নির্বাচন কমিশন কেন আগে পারেনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁকে অভিনন্দন। যেকোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর জন্য বিজয় সাধারণত দুরূহ হয়ে থাকে। কেননা সাধারণভাবে ভোটারদের মধ্যে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভোটারদের মধ্যে একধরনের ‘অ্যান্টি ইনকামবেনসি’ ভোট দেওয়ার প্রবণতা রয়েছে। সেলিনা হায়াৎ আইভী একাধারে মেয়র ছিলেন এবং ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী; ফলে তাঁর জন্য এই বিজয় নিঃসন্দেহে কঠিন ছিল। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করলেন। রাজনীতিতে তাঁকে স্বাগত। এই নির্বাচনের ফলাফলের পাশাপাশি যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত তা হচ্ছে: নির্বাচন সবার অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। এই চারটি বিষয় যেকোনো নির্বাচনের স্বাভাবিক লক্ষণ হওয়া উচিত। কিন্তু পাঠকদের মনে করিয়ে দেওয়ার কারণ নেই কেন ২০১৬ সালে স্থানীয় পর্যায়ের একটি নির্বাচনের ক্ষেত্রে এই উপাদানগুলো এতটা গুরুত্বপূর্ণ। ২০১৪ সাল থেকে কার্যত সব নির্বাচনই যেখানে বিতর্কিত, সেখানে নারায়ণগঞ্জের এই ব্যতিক্রমী নির্বাচন কেন সম্ভব হলো? এ থেকে আমরা কী বুঝব?

প্রথমেই বিবেচনায় নিতে হবে যে ভোট গ্রহণ এক দিনের বিষয় হলেও নির্বাচন এক দিনের বিষয় নয়। এটি একটি
প্রক্রিয়া, যার সূচনা ঘটে ভোটের অনেক আগে। নির্বাচন-প্রক্রিয়ার শুরু থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ এবং ব্যক্তিগত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আমার ধারণা, নারায়ণগঞ্জের এই সফল নির্বাচনের পেছনে কাজ করেছে চারটি উপাদান: রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক নিরপেক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ সক্রিয় উপস্থিতি। এই চারটি উপাদান বলতে আমি কী বোঝাচ্ছি তা ব্যাখ্যা করা দরকার।

রাজনৈতিক সদিচ্ছা কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। সাধারণত আমাদের মনে হয় এটি একটি বিমূর্ত ধারণা। কিন্তু বাস্তবে এটি বিমূর্ত বিষয় নয়, প্রতি ক্ষেত্রেই এর কতকগুলো সুনির্দিষ্ট রূপ আছে। এই নির্বাচন কোনো ব্যতিক্রম নয়। ফলে এই নির্বাচনের ক্ষেত্রে সেই সদিচ্ছার বিষয়টি তার উপাদানগুলোর মধ্য দিয়ে বিচার করতে হবে। প্রথম উপাদান ক্ষমতাসীনদের ইচ্ছা। ক্ষমতাসীন বলতে সরকারি দল এবং সরকার উভয়ই। এ ক্ষেত্রে ক্ষমতাসীনেরা যে প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য উদ্যোগী ছিল না, সেটা উল্লেখ করা দরকার। এই ইচ্ছার বিভিন্ন রকমের প্রকাশ আমরা অতীতে দেখেছি। জাতীয় পর্যায়ের নির্বাচনের কথা বাদ দিলাম, ২০১৩ সালের পর এর অনেক উদাহরণ আছে। তার মধ্যে উসকানিমূলক বক্তব্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধী কর্মীদের হেনস্তা করা, আটক করা, পুরোনো মামলার সূত্রে তাঁদের বাড়ি বাড়ি খোঁজা—এ রকম ঘটনা ঘটেছে। এমনকি অস্ত্র উদ্ধারের নামে একধরনের ভীতিকর পরিবেশও তৈরি করা হয়েছে।

দ্বিতীয়ত, ক্ষমতাসীন দলের কর্মীদের নিয়ন্ত্রণে রাখা। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে থেকেই বোঝা যাচ্ছিল এবং নির্বাচনের দিন স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে ক্ষমতাসীন দল তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে হয় অপারগ, নয় অনুৎসাহী। নারায়ণগঞ্জের নির্বাচন প্রমাণ করেছে সেই সময়ে দল অনুৎসাহীই ছিল। কেননা ইচ্ছা থাকলে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে।

