নিরাপদ কর্মস্থল ও শ্রমিকের মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবসের ১৩১তম বার্ষিকীর দিনে বলতে হচ্ছে, যে পটভূমিতে মে দিবসের সূচনা হয়েছিল, তার কোনো গুণগত পরিবর্তন হয়নি। মজুরি-দাসত্ব হয়তো তেমনভাবে প্রতীয়মান নয়, তবু এখনো কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকেরা অগ্রিম শ্রম বিক্রি করে দেন। যেমনটি শিপ ব্রেকিং, নির্মাণ এবং আরও বেশ কিছু নতুন নতুন শিল্পের ক্ষেত্রে। আট ঘণ্টা শ্রম, আট ঘণ্টা বিনোদন ও আট ঘণ্টা বিশ্রাম—এটা যেন একটা স্বপ্নের মতো। সরকারি অফিস-আদালত বা শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্য বেশির ভাগ ক্ষেত্রেই এর ব্যত্যয় ঘটছে এবং আট ঘণ্টার পরিবর্তে অতিরিক্ত যে শ্রমঘণ্টা কাজ করানো হয়, তা নামমাত্র মজুরি বা শুধু টিফিন খাওয়ানোর মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়।

স্বাধীনতার পর গড়ে ওঠা পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় কাজ করছেন। পোশাক কারখানাগুলো প্রথমত আবাসিক এলাকায় এবং পরবর্তী সময়ে বহুতলবিশিষ্ট ভবনে গড়ে তোলা হয়। বেশির ভাগ কারখানা ইমারত বিধিমালা মেনে নির্মাণ করা হয়নি। যেসব আবাসিক ভবনে পোশাক কারখানা করা হয়েছে, সেগুলোর অধিকাংশেরই কারখানার যন্ত্রপাতির ভার বহন করার ক্ষমতা নেই। আগুন লাগলে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে হলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই, ফলে বের হতে গিয়ে হুড়োহুড়ি করে অনেক শ্রমিক হতাহত হয়। অগ্নিনির্বাপণের ব্যবস্থা যথেষ্ট নয়। কখনো কখনো আগুন নেভাতে না পারার কারণে শ্রমিকদের মৃত্যু ঘটে। শ্রমিকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মালিকেরা এসব বিষয়ে উদাসীন থেকে যাচ্ছেন। মানুষের জীবনের প্রতি ন্যূনতম মমত্ববোধ থাকলে এ রকম পরিবেশে কাজ করানো যায় না।

দেশে এবারের বার্ষিক প্রবৃদ্ধি ৬.৫-এর কাছাকাছি থাকবে বলে এশীয় উন্নয়ন ব্যাংক ধারণা করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেই সামাজিক সূচকের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন হয় না। আমাদের দেশে এখন পাঁচ হাজারের বেশি মাঝারি ও বড় কারখানায় প্রায় ৪৫ লাখ মানুষ শ্রমিক হিসেবে কাজ করেন। জাতীয় বার্ষিক গড় আয়ের ১০ ভাগেরও বেশি আসে এই খাত থেকে। এই পরিপ্রেক্ষিতে এসব শ্রমিকের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরিভাবে বিবেচনায় রাখা প্রয়োজন। এ জন্য সব শ্রমঘন এলাকায় শ্রমিকদের নিরাপদ, ঝুঁকিহীন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয় এমন কাজের পরিবেশ সৃষ্টি করা সরকারসহ সংশ্লিষ্ট সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। যদি এ দিকটায় গুরুত্ব দেওয়া হয়, তাহলে অব্যাহতভাবে উৎপাদন বাড়বে, আয় বাড়বে এবং এগুলো প্রতিষ্ঠিত হলে কাজের ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এ জন্য অবকাঠামোগুলো সুষ্ঠু ও নিয়মমাফিক নির্মাণ করতে হবে, অধিকতর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং কারখানা পরিদর্শনকে অগ্রাধিকার দিতে হবে।

