নিন্দাটুকু জানাতে পারেন না সু চি!

২০১২ সালে অসলোয় অং সান সু চির দেওয়া নোবেল বক্তৃতায় চোখ বোলাচ্ছিলাম। এককথায় অসাধারণ, চমৎকার বক্তৃতা।
১৯৯১ সালে শান্তিতে নোবেল পাওয়ার দুই দশকের বেশি সময় পর অসলোতে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেছিলেন মিয়ানমারের ‘গণতন্ত্রপন্থী’ নেত্রী সু চি। নোবেল বক্তৃতায় সু চি উল্লেখ করেন, তাঁর দেশে বহু নৃতাত্ত্বিক ও ধর্মবিশ্বাসের জনগোষ্ঠী আছে। দেশের সবার মধ্যে সত্যিকারের ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি।
বক্তৃতায় বিশ্ববাসীর প্রতি এক আবেগঘন আবেদন জানিয়েছিলেন সু চি। ক্ষুধা, রোগ, বাস্তুচ্যুতি, কর্মহীনতা, দারিদ্র্য, অবিচার, বৈষম্য, সংস্কার, গোঁড়ামি ও যুদ্ধের ভুক্তভোগীদের ভুলে না যাওয়ার আহ্বান ছিল তাঁর। যেখানেই দুঃখ-কষ্ট উপেক্ষিত, সেখানেই সংঘাতের বীজ রোপিত হবে বলে জোর গলায় ঘোষণা দিয়েছিলেন তিনি।
কঠিন পথ পাড়ি দিয়ে সু চির দল এনএলডি এখন মিয়ানমারের ক্ষমতায়। থিন কিউ প্রেসিডেন্ট হলেও স্টেট কাউন্সিলর সু চিই কার্যত সরকার চালান। আর সবচেয়ে বড় পরিহাস হলো, আজ সু চির দেশেই অন্যায়, অবিচার, বৈষম্য, দমন-পীড়ন, বাস্তুচ্যুতি, সাম্প্রদায়িক সহিংসতা, হত্যাযজ্ঞ দেদার চলছে। নোবেল বক্তৃতায় মানবতার বুলি কপচানো সু চির মুখে এখন কুলুপ।
মিয়ানমারে বহু বছর ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। প্রজন্মের পর প্রজন্ম বসবাস করেও রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত। নিজ দেশে তাঁরা পরদেশি। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠী রোহিঙ্গাদের ‘আউটসাইডার’ মনে করে। দেশটির সরকারও একই পথের পথিক। সংগত কারণে রোহিঙ্গাদের কপালে ন্যূনতম মৌলিক অধিকারও জোটে না। পৃথিবী নামক এই ‘সভ্য গ্রহে’ তাঁরা ‘না-মানুষ’ হয়ে আছেন।
ঈশ্বরের বাস ভদ্রপল্লিতে। রাখাইনে তাঁকে খুঁজে পাওয়া যায় না। রাখাইনে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়ে ছারখার হয়। নারীরা ধর্ষণের শিকার হয়। পাখির মতো রোহিঙ্গাদের মারা হয়। প্রাণ বাঁচাতে পালাতে রোহিঙ্গারা নাফ নদীতে ডুবে মরে। বিপন্ন এই জনগোষ্ঠীর পাশে কেউ নেই।
রোহিঙ্গাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সু চির নোবেল বক্তৃতার একটি অমোঘ বাক্য সত্য হয়ে অবদমিত রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশের মাঝে প্রকাশিত হয়েছে। উপেক্ষায় সংঘাতের বীজ রোপিত হয়েছে।
রাখাইন পরিস্থিতি নিয়ে গত ২৪ আগস্ট জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে রাখাইনে শান্তি ফিরিয়ে আনতে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করা হয়। প্রতিবেদন প্রকাশের দিন রাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার যোদ্ধারা রাখাইনে ৩০টি পুলিশ স্টেশনে ও একটি সেনাঘাঁটিতে আকস্মিক হামলা চালায়। হামলায় পুলিশ, আরসার যোদ্ধাসহ অন্তত ১১০ জন নিহত হয়। হামলার ছুতোয় রাখাইনে নির্বিচারে দমন অভিযান শুরু করে মিয়ানমারের বাহিনী।
দেশি-বিদেশি বিভিন্ন সূত্রের তথ্যমতে, রাখাইনে চলমান নৃশংসতার মুখে গত দুই সপ্তাহে প্রায় দুই লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছেন। এই সময়ে নাফ নদী পার হতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ অর্ধশতাধিক রোহিঙ্গার সলিলসমাধি হয়েছে।
রাখাইনে চলমান নৃশংসতা ও রোহিঙ্গাদের করুণ দশায় বাইরের মানুষ সরব। কিন্তু মিয়ানমারের কথিত শান্তিকামী মানুষটি পুরোপুরি নীরব। তাঁর অনেক হিসাব। সেনাবাহিনীর চাপ, কট্টরপন্থী বৌদ্ধদের চাওয়া, ভোট, ক্ষমতা ইত্যাদি ইত্যাদি।
মানবাধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করে যে সু চি বিশ্বের সামনে নিজেকে ‘আইকন’ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তাঁকে এখন অচেনা লাগে। তাই তাঁর শান্তির নোবেল ফিরিয়ে নেওয়ার দাবি পর্যন্ত উঠেছে।
শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই পর্যন্ত সু চির নীরবতার সমালোচনা করেছেন। সু চির কথার একটা মূল্য আছে, প্রভাব আছে। নিদেনপক্ষে তিনি রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের নিন্দা জানিয়ে এই সংখ্যালঘু জনগোষ্ঠীকে আপন করে নেওয়ার প্রক্রিয়া অন্তত শুরু করতে পারেন।
সাইফুল সামিন: সাংবাদিক
[email protected]