নির্বাচনী প্রক্রিয়া ও আগামী নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন পক্ষপাতমুক্ত থাকা উচিত
নির্বাচন কমিশন পক্ষপাতমুক্ত থাকা উচিত

১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় সোহরাব হাসানের প্রবন্ধের শিরোনাম ছিল ‘নির্বাচনটা করবে কে?’ লেখাটি বেশ সময়োপযোগী। এ বিষয় নিয়ে আলোচনার এখনই সময়। আগামী চার মাসের কম সময়ের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে বলে আশা করা যায়; যদিও আমাদের সংবিধানে এমন বাধ্যবাধকতা নেই। যে প্রক্রিয়ায় অতীতে রাজনৈতিক সরকারগুলো নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে, তাতে বড় পরিবর্তন আসবে ভাবার কারণ নেই। ইতিমধ্যেই আইনমন্ত্রী বলেছেন, গতবার যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবারও তা-ই হবে। তার মানে, রাষ্ট্রপতির গঠিত একটি সার্চ কমিটির মাধ্যমে পুনরায় নিয়োগ দেওয়া হবে। আর সেখানে যেসব দল ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল, তাদের আদৌ ডাকা হবে বা তাদের মতামত নেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়।
যা-ই হোক, বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়। অনেক দেশে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনায় তেমন ভূমিকাই থাকে না। আবার অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় নির্বাচন কমিশনই নির্বাচনকালীন সরকারের নিয়ন্ত্রকের ভূমিকাও পালন করে। যেমন ভারত। ভারতের নির্বাচন কমিশনের যেমন রয়েছে শক্ত ভিত, তেমনি অন্য শরিকেরা তার সহায়ক হিসেবে কাজ করে; যার মধ্যে উল্লেখযোগ্য হলো বিচার বিভাগ, মিডিয়া, সিভিল সোসাইটি এবং সর্বোপরি রাজনৈতিক দল। এরা সবাই ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান শরিক বা ‘স্টেক হোল্ডার’। ভারতে খুব কম কমিশনই ছোটখাটো সমালোচনার মুখে পড়েছে। ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নবীন চাওলা যখন প্রথমে কমিশনে কমিশনার হিসেবে নিয়োগ পান, তখন কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তার সুরাহা হয় উচ্চ আদালতে। অভিযোগকারী বিজেপি অবশ্য পরে আদালতের রায় মেনে নবীন চাওলার অধীনে নির্বাচনও করেছিল। ওই নির্বাচনে বিজেপি হারলেও ফলাফল নিয়ে উচ্চবাচ্য করেনি। এটাই ভারতের গণতান্ত্রিক সংস্কৃতি।

ভারতীয় নির্বাচন কমিশন সংবিধানের ৩২৪ ধারার পূর্ণ ক্ষমতাবলেই নির্বাচন সময়কালে পরিচালিত করে এবং নির্বাচন কমিশন নির্বাচন-প্রক্রিয়ার সম্পূর্ণ সময়ে যে চালকের আসনে থাকে, তা নীতিগতভাবে মানতে বাধ্য হয় রাজনৈতিক দল ও সরকার। বিগত লোকসভা নির্বাচন-প্রক্রিয়া শুরুর পর ভারতীয় সেনাবাহিনীর প্রধানের নিয়োগ ঘোষণার কথা ছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চাইলে কমিশন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই নিয়োগ স্থগিত করতে নির্দেশ দেওয়ায় সরকার সময়মতো নিয়োগ দিতে পারেনি। ওই সময়কার প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি পাকিস্তানের ডন পত্রিকায় এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন (ডন, মে ১৪, ২০১৪)। ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে নির্বাচন ঘোষণার কয়েক ঘণ্টার মাথায়। নির্বাচনের শেষ ধাপ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সম্মতি দেয়।

আমাদের সংবিধানেও অনুচ্ছেদ ১১৯-এ একই ক্ষমতার কথা বলা থাকলেও নির্বাচন কমিশন পূর্ণ ক্ষমতার প্রয়োগ করতে পারে না। এর কারণ, আমাদের নির্বাচন কমিশনের যাদের সহায়ক হওয়ার কথা, তাদের সহায়তা অনেক সময়ই পাওয়া যায় না। এ ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের সহযোগিতা অবশ্যই কাম্য। যেমন ভারতীয় বিচার বিভাগ প্রধান সহযোগিতার ভূমিকা পালন করে থাকে। আমরা যখন নির্বাচন কমিশনে ছিলাম, গণমাধ্যম জোরালো ভূমিকা পালন করেছিল। তবে বিচার বিভাগ থেকে যতখানি আশা করা হয়েছিল, তেমন ভূমিকায় তাদের দেখা যায়নি।

