নিরাপদ মাতৃত্ব: আমাদের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মে ২০১৩, প্রথম আলোর আয়োজনে ‘নিরাপদ মাতৃত্ব: আমাদের অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ব্র্যাক। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনএম এম নিয়াজ উদ্দিন: সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়এ কে এম আমির হোসেন: মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা: পরিচালক, পিএইচসি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কাওসার আফসানা: পরিচালক, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, ব্র্যাকমোর্শেদা চৌধুরী: প্রোগ্রাম কো-অর্ডিনেটর, স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, ব্র্যাক লতিফা সামসুদ্দীন: সভাপতি, ওজিএসবিসামিনা চৌধুরী: ট্রেজারার, ওজিএসবিআবু জামিল ফায়সাল: কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এনজেন্ডার হেলথ বাংলাদেশশামস্-এল-আরেফিন: প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, আইসিডিডিআরবিইশতিয়াক মান্নান: চিফ অব পার্টি, এমচিপ, সেভ দ্য চিলড্রেন, সেলিনা আমিন: কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার, প্ল্যান বাংলাদেশস্ট্যাসি শাহা: পরিচালক, এমআইএস-রিসার্চ, ল্যামব রিয়াদ মাহমুদ: স্বাস্থ্য বিশেষজ্ঞ, মা ও শিশু স্বাস্থ্য, ইউনিসেফ বাংলাদেশইউকি ইউসিমুরা: চিফ অ্যাডভাইজর সেফ মাদারহুড প্রমোশন প্রজেক্ট, জাইকাজাহাঙ্গীর হোসেন: প্রধান, স্বাস্থ্য বিভাগ, কেয়ার বাংলাদেশসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: দেশে নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রে আগের চেয়ে অগ্রগতি হয়েছে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমরা এখনো পিছিয়ে আছি। অনেক সময় ডাক্তার থাকার পরও সেবা নিশ্চিত করা যাচ্ছে না। আবার শিশু জন্মের সময় অনেক মায়ের মৃত্যু হচ্ছে। এক হিসাবে দেখা গেছে, সন্তান জন্ম দেওয়ার সময় প্রতিবছর প্রায় সাত হাজার মায়ের মৃত্যু হয়। ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা এসব বিষয়ে কাজ করছে। এ বিষয়ে সূচনা বক্তব্য দেবেন কাওসার আফসানা।কাওসার আফসানা: প্রতিদিন যাতে নিরাপদ মাতৃত্ব দিবস হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে। আমরা অনেক প্রতিকূল অবস্থায় কাজ করেও সাফল্য অর্জন করছি। সে ক্ষেত্রে মাতৃমৃত্যুর হারও কমিয়ে আনতে পারব। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য—সব ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। প্রাথমিক শিক্ষায় মেয়েরা অনেক এগিয়েছে। কিন্তু মাধ্যমিক শিক্ষায় পিছিয়ে পড়ছে। মায়েদের জন্য স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। নারী-পুরুষের বৈষম্য কমাতে হবে। নারীর আরও ক্ষমতায়ন দরকার। স্বাস্থ্য খাতে দক্ষ সেবাদাতা থাকতে হবে। গরিব মানুষের বিনা খরচে সেবা পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এনজিও, সরকারি, বেসরকারি সংস্থা সবাই মিলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। দেশের ৪০ শতাংশ নারীর কাছে মুঠোফোন আছে। ৮২ শতাংশ বাড়িতে মুঠোফোন আছে। স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহার করতে হবে। সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে হবে। সবার জন্য মর্যাদাপূর্ণ ও গুণগত সেবা নিশ্চিত করতে হবে। গরিব মা যেন কম গুণগত মানের সেবা না পান, তা নিশ্চিত করতে হবে। আমাদের এমনভাবে কাজ করতে হবে, যাতে নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রে বিশ্বের কাছে দৃষ্টান্ত হতে পারি।