সবাই ভাবছিল যে আওয়ামী লীগের কাউন্সিলে একটা কিছু চমক দেখা যাবে। অর্থাৎ নেতৃত্বের রদবদল হবে কি না, পুরোনো কেউ নেত্রীর সুনজর থেকে ছিটকে পড়বেন কি না, ধূমকেতুর মতো কোনো নতুন মুখের উদয় ঘটবে কি না ইত্যাদি। দুই দিন পর এখন শোনা গেল, দ্বিতীয় বা তৃতীয় সারির নেতৃত্বে ছোটখাটো রদবদল হতে পারে, তেমন কিছু না। ক্ষমতাসীন দলে এ ধরনের রদবদলে মানুষের মাথাব্যথা থাকার কথা নয়।তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চাইলে সত্যিই একটা চমকপ্রদ দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। দলের জাতীয় কাউন্সিলের আগের দিন, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যদি শরীয়তপুরে বিশ্বজিৎ দাসের গ্রামের বাড়িতে যেতেন। তাঁর মা-বাবা, আত্মীয়স্বজন, গ্রামের লোকজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দেখা করে শুধু বলতেন, যারা বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, তারা ছাত্রলীগের কর্মী ও নেতা। এ কথাটা প্রথমেই স্বীকার না করে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করে তাঁরা যে ভুল করেছিলেন, তা অকপটে স্বীকার করে তিনি যদি বলতেন, ছাত্রলীগ বলে তারা ছাড়া পাবে না। তাদের পুলিশ গ্রেপ্তার করেছে, খুনিদের ক্ষমা নেই। এ রকম একটা পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলের উদ্বোধন করতে পারতেন এ কথা বলে যে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় কিছু মন্ত্রী ও নেতা-কর্মী যেভাবে দলের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছে, তার কালিমা দূর করার জন্য তিনি নিজে সব দায় মাথা পেতে নিচ্ছেন। তিনি বলতে পারতেন, এত সব ব্যর্থতার পরও সবাই যদি চায়, তাহলে তিনি এই নির্বাচনী বছরে দল পরিচালনার দায়িত্ব নেবেন।এ ধরনের নৃশংস ঘটনায় সমবেদনা জানানোর মানবিক, রাজনৈতিক ও সামাজিক মূল্য যে অপরিসীম, তাতে সন্দেহ নেই। এটা লোক দেখানো ব্যাপার ভাবলে ভুল হবে। যদি তাই হতো, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর মরদেহের প্রতি সম্মান জানানোর জন্য মাঝরাতে বিমানবন্দরে যেতেন না। দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত শ্মশানে যেতেন না। দিল্লির সেই নৃশংস ঘটনায় ক্ষমতাসীন দল জড়িত ছিল না, কিন্তু জনরোষ গিয়ে পড়ে সরকারের ওপর। কারণ, সেখানে সরকার ও প্রশাসন নারী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। বিক্ষোভ ঠেকানোর জন্য পুলিশ বল প্রয়োগ করেছে। মনমোহন সিং ও সোনিয়া গান্ধী বিমানবন্দরে গিয়ে প্রকৃতপক্ষে তাঁদের শাসনের ব্যর্থতার দায় মাথা পেতে নিয়ে অন্তত নৈতিক দায়িত্ব পালন করতে ভুল করেননি।আওয়ামী লীগের নেতা বদলানোর চেয়েও এখন নীতি বদলানো জরুরি হয়ে উঠেছে। কারণ, নীতিতে পচন ধরেছে। বিশ্বজিৎ হত্যার আসামিদের রক্ষায় প্রথম দিকে কত কী যে করা হলো, তার কথা তো বললামই। তারপর দেখেন পদ্মা সেতুর দুরবস্থা। এক বছর আগে একজন মন্ত্রীকে সরিয়ে দিলে হয়তো এত দিনে পদ্মা সেতুর কাজ তরতর করে এগিয়ে যেত। অথচ তখন সেটা করা হলো না। আজ সেই মন্ত্রীকে তো যেতে হলোই। কিন্তু সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, মুখে চুনকালি পড়ার পরও প্রধানমন্ত্রী তাঁকে পুরস্কৃত করলেন, পিঠ চাপড়ে ‘দেশপ্রেমিক’ খেতাব দিলেন। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার প্রভাব বিস্তারের অভিযোগ উঠলেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে গেলেন। রেলের দুর্নীতি তো ইদানীংকালের সব রেকর্ড ভাঙল। দু-চারজন চুনোপুঁটি ধরে এখন ফাইল চাপা দেওয়ার প্রস্তুতি চলছে। কাউন্সিলে যদি এসব বিষয় আলোচনা হতো, তাহলে সবাই বলত যে দলটি সত্যিই একটা চমক দেখিয়েছে। কারণ, এ পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলোর কোনোটিই নিজেদের ভুলত্রুটি নিয়ে আত্মসমালোচনা করার উদাহরণ স্থাপন করেনি। দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থতা থাকলে ও ভুল হলে ক্ষতি হয় ঠিকই, কিন্তু আরও বড় ক্ষতি হয় যখন সেই ভুল চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করা হয়। এটা গত কয়েক বছরের অভিজ্ঞতাতেই দেখা গেছে। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ তাদের অতীতের বেশ কিছু ভুলভ্রান্তি স্বীকার করে জনগণের ভোট চেয়েছিল। এর ফলে মানুষ খুশিই হয়েছে। কিন্তু যখন পরবর্তীকালে আওয়ামী লীগের কিছু নেতা ও কর্মী দুর্নীতি, চাঁদাবাজি, খুন-খারাবি শুরু করল আর মানুষ দেখল কোনো প্রতিকার নেই, তখনই তারা মুখ ফিরিয়ে নিল।