নিজেই নিজেকে রক্ষা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আপনারা কি জানেন না এই সমাজে আপনার মেয়েটি কতটা অরক্ষিত! তার কোনো নিরাপত্তা নেই। সে যখন-তখন যেকোনো বখাটে যুবকের আক্রমণের শিকার হতে পারে, যেকোনো সময় হতে পারে ধর্ষণের শিকার, হতে পারে হত্যাকাণ্ডের শিকার। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনার মেয়ের ক্ষেত্রে এর কোনোটিই ঘটবে না। আপনারা কি জানেন না আপনাদের মেয়েটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ নয়, কর্মস্থলে নিরাপদ নয়, এমনকি নিজ ঘরেও সে নিরাপদ নয়। মানুষরূপী একদল হায়েনা ওত পেতে আছে আপনার মেয়েকে তাদের শিকার বানানোর জন্য! রিসা, নিতু, খাদিজা, তনু কি পেরেছে নিজেদের রক্ষা করতে? পারেনি।

আপনারা গত কয়েক মাসের শুধু একটি পত্রিকার পাতাই খুলুন না। মেয়েরা ধর্ষণের শিকার হয়নি, উত্ত্যক্তের শিকার হয়নি, যৌন হয়রানির শিকার হয়নি এমন কোনো মাস কি খুঁজে পাওয়া যাবে? যাবে না।

তার মানে আমাদের দেশে মেয়েদের আসলেই কোনো নিরাপত্তা নেই। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজব্যবস্থা, আইনি ব্যবস্থা মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। মেয়েদের ওপর নিপীড়নকারীদের কোনো শাস্তি হতে দেখা যায় না। তাই তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আবারও একই ধরনের অপরাধ করে। কাজেই নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। এ জন্য শিখতে হবে খালি হাতে আত্মরক্ষার কৌশল। কুংফু, কারাতে, জুডো, জুজুৎসু, তায়কোয়ান্দোর যেকোনো একটি শিখতে পারে মেয়েরা। পাঠকদের অনেকের নিশ্চয়ই মনে আছে জাদুশিল্পী আজরা জ্যাবিনের কথা। ব্ল্যাক বেল্ট পাওয়া এই নারী একবার কারাতের প্যাঁচ কষে একাই কয়েকজন ছিনতাইকারীকে শায়েস্তা করে খবরের শিরোনাম হয়েছিলেন।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘তায়কোয়ান্দো’ প্রশিক্ষণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ চালু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলেও শুরু হয়েছে মেয়েদের তায়কোয়ান্দো প্রশিক্ষণ। এ ব্যাপারে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন ভূমিকা রাখছে।

কাজেই আর দেরি নয়। এখনই আপনার মেয়েকে মার্শাল আর্ট প্রশিক্ষণের কোর্সে ভর্তি করুন। আপনি যদি সত্যিকার অর্থেই আপনার মেয়ের ভালো চান, তাহলে তাকে মার্শাল আর্ট শেখান। মেয়েদের নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই। জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সসহ রাজধানীতে মার্শাল আর্ট শেখার বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে। কিন্তু এগুলো যথেষ্ট নয়। আমরা চাই, সরকার দেশজুড়ে এ রকম প্রতিষ্ঠান আরও গড়ে তুলবে, যাতে প্রত্যন্ত এলাকার মেয়েরাও মার্শাল আর্ট শেখার সুযোগ পায়।

রোকেয়া রহমান: সাংবাদিক।