মোর্শেদা চৌধুরী: প্রতিদিন বিশ্বে ৮০০ মা মারা যাচ্ছেন গর্ভ ও প্রসবজনিত জটিলতার কারণে। এর ৯৯ শতাংশ মা মারা যাচ্ছেন এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোতে। বাংলাদেশে গ্রামে দরিদ্র কিশোরী মায়েদের মৃত্যুঝুঁকি সবচেয়ে বেশি। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত বিশ্বে মাতৃমৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ। আর ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশে কমেছে ৪০ শতাংশ। এর মধ্যে ২৫ শতাংশ কমেছে মায়েদের গর্ভধারণ (টোটাল ফার্টিলিটি রেট) কমার কারণে। গর্ভধারণসংখ্যা কমলে প্রসবঝুঁকি কমে। ৪ শতাংশ কমেছে মায়েদের গর্ভধারণের বয়স বাড়ার জন্য। কম বয়সে গর্ভধারণ করলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়। ২০০১ সালের এক জরিপে দেখা যায়, দেশে প্রতিবছর ১২ হাজার গর্ভবতী মা মারা যান, ২০১০ সালে এ সংখ্যা নেমে এসেছে সাত হাজারে। তাঁদের মধ্যে ৭৫ শতাংশ মা মারা যান সন্তান প্রসবের ৪০-৫০ দিনের মধ্যে। ৩২ শতাংশ মা প্রসবের সময় দক্ষ সহায়তাকারীর সেবা পান, ২০০৪ সালে এই সেবা পেতেন মাত্র ১৬ শতাংশ। হাসপাতালে সন্তান প্রসব করেন ২৯ শতাংশ মা। ধনী-দরিদ্রের স্বাস্থ্যসেবার বৈষম্য দিনে দিনে কমে আসছে। সরকারি, বেসরকারি এবং এজিও একসঙ্গে কাজ করার ফলে আমরা স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। যার ফলে মাতৃমৃত্যুর হার আনুপাতিক কমে আসছে।এম এম নিয়াজ উদ্দিন: দেশে মাতৃমৃত্যুর হার এখনো ভয়াবহ। স্বাধীনতার ৪২ বছর পরও এ ক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার আছে। লক্ষ্যমাত্রা যা-ই থাকুক, আমরা একজন মায়ের মৃত্যুও চাই না। কীভাবে এটা সম্ভব করা যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশে সিলেটে মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতি লাখ জীবিত সন্তান জন্ম দিতে গিয়ে ৪৬২ জন মা মারা যান। খুলনায় এই সংখ্যা মাত্র ৬০। একটি দেশের দুটি জায়গায় এত পার্থক্য কাম্য নয়। ঢাকার অবস্থাও খারাপ। এখানে প্রতি লাখে মারা যান ১৯৬ জন মা। ঢাকার বস্তিগুলোতে মাতৃমৃত্যুর হার বেশি। সরকার মায়েদের স্বাস্থ্যসহ প্রত্যেক মানুষের স্বাস্থ্যরক্ষায় অঙ্গীকারবদ্ধ। সরকারসহ বিভিন্ন এনজিও একসঙ্গে কাজ করছে। তার পরও লক্ষ্যে পৌঁছাতে পারছি না। গণমাধ্যমসহ সবাইকে সচেতনতার কাজটি জোরদার করতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে একটি ভালো কাজ করা হয়েছে। প্রতিদিন টেলিভিশন খুললে স্বাস্থ্য সচেতনতামূলক কিছু স্লোগান দেখা যায়। ‘নিরাপদ মা আমাদের অঙ্গীকার’ অথবা ‘গর্ভবতী মায়েদের যত্ন নিন’—প্রথম আলোও এ রকম দু-একটি স্লোগান তুলে ধরতে পারে। ডাক্তার, প্যারামেডিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লোকজন, এনজিও—সবাই