দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতু নির্মাণ-প্রক্রিয়ার অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের হাত গুটিয়ে নেওয়ার পর ঘটনাটি নিয়ে যেসব ক্রিয়া-প্রতিক্রিয়া এবং বাকতৎপরতা শুরু হয়েছে, তাতে এই প্রকল্পের অর্থায়নের উৎস এবং তার অর্থনৈতিক তাৎপর্যের মূল বিবেচ্য বিষয়টিই ঢাকা পড়ে যাচ্ছে। অথচ ২৫ হাজার কোটি টাকার একটা মর্যাদাশীল প্রকল্পের পরিণাম শেষ মুহূর্তে এসে এ রকম হওয়ার কথা ছিল না। বাস্তবে যা ঘটেছে তাতে সেই প্রকল্পের মর্যাদা শুধু ভূলুণ্ঠিত হয়নি, ক্ষুণ্ন হয়েছে দেশের ভাবমূর্তিও। পদ্মা সেতু প্রকল্পের মূল ব্যয় ২৫ হাজার কোটি টাকা বা ২৯০ কোটি ডলারের প্রায় ৭৫ শতাংশ ব্যয়িত হবে বৈদেশিক মুদ্রায়, যার পরিমাণ প্রায় ২২০ কোটি ডলার। এই অর্থের মধ্যে বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল ১২০ কোটি ডলার। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক ৬১ কোটি ডলার, জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) ৪০ কোটি ডলার এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের দেওয়ার কথা ছিল ১৪ কোটি ডলার। এই বিশাল অঙ্কের বৈদেশিক ঋণের সুদ ছিল মাত্র দশমিক ৭৫ শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদ ছিল ৪০ বছর, যার মধ্যে ১০ বছর ছিল রেয়াতি সময়, অর্থাৎ ঋণ পরিশোধের কিস্তি শুরু হতো ১০ বছর পর থেকে। এই হিসাবে ঋণটির প্রত্যক্ষ শর্ত ছিল খুবই সহজ। অথচ মূল প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশেরও বেশি পরিমাণ ঋণ পাওয়ার কথা ছিল যে সংস্থার কাছ থেকে, সেই বিশ্বব্যাংক সম্ভাব্য দুর্নীতির কথা বলে শেষ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল করে দেয়। বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তের পর গোটা দেশই একটা শক্ত নাড়া খায়। সরকার নরমে-গরমে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঋণদাতাদের সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়াস ব্যর্থ হয়। তারপর একটা গণজাগরণের মধ্য দিয়ে অভ্যন্তরীণ সূত্র থেকে অর্থ সংগ্রহের একটা সাহসী সিদ্ধান্তও নিয়ে ফেলে সরকার। এই প্রয়াসটির মধ্যে রাজনীতি থাকলেও সাধারণ মানুষের আত্মশক্তি এবং স্বনির্ভরতার একটা আবেগাশ্রিত সাড়া পরিলক্ষিত হয়। সেই সঙ্গে আবার সুযোগসন্ধানী মহলও তাৎক্ষণিকভাবে মাঠে নেমে পড়ে, যার ফলে সরকারি দল-সমর্থিত ছাত্রসংগঠনটির মধ্যে পদ্মা সেতুর জন্য চাঁদা তোলা নিয়ে খুনোখুনিও হয়ে যায়। অন্যদিকে দেশীয় অর্থে নাকি বিশ্বব্যাংকের ঋণে সেতু নির্মাণ শ্রেয়তর হবে, তার পক্ষে-বিপক্ষে মুক্ত বিতর্ক শুরু হয়ে যায় (বর্তমান লেখাটিও তার অংশ বটে)। বলাবাহুল্য, এসব বিতর্কে উভয়পক্ষের কিছু সবল যুক্তি আছে, তবে সেসবের কিছু অর্থনীতির বাস্তবতাভিত্তিক এবং কিছু আবেগ এবং দেশাত্মবোধের জোয়ারতাড়িত। বিরোধী দলও বিশ্বব্যাংকের