
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সে দেশের ভোটারদের যতটা না আগ্রহ, তার চেয়ে বিশ্ববাসীর আগ্রহ যে খুব কম, সে কথা বলা যাবে না। বাংলাদেশের লোকজনও যথেষ্ট আগ্রহ আর মনোযোগ নিয়ে এই নির্বাচনী প্রক্রিয়ার নানা দিক বিচার–বিবেচনা করেন। রাজনীতিতে নবিশ ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প আর ঝানু রাজনীতিক হিলারি ক্লিনটনের বিতর্ক যে অনেকেই সাগ্রহে শুনেছেন, তাতে সন্দেহ নেই।এবারের বিতর্কে অনেকেরই নজর কেড়েছে কে কতটা সত্য বলেছেন সেটা নিয়ে প্রায় তাৎক্ষণিক তথ্য যাচাইয়ের বিষয়টি।
শতকোটিপতি ট্রাম্প রাজনীতির মাঠে উড়ে এসে জুড়ে বসলেও প্রতিদ্বন্দ্বিতায় ভালোই সাড়া ফেলেছেন। আর অভিজ্ঞতাই কিছুটা কাল হয়েছে হিলারির, কেননা রেকর্ড যাচাইয়ের জন্য নথিপত্র, সাক্ষ্য-প্রমাণের অভাব নেই। হিলারির রাজনৈতিক সিদ্ধান্তের ছাপ নানা জায়গায় নানাভাবে ছড়ানো। লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনে বিদ্রোহীদের হামলায় রাষ্ট্রদূতসহ কয়েকজন সৈনিক ও নাগরিকের নিহত হওয়ার ঘটনায় হিলারির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ নিয়ে হইচই কম হয়নি। নথিপত্র খুঁজতে গিয়ে ব্যক্তিগত ই-মেইলে রাষ্ট্রীয় তথ্য আদান-প্রদান এবং ৩৩ হাজার ই-মেইল মুছে ফেলার জন্য তাঁকে নিঃসংকোচে ভুল স্বীকার করতে হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের ব্যবসায়িক জীবনের অনেক কিছুই ব্যবসায়িক ও ব্যক্তিগত গোপনীয়তার পর্দায় ঢাকা। সংবাদমাধ্যম অবশ্য কাউকেই ছাড় দিচ্ছে না। এরপর আছে সামাজিক যোগাযোগের মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য। ফলে জলবায়ু পরিবর্তনের হুমকি চীনের ষড়যন্ত্র বলে ২০১২ সালে টুইটারে করা মন্তব্যের কথা অস্বীকার করেও মি. ট্রাম্পের রেহাই নেই।
এ ধরনের তথ্য অথবা সত্য-মিথ্যা যাচাইয়ের ব্যবস্থায় আমাদের অনেকেই চমকিত হয়েছেন। রাজনীতিকদের এই মাত্রায় জবাবদিহির অভ্যাস আমাদের দেশে নেই এবং তাঁদের যে সে রকম কোনো ব্যবস্থার আওতায় আনা যায়, সে কথা আমরা ভাবতেই পারি না। অবশ্য সেটা হবেই বা কী করে? আমাদের রাজনীতিকদের সংবাদ সম্মেলনে আমন্ত্রিত সম্পাদকেরা প্রশ্নের বদলে পরামর্শ বা প্রশংসাতেই ব্যস্ত থাকেন। আর দলানুগত সাংবাদিকেরাও ভিন্ন কিছু করেন না। ফলে আমরাও আংশিক সত্য, অর্ধসত্য এবং অসত্য তথ্য শোনায় অভ্যস্ত হয়ে পড়েছি।