আমরা কাজ করছি। তার পরও কেন শতভাগ নিরাপত্তার দিকে যেতে পারছি না? তদারকি ব্যবস্থা আরও জোরদার করতে হবে। আমরা সিলেটে কল সেন্টারের ব্যবস্থা করেছি। সেখানে দুজন নারীকে চাকরি দেওয়া হবে। তাঁরা এলাকার গর্ভবতী মায়েদের নামের তালিকা রাখবেন এবং গর্ভকালে তাঁদের খোঁজখবর নেবেন। এখানে এ কে এম আমির হোসেন ও সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা আছেন। আপনাদের অনুরোধ করব, সব বিভাগে এ ব্যবস্থা চালু করার জন্য। প্রত্যেক মাকে তাঁর মাতৃমৃত্যুর ঝুঁকির কথা জানালে তিনি অবশ্যই সচেতন হবেন।এ কে এম আমির হোসেন: দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে। প্রথম আলো একটি ব্যাপক পঠিত দৈনিক। নিশ্চয়ই এই আলোচনা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। যখন একজন মা গর্ভবতী হন, তখন তাঁর পরিবার সুস্থ সন্তান ও সুস্থ মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কোনো মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে। সচিব মহোদয় ১০০ শতাংশ মাতৃমৃত্যু রোধের কথা বলেছেন। আমরা যদি ১০০ ভাগ প্রাতিষ্ঠানিক প্রসব করাতে পারি, তাহলে দ্রুত মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে পারব। আমাদের কর্মীদের কাছে এলাকার মায়েদের তালিকা থাকে। গর্ভবতী নারীদের তাঁরা বিভিন্ন সেবা দিয়ে থাকেন। মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য ঢাকায় দুটি কেন্দ্র আছে—আজিমপুরে মাতৃস্বাস্থ্য কেন্দ্র ও মোহাম্মদপুরে ফার্টিলিটি কেন্দ্র। সারা দেশে ৯৬টি মা ও শিশুকল্যাণ কেন্দ্র আছে। ৭০টি কেন্দ্রে জরুরি প্রসবসেবা দেওয়া হয়। ৬৬টি কেন্দ্রে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা আছে। উপজেলা পর্যায়ে এমসিএইচ (ম্যাটারনাল অ্যান্ড হেলথ চাইল্ড) ইউনিট আছে ৪২৭টি। ইউনিয়ন পর্যায়ে তিন হাজার ৮২৭টি কেন্দ্র আছে। এর মধ্যে মান উন্নয়ন করা হয়েছে এক হাজার ৫০০টি কেন্দ্রের। ৬১৫টি কেন্দ্রে ২৪ ঘণ্টা সন্তান প্রসব করানো হয়। অল্প বয়সে বিয়ে ও সন্তান ধারণ কমাতে পারলে মাতৃমৃত্যুর হার অনেক কমে আসবে। এখন সবার মধ্যে সমন্বয় আনতে হবে।সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা: এবার ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসে আমাদের স্লোগান: ‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃমৃত্যু রোধ করুন’। সচেতনতার কোনো বিকল্প নেই। সচিব মহোদয় সচেতনতার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। আমাদের সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। কী পরিমাণ প্রাতিষ্ঠানিক প্রসব আমাদের পক্ষে করানো সম্ভব। মিলেনিয়াম লক্ষ্যমাত্রায় বলা আছে, ২৯ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করতে হবে। সিএসবিএদের (কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট) ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাত হাজার ২১৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেবা প্রদানকারীদের অঙ্গীকার খুব গুরুত্বপূর্ণ। আমরাও নিবিড় তদারকির মাধ্যমে মানসম্মত সেবা দিতে চাই। সিএসবিএরা নিরাপদ প্রসবে