
২ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় একটা সংবাদ তিন কলামজুড়ে ছাপা হয়েছিল। শিরোনাম ছিল ‘উপকূল এলাকায় তীব্র ভাঙন’। এর সঙ্গে একটা উপশিরোনাম জুড়ে দেওয়া হয়েছিল: ‘কোমেনের প্রভাব’। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীভাঙন একটা নৈমিত্তিক ব্যাপার। ঝড়-জলোচ্ছ্বাসে ভাঙনের মাত্রা বেড়ে যায়। এবারও তা–ই হয়েছে। অনেক জায়গায় বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে। ঘর-গেরস্থালি ডুবে গেছে। ভেসে গেছে মানুষের অনেক দিনের জমানো সম্পদ। যাঁদের গেছে, তাঁরাই বোঝেন।
বাংলাদেশ অজস্র নদ-নদীর দেশ। বাংলাদেশ পরিসংখ্যান বর্ষ গ্রন্থে ৩১০টি নদীর উল্লেখ আছে। নদীই এ দেশের প্রাণ। আবার এ নদীই অনেক সময় সর্বনাশ ডেকে আনে। এ জন্যই পদ্মার আরেক নাম কীর্তিনাশা।
নদী দিয়ে যে জলধারা বয়ে যায়, যাওয়ার পথে সে শুধু মাঠ ফসলে ভরিয়ে দিয়ে যায় না, অনেক সময় আশপাশের মাঠ ভেঙেচুরেও দেয়। নদীভাঙন একটা নীরব ঘাতক। এ নিয়ে নদীকে দুষে লাভ নেই।
আমাদের দেশের নদীগুলো প্রায় ক্ষেত্রেই আঁকাবাঁকা। সে জন্য ভাঙনের প্রকোপও বেশি। যে জমিটুকু ভাঙে, তার কিছু অংশ নদীর অন্য পাড়ে জড়ো করে, তৈরি করে চর। কিছুটা থেকে যায় নদীর মধ্যেই। এর ফলে নদীর পানি ধারণক্ষমতা যায় কমে। বাকি অংশটুকু স্রোতের তোড়ে সাগরে গিয়ে পড়ে। এর ফলে মোহনায় গজিয়ে উঠে চর বা দ্বীপ। বাংলাদেশ ভূখণ্ডের একটা বিরাট অংশ এভাবেই তৈরি হচ্ছে, যাকে আমরা বলি বদ্বীপ বা ডেল্টা।
নদী তার তীরে কামড় বসিয়ে মাটি খুবলে নেবে, এটা নদীর স্বাভাবিক আচরণ হলেও ভুক্তভোগীর জন্য তা পরম বেদনার। কত লোক যে প্রতিবছর নদীতে বসতভিটা ও চাষের জমি হারাচ্ছেন, আমরা তার কতটুকু হিসাব রাখি? কয়েক মাস
আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের (সিজিইআইএস) একটি সমীক্ষার ফলাফল গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল (ডেইলি স্টার, ৮ মার্চ)। সমীক্ষায় দেখা যায়, ১৯৭৩ থেকে ২০১৩ সাল, অর্থাৎ এই চার দশকে ১ লাখ ৫৩ হাজার ৪৩৮ হেক্টর জমি নদীতে বিলীন হয়েছে। এটা শুধু গঙ্গা, পদ্মা ও যমুনা নদীর ভাঙনের হিসাব। (হার্ডিঞ্জ সেতুর উজানের অংশকে গঙ্গা এবং ভাটির অংশকে পদ্মা বলা হয়)। এই তিন নদীর পারে নতুন জমি জেগেছে ৫২ হাজার ৯৯৮ হেক্টর। অর্থাৎ নিট এক লাখ হেক্টরের বেশি জমি হারিয়ে গেছে। এই পরিমাণ (এক হাজার বর্গকিলোমিটারের বেশি) ঢাকা শহরের আয়তনকেও ছাড়িয়ে যায়।
সমীক্ষায় আরও জানা যায়, ফি বছর নদীভাঙনের শিকার হয় দুই থেকে তিন লাখ মানুষ। এবার এক-তৃতীয়াংশ হতদরিদ্রের কাতারে শামিল হয়। তাদের একটা বড় অংশ বাপ-দাদার ভিটা হারিয়ে, কর্মসংস্থানের সব অবলম্বন খুইয়ে ছোট-বড় শহরগুলোয় ভিড় করে। এভাবেই গড়ে ওঠে বস্তি। বস্তিবাসী প্রতিটি পরিবারের একটি করুণ ইতিহাস আছে। বুলডোজার দিয়ে বস্তি গুঁড়িয়ে শহর হয়তো সাফ-সুতরো করা যাবে, কিন্তু এই অভাগা মানুষগুলোর অভিসম্পাত থেকে আমরা কেউ রেহাই পাব না।
