
সাধারণত এক সংবাদমাধ্যম নিয়ে আরেক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে না। কিন্তু রাষ্ট্রীয় তিনটি সম্প্রচার ও সংবাদমাধ্যম নিয়ে ১১, ১২ ও ১৩ নভেম্বর প্রথম আলোয় তিন পর্বে তিনটি খবর এবং ১৪ নভেম্বর সম্পাদকীয় প্রকাশিত হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা, ক্রিয়া-প্রতিক্রিয়া হচ্ছে। যথারীতি প্রশ্ন উঠেছে গণমাধ্যম সম্পর্কে প্রতিবেদন করার নেপথ্য উদ্দেশ্য নিয়ে।
দেশের এই তিনটি গণমাধ্যমই পুরোনো ও ঐতিহ্যবাহী এবং এগুলোর কার্যক্রম দেশজুড়ে বিস্তৃত। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এগুলোর যাত্রা শুরু হয়। স্বাধীন বাংলাদেশে গণমাধ্যমগুলো একদলীয়, সামরিক ও স্বৈরশাসকের সঙ্গে কাজ করেও সংগীত, নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে স্বকীয়তা ধরে রাখার চেষ্টা করেছে। তবে সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের অভিযোগ সব সময়ই ছিল। এখন তা আরও প্রকট হয়েছে।
নব্বই-পরবর্তী গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধাবিঘ্ন ও নিষেধাজ্ঞার বেড়াজাল ছিঁড়ে প্রতিষ্ঠানগুলোর সামনে এগোনোর কথা ছিল। দুঃখজনক হলেও সত্য, এগুলো পেছনে হাঁটছে, দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। তিনটি মাধ্যমই জনপ্রিয়তা হারাচ্ছে। অথচ এভাবে দেশের আনাচকানাচে পৌঁছার সুযোগ আর কোনো গণমাধ্যমের নেই।
বিটিভি নিয়ে কাজ করার সময় সেখানকার একজন প্রবীণ কর্মীর কথা কানে বাজে। চাকরিজীবনের শেষ ভাগে চলে আসা ওই কর্মী জানালেন, সব সময় বিটিভির চেষ্টা ছিল সরকারের জনপ্রিয়তা বাড়ানো এবং সরকারি দলের নেতাদের মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরা। এগুলো করতে গিয়ে বিটিভির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কমেছে। কিন্তু তাঁর প্রশ্ন, এত চেষ্টা করেও কোনো সরকারের বা মন্ত্রী-সাংসদের জনপ্রিয়তা বিটিভি বাড়াতে পেরেছে কি?
বিটিভির মতো বেতার ও বাসস নিয়েও একই মন্তব্য করা যায়। এ দুটি প্রতিষ্ঠানও সব সরকারের ঢাক পিটিয়ে চলেছে। বিরোধী পক্ষের খবর বর্জন, প্রয়োজনে বিরোধী পক্ষকে ঘায়েল করার সব চেষ্টা করে যাওয়াটাই এগুলোর রেওয়াজ। সরকার-সমর্থক সাংবাদিক ও সরকারের আস্থাভাজন কর্মকর্তারাই এসব প্রতিষ্ঠানে নেতৃত্ব দেন। বেশির ভাগ ক্ষেত্রে তাঁদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা দেখা হয়নি। তাঁরা দায়িত্ব নিয়ে দলবাজি ও দুর্নীতি করে প্রতিষ্ঠানগুলোয় সমস্যার স্তূপ তৈরি করেছেন। এসব সমস্যার ধরন এখন এমন পর্যায়ে গেছে যে অনেক টাকা, আরও জনবল বা নেতৃত্ব—কোনো কিছু দিয়েই এগুলোকে ঠিক পথে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এই তিনটি গণমাধ্যম চালাতে বছরে জনগণ তথা রাষ্ট্রের খরচ হয় সোয়া তিন শ কোটি টাকা, যা ২০১৭-১৮ অর্থবছরে ৪০০ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটির এখনকার আয় কমবেশি ১০০ কোটি টাকা। বাকি ২২৫ কোটি টাকাই সরকারের, সোজা কথায় এটা মানুষের করের টাকা। এ টাকা কীভাবে অপচয় হচ্ছে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রতিবেদনগুলোয়।
অর্থসংকট ছাড়াও যোগ্য জনবলের অভাব, দলবাজি, আমলাতন্ত্রের ওপর অতিনির্ভরতা, কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা, পারস্পরিক বিরোধ, সরকারদলীয় নেতা-কর্মীদের প্রচারমাধ্যমের ওপর প্রভাব খাটানোর প্রবণতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। কিন্তু কোনো কর্তৃপক্ষ প্রতিবাদ বা ব্যাখ্যা দেয়নি।
যত দূর জানা যায়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই তিনটি খবরের বিষয়ে বিটিভি ও বেতারের মহাপরিচালক এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে বক্তব্য নিয়েছেন। তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তিনটি প্রচারমাধ্যমের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