কতটা সক্ষম, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাতে-কলমে প্রশিক্ষণসহ একটি মানসম্মত প্রক্রিয়ার মাধ্যমে সিএসবিএদের প্রশিক্ষত হওয়া উচিত। ব্র্যাকসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের যাঁরা সিএসবিএ হচ্ছেন, তাঁরা যেন নার্সিং কাউন্সিলের মাধ্যমে প্রশিক্ষণ নেন। হাসপাতালে মাতৃমৃত্যুর হার কম নয়। প্রাতিষ্ঠানিক প্রসবের সঙ্গে সেবার মান নিশ্চিত করতে হবে। সেবার মান উন্নত না হলে কেবল প্রাতিষ্ঠানিক প্রসবে মাতৃমৃত্যু রোধ করা সম্ভব হবে না।লতিফা সামসুদ্দীন: ১৯৯৪ সালে কায়রো সম্মেলনে গিয়েছিলাম। সেখানে একটি কথা বলা হয়েছিল, আকাশে কিছু যাত্রী নিয়ে একটি জেট বিমান ধ্বংস হলে তার জন্য বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। অথচ পৃথিবীতে প্রতিনিয়ত মায়েরা মারা যাচ্ছেন। এর জন্য কতটুকু প্রতিবাদ হচ্ছে? আমাদের পেশাদার মানবসম্পদ আছে। তারা মায়েদের সেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালে মাতৃমৃত্যুর হার বেশি। কারণ, প্রসূতি মায়েরা অনেকটা শেষ সময়ে হাসপাতালে আসেন। এ ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের উদ্দেশ্যই হবে প্রত্যেক মা-ই গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন জায়গায় আমাদের ১১টি শাখা আছে। এক হাজার ১০০-এর বেশি লোকবল আছে। সাত হাজার ওজিএসবি (অবসটেট্রিক গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) সদস্য আছে। একজন মা প্রসবের সময় যেন একা না থাকেন। বিষয়টি নিশ্চিত করতে হবে। হাসপাতালে দেরি না করে আসার বিষয়টি নিশ্চিত করতে পারলে মাতৃমৃত্যুর হার অনেকটা কমে আসবে। এ ক্ষেত্রে প্রথমত মাকে সর্বদা সতর্ক থাকতে হবে। তারপর পরিবার, কমিউনিটি সবাইকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। আমরা আশা করি, এমন একদিন আসবে, মা সুন্দর বাচ্চা নিয়ে হাসবে।আবু জামিল ফায়সাল: নিরাপদ মাতৃত্বের সঙ্গে নিরাপদ শিশুর কথা বলতে হবে। অনেক শিশুই জন্মের সময় মারা যায়। এ বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনেক মা প্রসূতির সঙ্গে সংশ্লিষ্ট অনেক রোগে দীর্ঘ সময় ভুগতে থাকেন। যদি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায়, তাহলে মায়েরা বিভিন্ন প্রকার রোগব্যাধি থেকে মুক্তি পাবেন। প্রতিবছর সাত হাজারের অধিক প্রসূতি মা মারা যান। কিন্তু ৩৬ হাজার মা অসুস্থতায় ভুগতে থাকেন। যেসব সংস্থা মাতৃমৃত্যুসহ এসব বিষয় নিয়ে কাজ করে, তারা দেখিয়েছে, মেডিকেল, নন-মেডিকেল (চিকিৎসা ব্যতীত) দুই ধরনের সমস্যা রয়েছে। চিকিৎসার বাইরের অনেক বিষয় আছে, যে ক্ষেত্রে কাজ করলে চিকিৎসায় ব্যাপক উন্নতি ঘটবে। আজ আলোচনায় যেসব প্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা আছেন, কেবল তাঁরা যদি একসঙ্গে সহযোগিতার মানসিকতায় কাজ করেন, আমি নিশ্চিত, মাতৃমৃত্যুসহ চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। পরস্পরের মধ্যে সমন্বয় ও সহযোগিতার বিষয়টি অত্যন্ত জরুরি।