রাজনৈতিক সদিচ্ছার তৃতীয় দিক হচ্ছে, দলের কেন্দ্রীয় নেতাদের আচরণ। এ ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দল বিএনপির নেতারা প্রশংসার যোগ্য। আওয়ামী লীগের নেতারা এই নির্বাচনকে কেন্দ্র করে অতিরিক্ত বাক্য বিস্তার করেননি, সেটি তাঁদের প্রাজ্ঞ রাজনৈতিক বিবেচনার উদাহরণ। এই নির্বাচনের যেকোনো ফলাফলই যে দল ও সরকারের জন্য ইতিবাচক তা তাঁরা জানতেন; তাই তাঁরা সংযম দেখিয়েছেন। প্রায় দুই বছর ধরে মূলধারার রাজনীতিতে বিরূপ পরিস্থিতি সত্ত্বেও বিএনপি এই নির্বাচনে কার্যকরভাবে অংশ নিয়েছে। যদিও এই নির্বাচন জাতীয় নির্বাচন নয়, এতে ক্ষমতার হাতবদলের প্রশ্ন অবান্তর, তথাপি বিএনপির নেতারা যে একে অস্তিত্বের লড়াইয়ে পরিণত করেননি, সে জন্য তাঁরা প্রশংসা দাবি করতে পারেন। দলটির কেন্দ্রীয় নেতারা যে বাক্য ব্যবহারে সংযম দেখিয়ে উত্তেজনা তৈরির পথে অগ্রসর হননি তা নিশ্চয়ই সবার চোখে পড়ে থাকবে।

রাজনৈতিক সদিচ্ছার চতুর্থ দিক হচ্ছে প্রার্থীদের আচরণ। দুই প্রধান প্রার্থী, এই নির্বাচন তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হলেও, যে আচরণ করেছেন তা অন্যদের জন্য শিক্ষণীয় বলেই অনেকে মন্তব্য করেছেন; আমি তাঁদের সঙ্গে একমত। প্রার্থীদের আচরণের খবর যতটা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে আমার ধারণা হচ্ছে তাঁরা জানেন, একটা নির্বাচনে পরাজয় কোনো রাজনীতিবিদের ‘রাজনৈতিক জীবনাবসান’ ঘটায় না। দুর্ভাগ্যজনক যে কোনো কোনো পেশাদার সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ঠিক বিপরীত ধারণাই দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচনের প্রক্রিয়াকে ‘জীবন-মরণের লড়াই’-এ পরিণত করলে তার ফল ইতিবাচক হয় না। তখন প্রার্থীদের মধ্যে ‘যেকোনো মূল্যে’ জেতার প্রবণতা তৈরি হয়। আর তাতে করে ভোটাররা নির্বাচনে অংশ নিতে আগ্রহী হন না।

নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন ও জাতীয় পর্যায়ে সরকার এই নির্বাচন-প্রক্রিয়ার শুরু থেকে নিরপেক্ষ অবস্থান নিয়েছে বলেই ভোটারদের কাছে প্রতীয়মান হয়েছে। ফলে প্রার্থীরা ও সংশ্লিষ্ট দলগুলো এ নিয়ে প্রশ্ন তুলতে সক্ষম হয়নি। কেননা তাঁরা জানেন যে এ ধরনের প্রশ্ন তুলে তাঁরা সাধারণ ভোটারদের কাছ থেকেই বিচ্ছিন্ন হবেন। এ ধরনের পরিস্থিতির একটা ‘ইতিবাচক বৃত্তচক্র’ বা ‘ভার্চুয়াস সার্কেল’ আছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে এসেছে শঙ্কার পাশাপাশি আশাবাদ ও আস্থা বৃদ্ধি পেয়েছে। আর সেই আশাবাদের কারণে যখন ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন, যত ভোটার এসেছেন ততই এর ব্যত্যয়ের সুযোগ সীমিত হয়েছে। কিন্তু এই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে পারত ভোটের দিন সকালে, এমনকি ফল ঘোষণার সময়ও। বাংলাদেশে তার উদাহরণ অতীতে আছে।

