নিরাপত্তাব্যবস্থায় বড় গলদ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশিরা আসেন এমন একটি রেস্তোরাঁয় হামলা হলো, অথচ আগে জানা গেল না
বিদেশিরা আসেন এমন একটি রেস্তোরাঁয় হামলা হলো, অথচ আগে জানা গেল না

কিছুদিন ধরেই দেশে নিশানা করে খুনের একটা ধরন দাঁড়িয়ে যাচ্ছিল। এর পরিণতিতে দেশে বড় ধরনের একটা হামলা হতে পারে, সে আশঙ্কাও আমাদের মাঝে ছিল। আমি আমার কলামেও সে কথা লিখেছিলাম। কিন্তু এই ধারাবাহিক নিশানা করে হত্যাকাণ্ডগুলো যথাযথভাবে বিশ্লেষণ করা হয়নি। এর বদলে আমরা দেখেছি, রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করেছে, কাদা-ছোড়াছুড়ি করেছে। তারা সবাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে আমরা তাদের নাগালই পাইনি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে।
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাকাণ্ডের পর সারা দেশে জঙ্গিবিরোধী অভিযানও শুরু হলো। এই অভিযানে ১৩ হাজার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলো, যদিও তার মধ্যে জঙ্গির সংখ্যা খুবই কম। আর এই অভিযান শেষ হওয়ার পরপরই গুলশানের মতো সুরক্ষিত জায়গায়, বিদেশিদের আনাগোনা আছে এমন একটি রেস্তোরাঁয় হামলা হলো, অথচ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা আগে জানতে পারল না। তার মানে বোঝা যায়, আমাদের নিরাপত্তাব্যবস্থায় বড় গলদ আছে। এই লোকগুলো পিস্তল, গ্রেনেড, ওয়াকিটকি, ফোল্ডেড বাঁট রাইফেল—এসব অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে কী করে ঢুকল? নাকি তারা আগেই সেখানে এসব রেখে এসেছিল? আবার রেস্তোরাঁটি গুলশান লেকের ধারে, ফলে তারা লেক পার হয়েও আসতে পারে, অস্ত্রশস্ত্র আগেও কোথাও লুকিয়ে রাখতে পারে। সেটা যদি হয়, তাহলে লেকটিও সুরক্ষিত নয়।
এই হামলার সঙ্গে ভারতের মুম্বাইয়ে হামলার কিন্তু বেশ মিল রয়েছে। এটাকে আমরা ওই হামলার ক্ষুদ্র সংস্করণও বলতে পারি। এই দুই হামলায় দেখা গেল, হামলাকারীরা অরক্ষিত স্থান দিয়ে ঢুকে পড়ল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ রকম একটি হামলা হতে পারে, সেটা আমরা ধারণাই করতে পারিনি। আর পুলিশ বাহিনী প্রথমে যেভাবে অভিযান চালাল, তাতে বোঝা যায়, এসব হামলা প্রতিহত করার সক্ষমতা তাদের নেই। তাদের সেই প্রশিক্ষণ নেই। ফলে তাদের দুজন নিহত ও প্রায় ৪০ জন আহত হলো।
তবে সামরিক বাহিনী অভিযান পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছে। মনে রাখতে হবে, এ ধরনের অভিযানে হামলাকারীদের সঙ্গে আলোচনার কিছু থাকে না। ফলে যত বেশিসংখ্যক মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে হয়। কাজটা খুব কঠিন। এর জন্য মাথা ঠান্ডা রাখতে হয়। যিনি এর কমান্ডে থাকেন, তাঁকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়।
একটি দেশে রাজনৈতিক বিভাজন তীব্র হলে এবং বাক্স্বাধীনতার ঘাটতি থাকলে এ রকম গোষ্ঠী গড়ে উঠতে পারে। আমাদের দেশের রাজনৈতিক বিভাজন তো গ্রাম পর্যায়েও চলে গেছে। এ পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত মানুষকে এ কাজে নামানো সম্ভব হয়। বিশুদ্ধ ইসলামের নামে তাদের আত্মঘাতের পথে নামানো যায়। আমরা দেখলাম, হামলাটি হলো পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের আগের রাতে। অর্থাৎ তারা মনে করেছিল, এটাই হামলা চালানোর সবচেয়ে ভালো সময়। তারা এটাও জানত, এ হামলা করে তারা কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। তারা জেনে-বুঝেই এ হামলায় অংশ নিয়েছিল। এখন কথা হচ্ছে, তারা আইএস না আল-কায়েদা, সেটা আমরা নিশ্চিতভাবে না জানলেও এই সংগঠন দুটির আদর্শের অনুসারী যে আমাদের দেশে আছে, সেটা নিশ্চিত।
আরেকটি ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোকে এ ঘটনার সরাসরি সম্প্রচার করতে দেওয়া মোটেও ঠিক হয়নি। যদিও পরে বলার পর অনেকেই তা করেনি। টিভিতে সরাসরি এটা দেখানো মানে হামলাকারীরাও জেনে যাচ্ছে, বাইরে কী হচ্ছে। এমনকি চ্যানেলের প্রতিবেদকেরা ভেতর থেকে বেরিয়ে আসা মানুষের বা আশপাশের মানুষের সঙ্গে কথা বলছিলেন, এতে তাঁদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। এসব বিষয় মাথায় রাখা উচিত ছিল। সে কারণে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত ছিল। আবার ভেতর থেকে সন্ত্রাসীরা খুন হওয়া মানুষের ছবি আইএসের সংবাদ সংস্থায় পাঠিয়েছে। অর্থাৎ তারা ওখান থেকে ইন্টারনেটও ব্যবহার করেছে। উচিত ছিল, সেখানকার ফ্রিকোয়েন্সি (তরঙ্গ) জ্যাম করে দেওয়া। আমাদের র্যা বের কাছেও তো এই যন্ত্র রয়েছে। কিন্তু সেটা তো হয়নি। এটা কেন হলো—সেটা ঠিক আমার বোধগম্য হলো না।
এ ধরনের হামলা যারা করে, তাদের কোনো দাবি থাকে না। ফলে তাদের সঙ্গে আলোচনারও কিছু থাকে না। এর মধ্য দিয়ে তারা কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করে। খেয়াল করলে আমরা দেখব, এই পুরো ১২ ঘণ্টা সময়কে তারা প্রচারণার কাজে লাগিয়েছে। সে কাজে তারা সফল হয়েছে বলেই বলতে হবে। তারা মানুষকে সন্ত্রস্ত করতে পেরেছে। তবে এর ফল ভোগ করতে হবে বাংলাদেশকে। এত দিন আমরা নিশানা করে হত্যাকাণ্ডকে ছোট ঘটনা বলে চালিয়ে দিতে পারলেও এবার আর সেটা সম্ভব হবে না। ফলে দেশে বিদেশিদের চলাফেরা কমে যাবে, যার প্রভাব পড়বে তৈরি পোশাক ব্যবসাসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ব্যবসায়। বিশেষ করে, তৈরি পোশাক খাতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সামগ্রিকভাবে এটা আমাদের রাষ্ট্রের জন্য বিশাল এক ধাক্কা। আমরা যদি এখনো নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি করতে থাকি, তাহলে কিছু হবে না। এটা আমাদের জাতীয় সংকট। এটা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে হবে। সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যম এই ঘটনার ব্যাপক প্রচারণা দিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টও বিবৃতি দিয়েছে। ফলে আমরা একটা অস্বস্তিতে পড়ে গিয়েছি। সেটা কাটিয়ে উঠতে হবেই। নিরাপত্তার ঘাটতি দূর করতে হবে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]