আজ ক্লাসে পড়ানোর বিষয় ছিল, ‘হরতাল মৌলিক অধিকার কি না?’ হরতাল নামের একটা অদ্ভুত বিষয় বাংলাদেশ পেয়েছে, যার আঘাতে দেশটি দুমড়েমুচড়ে যায়। রাজনৈতিক-অরাজনৈতিক, ধর্মীয়-অধর্মীয় সংগঠনগুলো এখন কারণে-অকারণে হরতাল ডাকা তার কর্তব্য বলে মনে করছে। সংবিধানের ক্লাসে তাই আর সংবিধানের অনুচ্ছেদ কপচাতে শক্তি পাইনে। দেশের বাস্তবতার বাইরে গিয়ে, সংবিধানের ‘রেটোরিক’ পড়াতে গেলে মনে হয়, নিজের সঙ্গে প্রতারণা করছি। তাই ভাবলাম, হরতালকে সংবিধানের প্রিজম দিয়ে নিরিখ করব। যাচাই করব হরতালের সাংবিধানিক বীজগণিত। ছাত্রদের প্রথমেই জিজ্ঞেস করলাম ‘হরতাল মৌলিক অধিকার কি না?’ ছাত্ররা স্বভাবতই দুই ভাগে ভাগ হয়ে পড়ল। একদল পক্ষে, অন্যদল বিপক্ষে, দু-একজন আবার সমন্বয় সাধনের চেষ্টা করে ‘নিরপেক্ষ’ শব্দটার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিল। আমার স্কুলজীবনের বাংলা ব্যাকরণের পণ্ডিত স্যার বলেছিলেন, ‘হরতাল—হরেক রকমের তাল’, ‘নিত্য সমাস’। পণ্ডিত স্যার সেদিন রসিকতা করে বলেছিলেন কি না, তা সেদিন ধরতে পারিনি। কিন্তু আজ তার কথার সঙ্গে পরিস্থিতির মিল পাই। সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদ বাকস্বাধীনতার যে আট স্তরের (রাষ্ট্রীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুতা, জনশৃঙ্খলা, শিষ্টতা ও নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি, অপরাধে প্ররোচনা) স্লুইসগেট দিয়েছে, তাতে হরতাল উতরে যাওয়ার কথা নয়। হরতালকে কি বাকস্বাধীনতা বলা যায়? মনে হয় না। প্রশ্ন হচ্ছে, হরতাল না ডেকে ‘ন্যায্য সরকার’ পাওয়ার অধিকার কীভাবে অর্জন করা যাবে? উত্তরটা হবে পাল্টা দুটি প্রশ্ন: ১. হরতাল করে কি ন্যায্য অধিকার পাওয়া গেছে অতীতে? ২. হরতালের বিকল্প কোনো জুতসই জিনিস প্রয়োগ করে, জনমত পক্ষে নিয়ে, গণতন্ত্রের ভাষা সৃষ্টি করা অধিক লাভজনক নয় কি? জাতি হিসেবে আমরা ‘অধিকার’ সচেতন হয়ে জন্ম নিয়ে, ‘দায়িত্ব পালন’ করাকে নির্বাসন দিয়েছি। তাই সংবিধানে ‘মৌলিক অধিকার’-এর কথা থাকলেও ‘মৌলিক দায়িত্বের’ কথা বলা হয়নি কোথাও। পাশের ভারত-মুল্লুকের সংবিধানে আপনি নাগরিক দায়িত্ব সম্পর্কে আলাদা একটা ফর্দ দেখতে পাবেন। তবে রাষ্ট্রিক দায়িত্বের বাসনে একমুঠো পান্তাভাত হিসেবে অনুচ্ছেদ ২১-এ নাগরিকদের সরকারি সম্পদ রক্ষা করার তাগিদ দেওয়া আছে। তাহলে যাঁরা হরতাল ডেকে সরকারি সম্পদ ধ্বংস করছেন, তাঁরা কি দেশের নাগরিক নন? নাকি তাঁরা নিজেদের ‘জনগণ’ শব্দের বাইরে নিয়ে যেতে পেরেছেন? মাঝে মাঝে বাংলাদেশকে সর্বংসহা মনে হয়। সিদ্ধিলাভ করা সাপুড়েকে এক শ একটা সাপে দংশন করলেও নাকি তাঁর কিছু হয় না। হরতাল নিতে নিতে দেশমাতার শরীর এখন সে রকমই অনুভূতিহীন। হাইকোর্ট সচকিত হয়েছিলেন ১৯৯৯ সালে। স্বতঃপ্রণোদিত হয়ে আদালত প্রধান দুই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদককে ‘হরতাল’ কেন বেআইনি ঘোষণা হবে না মর্মে ডেকে পাঠিয়েছিলেন। ‘হরতাল একটি স্বীকৃত গণতান্ত্রিক অধিকার’-জাতীয় গরুর রচনা মার্কা নিবেদন আমরা তখন দেখেছি। আদালত বললেন, ‘হরতাল ডাকা যাবে, তবে জ্বালাও-পোড়াও করা ফৌজদারি অপরাধ।’ এখন একজন তস্কর রাজনীতিকও বলেন, ‘হরতাল একটি মৌলিক অধিকার কিন্তু...।’ এটাকে আপনি কি বলবেন, সংবিধানের ওপর বাটপারি? বেআইনি না হলেও অসুস্থ আইনি?মার্চেন্ট অব ভেনিসের পোর্শিয়া মনে হচ্ছে এখনো প্রাসঙ্গিক, ‘আপনি শরীরের মাংস কাটবেন, কিন্তু খেয়াল রাখবেন রক্ত যেন না পড়ে।’ সেকালের পোর্শিয়ারা (আইনজীবীরা) ‘উইট’ দিয়ে শাইলকদের পরাজিত করেছিল। কিন্তু এখন উইটের চেয়ে ‘দ্রোহ’ বেশি দরকার। যাঁরা আদালতকে গিয়ে বলবেন, ‘বন্ধ করতে বলেন এসব হরতালীয় শঠতা, এখনই!’অনেকে হরতালের সঙ্গে ‘শান্তিপূর্ণ’ শব্দটা যোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু হরতাল তো এখন সহজাতভাবে ধ্বংসের জীবাণু বহন করে, তার সঙ্গে ‘শান্তিপূর্ণ’ শব্দটা ব্যবহার করার সুযোগ কই! অতএব, যা ‘হরতাল’ তা কখনো ‘শান্তিপূর্ণ‘ হতে পারে না। নাসিরউদ্দিন হোজ্জার বউ এক কেজি মাংস রান্না করে তা খেয়ে ফেললেন। হোজ্জা এসে জিজ্ঞাসা করলেন, ‘মাংস কই’? বউ উপস্থিত জবাব দিলেন, ‘ওই বিড়ালটা খেয়েছে’। হোজ্জা তৎক্ষণাৎ বিড়ালটাকে ওজন দিয়ে দেখেন, ওটার ওজন এক কেজি। তখন হোজ্জা বললেন, ‘এটা যদি বিড়াল হয়, তবে মাংস কই, আর এটা যদি এক কেজি মাংস হয়, তবে বিড়াল কই?’ আমাদের হরতাল যথার্থ করার মানসিকতা ঠিক একই রকম। এসব যদি ‘হরতাল’ হয়, তবে ‘নাশকতা’ কী? আর এসব যদি নাশকতা হয়, তবে হরতাল কী? হরতালকে ‘ঢিলেঢালা’ বলার মধ্যেও ধ্বংসের প্রতি একধরনের প্রসন্নতা প্রকাশ পায়। গাড়ি কমবেশি চলা না-চলা, আগুন জ্বালা না-জ্বালা দিয়ে হরতাল মূল্যায়নের আশু সমাপ্তি হওয়া দরকার। হরতাল যদি হতেই হয় তার মূল্যায়ন হতে হবে ‘আদর্শিক-মেধাকেন্দ্রিক। আসুন, আমরা হরতালের ভিন্ন একটা মোক্ষম দাওয়াই উদ্ভাবন করি। মৌয়াল যদি মৌচাকের মধু ফেরি করে এবং শান্তিপূর্ণ মধু বিক্রয় কর্মসূচি পালন করে তবে ‘জনগণ’ সে মধু আহরণ করতে তার কাছে যাবে। কিন্তু তার কাছে যদি চোঙাভরা মৌমাছি থাকে, তা বের হয়ে সবাইকে হুল ফোটাবে, এটাই নিয়তি। সহজাতভাবে যা বিপজ্জনক, কেউ যদি তা তার আঙিনায় ডেকে আনে, তার চূড়ান্ত দায় ওই ব্যক্তির ওপর বর্তায়। হাউস অব লর্ডস বিখ্যাত রাইল্যান্ডস ফ্লেচার মামলায় অনেক আগে যে তত্ত্বের উন্মেষ ঘটিয়েছিলেন, তা বর্ধিত কলেবরে বোধ করি হরতালের ক্ষেত্রে বেশ মানানসই। মিডিয়াও কেন জানি হরতাল-লংমার্চের জীবাণুবাহকের দায়িত্ব নিয়েছে। মি. থিংগাম্বব কিংবা মিস হোয়াট হার নেম একটা কথা বলল, তা প্রচার-প্রসারের ভার কেন মিডিয়া নেবে? আমরা কি তাহলে বেশি চ্যানেলের ভার নিতে পারছি না? আর একটা কথা, সব চ্যানেলকেই কেন ‘ব্রেকিং নিউজ’ দেখাতে হবে। শুদ্ধ সিনেমা, নাটক, সংগীত চ্যানেল কি হয় না? নাকি ব্রেকিং নিউজের চাপে পুরো জাতির মনস্তত্ত্বকে ভঙ্গুর করার দায়িত্ব আমরা সবাই নিয়েছি?আসুন, হরতালের জন্য ডিকশনারিতে নতুন একটি মানে যোগ করি, সহজাতভাবে বিপজ্জনক ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি। আইন দিয়ে হরতাল বন্ধ করতে বলছি না আমি। আইনকে ‘উইজডম’-এ উন্নীত করতে বলছি।এস এম মাসুম বিল্লাহ: সহকারী অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।[email protected]