>তাঁরা যদি রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক নিরপেক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ সক্রিয় উপস্থিতি—এই মূল বিষয়গুলোর দিকে মনোযোগ দেন, তবেই নারায়ণগঞ্জের সুষ্ঠু নির্বাচন থেকে সারা দেশের ভোটাররা লাভবান হবেন

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বলতে প্রাথমিকভাবে আমি নির্বাচন কমিশনের দিকেই অঙ্গুলি নির্দেশ করছি। ‘কমিশন চাইলে পারে’ বলে যে কথাটা প্রচারিত হচ্ছে, সেটা আংশিক সত্য। কেননা আগে যেসব শর্তের কথা উল্লেখ করেছি, সেগুলোর অনুপস্থিতিতে কমিশন ‘পারে’ বলে মনে করার কারণ নেই। আমি এগুলোকে পূর্বশর্ত বলেই বিবেচনা করি। কিন্তু সক্ষমতার উদাহরণ এখানে যে কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে, যেগুলো ব্যবহারে কমিশনের কর্মকর্তাদের উৎসাহ আগে পরিলক্ষিত হয়নি। প্রাসঙ্গিকভাবে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের প্রতি একটা অনুরোধ রাখতে চাই। এটাই ছিল এই নির্বাচন কমিশনের প্রত্যক্ষ ভোটের শেষ নির্বাচন; তাঁরা কি বিদায় নেওয়ার আগে সবাইকে বলতে পারেন কেন তাঁরা আগে পারেননি এবং কেন এখানে পারলেন?

প্রাতিষ্ঠানিক সক্ষমতার আরেকটি দিক হলো সংশ্লিষ্ট সবার সক্ষমতা। সব রাজনৈতিক দল ও স্থানীয় প্রশাসন তাদের কাজে সাফল্য দাবি করতে পারে। তারা যদি সেগুলো মূল্যায়ন করে, তবে তা দেশের ও ভোটারদের জন্য ইতিবাচক হবে।

আগের নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের সদস্যদের এক বড় অংশ যে ভূমিকা পালন করেছে, তাতেই প্রশ্ন উঠেছে। তাঁরা সক্রিয় থেকেছেন, তবে কী ধরনের সক্রিয়তা সেটা আমরা দেখেছি। বাহিনী হিসেবে তাদের যে দায়িত্ব তা পালনের সক্রিয়তা এই নির্বাচনে লক্ষযোগ্য বিষয়। ভোটারদের মধ্যে নিরাপত্তার ও আস্থার পরিবেশ তৈরি করতে পারার ফলেই ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিতে গেছেন।

নারায়ণগঞ্জের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, কেবল তাদের প্রার্থীই বিজয়ী হননি; রাজনৈতিকভাবেও তাদের বিজয় হয়েছে। এ কথা বলার অর্থ এই নয় যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি একেবারেই লাভবান হয়নি। কে কতটা লাভবান হয়েছে সেই হিসাবের সময় সামনে। ক্ষমতাসীন দল এই বিজয়ের ফলে যে রাজনৈতিক পুঁজি অর্জন করেছে তা দলের নেতারা কীভাবে ব্যবহার করতে চান, সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হচ্ছে, জাতীয় নির্বাচনের অনুকূল পরিস্থিতি তৈরির তাগিদ দেশের ভেতরে-বাইরে সর্বত্র। ক্ষমতাসীন দল যদি এই নির্বাচনকে উদাহরণ হিসেবে ব্যবহার করে নির্বাচন কমিশনের গত কয়েক বছরের ভূমিকা অস্বীকার করে এবং স্থিতাবস্থাকে ভবিষ্যতে জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বলে দাবি করে, তবে সেটা হবে একাধারে দুর্ভাগ্যজনক ও নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভয়াবহ।

বিপরীতক্রমে ক্ষমতাসীন দল এবং যাঁরা নির্বাচনের দিকে নজর রাখেন, তাঁরা যদি রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক নিরপেক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ সক্রিয় উপস্থিতি—এই মূল বিষয়গুলোর দিকে মনোযোগ দেন, তবেই নারায়ণগঞ্জের সুষ্ঠু নির্বাচন থেকে সারা দেশের ভোটাররা লাভবান হবেন।

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।