সিদ্ধান্তটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ পেয়ে যায়, যদিও আমরা ভুলে যাইনি যে বর্তমান বিরোধী দল ক্ষমতায় থাকাকালীন তখনকার নৌপরিবহনমন্ত্রীর দুর্নীতির অভিযোগে নেদারল্যান্ড তাদের সাহায্যের অর্থ ফেরত নিয়ে গিয়েছিল। এতসব তর্ক-বিতর্ক সত্ত্বেও দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্পটি এখনো পর্যন্ত উদ্বোধনী মঞ্চের কাছাকাছি পৌঁছাতে পারেনি। বিশ্বব্যাংকের ঋণ গ্রহণ বা বর্জনের টানাপোড়েনের একপর্যায়ে দেখা যায়, দুর্নীতি-সম্পর্কিত ব্যাংকের প্রধানতম শর্তটি শেষাবধি পূরণ করা হয়েছে, অথচ এই একটি বিষয়ে মাত্র কিছুদিন আগেও সরকারের অবস্থান ছিল অনড়। শর্তটি পালনে অনীহা এবং ঋণ বর্জন করে দেশীয় অর্থায়নে সেতু নির্মাণে আমাদের যে দৃঢ় মনোভাব ছিল, সেটি ঘটনাপ্রবাহের সর্বশেষ এই অধ্যায়ে এসে টলে যায়। কারণ, বিশ্বব্যাংকের এই ইচ্ছাপূরণের মাধ্যমে জানান দেওয়া হলো যে অর্থায়নের কয়েকটা বিকল্পের মধ্যে আমরা তাদের কাছ থেকে প্রতিশ্রুত ঋণটি গ্রহণেই বেশি আগ্রহী। এই ঋণের সঙ্গে এডিবি এবং জাইকার ঋণটিও সম্পর্কিত। যদিও এই দুটি সংস্থা এক মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে।বিশ্বব্যাংকের ঋণ পরিহার করে সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহের যে আত্মবিশ্বাসী প্রেরণা সঞ্চারিত করার চেষ্টা করা হচ্ছিল, সেটিকে দেশাত্মবোধের আলোকে হয়তো একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু একটি ব্যয়বহুল প্রকল্পে অর্থায়নের সঙ্গে বিবেচনা করতে হয় সেটির অর্থনৈতিক লাভক্ষতির বিষয়টি। নিজের অর্থে করতে গিয়ে বিষয়টি উপেক্ষা করা গেলেও ঋণ বা সাহায্যের অর্থে করতে হলে দাতারা সেটিই মূল বিবেচনায় রাখবে। এ প্রসঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন প্রকল্পসমূহে সরকারের ভূমিকা কী এবং কতখানি, সেটা উপলব্ধি করা উচিত। সরকারের কাজ কি কেবল খরচ করা, নাকি বিনিয়োগ করা—সেটা নিয়ে বিতর্ক থাকলেও বিনিয়োগ করার পরও সময়বিশেষে ব্যয় করার কৌশল নিয়ে সম্ভবত কোনো দ্বিমত নেই। এ কথা সর্বজনস্বীকৃত যে, অর্থনৈতিক মন্দার সময় সরকার খরচ করে, যাতে জনগণের ক্রয়ক্ষমতা বাড়ে এবং তারা খরচ করতে পারে, আর সেই খরচের ফলে অর্থনীতিতে গতি সঞ্চারিত হয়। আমরা জানি, খরচ করা মানে তার বিনিময়ে তাৎক্ষণিক কিছু হাতে পাওয়া, অন্যদিকে বিনিয়োগ করা হয়, যাতে ভবিষ্যতে লাভসহ সেটা ফিরে আসে। সাধারণ ব্যবসায়ী বা শিল্পোদ্যোক্তারা বিনিয়োগ করে একটা স্বল্প বা মধ্য মেয়াদি প্রকল্পে, যার মুনাফা উঠে আসতে খুব দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না। পক্ষান্তরে সরকারি বিনিয়োগ করা হয় দীর্ঘমেয়াদি বিভিন্ন অবকাঠামো প্রকল্পে, যার অর্থনৈতিক সুফল উঠে আসতে লেগে যায় দীর্ঘ সময়। অথচ রাস্তাঘাট, সড়ক, রেলপথ, সেতু ইত্যাদির অর্থনৈতিক লাভ বা সুফল সাধারণ পদ্ধতিতে পরিমাপ করা যায় না। ফলে এ কথা বলাই বাহুল্য যে, সরকারের সাধারণ খরচের চেয়ে বিনিয়োগ শ্রেয়তর। কারণ, এসব বিনিয়োগে নিশ্চিত হয় দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি।যা-ই হোক, বিশ্বব্যাংকের সিদ্ধান্ত এবং তার ফলে অন্যান্য সংস্থার ঋণ অনিশ্চিত হয়ে যাওয়ার পর পদ্মা সেতুর বিকল্প অর্থায়ন বিষয়ে বহু মত ও পথের সন্ধান মিলেছে। তার কোনো কোনোটি হয়তো সম্ভব, কিন্তু বাস্তববর্জিত, কোনোটি অতি উৎসাহী, আবার কোনোটি কেবলই রাজনৈতিক চমক। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ থেকেও অর্থ জোগান দেওয়ার কথা চিন্তা করা হচ্ছিল, সেটি সম্ভব হলেও রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ বৃদ্ধি না করে সেই তহবিলে হাত দেওয়া হবে অপরিণামদর্শিতা। উপরন্তু বৈদেশিক লেনদেনের জন্য রক্ষিত চলতি হিসাবের তহবিল দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্পের বিনিয়োগে ব্যবহার করা প্রথাসিদ্ধ নয়। এ ছাড়া বিদেশি মুদ্রায় বন্ড বিক্রয়, অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে সংগৃহীত বিদেশি মুদ্রা—এসব উৎসের কথাও ভাবা হয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটিই সুদসাশ্রয়ী নয় বলে সেসব প্রস্তাব খুব একটা হালে পানি পায়নি। অভ্যন্তরীণ উৎস থেকে বিকল্প অর্থায়নের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তহবিল, দেশের পুঁজিবাজার, এমনকি ব্যাংকিং খাতের অর্থ ব্যবহার করারও প্রস্তাব এসেছিল। এসব প্রস্তাবের মধ্যে হয়তো ছিল আন্তরিকতা এবং স্বনির্ভরতার চেতনা, কিন্তু অর্থনৈতিক বিবেচনায় এগুলোর কোনোটিই গ্রহণযোগ্য নয়। যেমন পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে এখান থেকে ভিন্ন খাতে অর্থ স্থানান্তর হবে বাজারবিধ্বংসী এক পদক্ষেপ। কারণ, ক্রেতাহীন বাজারে যেখানে নতুন পুঁজির প্রবেশ অত্যাবশ্যক, সেখানে বাজার থেকে পুঁজি সরিয়ে ফেলার ফলাফল কী হতে পারে, তা সহজেই অনুমেয়। ইন্স্যুরেন্স কোম্পানির তহবিল পদ্মা সেতুতে ব্যবহার করতে দিলে একদিকে যেমন মুদ্রাবাজারে তার বিরূপ প্রভাব পড়বে, অন্যদিকে বাধাগ্রস্ত হবে ইন্স্যুরেন্স তহবিলের অধিকতর লাভজনক বিকল্প বিনিয়োগ, যা গ্রাহকস্বার্থের পরিপন্থী। ব্যাংকব্যবস্থা থেকে ঋণ গ্রহণ করে পদ্মা সেতুতে অর্থায়ন করলে দেশের মুদ্রাবাজার তারল্যহীন হয়ে বেসরকারি খাতের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করবে—এ কথা বোঝার জন্য সাধারণ জ্ঞানই যথেষ্ট। সর্বোপরি অভ্যন্তরীণ খাত থেকে এই বিকল্প ব্যবস্থাগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হবে সরকারের বাড়তি ঋণের বোঝা। দেশীয় এই ঋণ স্বনির্ভরতার নিরিখে হয়তো গ্রহণযোগ্য, কিন্তু অর্থনৈতিক বিবেচনায় সম্পূর্ণ পরিত্যাজ্য। কারণ, বিশ্বব্যাংকের প্রস্তাবিত সুদ (দশমিক ৭৫ শতাংশ) এবং দীর্ঘ মেয়াদের তুলনায় এই ঋণের উচ্চ (১২ শতাংশ) সুদহার এবং স্বল্প মেয়াদ। অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করার