আর বাসসের সরকার-সমর্থক বলে পরিচিত সাংবাদিকদের ইউনিট সংস্থাটি সম্পর্কে প্রকাশিত খবর ও সম্পাদকীয় বিষয়ে সভা ডাকলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সভায় প্রশ্ন ওঠে, কর্তৃপক্ষের পক্ষ নিয়ে সাংবাদিকদের ইউনিট এ বিষয়ে বক্তব্য বা অবস্থান নিতে পারে কি না।
সরকার তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিটিভিকে ২০০ কোটি, বেতারকে ১০৫ কোটি ও বাসসকে ১৮ কোটি টাকা দেয়। সরকারি এই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না, এটা এখন খুবই পরিষ্কার। অথচ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা ও জনমত প্রভাবিত করার পাশাপাশি আয় থেকে ব্যয় নির্বাহ করা প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য। এসব কাজ করতে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হচ্ছে। সরকারি কর্মকর্তারা বিটিভি ও বেতার চালাতে যেমন সক্ষম হচ্ছেন না, সরকার-সমর্থক সাংবাদিকেরাও তেমনি বাসস পরিচালনায় অযোগ্যতার পরিচয় দিচ্ছেন।
এখানে বিরোধী দলকে দায়ী করারও সুযোগ নেই। ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকার ও ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকার গণমাধ্যমগুলো দলীয়করণ করলেও লোকসানের মুখে পড়েনি। এখন বিটিভি-বেতারের আয় কমেছে ও লোকসান হচ্ছে, আর বাসস তো দায়দেনাগ্রস্ত প্রতিষ্ঠান।
বিটিভি, বেতার ও বাসস বেসরকারি সম্প্রচার ও সংবাদমাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। বিজ্ঞাপনদাতারা বেসরকারি টেলিভিশন, এফএম রেডিও ও জনপ্রিয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছে। এর কারণ, টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে তারা পণ্যের প্রচার ও প্রসার চাইবে, এটাই স্বাভাবিক। আবার শ্রোতা, দর্শক বা পাঠকও তাঁর পছন্দের সংবাদপত্র বা সম্প্রচারমাধ্যম বেছে নেন। সরকারি গণমাধ্যমগুলো বেসরকারি গণমাধ্যমের সামনে গুণেমানে বা উপার্জনের বিবেচনায় দাঁড়াতেই পারছে না।
এক হতাশাজনক পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালের ৩১ অক্টোবর বন্ধ করে দিয়েছিল দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস ও সাপ্তাহিক বিচিত্রা। ক্ষোভ ও আন্দোলন ঠেকাতে সেদিন পুলিশ মোতায়েন করতে হয়েছিল। সরকার অবশ্য সবার পাওনা মিটিয়ে দিয়েছিল। কিন্তু আধুনিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ দৈনিক বাংলা এখন স্মৃতি। জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা বন্ধ হওয়ার কষ্ট অনেকেই ভুলতে পারেন না।
সেই অবস্থা কারও কাম্য নয়। বিটিভি, বেতার ও বাসসে কাজ করেন কমবেশি প্রায় তিন হাজার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী। তাঁদের প্রায় সবাই হতাশ বা বিব্রত। সেখানে যোগ্য জনবল তৈরি করা হয়নি, কেউ যোগ্য হয়ে উঠলে তাঁকে দূরে ঠেলে দেওয়া হয়েছে, যোগ্য কেউ আসতে চাইলে তাঁর পথ নানা উপায়ে আটকে রাখা হয়েছে। এর পরিণতি হচ্ছে, অন্য চ্যানেল দেখার সুযোগ থাকলে কেউ এখন বিটিভি দেখে না। অনুষ্ঠানের মান নেমে গেছে। এসব কারণে দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশে বিটিভির গৌরবজনক সেই ভূমিকা মুছে যাওয়ার উপক্রম হয়েছে।
বিটিভির কাছে প্রত্যাশা একটাই, তা হলো, মানুষ এর পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন হতে হবে পর্দায়। মানসম্মত অনুষ্ঠান, খবর প্রচারে নিরপেক্ষতা ও পেশাদারত্ব জাতীয় এই প্রতিষ্ঠানটি রক্ষা করতে পারে। তথ্যমন্ত্রী হাসানুল হক দায়িত্ব নেওয়ার পর অসংখ্যবার বলেছেন, বিটিভি অন্তত এমন একটি অনুষ্ঠান তৈরি করুক, যাতে দর্শকেরা দিনে একবারের জন্য সেটি দেখে। কিন্তু তাঁর এই ইচ্ছাও পূরণ করতে পারেনি গণমাধ্যমটি।
বরং বিটিভিকে ঘিরে বাসা বেঁধেছে ঘুণপোকা। বিটিভির তিনটি প্রিভিউ কমিটি চলচ্চিত্র, প্যাকেজ অনুষ্ঠান ও ঈদের অনুষ্ঠান পর্যালোচনা করে। এই তিন কমিটির ৪০ সদস্যের মধ্যে ১৪ জন মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তা। বাকি ২৬ জনের মধ্যে ২০ জনই আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের সঙ্গে জড়িত।