রাজনীতিকদের সত্য-মিথ্যা যাচাইয়ের এই প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বেশ জনপ্রিয়, বিশেষ করে নির্বাচনী মৌসুমে। পেনসিলভানিয়া ইউনিভার্সিটির অ্যানেনবার্গ পাবলিক পলিসি সেন্টার এবং অ্যানেনবার্গ স্কুল ফর কমিউনিকেশন গত দশকে ফ্যাক্টচেক ডট ওআরজি নামের একটি প্রকল্প শুরু করে। আস্তে আস্তে এই ওয়েবসাইটটিই তাদের ভাষায় ‘যুক্তরাষ্ট্রের ভোটারদের স্বার্থে রাজনীতিতে মিথ্যাচার ও সংশয়ের মাত্রা কমানোর লক্ষ্যে’ কাজ করে আসছে। ২০০৮ ও ২০১২-এর নির্বাচনেও তারা একইভাবে প্রার্থীদের ওপর নজরদারি করেছে। প্রতিষ্ঠানটি তার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলেছে যে ২০১০ সালের আগে পর্যন্ত তারা মূলত দুটি সমাজহিতৈষী পরিবার অ্যানেনবার্গ ও ফ্লোরা ফাউন্ডেশনের অর্থে পরিচালিত হতো। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, ইউনিয়ন, দলীয় সংগঠন বা অ্যাডভোকেসি গ্রুপের কাছ থেকে সাহায্য নেয় না। ২০১০ সালের পর থেকে তারা ব্যক্তি পর্যায়ের দান গ্রহণ করতে শুরু করে এবং স্বচ্ছতার জন্য এক হাজার ডলারের বেশি চাঁদাদানকারী সবার নাম প্রকাশ করে থাকে। চাঁদাদানকারীরা কোনোভাবে তাঁদের কাজকে প্রভাবিত করছে কি না, সেটা স্পষ্ট করতেই এই ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের এ ধরনের নাগরিক উদ্যোগ অনুসরণ করে যুক্তরাজ্যেও গত দুটি নির্বাচনে চ্যানেল ফোর টেলিভিশন নির্বাচনের সময় একই ধরনের কাজ করেছে। তারা একদল গবেষককে এই দায়িত্বটি দেয় এবং সব ধরনের সাবধানতা অনুসরণ করেই রাজনীতিকদের বিভিন্ন ধরনের মন্তব্য, দাবি অথবা তথ্যের সত্যাসত্য যাচাইয়ের কাজটি করেছে। ২০১৩ সালে বাংলাদেশেও একই ধরনের কাজ করার সম্ভাবনা নিয়ে আমার আলোচনার অভিজ্ঞতাটি মোটেও উৎসাহজনক ছিল না। নাগরিক সমাজের নানা সংগঠন এবং উদ্যোগের ওপর অঘোষিত ও অদৃশ্য রাজনৈতিক চাপের দৃষ্টান্ত দেখিয়ে বলা হয়, বাংলাদেশে সরকার ও বিরোধী দল কেউই তা পছন্দ করবে না।
ফিরে যাই হিলারি-ট্রাম্প বিতর্কে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে টাকার খেলা হয়, সে কথা প্রায় সবাই বলে থাকেন। কেননা, প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তহবিলে কোটি কোটি ডলার আসে বড় বড় পুঁজিপতি থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে। কিন্তু তারপরও প্রার্থীদের যতটা নজরদারি ও নিরীক্ষার মুখে পড়তে হয়, তা অবিশ্বাস্য। ফ্যাক্টচেক ডট ওআরজির মতো প্রার্থীদের চরিত্র, তাদের কর্মসূচির বিশ্বাসযোগ্যতা ও তথ্যের সত্যতা যাচাইয়ে সংবাদমাধ্যমগুলো নিজেরাও নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। যাঁরা