নির্দলীয় নির্বাচনের 'আওয়ামীকরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি এখনো আদালতে বিচারাধীন। তবে আদালত যেহেতু নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করেননি, শুধু কারণ দর্শানো নোটিশ দিয়েছেন, সেহেতু সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো দেশে জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা। এ ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত। আওয়ামী লীগের মনোনীত বা সমর্থিত প্রার্থীরাও প্রস্তুত। কিন্তু এখানে জনগণের প্রস্তুতির কোনো ব্যাপার নেই; কারণ, তাদের এ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
প্রশ্ন উঠেছে নির্বাচনের ধরন ও পদ্ধতি নিয়ে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছিলেন। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন জটিলতা এড়াতে পরোক্ষ ভোটব্যবস্থা বেছে নিয়েছেন। অনেকে মনে করেন, এর মাধ্যমে বাংলাদেশে আইয়ুব খান-প্রবর্তিত ‘বেসিক ডেমোক্রেসি’ ফিরে এল। আইন অনুযায়ী, এ নির্বাচনের ভোটার হলেন স্থানীয় সরকার সংস্থার সব নির্বাচিত প্রতিনিধি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা জেলা পরিষদের চেয়ারম্যান, ১০টি সাধারণ সদস্যপদ এবং ৫টি সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচন হবে। আওয়ামী লীগ ছাড়া কোনো দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে দুই-একজন অনুপ্রবেশকারী ছাড়া ক্ষমতাসীন প্রধান দলটির বাইরে ৬১টি জেলার পরিষদে অন্য কারও প্রতিনিধিত্ব থাকছে না।
জেলা পরিষদ স্থানীয় সরকার সংস্থার তৃতীয় ধাপ। প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন দ্বিতীয় ধাপ উপজেলা পরিষদ। বিভিন্ন স্থানীয় সরকার সংস্থায় সংখ্যায় কম হলেও আওয়ামী লীগের বাইরের জনপ্রতিনিধিও আছেন। এখন হয় তাঁরা ভোট বর্জন করবেন, অন্যথায় আওয়ামী লীগের প্রার্থীকেই (হোন তিনি মনোনীত বা বিদ্রোহী) ভোট দিতে হবে। অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে এই নির্বাচন।
তবে এ নির্বাচনের এমনই মাজেজা যে পাবনা জেলা পরিষদের জন্য আওয়ামী লীগ থেকে ৭০ জন প্রার্থী হওয়ার বাসনা ব্যক্ত করেছিলেন। আওয়ামী লীগ নেতৃত্ব প্রার্থী মনোনয়ন কিংবা সমর্থনের বিষয়ে যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন। প্রথমত, তাঁরা নির্বাচন করতে আগ্রহী ২ থেকে ৭০ জন প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নিয়েছেন। আবার যেখানে তাঁরা প্রার্থী বাছাই করতে পারেননি, সেখানে প্রার্থী হতে ইচ্ছুক সবার জন্য দ্বার অবারিত রেখেছেন। বলেছেন, তাঁদের ভাষায়, ‘তোমরা সবাই প্রতিদ্বন্দ্বিতা করো। যে নির্বাচিত হবে, তাকেই মেনে নেওয়া হবে।’
আওয়ামী লীগের নেতৃত্ব যদি এই বিধানটি সব ক্ষেত্রে করতেন এবং বলতেন যে দল কাউকে সমর্থন বা মনোনয়ন দেবে না; প্রার্থী যেই দল থেকেই নির্বাচিত হোন না কেন, তাঁকে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে দেওয়া হবে। কারও বিরুদ্ধে মামলা থাকা মানে তিনি অপরাধী সাব্যস্ত হন না। আর সেটি যদি না হয়, তাহলে বিরোধী দল থেকে নির্বাচিত মেয়ররা কেন দায়িত্ব পালন করতে পারবেন না? আওয়ামী লীগের মন্ত্রীরা যদি নিম্ন আদালতের দণ্ড মাথায় নিয়ে মন্ত্রিত্ব করতে পারেন, তাহলে বিএনপির মেয়ররা মামলা মাথায় নিয়ে কেন মেয়রের দায়িত্ব পালন করতে পারবেন না? এক যাত্রায় তো দুই ফল হতে পারে না।
এখানে উল্লেখ্য, আওয়ামী লীগ ছাড়া কোনো দলই জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না। সরকারের শরিক জাতীয় পার্টিও নির্বাচন করছে না। ২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জনের জন্য আওয়ামী লীগ বিরোধী দলকে অভিযুক্ত করে থাকে। তারা নাকি গণতন্ত্রই ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এখন জাতীয় পার্টির নির্বাচন না করাকে সরকার কীভাবে ব্যাখ্যা করবে? যে দেশের মানুষ ভোটপাগল, সে দেশে নির্বাচন না করা বা বর্জন কেন? উত্তরটা সহজ, সবাই জানে নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের বাইরে কেউ আসন পাবে না। সরকার সব স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে করার ঘোষণা দিলেও এটি করছে নির্দলীয়ভাবে। এখানেও বৈপরীত্য লক্ষণীয়।
সোমবার প্রথম আলোয় প্রকাশিত ‘জেলা পরিষদেও ফেনী স্টাইল’ প্রতিবেদনে বলা হয়, ‘৬১ জেলার মধ্যে এক-তৃতীয়াংশের বেশি আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে বিজয়ী হওয়ার পথে। ৩০ জেলায় দলীয় সমর্থিত প্রার্থীর বাইরেও আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তবে দলের নেতারা মনে করছেন, বেশির ভাগ জেলায় দলীয় সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন। পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। তবে এ ক্ষেত্রেও ফেনী নজির সৃষ্টি করেছে। সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও ১৫টি সাধারণ সদস্য ও পাঁচটি সংরক্ষিত নারী সদস্য পদের সবগুলোতেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও সদস্য পদে বিপুলসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা স্থানীয় সরকার নির্বাচনে “ফেনী স্টাইল” নামে পরিচিতি পায়।’
প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, ২২ জেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বাইরে আর কেউ প্রার্থী হননি। ফলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। অর্থাৎ ৩৬ শতাংশ জেলায় চেয়ারম্যান পদে ভোট হবে না। ৩৯ জেলায় একাধিক প্রার্থী রয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী। এর মধ্যে ৩০ জেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ৫০ জন দাঁড়িয়ে গেছেন।
আওয়ামী লীগ যেসব জায়গায় প্রার্থী মনোনয়ন করতে পারেনি, সেসব জায়গা উন্মুক্ত রেখেছে। আবার কোথাও কোথাও চাপ দিয়ে বা অনুরোধ করে বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দেওয়া হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা নির্বাচিত হয়েছেন, আর যেসব জেলায় প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেসবের মধ্যে ফারাকটা ধরিয়ে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের দুজন নেতা। তাঁরা বলেছেন, বিদ্রোহী প্রার্থী বেশি হলে টাকা দিয়ে ভোট কেনার প্রবণতা বাড়বে। যাক, আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগের ঘরেই থাকবে। ইউপি নির্বাচন প্রসঙ্গে একজন কেবিনেট মন্ত্রী তাঁর জেলা আওয়ামী লীগ সভাপতি উৎকোচ নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।
জেলা পরিষদে উৎকোচের পরিমাণটি বাড়বে বলেই ধারণা করি।