ক্ষমতাসীন দলের নেতারা হয়তো মনে করেন যে নেতা-কর্মীদের অন্যায়-অনাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওরা বিরোধী দলে চলে যাবে। তখন নিজেদের দলের শক্তি কমে যাবে, বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে। এ রকম চিন্তার কোনো ভিত্তি নেই। বরং দলীয় লোকজনের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা গ্রহণ করা হলে দলই শক্তিশালী হয়। সেই শক্তি আসে স্বতঃস্ফূর্ত জনসমর্থন থেকে। বিগত নির্বাচনের সময় কোথায় ছিলেন আওয়ামী লীগের কর্মীরা? জরুরি আইনে ধরা খাওয়ার ভয়ে অনেকেই গা-ঢাকা দিয়েছিলেন। অনেক এলাকায় প্রায় অচেনা ব্যক্তিরা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এখন আওয়ামী লীগকে ঠিক করতে হবে, তারা প্রশ্নবিদ্ধ কর্মীদের দল চায়, নাকি জনসমর্থনের শক্তিকে দলের শক্তিতে পরিণত করতে চায়।বঙ্গবন্ধু শেখ মুজিব দলীয় লোকজনের লুটপাট ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিভিন্ন বক্তৃতায় বলতেন, ‘চাটার দল’ সব খেয়ে ফেলছে। আর গত ২৯ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুর কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী খোলসধারীদের দলে স্থান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এখন যেহেতু ক্ষমতায় আছি, এখন অনেকে আছে, যারা সব সময় সরকারি দল। এরা খোলস বদলে ঢুকে পড়ে। এরপর দলের বদনাম করে। এদের দলে স্থান দেবেন না।’প্রশ্ন হলো দলে স্থান দেওয়া না-দেওয়ার মালিকটা কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন অমুকে দলের বদনাম করছে, ওকে তাড়াও, তাহলেই তো পুলিশ টপ করে তাকে ধরতে পারে, যদি বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে। আর প্রধানমন্ত্রী যদি ইশারা না দেন, তাহলে কার ধড়ে কয়টা মাথা যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেবে?এটা ঠিক যে প্রধানমন্ত্রীর পক্ষে জনে জনে ঝাড়াই-বাছাই করা সম্ভব নয়। কিন্তু তিনি পথ দেখাতে পারেন। দু-একটা নমুনা দেখানোই যথেষ্ট। প্রধানমন্ত্রী বলে দিতে পারেন যে, কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে এবং সেটা যদি কিছুমাত্রায়ও বিশ্বাসযোগ্য হয়, তাহলে দল তাঁকে বাঁচানোর কোনো চেষ্টা করবে না। পুলিশ বা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ধরনের নির্দেশনার এখন খুব প্রয়োজন। অবশ্য এর ফলে কেউ যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।সরকারের মেয়াদ এ বছরেই শেষ হচ্ছে। তাই এ সময়টায় জনগণের নিবিড় পর্যবেক্ষণে থাকবে ক্ষমতাসীন দল। তাদের সামান্য ভুলভ্রান্তি, বিচ্যুতি, অন্যায়-অবিচার ও ঘুষ-দুর্নীতির ঘটনা হবে দলের জন্য আত্মঘাতী। নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে বিতর্ক এখনো চলছে। প্রধানমন্ত্রী বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনই হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কিন্তু বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিচ্ছে। আবার সরকার ও বিরোধী দল উভয়ই আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানোর কথা বলছে। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা কিছু করা দরকার, তা করতে হবে। মানুষ শান্তিতে থাকতে চায়। শান্তিপূর্ণ নির্বাচন চায়। সরকার পুলিশ দিয়ে হরতাল বন্ধ করতে চায়। কিন্তু তারা সহজ পথে যায় না কেন? মানুষ যদি নিশ্চিত হতে পারে যে সরকার সত্যিই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চলেছে, তাহলে আর হরতাল হবে না। কারণ, মানুষ সমর্থন না করলে কখনো হরতাল হয় না। শান্তিপূর্ণ গণসংযোগ, সমাবেশ, পথসভা প্রভৃতি কর্মসূচিতে সরকার বাধা না দিলে বিএনপি হরতালে যাবে না বলে যে চিন্তাভাবনা করছে, তার পেছনে মানুষের অহেতুক হাঙ্গামা এড়ানোর মনোভাবটাই প্রধান। আর মাত্র বছর খানেকের মধ্যে যখন নির্বাচনের মাধ্যমে রায় দেওয়ার সুযোগ রয়েছে, তাহলে এখন আর হরতাল কেন? ১০-১৫ দিনের হরতাল যা করতে পারে না, এক দিনের ভোটে তা করা সম্ভব। কারণ, এখন ভোট কারচুপি, ভোটের ফলাফল জালিয়াতির দিন শেষ। মানুষ যাকে খুশি ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। প্রদত্ত ভোটের ফলাফল নিয়ে মিডিয়া ক্যু করা এখন আক্ষরিক অর্থেই অসম্ভব। যদি কোনো রকম নয়ছয় করার চেষ্টা হয়, তাহলে মানুষ স্রোতের মতো রাজপথে নেমে আসবে। কাউকে হরতাল ডাকতে হবে না।আওয়ামী লীগ এখনো শেষ ট্রেনটি ধরতে পারে, যদি সব কর্মকাণ্ডে তারা মানুষকে বিবেচনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। শুধু কথায় নয়, কাজে।আব্দুল কাইয়ুম: সাংবাদিক। [email protected]