এই বিতর্কটি সিএনএনে দেখেছেন, তাঁরা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে দেড় ঘণ্টারও বেশি (৯৬ মিনিট) এই বিতর্কের শুরু এবং শেষটা বাদ দিলে সঞ্চালক ও দর্শকদের টিভি পর্দায় একেবারেই দেখানো হয়নি। পুরোটা সময় টিভি পর্দার অর্ধেক অংশে ছিলেন ট্রাম্প আর বাকি অর্ধাংশে হিলারি। এমনকি সঞ্চালকের প্রশ্ন করার সময়েও ক্যামেরা তাঁদের দুজনের ওপর থেকে সরেনি। পরে নিউইয়র্ক টাইমস-এর একাধিক প্রতিবেদন পড়ে বুঝলাম, এটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং তা ছিল সৎ ও ভোটারবান্ধব। দর্শকেরা যাতে প্রার্থীদের ব্যক্তিত্ব, আচরণ, শারীরিক ভাষা বুঝতে পারেন, সে জন্যই এই ব্যবস্থা।
নিউইয়র্ক টাইমস সম্পাদকেরা এবার আরও এক ধাপ এগিয়ে এক অদ্ভুত নিরীক্ষা চালিয়েছেন। তাঁদের একজন সাংবাদিক, জোনাথন মাহলারকেতাঁরা দায়িত্ব দিয়েছিলেন যে পুরো বিতর্কটা তাঁকে দেখতে হবে কোনো শব্দ ছাড়া। টেলিভিশনের শব্দ বন্ধ রেখে। ওই সময়ে তিনি কারও সঙ্গে কথা বলতে পারবেন না, ফোন ধরতে পারবেন না, সোশ্যাল মিডিয়াতেও যেতে পারবেন না। শুধু টিভির পর্দায় তাকিয়ে থেকে দুই প্রার্থীকে বোঝার চেষ্টা করবেন, কে কেমন করলেন? কে বিজয়ী হলেন? তাঁর প্রতিবেদনের বিবরণ চমকপ্রদ এবং অনলাইনে তিনি তাঁর নেওয়া নোটগুলোও প্রকাশ করেছেন (আই মিউটেড ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিলারি ক্লিনটন ডিউরিং দ্য ডিবেট। আই স্টিল নিউ দ্য স্কোর। সেপ্টেম্বর ২৭, ২০১৬)। জোনাথন লিখেছেন, তাঁর সম্পাদকের ধারণাটি ছিল এ রকম: প্রার্থী দুজন কী বলেন তার গুরুত্ব তাঁরা কীভাবে তা বলছেন তার চেয়ে কম গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের ভাষায়, এটি হচ্ছে নন-ভারবাল এক্সপ্রেশন বা কথাহীন ভাব প্রকাশ। বিতর্কের সময়ে একজন প্রার্থী কত ঘন ঘন চোখের পাতা ফেলেছেন তার হিসাবের ভিত্তিতে মনোবিজ্ঞানের একজন অধ্যাপক বিজয়ীর ভবিষ্যদ্বাণী করে কিছুটা সাফল্য পেয়েছেন। কেননা, ঘন ঘন চোখের পাপড়ি ফেলার মধ্যে উদ্বেগ ও চাপের মধ্যে থাকার ইঙ্গিত মেলে, যেগুলো দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হওয়ার জন্য উপযুক্ত নয়।