সেলিনা আমিন: আমরা এত দিন মা ও শিশুদের কথা বলে আসছি। এখন পুরুষকে এ কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পুরুষকে অনেক বেশি সচেতন হতে হবে। পুরুষ যাতে সম্পৃক্ত থাকেন এবং স্ত্রীকে সর্বক্ষণ সহযোগিতা করেন, এ বিষয়ে ব্যাপক উদ্যোগ নিতে হবে। বারবার প্রাতিষ্ঠানিক প্রসবের কথা বলা হচ্ছে। সবাই চাই প্রাতিষ্ঠানিক প্রসব হোক। কিন্তু প্রতিষ্ঠানগুলোর অবস্থা কী। সেখানে কি ডাক্তার থাকেন? থাকলে দিন-রাত সব সময় থাকেন? নার্স, আয়া, ওয়ার্ডবয়—সব ঠিকমতো আছেন? প্রয়োজনীয় ওষুধপত্র আছে? এই দিকগুলো ভাবতে হবে। প্রতিষ্ঠানে প্রসব-সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে প্রাতিষ্ঠানিক প্রসবের দিকে যেতে হবে। মাতৃমৃত্যু কমাতে হলে কিশোরীদের পুষ্টির ব্যবস্থা করতে হবে। পুষ্টিহীন কিশোরী যখন মা হন, তখন তাঁর সন্তানের ওজন কম হয় এবং বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আরেকটি জরুরি বিষয় হলো, কেন মায়ের মৃত্যু হলো, কোন পর্যায়ে কী সমস্যা হয়েছিল—এ বিষয়গুলো তাঁর পরিবার ও অন্যদের জানাতে হবে। তাহলে তারা সচেতন হবে এবং মাতৃমৃত্যু কমে আসবে।জাহাঙ্গীর হোসেন: দেশের প্রতিটি ইউনিয়নে বছরে প্রায় ৬০০ মা গর্ভবতী হন। প্রতি মাসে ৫০ থেকে ৬০ জন মা গর্ভবতী হন। একটি ইউনিয়নে ১০ জন বেতনভোগী সেবাকর্মী আছেন। তাঁদের ৫০-৬০ জন মাকে দেখাশোনা করা কোনো ব্যাপার নয়। দরকার হলো সমন্বয়। ঠিকমতো সমন্বয় থাকলে দেশের সব প্রসূতি মাকে মানসম্মত সেবার আওতায় আনা সম্ভব। প্রতি ছয়জনে একজন দরিদ্র নারী সেবা নিতে আসেন। এটি খুব লজ্জাকর যে আমরা প্রতি চারজনে একজন করার কথা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, একজনে একজন নয় কেন? গ্রামে সন্তান প্রসবের সময় অনেক মা মারা যান। তাঁদের প্রায় ৬০ শতাংশ মারা যান রক্তপাত ও খিঁচুনিতে। কমিউনিটি ক্লিনিকের সিএসবিএরা এ সেবা কখনোই দিতে পারবেন না। এ কারণে এখানে প্রসবকালীন মৃত্যুর ঝুঁকি থেকেই যাবে। সেবার মানের বিষয়টি আরও পরে। প্রথমে দেখতে হবে, সাত দিন-২৪ ঘণ্টা সেবার ব্যবস্থা আছে কি না। তথ্যমতে, একটি হাসপাতালে মৃত্যুবরণ করা মায়েদের মধ্যে ৭২ শতাংশ মারা গেছেন হাসপাতালে পৌঁছানোর পাঁচ ঘণ্টা পর। এই মৃত্যুর জন্য কে দায়ী? এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।শামস্-এল-আরেফিন: মাতৃমৃত্যুর হার কমানোর কথা সবাই বলেছেন। এর জন্য সেবাকেন্দ্রের সংখ্যা বাড়ালে হবে না। সেবার মান নিশ্চিত করতে হবে। সেবাকেন্দ্রগুলোর বিশ্বাসযোগ্যতার একটা বিষয় রয়েছে। একজন মা কি আস্থা রাখতে পারছেন যে সেবাকেন্দ্রে এলেই তিনি সেবা পাবেন? ওখানে কেউ থাকবেন কি না, তাঁকে দেখার কেউ আছে কি না, আস্থার জায়গাটি নিশ্চিত করা জরুরি। একটি বিষয় মনে করা হচ্ছে, তা হলো সিএসবিএ বাড়লেই মাতৃমৃত্যু কমবে, হিসাবটি এত সরল নয়। একজন ডাক্তার বা প্যারামেডিক প্রশিক্ষণ শেষে নিয়মিত রোগী দেখছেন। কিন্তু একজন সিএসবিএ কেবল স্বাভাবিক প্রসবের সঙ্গে যুক্ত। তিনি নিয়মিত বিভিন্ন ধরনের রোগী দেখে অভ্যস্ত নন। মাঝেমধ্যে তাঁর কাছে জটিল রোগী আসবে। তখন তিনি এ রোগীর প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হবেন।