
‘আমাদের মূল্যায়ন হলো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছিলেন (পুতিন অডার্ড অ্যান ইনফ্লুয়েন্স ক্যাম্পেইন)। রাশিয়ার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর (মার্কিন) জনগণের আস্থা ক্ষুণ্ন করা, সেক্রেটারি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কুৎসা রটানো এবং তাঁর নির্বাচিত হওয়ার ও প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার ক্ষতি করা। আমাদের আরও মূল্যায়ন হলো, পুতিন ও রাশিয়ার সরকার স্পষ্টভাবেই প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের পক্ষ নিয়েছিলেন।’
এই কথাগুলো লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের তিন প্রধান গোয়েন্দা সংস্থা এনএসএ, সিআইএ ও এফবিআইয়ের এক যৌথ মূল্যায়নপত্রে। গত ৬ জানুয়ারি তারা ওই মূল্যায়নপত্র প্রকাশ করেছে। ‘অ্যাসেসিং রাশান অ্যাকটিভিটিজ অ্যান্ড ইনটেনশনস ইন রিসেন্ট ইউএস ইলেকশনস’ শিরোনামের ২৫ পৃষ্ঠার ওই দলিলকে বলা হয়েছে ‘অতি গোপনীয়’ এক মূল্যায়নপত্রের ‘ডিক্লাসিফাইড ভার্সন’। এটির উপসংহার এবং সেই অতি গোপনীয় মূল্যায়নপত্রের উপসংহার একই, কিন্তু পুতিনের ‘ক্যাম্পেইন ইনফ্লুয়েন্স’ করার কার্যক্রমের মূল উপাদানগুলো সম্পর্কে সম্পূর্ণ ‘সাপোর্টিং ইনফরমেশন’ এই ডিক্লাসিফাইড ভার্সনে নেই। নিউইয়র্ক টাইমস লিখেছে, মার্কিন নির্বাচনে ক্রেমলিনের ঘোঁট পাকানোর (মেডলিং) কোনো ‘কংক্রিট এভিডেন্স’ গোয়েন্দাদের ওই দলিলে নেই বলে রাশিয়ায় রাজনীতিবিদ ও ভাষ্যকারেরা ওটা নিয়ে ‘ব্যঙ্গ-বিদ্রূপের ঝড়’ তুলেছেন (আ স্টর্ম অব মকারি)।
অর্থাৎ পুতিন ও রাশিয়ার বিরুদ্ধে ওবামা প্রশাসন ও মার্কিন গোয়েন্দাদের অভিযোগ সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হলো না। মার্কিন গোয়েন্দাদের ওই মূল্যায়নপত্র প্রকাশের পরও বিশ্ববাসী জানতে পারছে না, তাঁরা কী কী বাস্তব প্রমাণের ভিত্তিতে এই মূল্যায়নে পৌঁছেছেন যে প্রেসিডেন্ট পুতিন হিলারিকে হারানো আর ট্রাম্পকে জেতানোর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু মার্কিন গোয়েন্দাদের অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার সুযোগও তেমন নেই। বরং অনেকে বিশ্বাস করেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ‘হ্যাক’ হওয়ার পেছনে রাশিয়ার হাত ছিল। তাঁদের এমন বিশ্বাস জোরালো হয়েছে পুতিন ও রাশিয়া সম্পর্কে ট্রাম্পের মধুর মধুর বচন শুনে। তা ছাড়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রকাশ্য হিলারি-বিদ্বেষ এবং পুতিনের সঙ্গে সুসম্পর্ক, হিলারির নির্বাচনী প্রচারাভিযানের চেয়ারম্যান জন পোডেস্টার ই-মেইল ভান্ডার উইকিলিকসের মাধ্যমে ফাঁস হওয়া—এসব যোগসূত্র বিবেচনায় নিলে মার্কিন গোয়েন্দাদের অভিযোগ সত্য বলে মনে হতেও পারে।
কিন্তু ‘নির্বাচন হ্যাক’ আসলেই কারা করেছেন, তা চূড়ান্তভাবে প্রমাণ বা অপ্রমাণ করার উপায় আমাদের হাতে নেই। যাঁরাই করে থাকুন, কাজটার তাৎপর্য নিয়ে আমরা ভেবে দেখতে পারি। এই ‘হ্যাকে’র ঘটনা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিশ্চিতভাবেই প্রভাবিত করেছে। প্রভাবের মাত্রা হয়তোবা নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মতো ‘ডিসাইসিভ’ ছিল না। কিন্তু প্রভাবিত যে করেছে, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু কী পন্থায় প্রভাবিত করেছে?
হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসা কিংবা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভিত্তিহীন প্রশংসা প্রচারের মাধ্যমে নয়। জুলিয়ান অ্যাসাঞ্জ যদি আমেরিকান ভোটারদের প্রতি আহ্বান জানাতেন, ‘আপনারা কেউ হিলারিকে ভোট দেবেন না’, তাহলে হিলারির একটা ভোটও সম্ভবত কমত না। আর প্রেসিডেন্ট পুতিন যদি আমেরিকান ভোটারদের প্রতি আহ্বান জানাতেন, ‘আপনারা ট্রাম্পকে ভোট দিন’, তাহলে ট্রাম্পের ভোট কমে যেতে পারত।
‘হ্যাকিংয়ের’ মাধ্যমে যা ঘটেছে, তা এই দুইয়ের উল্টো।
হ্যাকাররা ডেমোক্রেটিক পার্টির পরিচালনা পর্ষদ ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ই-মেইল ভান্ডার এবং হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারাভিযানের চেয়ারম্যান জন পোডেস্টার ই-মেইল অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ই-মেইল চুরি করে পাঠিয়ে দিয়েছে উইকিলিকসকে। উইকিলিকস এমন এক ওয়েবসাইট, যেখানে ফাঁস হওয়া কোনো নথিপত্র এ পর্যন্ত ভুয়া বা জাল বলে প্রমাণিত হয়নি। ডিএনসির ও পোডেস্টার ই-মেইলগুলোর ‘অথেনটিসিটি’ নিয়েও কেউ কোনো প্রশ্ন তোলেনি। উল্লেখ করা দরকার, জন পোডেস্টা প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ছিলেন। তিনি প্রেসিডেন্ট ওবামার ‘নির্বাহী কার্যালয়ে’র একজন বড় কর্মকর্তা এবং প্রেসিডেন্টের পরামর্শকও (কাউন্সিলর টু দ্য প্রেসিডেন্ট)। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারাভিযানের চেয়ারম্যান করা হয়। ওবামা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে কয়েক বছর ধরে তাঁর যেসব ই-মেইল চালাচালি হয়েছে, হ্যাকাররা সেগুলোও চুরি করে উইকিলিকসকে পাঠিয়ে দিয়েছে।
উইকিলিকস ডিএনসি ও পোডেস্টার ই-ইমেল ভান্ডারের কয়েক হাজার ই-মেইল ‘সার্চ-অ্যাবল ফরম্যাটে’ সাজিয়ে কয়েক দফায় তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সারা দুনিয়ার সংবাদমাধ্যম উইকিলিকস থেকে সেসব ই-মেইল ডাউনলোড করে সেগুলোর তথ্য ব্যবহার করে প্রতিবেদন রচনা করে প্রকাশ করেছে। যদিও নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদমাধ্যমে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের বিরুদ্ধে ও হিলারির পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছিল, তবু তারা ফাঁস হওয়া ই-মেইলগুলোর তথ্য ব্যবহার করে এমন অনেক প্রতিবেদন তৈরি করে প্রকাশ করেছে, যেগুলো স্পষ্টতই হিলারির বিরুদ্ধে গেছে।
ডিএনসির ই-মেইলগুলো থেকে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক রীতিনীতি চর্চায় অসততা, প্রেসিডেন্ট পদের জন্য দলের মনোনয়নপ্রার্থী বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে কারসাজির তথ্যপ্রমাণ বেরিয়ে এসেছে। ওয়াশিংটন পোস্ট সেসব বিস্তারিত ছেপেছে। ই-মেইল ফাঁস হওয়ার পর ডিএনসির চেয়ারপারসন ডেবি ওয়াসারম্যান শুলৎস পদত্যাগ করতে বাধ্য হন। ডিএনসি আনুষ্ঠানিকভাবে বার্নি স্যান্ডার্স ও তাঁর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে। আর জন পোডেস্টার ই-মেইলগুলো ফাঁস হওয়ার পর জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় হিলারি ক্লিনটন কীভাবে ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করেছেন, কারা কী ব্যবসায়িক সুবিধার বিনিময়ে ক্লিনটন ফাউন্ডেশনকে লাখ লাখ ডলার ‘চাঁদা’ দিয়েছে। এভাবে, মার্কিন গোয়েন্দাদের ভাষায়, ‘সেক্রেটারি হিলারির বিরুদ্ধে কুৎসা রটানো’ হয়েছে, তাঁর ‘ইলেকটিবিলিটি অ্যান্ড পোটেনশিয়াল প্রেসিডেন্সি’র ক্ষতি করা হয়েছে!
আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো বলছে, হ্যাকিংয়ের মাধ্যমে গোপনীয় তথ্য চুরি করে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে ‘আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মার্কিন জনগণের আস্থা ক্ষুণ্ন করা’র উদ্দেশ্যে। কিন্তু প্রকৃতপক্ষে হ্যাকারদের এই ‘সাইবার অপরাধ’ শেষ পর্যন্ত আমেরিকান ভোটারদের ‘ইনফর্মড ওপিনিয়ন’ গঠনের কাজে লেগেছে। এই তথ্য চুরি এবং উইকিলিকসের মাধ্যমে তা সবার জন্য সহজলভ্য করার মধ্য দিয়ে আসলে আমেরিকার আমেরিকান গণতান্ত্রিক সংস্কৃতির বিরাট উপকার করা হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করার দোষ যদি হ্যাকারদের দেওয়া হয়, তাহলে সেই দোষের কিছু অংশ নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমেরও প্রাপ্য হয়। কারণ, সংবাদমাধ্যমগুলো হ্যাকারদের চুরি করা ই-মেইলগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে ভোটারদের সামনে উপস্থাপন করেছে বলেই ভোটাররা গোপনীয় অনেক বিষয় জানতে ও বুঝতে পেরেছেন এবং কাকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত নিয়েছেন।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]