নিরাপদ হোক মাতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্ব প্রকৃতির খুব স্বাভাবিক ও জরুরি বিধান। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের উৎকর্ষের ফলে ভূমিষ্ঠ হওয়ার অনেক আগেই জানা যায়, শিশুটি ছেলে না মেয়ে। ছেলে হলে তো কথা নেই, কিন্তু মেয়ে হলেই শুরু হয় বিপত্তি। আবার এখনো গর্ভবতী মাকে প্রয়োজনের চেয়ে কম খেতে দেওয়া হয়। একজন নারীর প্রতিদিন ১৮০০-২০০০ ক্যালরি ভিটামিন ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। গর্ভবতী মায়ের তো আরও বেশি দরকার। কারণ, এই খাবারে দুটি প্রাণ স্বাভাবিক থাকবে। এমন আচরণে গর্ভবতী মায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ফলে সন্তান মানসিক প্রতিবন্ধীসহ শারীরিকভাবেও বিকলাঙ্গ হতে পারে।
গ্রামাঞ্চলে গর্ভবতী মায়ের অনেক খাবারে নিষেধাজ্ঞা থাকে। লাউশাক, কুমড়ার শাক খেলে সন্তানের গায়ে অতিরিক্ত পশম হয়। তালের শাঁস খেলে চোখ সাদা হবে। টাকি, বোয়ালসহ বড় মুখওয়ালা মাছ খেলে সন্তানের মুখ বড় হয়ে যাবে, বেশি পানি পান করলে শরীরে পানি জমবে প্রভৃতি নানা অজুহাতে গর্ভবতী মাকে খেতেই দেওয়া হয় না। ফলে গর্ভবতী মা শুরুতেই পুষ্টিহীনতায় ভোগেন। এখন পর্যন্ত পুষ্টিহীনতাই নবজাতকের মৃত্যুর প্রধান কারণ বলে ধরা হয়। এসব কুসংস্কারের পাশাপাশি গর্ভস্থ শিশু মেয়ে হলেও নারীকে নানাভাবে অবহেলা ও অনাদর সইতে হয়। আবার সম্প্রতি পত্রিকার খবর অনুসারে, দেশে বাল্যবিবাহের হারও কমেনি।
মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকবে। সুস্থ সন্তানই আগামী দিনে সুস্থ জাতি গড়বে। তাই সন্তান মায়ের গর্ভে আসার পর থেকেই মায়ের প্রতি সহানুভূতি ভালোবাসার হাত সম্প্রসারিত করা উচিত।
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।