রিয়াদ মাহমুদ: সিলেটে এই মুহূর্তে স্বাস্থ্যবিষয়ক চারটি কর্মসূচি চলছে। একটি কর্মপরিকল্পনার মাধ্যমে সমন্বয় করে কাজটিকে এগিয়ে নিতে হবে। নিয়মিত তদারকের ব্যবস্থা করতে হবে। ইউনিসেফ ৩০টি জেলায় সরকারের সঙ্গে এমএইচএস কর্মসূচি বাস্তবায়ন করছে। এখানে ব্র্যাকসহ অন্যান্য সংস্থা আছে। বিভিন্ন জনবল কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে সেবার আওতা বাড়ানো হয়েছে। কিছু ব্যবস্থা নিতে হলেও সেবাকেন্দ্রে ২৪ ঘণ্টা সেবার ব্যবস্থা করা দরকার। তা হলে সেবার গুণগত মান বাড়বে। বিনা মূল্যে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষার ব্যবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। রক্ত পরীক্ষার জন্য ২৫০ টাকা লাগে। কিন্তু গর্ভবতী অনেক মায়ের পক্ষে প্রয়োজনের সময় এই টাকা জোগাড় করা সম্ভব হয় না। গর্ভবতী মায়েদের মুঠোফোন নম্বর রাখা এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করা প্রয়োজন। প্রতিটি হাসপাতালে সরকারি খরচে মুঠোফোন ব্যবহার করা হয়।ইশতিয়াক মান্নান: কেবল প্রশাসনিক আদেশে সরকার এক বছরে সেবার মান উন্নত করতে পারে। এর জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। এখানে প্রশাসনের যে তিনজন আছেন, তাঁরা করতে পারবেন। ৭১ শতাংশ মা বাড়িতে প্রসব করান। তাঁদের মধ্যে ৬৮ শতাংশ কোনো সেবা পাচ্ছেন না। সিএসবিএদের প্রশিক্ষণ দিয়ে কমিউনিটি ক্লিনিকে পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে রাখা হয়েছে। প্রসবের কাজটি তাঁদের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে না। একই প্রশিক্ষণ নিয়ে সরকারি সিএসবিএ ১ শতাংশের কম প্রসব করাচ্ছেন, সেখানে বেসরকারি সিএসবিএরা ৪০ শতাংশ প্রসব করাচ্ছেন। সিএসবিএদের কেবল প্রসবের কাজে ব্যবহার করলে ইউনিয়ন স্বাস্থ্যসেবাকেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসব করানো সম্ভব। মন্ত্রণালয় থেকে উচ্চমানসম্পন্ন প্রভাবমুক্ত দুই সদস্যের কমিটি তদারক করবে ১৩২টি হাসপাতালে সরকারের নিয়োগপ্রাপ্ত একজন সার্জন ও একজন অ্যানেসথেসিস্ট থাকছেন কি না। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন, কিন্তু কাজ করছেন না। কেবল ইচ্ছাশক্তি দিয়ে এ কাজগুলো করা সম্ভব।ইউকি ইউসিমুরা: নিরাপদ মাতৃত্বের ক্যাম্পেইন (লক্ষ্য অর্জনভিত্তিক কাজ) নিয়ে কথা বলতে চাই। ক্যাম্পেইন বলতে কেবল র‌্যালি, আলোচনা নয়। ক্যাম্পেইনের মধ্যে একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকতে হবে। একটি নির্দিষ্ট কৌশল থাকতে হবে। সিএসবিএর উপস্থিতিতে বাড়িতে প্রসবের বিষয়টিতে অগ্রাধিকার দিতে হবে। সমাজকে একটি বিশেষ ধারণা দিতে হবে। তা হলো প্রসবের সময় একজন প্রশিক্ষিত সেবাদাতার উপস্থিতি প্রয়োজন। সবাই মিলে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে হবে। সবকিছু থাকা সত্ত্বেও সেবা প্রদানে কার্যকর উদ্যোগের অভাবে লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে না। সবার চিন্তাভাবনার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। আমরা কেবল হাসপাতালে জনবল বাড়ানোর কথা ভাবি। কিন্তু সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার কথা ভাবি না। হাসপাতালের জনবলকে যদি ঠিকভাবে উৎসাহ-উদ্দীপনা দেওয়া যায়, তাহলে অবশ্যই সেবার মান বাড়বে। হাসপাতালের সেবাদানকারীদের মানসিক পরিবর্তন আনতে হবে। তাহলে মানসম্মত সেবা পাওয়া যাবে।