন, সে কথা সাংসদ শামীম ওসমানের কাছে গোপন করা হয়েছে। উত্তেজনার শুরুও কিন্তু এখান থেকেই। এই চর্চা প্রফেশনাল তো নয়ই, বরং দুর্ভাগ্যজনক। বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত বেশির ভাগ টক শোর উদ্দেশ্য থাকে ঝগড়াঝাঁটি দিয়ে টিআরপি বাড়ানোর, তাই বিএনপির সাংসদ নীলুফার চৌধুরী মনি ও আওয়ামী লীগের সাংসদ অপু উকিলকে একসঙ্গে বসানোর প্রবণতা দেখা যায়। টিআরপি বেড়েছিল নৌমন্ত্রী শাজাহান খান যখন বিএনপির ব্যারিস্টার রফিকুল ইসলামের চোখ তুলে নিতে চেয়েছিলেন। থাকে অন্য রাজনৈতিক উদ্দেশ্য। গোটা বিষয়কে একধরনের কমেডির আবরণ দিয়ে অনেক রাজনীতিককেই কার্পেটের নিচে চাপা দেওয়া সম্ভব হয়। সম্প্রচার নীতিমালা নিয়ে সাংবাদিকেরা বেশি মনোযোগ দেবেন? রাখো ব্যস্ত তাঁদের মহসিন আলীর খিস্তিখেউড়ে। অপ্রতিরোধ্য হওয়ার মিথ তৈরি করা হোক, যেন শামীম ওসমানকে কেউ না ঘাঁটাতে চায়, নারায়ণগঞ্জ থাকবে সুরক্ষিত। আর মেয়র আইভী যাবেন কোথায় আওয়ামী লীগ ছেড়ে? রাখো তাঁকে শামীম ওসমানের তাঁবে। নিয়েছে কি সরকার এক নির্বাচিত মেয়রের এহেন আস্ফালনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা?
ক্ষমতাসীন রাজনীতির মাসলম্যান দরকার, দরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ। কিন্তু কতখানি? কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিতে এই আকাঙ্ক্ষা কতটা বুমেরাং হয়ে উঠতে পারে, সে বিষয়ে কিছু ধারণা একই দলের মেয়র আইভী নিশ্চয়ই পাচ্ছেন। ক্ষমতাসীন রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা সাধিত হওয়ার বাহনে পরিণত হয় যখন গণমাধ্যম—ইচ্ছায়, অনিচ্ছায় কিংবা না বুঝে—রাষ্ট্র ও মানুষের দুঃখের কোনো শেষ থাকে না তখন। ভয়ংকর ঘটনাগুলোকে নিছক কমেডি হিসেবে প্রচারের খেলা থেকে গণমাধ্যম অন্তত বের হয়ে আসুক।
ড. কাবেরী গায়েন: অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।