ফলে সরকারকে যে উচ্চহারে সুদ গুনতে হবে, তাতে পদ্মা সেতু আর কোনোভাবেই ব্যয়সাশ্রয়ী হবে না, জাতির ঘাড়ে একটা বিশাল ঋণের ভার চেপে থাকবে জগদ্দল পাথরের মতো। উপরন্তু অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহের বিভিন্ন বাস্তব প্রতিবন্ধকতার কারণে প্রকল্প বাস্তবায়নের সময় যত দীর্ঘায়িত হবে, ততই বৃদ্ধি পাবে তার ব্যয়, ফলে গোটা প্রকল্পটি হয়ে পড়বে অলাভজনক। বিশ্বব্যাংক কিংবা আইএমএফের ঋণ গ্রহণের অনেক প্রত্যক্ষ ও পরোক্ষ শর্ত থাকে, সেসব পালন করতে গিয়ে সরকার ও জনগণকে বিভিন্ন মূল্য দিতে হয়, তবুও সেই ঋণ না নিয়ে আমাদের উপায় থাকে না। কারণ, আমাদের সম্পদ সীমিত। আমরা কি ভেবে দেখেছি যে পদ্মা সেতুর মতো দেশের বৃহত্তম প্রকল্পে আমরা যদি বিশ্বব্যাংকের ঋণ ছাড়া এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি, ঢাকা নগরের ট্রাফিক-ব্যবস্থার আধুনিকায়নের মতো ছোট প্রকল্পে কেন আমাদের বিশ্বব্যাংকের ঋণ নিতে হয়? দেশীয় অর্থায়নে আমরা যদি ‘চারটি পদ্মা সেতু’ বানাতে পারি, তাহলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নড়বড়ে শীতলক্ষ্যা সেতুটির পাশে পদ্মা সেতুর চেয়ে বহুগুণ ছোট আরেকটা সেতু আমরা বানাতে পারছি না কেন? কিংবা বিশ্বব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক যোগাযোগমন্ত্রী সরে দাঁড়ালেন কেন? এসব প্রশ্ন ভেবে দেখলে পদ্মা সেতুর বিকল্প অর্থায়ন নিয়ে বিতর্কের অসারতা বোঝা যায়। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত বিশ্বব্যাংকের ঋণ পুনর্বহালের জন্য চেষ্টা করা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেটি তারা করছে। অন্যথায় বিকল্প বিদেশি উৎস থেকে স্বল্প সুদে ঋণ পাওয়ার চেষ্টা করা, যার জন্য প্রয়োজন সরকারের দক্ষ ও প্রাজ্ঞ অর্থনৈতিক-কূটনীতি। তবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ইত্যাকার কারণে বিদেশি অর্থায়ন নিশ্চিত করার জন্য সরকারকে সেতু প্রকল্পের ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যা বিদেশি দাতাদের দুর্নীতির আশঙ্কামুক্ত রাখবে। এসব প্রসঙ্গের পরও বলতে হয়, আমরা যদি পারতাম, বিশ্বব্যাংকের ঋণ না নিয়েই পদ্মা সেতু তৈরি করা হতো জাতির জন্য সত্যিকার মর্যাদাকর। এ উপলক্ষে দেশের জনগণকে একটা নতুন সচেতনতা ও আত্মনির্ভরশীলতার দীক্ষামন্ত্রে উদ্বুদ্ধ করা যেত। দেশীয় উৎসের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ যে অসম্ভব নয় সে কথা ঠিক, কিন্তু সেটি হবে অনেকটা জেদ কিংবা জাত্যাভিমানের বশে একটা ব্যয়বহুল অপরিণামদর্শী কাজ, যার বোঝা টানতে হবে দীর্ঘদিন সমগ্র জাতিকে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার ভাষায় কি তাহলে বলা যায়, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুতে ‘যেতে পারি, কিন্তু কেন যাব?’ ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার।[email protected]