নিরোধ আইন ও বেহুলার বাসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘর বানাইও বিশ্বকর্মা

আমার নিষেধ নাই
লখার বাসরঘরে একখান
ছেন্দা রাখন চাই।’

মনসামঙ্গল কাব্যের বেহুলা-লখিন্দরের কাহিনি আমরা অনেকেই জানি। পুত্র লখিন্দরকে যাতে বিয়ের রাতে সাপে না কাটতে পারে, তার জন্য বিশ্বকর্মাকে নিশ্ছিদ্র লোহার বাসর তৈরি করতে বলে চাঁদ সওদাগর। ওদিকে মেয়ে মনসার অনুরোধে শিব বিশ্বকর্মাকে সেই লোহার বাসরে একটি সূক্ষ্ম ছিদ্র রাখার কথা বলে দেয়। ব্যস! কেল্লা ফতে। লখিন্দরের সর্পদংশন।
তো আমাদের বাল্যবিবাহ নিরোধ আইনেও ছিদ্র রাখা আছে। গত ২৪ নভেম্বর বিয়ের জন্য মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়সের শর্ত রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৮ ডিসেম্বর বিল হিসেবে সংসদে আইনটি উত্থাপন করা হয়েছে। বিলে বিশেষ বিধান সম্পর্কে বলা হয়েছে, ‘এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশনাক্রমে এবং মাতা-পিতার সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।’ এই আইনের পক্ষে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে একটি মেয়ে যদি কোনো কারণে ১২-১৩ বা ১৪-১৫ বছর বয়সে গর্ভবতী হয়ে যায় অথচ গর্ভপাত করানো গেল না, তাহলে যে শিশুটি জন্ম নেবে, তার অবস্থান কী হবে? তাকে কি সমাজ গ্রহণ করবে?...এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই নতুন আইন।
এই ‘বিশেষ বিধান’ই হচ্ছে সেই ছিদ্র, যা দিয়ে সর্বনাশের সর্প প্রবেশের আশঙ্কা করছেন গবেষক ও সমাজ বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রীর বক্তব্যে হয়তো তাঁর দরদি হৃদয়ের দ্বার উন্মোচিত হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা একমত হতে পারছেন না। অনলাইন পত্রিকায় উদ্বিগ্ন সমাজসচেতন লেখক লিখেছেন যে সমাজে বিশেষ পরিস্থিতিতে সৃষ্ট অবৈধ সন্তানকে আইনগত বৈধতা দেওয়া বেশি জরুরি, নাকি এমন ‘বিশেষ পরিস্থিতি’ বা ‘অবৈধ সন্তান’ যেন জন্ম না হয়, সেটি নিশ্চিত করা অধিক গুরুত্বপূর্ণ। আইনে এই বিধান রাখলে সমাজে অবৈধ সন্তান জন্মদানের যদি হিড়িক পড়ে যায়, তাহলে বাল্যবিবাহ ঠেকানো যাবে কীভাবে? এই আইনের কার্যকারিতাই বা কীভাবে হবে? অভিজ্ঞতা বলে, এই বিশেষ বিধান যদি যুক্ত করা হয়, তাহলে ধর্ষক ও প্রভাবশালী ব্যক্তিরাই এর সুবিধা নেবে। আমাদের দেশে প্রভাবশালী ব্যক্তিরা গ্রামগঞ্জে এখনো অল্পবয়সী মেয়েদের বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। বিশেষ বিধানের সুযোগে তারা একটি মেয়েকে আটকে রেখে গর্ভধারণে বাধ্য করতে পারে। কদিন চুপচাপ থাকার পর প্রভাবশালী ব্যক্তিরা আইনের মাধ্যমে এই অপরাধেরও বৈধতা পাবে। একটা অবৈধ ব্যবস্থাকে তারা আইনের মাধ্যমে বৈধ করে নেবে। আইনের অপব্যবহারের এমন সুযোগ রাখা হচ্ছে কোন যুক্তিতে?
