নির্বাচন কমিশনের নামবদলের অভিযান
নির্বাচন কমিশনের সাম্প্রতিক একটি সভায় দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান যথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন প্রভৃতির নাম পরিবর্তনের একটি সুপারিশমালা তৈরি করা হয়েছে। সে সুপারিশ কমিশন কোথায় পাঠাবে, তা জানা যায়নি। তবে তা স্থানীয় সরকার, মন্ত্রিপরিষদ, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ, সংসদীয় স্থায়ী কমিটি আবার জাতীয় সংসদ হয়ে পাস হতে হবে। তারপর পুরোনো নাম বদলে নতুন নামে ডাকা শুরু হতে পারে। প্রচলিত নামে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সদস্য, চেয়ারম্যান ও মেয়র পদে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করতে কমিশন কোথায় কী বাধা পায়, জনসাধারণের তা বুঝতে খুব অসুবিধা হচ্ছে। প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নাম–পদবি পরিবর্তন হয়ে গেলে নির্বাচনী সুশাসনের পালে নতুন হাওয়া লেগে যাবে, এমনতর ধারণা কীভাবে জন্মাল খুব জানতে ইচ্ছা করে।
এ দেশে সরকারি নানা স্থাপনার নাম পরিবর্তনের অনেক তিক্ত ইতিহাস আছে। নাম পরিবর্তন কলমের খোঁচায় করা যায়, কিন্তু তার পেছনে অনেক ব্যয় ও বিড়ম্বনা যুক্ত হয়। সিলমোহর, সাইনবোর্ডসহ অনেক কাগজপত্র পরিবর্তন করতে হয়। নামে বেশি কিছু আসে যায় না। কাজেই আসল পরিচয়। কাজের সঙ্গে নামের সম্মানজনক মিল থাকা শোভনীয়। একসময় পৌরসভার একশ্রেণির কর্মচারীদের পদ-পদবি সম্মানজনক ছিল না। যেমন মেথর, ঝাড়ুদার ইত্যাদি। এখন ‘পরিচ্ছন্নতাকর্মী’ বলা হয়। পিয়ন, আরদালির পরিবর্তে একসময় এমএলএসএসদের (মেম্বার অব লোয়ার লেভেল সার্ভিস স্টাফ) বর্তমানে ‘অফিস সহায়ক’ বলা হয়। এ রকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। কিন্তু নির্বাচন কমিশনের সিটি করপোরেশনকে ‘মহানগর সভা’, পৌরসভাকে পুরসভা ও মেয়রকে ‘পৌরাধ্যক্ষ’ বা পুরাধ্যক্ষ এবং ইউনিয়ন পরিষদকে পল্লি পরিষদ ও চেয়ারম্যানকে ‘প্রধান’ এবং ভাইস চেয়ারম্যানদের ‘উপপ্রধান’ নামকরণের শানে-নজুল বোঝা গেল না।
প্রশাসনিক একক হিসেবে থানাকে ‘উপজেলা’ করা হয় ১৯৮২ সালে। পুলিশের থানা এবং প্রশাসনিক ও স্থানীয় সরকার এককের পার্থক্য নির্দেশ করার সুবিধার্থে থানার বদলে উপজেলা ব্যবহৃত হয়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা শত বছরের পুরোনো প্রতিষ্ঠান। ১৮৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোট পাঁচবার পরিবর্তন হয়ে ইউনিয়ন পরিষদে স্থিতি পেয়েছে এবং ৪৮ বছর এ নামে কোনো অসুবিধা হলো না। এ বিবর্তনের ধারায় দেখা যায়, ১৮৭০ সালে শুরু হয় চৌকিদারি পঞ্চায়েত নামে, ইউনিয়ন সৃষ্টির পর ইউনিয়ন পঞ্চায়েতে রূপান্তরিত হয়। ১৯০৯ সালের পর গঠনপ্রণালি ও ক্ষমতাকাঠামো পরিবর্তনের সঙ্গে নামকরণ হয় ইউনিয়ন বোর্ড। বোর্ডের প্রধানের পদবি করা হয় ‘প্রেসিডেন্ট’। ১৯৫৯ সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে যখন নতুন ‘মৌলিক গণতন্ত্র’ প্রবর্তন করেন, তখন ইউনিয়ন বোর্ড হয়ে যায় ইউনিয়ন কাউন্সিল এবং প্রেসিডেন্ট হয়ে যান চেয়ারম্যান। আইয়ুব খানের যুক্তি ছিল, একটা দেশ পাকিস্তান, এক দেশে কয়েক হাজার প্রেসিডেন্ট থাকবে? সব পারিষদ বললেন, না। থাকবেন একজন; তিনি হবেন সদরে আইয়ুব।
চলল এক যুগ। দেশ স্বাধীন হলো। প্রথমে কিছুদিন ইউনিয়ন রিলিফ কমিটি ও ইউনিয়ন পঞ্চায়েত পাশাপাশি কাজ করার পর ১৯৭২ সাল থেকে চূড়ান্তভাবে ‘ইউনিয়ন পরিষদ’ নামকরণ করা হয়। পদবি আসে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য। পৌরসভাও একই রকম প্রক্রিয়ায় পৌরসভা নাম ধারণ করে। মহল্লা কমিটি, টাউন কমিটি, মিউনিসিপ্যাল কমিটি, মিউনিসিপ্যালিটি হয়ে স্বাধীনতার পর পৌরসভা। ২০০৯-২০১০ সালের দিকে পৌরসভার চেয়ারম্যানরা আন্দোলন করে পৌর চেয়ারম্যানকে মেয়রে রূপান্তর করেন। মিউনিসিপ্যালিটি, সিটি করপোরেশন ও মেয়র—এ তিন শব্দ বিশ্বব্যাপী পরিচিত ও সর্বজনীনভাবে ব্যবহৃত শব্দ। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, রুশ, চীনা, জাপানি সব ভাষায় ‘মেয়র’ শব্দটি সর্বজনীনভাবে ব্যবহৃত হয়। এটি নগর স্থানীয় সরকারের বিশ্বজনীন পরিচিতির স্মারক। মেয়রের মতো কাউন্সিলর পদটিও দুনিয়াব্যাপী পরিচিত। পৃথিবীর অনেক দেশে মেয়ররা পর্যন্ত তাঁদের নামের আগে কাউন্সিলর লিখে থাকেন। কারণ, তাঁরা মনে করেন, তাঁদের মূল পদ কাউন্সিলর, তারপরে তাঁরা মেয়র। আরও একটি ছোট সমস্যা। ইউনিয়ন একটি প্রশাসনিক একক। যখন ইউনিয়ন পরিষদ পল্লি পরিষদে রূপান্তর হবে, তখন ইউনিয়ন কোথায় যাবে?
ইউনিয়ন থেকে সিটি করপোরেশন—গঠনপ্রণালি, সংগঠনকাঠামো, নির্বাচনপ্রক্রিয়া, কর্মচারীকাঠামো, অর্থায়ন, সেবাকাঠামো, আন্তপ্রতিষ্ঠান সম্পর্ক ও সহযোগিতা, অধিকতর গণতন্ত্রায়ণ ও জন-অংশগ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং— এখানে অনেক মৌলিক সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশন এসব সংস্কারের বিষয়ে কিছু করতে পারে বলে আমাদের মনে হয় না। একটি মাত্র কমিশন সরকার চাইলে এগিয়ে আসতে পারে, সেটি হচ্ছে আইন কমিশন। অথবা সরকার এ লক্ষ্যে নতুন কোনো কমিটি বা কমিশন গঠন করতে পারে। নির্বাচন কমিশনকে সবিনয়ে এ প্রয়াস থেকে বিরত হওয়ার পরামর্শ দিতে চাই। এ সুযোগে সরকারের কাছে আবেদন করি, স্থানীয় সরকারব্যবস্থায় আমূল সংস্কারের একটি উদ্যোগ নিন। এতে সরকারের রাজনৈতিকভাবে অনেক অর্জনের বিষয় রয়েছে।
জেনারেল আইয়ুব খানের ইউনিয়ন বোর্ডকে কাউন্সিল এবং প্রেসিডেন্টকে চেয়ারম্যান করার প্রেক্ষাপট বলেছি। নির্বাচন কমিশনের সে রকম কোনো প্রেক্ষাপট কাজ করেছে কি না জানি না। তবে এ প্রসঙ্গে একটি গল্প বলতে পারি। অনেক সরকারি প্রতিষ্ঠানে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। সে রকম একটি প্রতিষ্ঠানের প্রবেশপথে একটি প্রাইভেট কার এসে থামে এবং ভেতরে ঢুকতে চায়। গেটের নিরাপত্তাকর্মী পরিচয় জানতে চান। বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য। নিরাপত্তাকর্মী গেট খোলেন না। আগন্তুকের পক্ষ থেকে অনেক জোর করে বলা হলো আরে ‘মেম্বার’ সাহেব গাড়িতে আছেন, তাড়াতাড়ি খুলুন। নিরাপত্তাকর্মীর কড়া জবাব: আমি কত চেয়ারম্যানকে ঢুকতে দিইনি আর আপনি নিয়ে এসেছেন ‘মেম্বার’!
নিরাপত্তাকর্মীর দৌড় তো ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যান পর্যন্ত। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য বা মেম্বার বুঝতে পারেননি। দেশে তো প্রায় পাঁচ হাজার পাঁচ শ চেয়ারম্যান এবং পঞ্চাশ হাজারের ওপর মেম্বার। তাঁদের মধ্যে নির্বাচন কমিশনের চারজন মেম্বার এবং একজন চেয়ারম্যান হঠাৎ কখনো আত্মপরিচয়ের সংকটে পড়ে যেতে পারেন, এ আশঙ্কা এখানে কাজ করেছে কি না জানি না। আশা করি পড়বেন না।
ড. তোফায়েল আহমেদ: শিক্ষাবিদ ও শাসন বিশেষজ্ঞ