আমাদের বক্তব্য হচ্ছে, দল ও সরকারের জন্য কারও অবদান থাকলে তাঁকে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু সাংস্কৃতিক জগতে দলীয় বা রাজনৈতিক পরিচয় দেখা হলে এবং তাদের উদারভাবে বিচরণের সুযোগ দেওয়া হলে বিটিভির অধগতি ঠেকানো যাবে না।
সরকারপ্রধান থেকে শুরু করে সব মন্ত্রীই অসংখ্যবার এটিকে স্বায়ত্তশাসন দেওয়ার অঙ্গীকার করলেও পাল্লা দিয়ে দলীয়করণ করা হয়েছে। স্বৈরাচার এইচ এম এরশাদ বিটিভিকে ‘সাহেব-বিবি-গোলামের’ বাক্সে পরিণত করেন। তাঁর পতনের লক্ষ্যে গঠিত তিন জোটের রূপরেখায় এটিকে স্বায়ত্তশাসন দেওয়ার অঙ্গীকার ছিল। ১৯৯১ সালে ক্ষমতায় এসে বিএনপি সরকার বিষয়টি বেমালুম ভুলে যায়। তখন টেলিভিশনের নাম হয়েছিল ‘বিবি-গোলামের বাক্স’। ২০০১ সালে ক্ষমতায় এসেও বিএনপি-জামায়াত বিটিভিকে দলের প্রচারমাধ্যমে পরিণত করে।
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্যে উচ্চপর্যায়ের কমিশন গঠন করে। বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত ওই কমিশনের প্রধান ছিলেন সে সময়ের সচিব আসাফ্উদ্দৌলাহ্। কমিশন ১৯৯৭ সালের ৩০ জুন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ উপস্থাপন করে। এতে বিটিভিকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়। ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা আর এগোয়নি।
তবে নব্বই-পরবর্তী নির্বাচিত সরকারের ফাঁকে ফাঁকে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিটিভির খবরে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা ছিল। কিন্তু বিএনপির সময় জাসাস, আওয়ামী লীগের সময় আওয়ামী সাংস্কৃতিক জোট বা এ ধরনের সংগঠনের নেতাদের খবরদারি প্রতিষ্ঠানটির ক্ষতি করছে।
বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয়েছিল ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর। জনবলের সংখ্যা বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় এবং দেশের প্রাচীন গণমাধ্যম বেতার। প্রাকৃতিক দুর্যোগের খবর সবার আগে এবং সব সময় জানানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচি, শিল্পী তৈরি করাসহ অসংখ্য অবদান এই সম্প্রচারমাধ্যমটির। আবার ক্ষমতা দখলের পর সামরিক সরকারগুলোর বেতার-ভাষণ, জরুরি অবস্থা ঘোষণাসহ বিভিন্ন অপকর্মে সংবাদমাধ্যমটি ব্যবহৃত হলেও এসব তথ্য জানা জনগণের জন্য ছিল গুরুত্বপূর্ণ। সেই বেতার যেন ঝিমিয়ে পড়েছে। শুধু নেতৃত্ব, দক্ষ লোকবল ও সরকারের অবহেলায় বেতার বোঝা হওয়ার দিকে এগোচ্ছে।
অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের পরিবর্তিত রূপ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। ১৯৭২ সালের প্রথম দিনে এপিপির ঢাকাস্থ আঞ্চলিক কার্যালয়কে বাসস হিসেবে প্রতিষ্ঠা করা হয়। বাসসের মাধ্যমে দেশের সংবাদ ও প্রচারমাধ্যমগুলোর খবরাখবর পাওয়ার কথা। তথ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দৈনিক সংবাদপত্রের সংখ্যা ৮২৬। এগুলোর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত ৩৫৩টি। কিন্তু বাসসের সেবা নেয় মাত্র ৩৫টি পত্রিকা। সেখানকার বহুমুখী সংকট সংবাদ সংস্থাটির অস্তিত্ব হুমকির মুখে ঠেলে দিয়েছে।
মানুষকে দেখানো, শোনানো ও পড়ানোর চমৎকার সুযোগ ছিল এই তিনটি গণমাধ্যমের। সেই সুযোগ নষ্ট হয়েছে। এখন এসব প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে চলতে দিলে, এগুলো পরিচালনার সঙ্গে যুক্ত ও কর্মরত ব্যক্তিদের দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে এবং প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে সরকারের ঘোষিত বা অঘোষিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হলে দীর্ঘায়ু পেতে পারে ৫০ বছরের বিটিভি, ৭৫ বছরের বেতার ও ৬০ বছরের বাসস। তবে সেটা তো হওয়ার নয়। কিন্তু এসব গণমাধ্যম টিকিয়ে রাখতে হলে এর ব্যতিক্রমও নেই।
শরিফুজ্জামান: সাংবাদিক।
[email protected]