জানি না, সংবিধান লঙ্ঘিত হলে উচ্চ আদালত স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নিতে পারেন কি না। ভারতে সিভিল সোসাইটির কয়েকটি সংগঠন রয়েছে, যারা নির্বাচন কমিশনের সহায়ক ভূমিকা পালন করে এবং এই ধরনে ব্যত্যয় হলে ‘পিএলআই’-এর মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়েছে বহুবার। অবশ্য কোনো কোনো বিষয়ে আমাদের দু-একটি সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে ভবিষ্যতে হতে পারবে কি না, সন্দেহ রয়েছে।

আমাদের নির্বাচনের অভিজ্ঞতা কম নয়। রাষ্ট্রবিজ্ঞানে যত ধরনের নির্বাচনের কথা বলা আছে, সব ধরনের নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে আমাদের দেশের নির্বাচন কমিশনের। একটি কমিশন তার পূর্ণ মেয়াদে সর্বমোট ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ প্রায় ছয় হাজার ইউনিট নির্বাচনের অভিজ্ঞতা অর্জন করে, যা ভারতীয় কমিশনের হয় না। কারণ, ভারতীয় নির্বাচন কমিশন রাজ্যসভার নির্বাচন ছাড়া আর কোনো স্থানীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নয়। রাজ্যের স্থানীয় নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের। সেগুলোও স্বাধীনভাবে সংবিধানের আওতায় গঠিত।

আমাদের দীর্ঘ অভিজ্ঞতা সত্ত্বেও কমিশনের কার্য পরিচালনার ধারাবাহিকতা কেন থাকে না, তার বিশ্লেষণ করলে দেখা যাবে যে কমিশন গঠনপ্রক্রিয়াই বিতর্কিত। বিশেষ করে, দলীয় সরকারের অধীনে যেসব কমিশন গঠিত হয়েছে, সেগুলো নিয়ে বিতর্ক ছিল এবং তাদের আচরণও সরকারের ও সরকারি দলের মুখাপেক্ষী বলে মনে হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন নয়, দলীয় সরকারের ভূমিকাই মুখ্য হয়ে ওঠে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি না।

তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত প্রতিটি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে করতে পারলেও কোনো
কোনো কমিশন পরবর্তী সময়ে ওই ধারা ধরে রাখতে পারেনি। ক্ষমতাসীন দলের পরোক্ষ অসহযোগিতা এবং নির্বাচন কমিশনের আপসকামিতার কারণে এমন ভাগ্যবরণ করতে হয়েছিল। তবে বেশির ভাগ সময়ের কর্মকাণ্ড অন্য কমিশনের তুলনায় কিছুটা হলেও প্রশংসনীয় বলতে হবে। ২০০৭ থেকে ২০১২ সালকে বলা যায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ঐতিহাসিক সন্ধিক্ষণ। ওই সময়ের নির্বাচনগুলো তেমন বিতর্কিত হয়নি। কমিশন অনেক প্রতিবন্ধকতার মধ্যেও যথেষ্ট স্বাধীনচেতা ছিল এবং অনেকগুলো মৌলিক পরিবর্তন এনেছিল। ওই সব পরিবর্তন বহাল থাকলেও তার কার্যকারিতা অনেকটা কমে গেছে। দুঃখজনক হলেও সত্য যে ভারতে টিএন সেশনের পর কোনো কমিশনকে ফিরে তাকাতে হয়নি। কারণ, ঐতিহ্য বজায় রেখেছিল তারা। কিন্তু ২০১২–পরবর্তী কমিশন বাংলাদেশে সূচিত যৎসামান্য পরিবর্তনের ধারাও ধরে রাখতে পারেনি।

এই কমিশন ২০১৪–পরবর্তী নির্বাচনগুলোর ব্যবস্থাপনা নিয়ে এবং শরিকদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় জনমনে যে অবিশ্বাসের জন্ম দিয়েছে, তাতে সমগ্র নির্বাচনী ব্যবস্থাপনার ওপরই বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস কমে গেছে। সেই বিশ্বাস ফিরিয়ে আনাই হবে পরবর্তী কমিশনের প্রধান ও কঠিন কাজ। এ ক্ষেত্রে প্রথম ধাপ হবে নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া। মনে রাখতে হবে, ভারতের আর আমাদের সংবিধানের এই ধারাগুলো প্রায় অভিন্ন হলেও ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে রাজনৈতিক দল অন্যতম, বেশ শক্ত ভিতের ওপর দাঁড়ানো। তা ছাড়া ভারতের ফেডারেল–কাঠামো গণতান্ত্রিক চর্চার সহায়ক বলে মনে করা হয়।

বাস্তব হচ্ছে, কাগজে-কলমে বাংলাদেশে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা থাকলেও প্রয়োগ নেই, যা আছে ভারতে। তবে এ জন্য অনুরূপভাবে নির্বাচনী ব্যবস্থাপনার সহায়ক শক্তিগুলোকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশনকেও সহযোগিতা চাইতে এবং ক্ষমতাপ্রয়োগের দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সরকার, পার্লামেন্ট, মিডিয়া, বিচার বিভাগ এবং অন্যরা নির্বাচনী ব্যবস্থাপনা, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে এবং সর্বোপরি নির্বাচনী ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশীদার।