যেন ধরেই নেওয়া হচ্ছে, ১২ থেকে ১৬ বছরের কোনো মেয়ে তার প্রেমিকের সঙ্গে মেলামেশার ফলে গর্ভবতী হয়ে পড়লে সন্তানের পরিচয়ের সুবিধার জন্য বিশেষ বিধানের আওতায় বিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রেমিকের বয়সের কোনো বিধিবিধান নেই। অভিযুক্ত প্রেমিকদের বয়স ২১-এর কম হলে তারা কোন বিধানের আওতায় পড়বে? প্রেমিক যদি প্রেমিকার সমবয়সী হয় এবং স্ত্রী-সন্তান প্রতিপালনের সক্ষমতা না থাকে, তখন কী হবে? এখনো আমাদের দেশে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রেমের বিয়েই বেশির ভাগ পরিবার মেনে নেয় না, সেখানে অপ্রাপ্ত বয়সী বিয়ের আগেই গর্ভধারণ করা মেয়েটিকে তার শ্বশুরবাড়ির লোকজন ‘এসো মা লক্ষ্মী’ বলে কোলে টেনে নেবে—এ কথা বিশ্বাস করা কি কঠিন নয়? সরকার কি ওই মেয়েটিকে পুলিশ প্রহরায় জীবন কাটানোর সুযোগ দেবে? ১২-১৩ বছর কেন? নারীদের প্রজনন-প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয় সাধারণত ১০-১৬ বছরের মধ্যে। কোনো কোনো মেয়ের ৯ বছর বয়সে। আর যদি একটি ৯ বছরের মেয়ে চল্লিশ বা তদূর্ধ্ব বয়সের কোনো পুরুষ কর্তৃক ধর্ষণের পর গর্ভবতী হয়ে পড়ে (অবাক হওয়ার কিছু নেই, এই কয়েক দিন আগেই দিনাজপুরে পাঁচ বছরের শিশু পূজাকে ধর্ষণ করেছে ৪২ বছরের সাইফুল ও ৪৮ বছর বয়সী আফজাল), কেবল তার সন্তানের পরিচয়ের জন্য ওই ধর্ষকের সঙ্গে বিয়ে দিতে হবে? আর যদি ভিন্ন ধর্মের দুজনের প্রেম বা ধর্ষণের ফলে গর্ভধারণ হয় কোনো মেয়ের, কোন ধর্মমতে তাদের বিয়ে হবে, তা কি বিশেষ বিধানে রাখা আছে?
আমাদের দেশে এখনো প্রায় ৬৬ শতাংশ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। আর এর অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে মেয়েদের অকালমাতৃত্ব এবং একই সঙ্গে মা ও নবজাতকের মৃত্যুর আশঙ্কা। বাংলাদেশ মা ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নবজাতকের মৃত্যু প্রতি হাজারে ৪২ থেকে কমে ২৩ হয়েছে, যার কমবেশি সাফল্য বর্তমান সরকারেরও। জাতিসংঘের ২০১০ সালের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৬৯টি দেশের মধ্যে ‘সবচেয়ে নিচু’ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১২৯তম। কিন্তু নারী উন্নয়নের দিক থেকে এ বছরই বাংলাদেশের অবস্থান ৮২তম (‘জেন্ডার ব্যবধান’, বিশ্ব অর্থনৈতিক ফোরাম)। নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রীর উদ্যোগ, পরিকল্পনা ও বাস্তবায়ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখার জন্য বিভিন্ন সংগঠনের জেন্ডার বিশেষজ্ঞ, নারীনেত্রীসহ দেশের সচেতন নাগরিকদের বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধির ছিদ্রান্বেষণে নিরুৎসাহিত করাই উত্তম। তা না হলে বেহুলার পালায় একেকটি স্তবকের পর যে লাইনটি বারবার গাওয়া হয়, তা হয়তো আমাদেরও গাইতে হবে, ‘রে বিধির কী হইল গো...’।
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।
[email protected]