নিজের জ্বালানি উৎপাদন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন বিদেশি তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীল। ওই অঞ্চলে যে পরিমাণ তেল ব্যবহৃত হয়, তার ৯০ শতাংশই আমদানি করতে হয়। এর মধ্যে সেখানকার অভ্যন্তরীণ তেল উৎপাদনও কমছে, গত এক দশকে সেখানকার তেল উৎপাদন ৫০ শতাংশ কমেছে। ইউরোপীয় ইউনিয়ন যদি ভিন্ন পন্থা অবলম্বন না করে বা বিকল্প জ্বালানির উৎপাদন না বাড়ায়, তাহলে ২০৩০ সালের মধ্যে তাকে ৯৫ শতাংশ তেল আমদানি করতে হবে—ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এ কথা বলেছে।
বিদ্যমান পরিস্থিতিই আসলে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দুর্বলতা হিসেবে আবির্ভূত হয়েছে। কারণ এর মাজেজা হচ্ছে, তার আমদানি অস্থিতিশীল ও কর্তৃত্ববাদী দেশগুলোর ওপর নির্ভরশীল। ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলো বিদেশি অপরিশোধিত তেলের জন্য ২৭১ বিলিয়ন ইউরো ব্যয় করেছে, যেটা কিনা বুলগেরিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার সম্মিলিত জিডিপির চেয়ে বেশি। এর প্রায় অর্ধেক টাকাই রাশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গেছে।
অর্থাৎ, ইউরোপীয় ইউনিয়ন শুধু বৈশ্বিক সরবরাহ ঘাটতির মুখে পড়েনি, তারা কর্তৃত্ববাদী সরকারকে সাহায্য করছে, বৈরী সরকারকে ক্ষমতাশালী করছে, যার কারণে হুমকি ও উসকানি মোকাবিলায় তার নিজের সক্ষমতাই সীমিত হয়ে পড়ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও মধ্যপ্রাচ্যের নারকীয় অবস্থার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে সমন্বিত রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল প্রণয়ন করতে হবে, এটাই বিবেচ্য বিষয়।
যুক্তরাজ্য সম্প্রতি সামরিক ব্যয় বাড়িয়ে দিয়েছে, এতে এ কথারই সত্যতা আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হয় যে ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। কিন্তু যতক্ষণ বিদেশি তেলের ওপর সে নির্ভরশীল থাকবে, তত দিন সে যথেষ্ট দুর্বলই থাকবে। প্রস্তাবিত নর্ড স্ট্রিম ২ পাইপলাইন স্থাপন শেষ হলে পরিস্থিতি আরও খারাপই হবে, যার মাধ্যমে রাশিয়া থেকে আরও অনেক গ্যাস জার্মানিতে যাবে।
২০১৬ সালটা ভূরাজনীতির জন্য অত্যন্ত টালমাটাল যাবে, ফলে আগামী দিনগুলোতে ইউরোপের জ্বালানি নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব পাবে। এ বছরই আবার ইউরোপীয় ইউনিয়নের পরিসমাপ্তি ঘটবে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল খরচ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ইউরোপের বিদেশি তেলের ওপর নির্ভরশীলতা আলোচনার মধ্যেই ছিল না। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রকে যদি জ্বালানির বিকল্প বন্দোবস্ত করতে হয়, তাহলে ইউরোপীয় কমিশনকে অবশ্যই পরিষ্কার দিকে নির্দেশনা দিতে হবে।
বায়ু ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ বানানো হলে ইউরোপের জ্বালানি দুর্বলতা অনেকটাই লাঘব করা সম্ভব হতো। এসব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় কয়লা ও গ্যাসের ওপর নির্ভরশীলতা অনেকাংশেই কমতে শুরু করেছে। তবে গাড়ির জ্বালানি হিসেবে তেলের জায়গায় বায়ু ও সৌরশক্তি ব্যবহার শুরু করতে আরও অনেক দিন লেগে যাবে।
ইউরোপীয় ইউনিয়নের উচিত আটলান্টিকের অপর পাড়ের দেশগুলো কী করছে, সেটা আমলে নেওয়া। ওখানকার দেশগুলো বিদেশি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়েছে। উদাহরণস্বরূপ, তারা বিকল্প জ্বালানিতে বিনিয়োগের জন্য প্রণোদনা দিচ্ছে। বস্তুত, যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বেশি বায়োইথানল তৈরি হয়, আর তার সঙ্গে আছে শেল গ্যাস। এ দুটি মিলে যুক্তরাষ্ট্রের বিদেশি তেলের ওপর নির্ভরতা ২৫ শতাংশ কমে গেছে। এতে যেমন কার্বন নিঃসরণ কমে এসেছে, তেমনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।
এ ক্ষেত্রে ব্রাজিলের নজিরও প্রণিধানযোগ্য, সেই ১৯৭০-এর দশকের তেল সংকটের সময় থেকেই সে আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমিয়ে আনতে শুরু করে। আজ ব্রাজিল যত তেল আমদানি করে, তার চেয়ে বেশি রপ্তানি করে। তারা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বায়োইথানল উৎপাদক, যার কারণে দেশটির শিল্প খাতে গ্যাসোলিনের ব্যবহার এক-চতুর্থাংশ কমে গেছে।
দুর্ভাগ্যবশত, ইউরোপীয় ইউনিয়নে জৈব জ্বালানির উৎপাদন নিয়ে যত আলোচনা হচ্ছে, তার বেশির ভাগই হচ্ছে ক্রমবর্ধমান খাদ্যের দাম নিয়ে, যে বিষয়টা আসলে সেকেলে হয়ে গেছে। গাড়ির জ্বালানি হিসেবে খাদ্য ব্যবহার করা ঠিক হবে না, বিরোধীরা সে কথা সব সময় জোর দিয়ে বলেন। আজকের উন্নত মানের জৈব জ্বালানি কিন্তু খাদ্য থেকে বানানো হচ্ছে না। এখন এটা শিল্প, কৃষি বর্জ্য ও মানুষের গৃহস্থালি বর্জ্য দিয়ে বানানো হচ্ছে। জাতিসংঘের সংস্থা ফাওয়ের মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো দা সিলভা বলেছেন, জৈব জ্বালানি ‘খাদ্য নিরাপত্তা বাড়ানোর একটি কার্যকর উপায় হতে পারে’। এটা ঠিকঠাক করা গেলে যত বেশি জৈব জ্বালানি তৈরি হবে, ‘ততই জ্বালানি যেমন বাড়বে, তেমনি খাদ্য নিরাপত্তা বাড়বে ও মানুষের সমৃদ্ধি আসবে’।
জৈব জ্বালানি প্রযুক্তি দিয়ে এক ঢিলে চার পাখি মারা যায়: এতে জ্বালানি নিরাপত্তা বাড়ে, বর্জ্য পুনর্ব্যবহার হয়, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমে এবং কখনো গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হয়। সে কারণে আজকের ইউরোপীয়রা যদি তেল আমদানি না করে দেশীয় জ্বালানি উৎপাদন করে, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী উত্তরাধিকার রেখে যেতে পারবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: প্রতীক বর্ধন
আন্দ্রেস ফগ রাসমুসেন: ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী।