
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কম কথা বলেন। কিন্তু যখন বলেন, বেশ জোর দিয়েই বলেন। মনে আছে, ২০১৩ সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময়ে যখন ঢাকা শহরের এক প্রান্ত জ্বলছিল, তখন সৈয়দ আশরাফুল ইসলাম শক্ত ভাষায় বলেছিলেন, ‘রাতের মধ্যে সবাইকে মতিঝিল ছাড়তে হবে।’ শেষ পর্যন্ত তারা মতিঝিল ছাড়তে বাধ্য হয়েছিল।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত না করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করা ঠিক নয়। এগুলো সভ্যতার স্তম্ভ। আসুন, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সম্মান দেখাই।’
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, লোক–দেখানো সার্চ কমিটির মাধ্যমে অনুগত নির্বাচন কমিশন গঠন করলে জনগণ তা মেনে নেবে না। ধারণা করি, বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাব দিতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপরিউক্ত মন্তব্য করেছেন।
ইসি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলে আসছে বহুদিন ধরেই। বর্তমান ইসির মেয়াদ যতই ঘনিয়ে আসছে, আলোচনার মাত্রাও বাড়ছে। জনগণ বরাবর আশা করে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ইসি সঠিকভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু তাদের সেই আশা পূরণ হয় না। আগের কমিশনের ভুল থেকে তারা শিক্ষা নেয় না। বরং আরও বেশি ভুলে জড়িয়ে পড়ে। জনগণ তখন জনপ্রিয় বাংলা গানের পঙ্ক্তি ধার করে বলে, ভুল, সবই ভুল।
ইসি গঠন নিয়ে আমাদের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘(১) প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন। (২) একাধিক নির্বাচন কমিশনারকে লইয়া নির্বাচন কমিশন গঠিত হইলে প্রধান নির্বাচন কমিশনার তাহার সভাপতিরূপে কার্য করিবেন। (৩) এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে এবং (ক) প্রধান নির্বাচন কমিশনার-পদে অধিষ্ঠিত ছিলেন, এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হইবেন না; (খ) অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্মাবসানের পর প্রধান নির্বাচন কমিশনাররূপে নিয়োগলাভের যোগ্য হইবেন, তবে অন্য কোনভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হইবেন না। (৪) নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন। (৫) সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ হইবে: তবে শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন নির্বাচন কমিশনার অপসারিত হইবেন না। (৬) কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।’
বর্তমান ইসির মেয়াদ আর মাত্র কয়েক মাস। আগামী ফেব্রুয়ারিতে নতুন ইসি গঠিত হবে। প্রশ্ন উঠেছে, কীভাবে এই কমিশন গঠিত হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগের বার যেভাবে কমিশন হয়েছে, এবারও সেভাবে হবে। আমরা ধরে নিতে পারি, রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠিত হবে। এ কমিশনের আগে প্রায় সব ইসি গঠিত হয়েছে ক্ষমতাসীন দলীয় কিংবা নির্দলীয় সরকারপ্রধানের পরামর্শে। দলীয় সরকার অন্য দলের সঙ্গে পরামর্শ না করলেও তত্ত্বাবধায়ক সরকার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মতামতের ভিত্তিতে ইসি গঠন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়িত্ব পালনকারী একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, প্রধান উপদেষ্টা তাঁকে নিয়োগ দিলেও তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলের সঙ্গে আলোচনার সুবিধা হলো, তখন সবাই ক্ষমতার বাইরে থাকে। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কেউ ক্ষমতায় থাকে, কেউ ক্ষমতার বাইরে। সে ক্ষেত্রে ক্ষমতাসীনদের ওপর নির্ভর করবে এ ব্যাপারে আলোচনা হবে কি না।
সরকার ও ইসির সম্পর্কটি বেশ জটিল। রাজনৈতিক দলগুলো তখনই কমিশনকে মেনে নেয়, যখন ফলাফল তাদের পক্ষে যায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ সরকার সাবেক আমলা এম এ সাঈদকে নিয়োগ দেয়, তখন বিএনপিসহ চার দল এর বিরোধিতা করেছিল। কিন্তু ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই কমিশন যে নির্বাচন করে, তাতে বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে জয়ী হয়। আওয়ামী লীগ এই ফলাফল মানেনি এবং ভোট কারচুপির অভিযোগ আনে। অন্যদিকে বিএনপি ও চারদলীয় জোট সরকার এম এ সাঈদের বিদায়ের পর বিচারপতি এম এ আজিজকে সিইসি নিয়োগ করে। সেই কমিশন ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটারসহ যে তালিকা তৈরি করেছিল, সেটি ক্ষমতাসীনদের ইঙ্গিতেই হয়েছিল বলে গণমাধ্যমে খবর আসে। বিরোধী দলের আন্দোলনের মুখে সিইসি পদ থেকে এম এ আজিজ বিদায় নেওয়ার পরও ইসি বিরোধী দলের আস্থা অর্জন করতে পারেনি। সে ক্ষেত্রে যেকোনো কমিশনের জন্য সব রাজনৈতিক দল ও পক্ষের আস্থা অর্জন জরুরি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসিকে বিতর্কিত না করতে সব দলের প্রতি যে আহ্বান জানিয়েছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই সাংবিধানিক এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা উচিত নয়। এখন প্রশ্ন এসেছে, ইসিকে বিতর্কিত করে কে? জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা নির্বাচনী প্রক্রিয়ার কোনো পর্যায়ে বিরোধী দল কমিশনকে প্রভাবিত করতে পারে না। তারা সমালোচনা করতে পারে? প্রশ্ন করতে পারে। প্রতিকার চাইতে পারে। তাতে ইসি কোনোভাবেই বিতর্কিত হয় না। বরং বিরোধী দলের নালিশগুলো আমলে নিয়ে ইসি যদি ভুলগুলো সংশোধনের চেষ্টা করে, তাতে তাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তাহলে ইসিকে তারাই বিতর্কিত করতে পারে, যারা নির্বাচনী প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখতে পারে? এই কাজটি করতে পারে ক্ষমতাসীনেরাই। তারাই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্তা। তারা যদি জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে কোনো রকম হস্তক্ষেপ না করে, তাহলে ইসি যেমন নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, তেমনি প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থাও বেড়ে যায়। বিরোধী দলের কোনো ক্ষমতাই নেই সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার। তারা বড়জোর ইসির দুর্বলতা, ত্রুটি ও ঘাটতি তুলে ধরতে পারে। তখন ইসি ও ক্ষমতাসীনদের দায়িত্ব হয়ে পড়ে সেই দুর্বলতা, ত্রুটি ও ঘাটতি পূরণ করার।
কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের আগে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন পাঁচ বছর দায়িত্ব পালন করেছে। তারা সব সিদ্ধান্ত সঠিক নিয়েছে, সে কথা বলা যাবে না। যেমন প্রথমে আগ বাড়িয়ে বিভক্ত বিএনপির এক পক্ষকে স্বীকৃতি দেওয়া। কোনো রাজনৈতিক দলের বিভাজনে ইসির পক্ষ নেওয়া সমীচীন নয়। কিন্তু পরবর্তীকালে হুদা কমিশন সেই ত্রুটি কাটিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পেরেছিল।
কোনো ইসি যদি বিতর্কিত হয়, সেটি তার নিজের কাজের জন্য; সে ক্ষেত্রে ক্ষমতাসীনদেরই বড় ভূমিকা থাকে। তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদি সত্যি সত্যি চান ইসিকে বিতর্কিত করা বা হওয়া উচিত নয়; তাহলে প্রতিষ্ঠানটি যাতে সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারে, তার ক্ষেত্র ও পরিবেশ তৈরি করতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলের কোনো সুযোগই নেই ইসি বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করার। কাজটি ক্ষমতাসীনেরাই বরাবর করে থাকে। সৈয়দ আশরাফ সেই ক্ষমতাসীন দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি। দলের নেতা-কর্মী-সমর্থকদের বাইরেও তাঁর একটা ভালোমানুষি ভাবমূর্তি আছে। তিনি অন্য যেকোনো ব্যক্তির চেয়ে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
বর্তমান ইসি নিয়ে এখন আর তেমন কেউ ভাবে না। সবার ভাবনা পরবর্তী কমিশন নিয়ে। কীভাবে সেই কমিশন হবে এবং কারা থাকবেন, সেটাই আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আগেও বলেছি, এখনো বলছি। সরকার চাইলে ১৬ কোটি মানুষের মধ্য থেকে পাঁচজন যোগ্য ব্যক্তিকে খুঁজে নেওয়া কঠিন নয়। এটা হবে প্রাথমিক কাজ। দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে তাঁরা যাতে সংবিধানে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, সেই নিশ্চয়তা দেওয়া। তাই আমরা মনে করি, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে কেবল যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি কমিশন গঠনই যথেষ্ট নয়, সেই কমিশনকে স্বাধীনভাবে কাজ করতেও দিতে হবে। এখানেই ক্ষমতাসীনদের কঠিন পরীক্ষা।
আওয়ামী লীগের নেতারা একসময় সাড়ে চার, পাঁচ হাজার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করতেন। তাঁদের সেই দাবি একেবারে অসত্য নয়। ২০০৮ থেকে ২০১৩ পর্বে আওয়ামী লীগ সরকারের আমলে হুদা কমিশনের অধীনে উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনগুলো মোটামুটি সুষ্ঠু হয়েছে। কিন্তু রকিব কমিশনের সময় পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের পর ওই ধারা ওল্টাতে থাকে এবং সর্বশেষ ইউপি নির্বাচনে যা হয়েছে, তাকে নির্বাচন না বলে নির্বাচনী প্রহসন বলাই শ্রেয়। ঘটনাগুলো এতই বিব্রতকর যে ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন কেউ দায়িত্ব নিতে চায়নি। একে অন্যের ওপর দোষ চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছে। কিন্তু তাতে আমাদের নির্বাচনী ব্যবস্থার যে বারোটা বাজল, তার জবাব কী?
আমাদের ক্ষমতাসীন দল ও বিরোধী পক্ষ কোনো বিষয়েই একমত হতে পারে না। আসুন, অন্তত একটি বিষয়ে একমত হোন। নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তাঁরা মৈতেক্য পৌঁছাবেন এবং স্বাধীনভাবে কাজ করতে দেবেন। নির্বাচন কমিশনকে সহায়তা করতে না পারলেও তার কাজে বাগড়া দেবেন না, এই অঙ্গীকারটুকু রক্ষা করুন। সে ক্ষেত্রেই কেবল নির্বাচন কমিশনকে অবিতর্কিত রাখা সম্ভব হবে। দেশবাসী যেমন আজিজ মার্কা আরেকটি কমিশন চায় না, তেমনি ১৫৩টি আসনে বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তি হবে, সেটিও আশা করে না।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।