নিরাপদ কর্মস্থল কর্মপরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাই, নিরাপদ কর্মস্থলের অভাবে আমাদের দেশে বহুতলবিশিষ্ট ভবনে যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন প্রচুর সংখ্যক শ্রমিক হতাহত হন। কিন্তু তদানীন্তন পূর্ব পাকিস্তানে কর্মস্থলগুলো বেশির ভাগ একতলা, যেমন পাটকল, সুতাকল, এমনকি ভারী শিল্প রি-রোলিং—এগুলো সবই ছিল একতলা বা দোতলা। ফলে অগ্নিকাণ্ড ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত হতো কম। নির্গমন পথ ছিল সুগম, ফলে শ্রমিকেরা দ্রুততার সঙ্গে বের হয়ে যেতে পারতেন এবং অপেক্ষাকৃত সহজে আগুন নেভানো যেত।

তাই যখন কোনো কারখানা গড়ে তোলা হবে, তখন অবশ্যই তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি কারখানায় যথাযথ অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকতে হবে। জরুরি নির্গমনের পথ থাকতে হবে। যে ভবনে কোনো কারখানা গড়ে তোলা হবে, সে ভবনটি ইমারত বিধিমালা অনুযায়ী নির্মাণ করা হয়েছে কি না, তা পরখ করে দেখতে হবে। নিরাপদ কর্মস্থল না থাকায় শ্রমিকের প্রাণহানির জন্য প্রাথমিকভাবে মালিকশ্রেণি দায়ী। কারণ, ইমারত বিধিমালা মেনে কারখানাগুলো স্থাপন করা হলে হয়তো এতটা বিপর্যয় নেমে আসত না। কর্মস্থলে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা নেভানোর জন্য প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতির অভাব রয়েছে। উল্লিখিত বিষয় ছাড়া ব্রয়লার ও গুদামঘর কারখানার ভেতর স্থাপনায় অনেকগুলো বিষয়ের সঙ্গে এগুলোও যুক্ত।

দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে হবে। আধুনিক পাটকল, ট্যানারি, লেদার, রি-রোলিং, শিপ ব্রেকিং, স্টিল মিলসহ অন্য আরও শিল্প গড়ে তুলতে হবে। তাই বিশ্বব্যাংক, আইএমএফ বা বিদেশি সংস্থার ওপর নির্ভরশীল না থেকে আত্মনির্ভরশীল শিল্পের ওপর বেশি নজর দিতে হবে।

যে বিষয়টির ওপর বেশি নজর দিতে হবে তা হলো নিরাপদ কর্মস্থল। অর্থের বিনিময়ে জীবন কেনা যায় না। পূর্বের শ্রম আইনে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ ছিল। ২১ বছর পরও শ্রম আইন অনুযায়ী একই ক্ষতিপূরণ বহাল আছে। এটা অমানবিক, অর্থাৎ টাকার মূল্য কমে গেলেও শ্রমিকের জীবনের মূল্য বাড়েনি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের পক্ষ থেকে যে দাবি উঠেছে, তা আইএলও কনভেনশন ১২১ এবং ‘লস অব ইয়ার আর্নিং অ্যান্ড পেইন অ্যান্ড সাফারিং’-এর ভিত্তিতে ক্ষতিপূরণ দিলে তবু চাকরির সময়কালটা কিছুটা হলেও মূল্যায়ন হবে। শ্রম কোনো সময়ই পণ্য নয়। তাই নিরাপদ কর্মস্থল সুষ্ঠু কর্মপরিবেশের জন্য একটি পূর্বশর্ত। এর মধ্য দিয়ে শিল্পের বিকাশও সম্ভব এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা সম্ভব। নিরাপদ কর্মস্থল ও কর্মপরিবেশের মাধ্যমেই টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এর জন্য প্রয়োজন জাতীয় সম্পদের সদ্ব্যবহার এবং শ্রমিককে আস্থায় নিয়ে তাঁদের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত করার মাধ্যমে শিল্পায়নকে বিকশিত করা।

ওয়াজেদুল ইসলাম খান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।