সিজিইআইএসের সমীক্ষায় যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে করে ২০১৫ সালে আরও ৩ হাজার ৬০০ হেক্টর জমি এই তিনটি নদীর বুকে বিলীন হবে। অন্যান্য নদী, বিশেষ করে মেঘনার ভাঙনের হিসাব যোগ করলে তা হবে আরও ভয়াবহ। আমরা যখন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগাম পূর্বাভাস শুনি, তখন একটু নড়েচড়ে বসি। কিন্তু নদীভাঙনের দৈনন্দিন সমস্যাটি নিয়ে আমাদের রাষ্ট্র, সরকার ও সমাজপতিরা খুব একটা চিন্তা করেন বলে মনে হয় না।
পেশাগত কাজে এ বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। নব্বইয়ের দশকে দেশব্যাপী চলেছে ফ্লাড অ্যাকশন প্ল্যানের তোড়জোড়। ‘উত্তর-পূর্বাঞ্চল সমীক্ষা’র অংশ হিসেবে আমি কয়েক বছর এ কাজে জড়িত ছিলাম। একবার আমি আমার মাঠকর্মীদের নিয়ে সিলেটের শেরপুর থেকে সুনামগঞ্জের শাল্লা-দিরাই অঞ্চল পর্যন্ত কুশিয়ারা নদীর দুই পারের গ্রামগুলো একটানা সফর করি, কথা বলি গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে। আমরা একটা পরিবারকে পেয়েছিলাম, যারা ইতিমধ্যে এগারোবার ভিটা বদলাতে বাধ্য হয়েছিল। কারণ একটাই, নদীভাঙন। দক্ষিণের চরাঞ্চলে দেখেছি, হাজার হাজার পরিবার কোনোমতে একটা খড়ের চালা আর বাঁশের বেড়া দিয়ে বেড়িবাঁধের ওপর বাস করছে। আশির দশকে আমি অক্সফামের (যুক্তরাজ্য) হয়ে একটা সমীক্ষা চালিয়েছিলাম। তাতে দেখা যায়, বাঁধের ওপর বসবাসকারীদের ৭০ শতাংশই নদীভাঙনের শিকার। এক রাতের মধ্যেই একটা সচ্ছল পরিবার কীভাবে সর্বহারা হয়ে যায়, তা বোঝার জন্য মার্ক্স-অ্যাঙ্গেলসের গ্রন্থ পড়ার দরকার হয় না। নদীভাঙনের শিকার একটি পরিবারের সঙ্গে কথা বললেই বোঝা যায় এই নীরব দারিদ্র্যকরণ প্রক্রিয়া।
নদীভাঙনের শিকার আছে পৃথিবীর অনেক দেশেই। এ সম্পর্কে ২০১২ সালের আইডিএমসির তথ্য অনুযায়ী দেখা যায়, নদীভাঙনের কারণে যাঁরা উদ্বাস্তু হন, তাঁদের প্রায় ৯০ শতাংশের বাস এশিয়া মহাদেশে, আমেরিকায় ৬ দশমিক ৭৬ শতাংশ এবং ইউরোপে শূন্য দশমিক ১২ শতাংশ। আমাদের দেশের মতো এত চওড়া এবং এত উদ্দাম ও বন্য নদী পশ্চিমের দেশগুলোতে নেই। যা-ও বা আছে, নদীর তীর সংরক্ষণের সামর্থ্য ও প্রযুক্তি দুটিই আছে তাদের।
এখন কোটি টাকার প্রশ্ন হলো, আমাদের দেশে নদীভাঙন কি ঠেকানো সম্ভব? আমাদের দেশে নদীর পাড়ে মাটির বাঁধ তৈরি করে দুর্যোগ মোকাবিলার চেষ্টা করা হয়। আমাদের অভিজ্ঞতা বলে, বাঁধ বানের জল ঠেকাতে যত কার্যকর, নদীর ভাঙন ঠেকাতে ততটা নয়। গণমাধ্যমে আমরা প্রায়ই দেখি, মন্ত্রী-সাংসদেরা দুর্যোগপ্রবণ এলাকা সফরে যাচ্ছেন এবং স্থানীয় নেতারা নদীর ভাঙন ঠেকাতে বাঁধ দেওয়ার দাবি জানাচ্ছেন। মানুষের মনে নিরাপত্তার একটা ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাঁধ ভাঙন ঠেকাবে। বাঁধ তৈরি হয় এবং আমরা অবাক বিস্ময়ে দেখি, সেই বাঁধ দ্রুত ভেঙে যাচ্ছে। তারপরও বাঁধ তৈরির অনুরোধ এবং আয়োজন। প্রতিবছর এভাবেই আমরা পানিতে ঢালছি শত শত কোটি টাকা।