বর্তমান বিশ্বের উঠতি গণতান্ত্রিক দেশগুলোর, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত, প্রশাসনিক সমস্যা হচ্ছে নির্বাচনী সততার অভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যূনতম গ্রহণযোগ্যতা। ১৯৪৮ সালের জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদে অবাধ নির্বাচনের নিশ্চয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে একজন ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণের কথা বলা হয়েছে; যা মানবাধিকারের অন্যতম উপাদান। শুধু ভোটাধিকার নিশ্চিতকরণই নয়, নির্বাচনী ব্যবস্থাপনায় সততা, বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিক মানের নিশ্চয়তার কথা বলা হয়েছে, যেখানে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির কথা জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে যোগ্যতার বিষয়ে আন্তর্জাতিক সংস্থা আইডিইএ তাদের গবেষণাপত্র Decpenign Democracy এবং প্রফেসর পিপ্পা নরসির দুটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে নির্বাচনপদ্ধতি বিশ্বাসযোগ্য না হলে অথবা সর্বজনীন না হলে এবং আইনের প্রয়োগ না হলে সম্পূর্ণ প্রক্রিয়ার ওপর জনগণ যেমন বিশ্বাস হারায়, নির্বাচন নিয়ে হতাশা জন্মায়, তেমনি নির্বাচনী ব্যবস্থাপকদের ওপরও বিশ্বাস হারায়। এ ধরনের নির্বাচনে মানবাধিকার দারুণভাবে উপেক্ষিত ও লুণ্ঠিত হয়। সে ক্ষেত্রে ওই ফলাফলের ওপর ভিত্তি করে যে সরকার গঠিত হয়, সে ধরনের সরকার হয়ে ওঠে কর্তৃত্ববাদী এবং জনগণবিবর্জিত। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় একটি দেশের নির্বাচনী ব্যবস্থাপনা। এর প্রেক্ষাপটে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অবস্থায় চরম মূল্য দিতে হতে পারে। উদাহরণস্বরূপ ২০০৭-০৮ সালে আফ্রিকার কেনিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার এবং পরে নাইজেরিয়ার নির্বাচনোত্তর ঘটনার উদাহরণ টানা হয়েছে। শুধু এ দেশই নয়, পূর্ব ইউরোপের নব্য গণতান্ত্রিক দেশের কয়েকটিতে এমন ঘটনা ঘটেছে।

উল্লিখিত গবেষণাপত্র ও গবেষণা এবং গবেষকদের অভিন্ন মত যে নির্বাচনী ব্যবস্থাপনায় বিশ্বাস ও সততা নিশ্চিত করার দায়িত্বের প্রধান নিয়ামক নির্বাচনী ব্যবস্থাপক বা নির্বাচন কমিশন। কেস স্টাডি হিসেবে কেনিয়ার ওই নির্বাচন ও নির্বাচন-পরবর্তী ঘটনার উল্লেখ করা হয়, যেখানে প্রায় ১ হাজার ১৫০ জনের মৃত্যু এবং ৩ লাখ ৫০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। পর্যালোচনায় বলা হয় যে কেনিয়ান নির্বাচন কমিশন আগের ধারাবাহিকতা বজায় না রেখে পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে নির্বাচনের ফলাফল নিয়ে ধূম্রজাল তৈরি করার কারণে অভূতপূর্ব দাঙ্গা সংঘটিত হয়েছিল।

উল্লেখ্য, এ ঘটনার আগ পর্যন্ত কেনিয়ার নির্বাচন কমিশন সবচেয়ে নিরপেক্ষ ও শক্তিশালী হিসেবে সমগ্র আফ্রো-এশিয়ান দেশগুলোতে সুপরিচিত ছিল। ওই নির্বাচনের আগে ওই সময়কার প্রেসিডেন্ট ১৯৯৭ সালের জেন্টলম্যান এগ্রিমেন্টের তোয়াক্কা না করে ২২ সদস্যের কমিশনের মধ্যে ১৯ জন নিজস্ব ভাবধারার সদস্যকে নিয়োগ দেওয়ায় কেনিয়ান নির্বাচন কমিশনের সুনাম ধূলিসাৎ হয়েছিল।

স্বাধীন নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট হয় অথবা কার্যকর না হয়, তবে গণতন্ত্রের ​িভত যেমন দুর্বল হবে, তেমনি সমাজে কর্তৃত্ববাদের জন্ম দেবে। আমাদের দেশের আগামী নির্বাচনে ২০১৪ সালের জাতীয় নির্বাচন কিংবা পরবর্তী নির্বাচনগুলোর পুনরাবৃত্তি হবে কি না, তা নির্ভর করবে ভবিষ্যতে কাদের দ্বারা নির্বাচন কমিশন গঠিত হবে এবং তাঁরা কীভাবে দায়িত্ব পালন করবেন, তার ওপর।

এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