নিরাপদ খাবারের আকাঙ্ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ভেজাল প্রক্রিয়ায় জড়িত। এসব খাবারে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও বিষাক্ত কৃত্রিম রং মেশানো হয়। পুষ্টিগুণ নষ্ট হয়ে এগুলো
হয়ে ওঠে বিষাক্ত খাবার। আর এসব খাবার খেয়ে মানুষের শরীরে দানা বঁাধছে অনেক প্রাণঘাতী রোগ।

বিভিন্ন গবেষণা ও পরীক্ষায় দেখা গেছে, বাজারে প্রাপ্ত বিভিন্ন প্রস্তুতকৃত খাদ্য যেমন বিস্কুট, সেমাই, নুডলস, পাউরুটিতে কাপড়ে ব্যবহৃত রং মেশানো হয়। জিলাপি, চানাচুরে মেশানো হয় মবিল। মুড়িতে ইউরিয়া-হাইড্রোজ; চিনি, আটা ও ময়দায় মেশানো হয় বিষাক্ত চক পাউডার। সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিড, পাম অয়েল ও ন্যাপথলিন মেশানো হয়। কার্বাইড দিয়ে পাকানো হয় ফলমূল এবং সংরক্ষণে ব্যবহার করা হয় ফরমালিন। মোড়কজাত ফলের জুসে বিষাক্ত রং ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। দুধে ফরমালিন, স্টার্চ, সোডা, বরিক পাউডার ও মেলামিন মেশানো হয়।

এ ছাড়া মানুষের অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেক সময় অনেক খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যেমন খেত থেকে শাকসবজি উত্তোলন করার পর পুকুর, ডোবা বা নদীর অপরিচ্ছন্ন পানিতে ধোয়া হয়, এতে ওই পানিতে থাকা জীবাণু শাকসবজিতে যুক্ত হয়ে মানুষকে আক্রান্ত করতে পারে।

মাছকে পচন থেকে রক্ষা করতে অসাধু ব্যবসায়ীরা ফরমালিন মেশান। এ ছাড়া আমাদের দেশে বিভিন্ন কলকারখানার বর্জ্য পানিতে মিশে খাল-বিল ও নদী-নালায় চলে যায়। ফলে মাছের পরিবেশ দূষিত হচ্ছে।

পোলট্রি-শিল্পে ব্যবহৃত খাবারেও রয়েছে ভেজাল ও রাসায়নিক পদার্থের উপস্থিতি। আমাদের দেশে পোলট্রি খাবারে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, যার অধিকাংশই মানুষের জন্য ব্যবহৃত হয়। পোলট্রির দ্রুত বৃদ্ধিতে এসব অ্যান্টিবায়োটিক মানুষে যে মাত্রায় ব্যবহৃত হয়, তার চেয়ে কম মাত্রায় ব্যবহৃত হয় পোলট্রি খাবারে। ফলে অপর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক পোলট্রিতে বিদ্যমান বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পরিপূর্ণভাবে কাজ করতে না পারায় এসব ব্যাকটেরিয়া নিজেদের প্রতিরোধক্ষমতা গড়ে তোলে। এ ছাড়া পোলট্রির মাংস ও ডিমের মাধ্যমে এসব অ্যান্টিবায়োটিক চলে যাচ্ছে মানুষের মধ্যে, যা মানবদেহেও ব্যাকটেরিয়ার জন্য অপর্যাপ্ত মাত্রা হিসেবে কাজ করছে। দ্রুত বৃদ্ধির জন্য পোলট্রির খাবারে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ছাড়াও ব্যবহার করা হচ্ছে স্টেরয়েড-জাতীয় হরমোন। এসব ক্ষতিকর হরমোন পশু মোটাতাজাকরণে ব্যবহৃত হচ্ছে, যা মাংস ও দুধের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে।

আমাদের দেশে ডিম সরাসরি মুরগির খঁাচা থেকে সংগ্রহ করে বাজারজাত করা হয়। ডিমের খোসার ওপর লেগে থাকা মুরগির বিষ্ঠা বা ময়লা পরিষ্কার না করেই বাজারে সরবরাহ করা হয়। এই বিষ্ঠায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া ইকোলাই, স্যালমোনেলা থাকে, যা মানুষে সংক্রমিত হতে পারে।