>বাঁধ তৈরি হয় এবং আমরা অবাক বিস্ময়ে দেখি, সেই বাঁধ দ্রুত ভেঙে যাচ্ছে। তারপরও বাঁধ তৈরির অনুরোধ এবং আয়োজন। প্রতিবছর এভাবেই আমরা পানিতে ঢালছি শত শত কোটি টাকা
নদীর ভাঙন ঠেকাতে কংক্রিটের তৈরি ব্লক বাঁধের ধারে বা নদীর পানিতে ফেলার চল আছে আমাদের দেশে। ব্লক তৈরি ও ফেলার ঠিকাদারি এ দেশে বেশ লাভজনক। এ প্রসঙ্গে আমার আরেকটি অভিজ্ঞতার কথা বলতে চাই। আমি তখন ‘সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা প্রকল্প’-এর পরামর্শক হিসেবে কাজ করছি। বছর দশেক আগের কথা। আমাদের সহযোগী পরামর্শক প্রতিষ্ঠান ‘কার্ডমা’র সহযোগিতায় ঢাকায় উপকূলীয় অঞ্চলের সংসদ সদস্যদের নিয়ে একটা মতবিনিময় সভা করেছিলাম। ওই সভায় কার্ডমার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বেগম হাসনা মওদুদ ও তৌফিক-ই-এলাহী চৌধুরী। তাঁরা খেটেখুটে বেশ কয়েকজন সংসদ সদস্যকে সভায় নিয়ে এলেন। তাঁদের একজন ছিলেন শাজাহান উমর বীর উত্তম। কথা প্রসঙ্গে তিনি মন্তব্য করলেন, ব্লক যদি বানানো হয় ১০টা, ফেলা হয় পাঁচটা, বিল করা হয় ১০০টির। তাঁর তর্জনী ছিল পানি উন্নয়ন বোর্ডের দিকে। সভার সভাপতি ছিলেন পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। বীর উত্তম তাঁর মন্তব্য করেই সভা ছেড়ে চলে যান। বীর বিক্রম মহোদয় স্বভাবতই বীর উত্তমের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। সভাপতির ভাষণে তিনি বললেন, ‘আমার কাছে কারা আসেন, কারা ঠিকাদারির তদবির করেন, তা আর না-ই বা বললাম। কিন্তু তিনি যা বলার, তা বলেই দিয়েছেন।’ স্থানীয় পর্যায়ে নানান তদবির করে প্রকল্প পাইয়ে দেওয়ার ব্যাপারটি এখন ‘ওপেন সিক্রেট’। এতে দেশের মঙ্গল না হোক, দলের লোকদের আখের গোছানোর কাজটি হয় ভালোভাবেই। সরকার যায়-আসে, কিন্তু রেওয়াজ পাল্টায় না।
কথা হচ্ছিল নদীভাঙা মানুষের দুর্ভোগ নিয়ে। এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা এর একটি যথোপযুক্ত সমাধান খুঁজে পেলাম না। জনগণের কষ্টে জোগাড় করা টাকার এমন অপচয় আমাদের মতো একটি গরিব দেশে আর কত দিন চলবে? আমার মত হলো, বর্তমান প্রযুক্তি, অর্থাৎ মাটির বাঁধ দিয়ে নদীর ভাঙন বন্ধ করা যাবে না। নতুন কৌশল বের করতে হবে। সেই সঙ্গে দরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পরিকল্পনা। অথচ এই পুনর্বাসন নিয়ে আমরা কেউ ভাবছি না। যখন আমরা একটা বস্তিতে বুলডোজার চালিয়ে কুঁড়েঘরগুলো থেঁতলে দিই, আমরা কি ভাবি, এরা কোথায় যাবে? নাকি এলিটদের জন্য রাজউককে দিয়ে উপশহর বানিয়েই আমাদের কর্তব্য সারব আর ভোটের জন্য দৌড়াব বস্তিতে?
মহিউদ্দিন আহমদ: লেখক-গবেষক।