সামিনা চৌধুরী: দেড় কেজি ওজনের একটি বাচ্চা প্রসব করেছেন একজন মা। তার খিঁচুনি শুরু হয়েছে। অনেক চেষ্টা করলাম বাঁচানোর জন্য। বাঁচল না। নানির কোলে শবযাত্রী হলো দেড় কেজি ওজনের বাচ্চাটি। মা শুয়ে আছেন অপারেশন টেবিলে। বুঝতে পারছি, ধীরে ধীরে ধমনি নিঃশেষ হচ্ছে। ভাবলাম, সন্তানটিকে ডেকে আনি। সন্তানটি কাছে এল। মা সন্তানের হাতটি বুকের মধ্যে নিলেন। তারপর মা মারা গেলেন। এ রকম অনেক ঘটনার সাক্ষী। বলতে গেলে চোখে পানি আসে। মনে হয়েছে, সচিব মহোদয় মন থেকে বলেছেন, ‘আর একটি মায়ের মৃত্যুও দেখতে চাই না।’ আমরা সব মায়ের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনি সফল হোন। সফল হতে গেলে আপনাকে বিপ্লব ঘটাতে হবে। মাতৃমৃত্যু কোনো রোগের কারণে হয় না। পারিবারিক ও সামাজিক বৈষম্য, উদাসীনতা, অজ্ঞতা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, আপনি একা পারবেন না। শিক্ষা, যোগাযোগ, তথ্য, অর্থ, গণমাধ্যম সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।স্ট্যাসি শাহা: হাসপাতালে প্রয়োজনে-অপ্রয়োজনে সিজার করা হয়। ডাক্তার দেরি করতে পারছেন না, গর্ভবতী প্রসবের ব্যথা সহ্য করতে পারছেন না—এসব কারণে একজন মায়ের সিজার করা হয়। এটা খুবই অমানবিক। পার্টোগ্রাফের (প্রসবের সূচক) মাধ্যমে বোঝা যায়, কোনো মায়ের সিজার লাগবে কি লাগবে না। পার্টোগ্রাফের পর কোনো মায়ের যদি সিজার প্রয়োজন হয়, তাহলে তাঁর অবশ্যই সিজার করতে হবে। প্রয়োজন না হলে কোনো দরকার নেই। সিএসবিএদের ভালোভাবে পার্টোগ্রাফ প্রশিক্ষণ দিয়েছি। কিন্তু খোঁজখবর নিতে গিয়ে দেখি, তাঁরা পার্টোগ্রাফ করছেন না। জানতে চাইলাম, কেন করছেন না। বলেন, কেউ দেখে না, খোঁজখবর রাখে না ইত্যাদি। পার্টোগ্রাফের বিষয়টি অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তাহলে অনেক মা ঝুঁকি থেকে রক্ষা পাবেন।এম এম নিয়াজ উদ্দিন: আমি আসলে ভেতর থেকেই কিছু করার তাগিদ অনুভব করি। ইশতিয়াক মান্নান কর্মপরিকল্পনার কথা বলেছেন। আমি তাঁর সঙ্গে একমত। ইউনিয়ন পর্যায়ে দেড় হাজার প্রসব করাতে চাই। ২৪ ঘণ্টা সেবার ব্যবস্থা করতে হলে জনবল নিয়োগ দিতে হবে। এখন প্রতিটি কেন্দ্রে একজন এফডব্লিউভি (পরিবারকল্যাণ পরিদর্শক) আছেন। এখানে উপস্থিত মহাপরিচালকদের অনুরোধ করব, আরও একজন এফডব্লিউভির জন্য প্রস্তাব পাঠান। সরকার দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সিএসবিএদের স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট হিসেবে পদায়ন করার কথা বলা হয়েছে। এটি করতে পারলে ভালো হবে। বিষয়টি দেখব। ডাক্তাররা গ্রামে থাকতে চান না। সব বড় মানুষের সঙ্গে তাঁদের যোগাযোগ। আমরা এ ব্যাপারে কাজ করছি। আমি মিটিং, মিছিল, র‌্যালিতে বিশ্বাস করি না। সময় এসেছে কাজ করার। আজকের আলোচনায় অনেক সুচিন্তিত মতামত ও পরামর্শ এসেছে। এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।আব্দুল কাইয়ুম: দেশের জন্য নিরাপদ মাতৃত্বের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। অনেক পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। আশা করি, সরকার এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।