বাইরের দেশগুলোতে মাছকে খৈল, ভুসি, চালের কুঁড়া, ভিটামিন, মিনারেল, আটা ইত্যাদি দিয়ে তৈরি সুষম খাবার খাওয়ানো হয়। প্রোটিনের পরিমাণ ঠিক রেখে মাছের বয়সভেদে এসব খাবারে অন্যান্য প্রয়োজনীয় উপাদান যোগ করে তারা। আর মাছের খাবারে
কোনো অ্যান্টিবায়োটিকও তারা ব্যবহার করে না। কারণ, অ্যান্টিবায়োটিকে পশুপাখির দ্রুত বৃদ্ধি হলেও মাছের হয় না। আমাদের দেশেও প্রতি কেজি ৪০-৫০ টাকায় এই খাবার তৈরি করা সম্ভব। অস্ট্রেলিয়াসহ অনেক দেশ আবার মাছির লার্ভা উৎপাদন করে মাছকে খাওয়ায়। আমরাও এটা করতে পারি। অনেক দেশে গম, ভুট্টা, কাসাভা বা শিমুল আলুও মাছের খাবার। মোট কথা, দেশীয় উপাদান দিয়েই মাছের স্বাস্থ্যকর সুষম খাবার তৈরি করা সম্ভব।

উন্নত বিশ্বে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় পোলট্রি খাবারে যেকোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে পোলট্রির দ্রুত বৃদ্ধির জন্য খাদ্যে এসব ক্ষতিকারক উপাদান না মিশিয়ে বিকল্প হিসেবে ভেষজ গাছ, প্রোবায়োটিকস, প্রিবায়োটিকস ও অর্গানিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। মাছ ও পশুপাখির নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে দেশে স্পিরুলিনা নামক নীলাভ সবুজ শৈবালের ব্যাপক চাষ করা যেতে পারে। মুরগির ডিম সংগ্রহ করে তা ক্লোরিনেটেড পানিতে ডুবিয়ে জীবাণুমুক্ত করে বাজারজাত করতে হবে। গরু মোটাতাজাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মাল্টিভিটামিন ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। কিছু কিছু ঔষধি গাছ অ্যান্টিবায়োটিক বা প্রোবায়োটিকের মতোই ব্রয়লারের বৃদ্ধি ত্বরান্বিত করে। এসব ঔষধি গাছের মধ্যে রয়েছে হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, দারুচিনি, নিম, অ্যালোভেরা, তুলসী ইত্যাদি। এসব প্রাকৃতিক খাবার গবাদিপশুকে খাওয়ালে তাদের দৈহিক বৃদ্ধি ঘটার পাশাপাশি দুধের উৎপাদনও বাড়ে। সহজলভ্য এসব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পোলট্রি ফিডের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, খরচও কম।

এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার খাদ্যনিরাপত্তা আইনের তুলনায় বাংলাদেশের খাদ্যনিরাপত্তা আইন, ২০১৩ কোনো অংশেই কম নয়, বরং আমাদের বর্তমান আইন অনেকটাই কঠিন। কিন্তু দেখা গেছে, বাংলাদেশসহ এসব দেশের খাদ্যে ভেজাল ও ক্ষতিকর পদার্থ মেশানোর প্রক্রিয়া প্রায় একই রকম। তবে আইনগত বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন থাইল্যান্ডে কোনো খাদ্যদ্রব্যের বিজ্ঞাপন প্রচারের আগে খাদ্যের গুণগত মানের সঙ্গে বিজ্ঞাপনের সামঞ্জস্য আছে কি না, তা খতিয়ে দেখে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রচার করার বিধান রাখা হয়েছে। অথচ মালয়েশিয়ার খাদ্য আইন বেশি কঠোর না হলেও বিদ্যমান আইনের প্রয়োগ ও নৈতিকতার বিষয়টি সামনে রেখে জনগণকে সচেতন করে খাদ্যনিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

বাংলাদেশে সাধারণ আইনের বিধান ছাড়া কমপক্ষে ১৫টি আইন দ্বারা খাদ্যনিরাপত্তার বর্তমান আইনি কাঠামো পরিচালিত হচ্ছে। খাদ্যনিরাপত্তার মতো একটি একক উদ্দেশ্যের জন্য বেশি পরিমাণ আইন জটিলতার সৃষ্টি করছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এ জন্য একটি সমন্বিত বা একক খাদ্যনিরাপত্তা আইন পাস করা জরুরি। খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলো সমন্বয়হীনতা, পর্যাপ্ত দক্ষ জনবল ও স্বাধীনতার অভাবে অকার্যকর হয়ে পড়েছে। পাশাপাশি একাধিক সংস্থার একই কার্যক্রম বিষয়টিকে জটিল করে ফেলেছে। সরকারকে এখন এ বিষয়টির ওপর নজর দিতে হবে।

মো. সহিদুজ্জামান: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্যারাসাইটোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।