জোনাথন লিখেছেন যে শুরুতে ট্রাম্প হিলারির সঙ্গে হাত মেলানোর পর তাঁর পিঠে কিছুটা আলতোভাবে হাত রাখেন, যাতে একধরনের পৌরুষত্ব দেখানোর ইঙ্গিত মেলে। বিতর্কের সময় টিভির শব্দ বন্ধ থাকলেও জোনাথন বুঝতে পারেন, ট্রাম্প চড়া গলায় কথা বলেছেন, ক্রমেই তাঁর অঙ্গভঙ্গিতে অস্থিরতা, ধৈর্যচ্যুতি এবং কখনো কখনো বেয়াড়া হতে দেখা গেছে। তাঁর হাতের ওঠা-নামা, নানা ধরনের আকার-ইঙ্গিত, আঙুল সঞ্চালন এসবে অতিমাত্রায় শারীরিক ভাষার প্রকাশ ঘটেছে। ফলে খুব বেশি কথা বলার প্রয়োজন ছিল বলে মনে হয়নি। হিলারির বক্তব্যের সময়েও তাঁর এসব শারীরিক প্রতিক্রিয়া অব্যাহত ছিল। তাঁর চোখে মাঝেমধ্যেই দেখা যাচ্ছিল সন্দেহপূর্ণ চাহনি, তিনি মাথা নাড়াচ্ছিলেন, তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তিনি ছিলেন অস্থির। হাসছিলেন। মুখ ভেংচি করে হাসছিলেন। তেরছা চোখে তাকাচ্ছিলেন। বারবার তাঁর প্রতিদ্বন্দ্বীর কথায় বাধা দিচ্ছিলেন। পানি খাচ্ছিলেন। তিনি কথা বলার সময় যতটা শারীরিক অঙ্গভঙ্গি করেছেন, তার চেয়ে বেশি করেছেন শোনার সময়ে। একসময় বোঝা যাচ্ছিল যে তিনি রং (ভুল) বলে জবাব দিচ্ছেন।
জোনাথন এর বিপরীতে হিলারি সম্পর্কে লিখেছেন তাঁর মধ্যে একধরনের প্রশান্তির ছাপ ছিল। তিনি যে বিতর্কের জন্য প্রস্তুত হয়ে এসেছেন, তা গোপন করার চেষ্টাই ছিল না। বোঝাই যাচ্ছিল যে তিনি সচেতনভাবে চেষ্টা করছেন, যাতে কোনো ধরনের বিরক্তি বা হতাশা প্রকাশ না পায়। একই সঙ্গে তাঁর মধ্যে একটা আনন্দ পাওয়ার ভাব ছিল। ট্রাম্পের আক্রমণে তাঁর কিছুই আসে যায় না এ রকম ভাবও কখনো কখনো তুলে ধরেছেন। সারাক্ষণই হাসি হাসিমুখে থেকেছেন। তিনিও আঙুল তুলেছেন, তবে তাতে বাড়াবাড়ি ছিল না। ট্রাম্প যতই উত্তেজিত হয়ে উঠেছেন, ততই তাঁর প্রতিদ্বন্দ্বী আনন্দ উপভোগ করেছেন বলে মনে হয়েছে। হিলারির তৃপ্তি পাওয়াকে খাঁটি বলেই মনে হয়েছে। বিতর্কের শেষেও মি. ট্রাম্প আবারও হিলারির পিঠে হাত দিয়েছেন, অনেকটা ভালো করার জন্য উৎসাহ দিতে যে ধরনের চাপড় দেওয়া হয়, সে রকম। দুই প্রতিদ্বন্দ্বীর মূকাভিনয় দেখে জোনাথনের বুঝতে কষ্ট হয়নি যে বিতর্কে একজন বিজয়ী হয়েছেন এবং সেই বিজয়ী হলেন হিলারি।
বিতর্কের শেষে মিলনায়তন থেকে বেরোনোর মুখে ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি সে সময় উপস্থাপক লেস্টার হল্টের প্রশংসাও করেন। কিন্তু বিতর্কের সময় তাঁর করা একটি দাবিকে সিএনএন প্রায় তাৎক্ষণিকভাবে মিথ্যা প্রমাণ করে দেওয়ায় সেই বিষয়টিতেই তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। ওবামার জন্ম যুক্তরাষ্ট্রের বাইরে, এই দাবি ২০১২ সালে হিলারির প্রচার দলের ব্যবস্থাপক, প্যাটি স্যালিস ডয়েল করেছিলেন বলে জানিয়ে মি. ট্রাম্প বিতর্কের সময় কৃতিত্ব দাবি করেন যে তিনি সেই প্রশ্নটিকে সামনে এনে প্রশ্নটির মীমাংসা করে দিয়েছেন। কিন্তু বিতর্কের বিশ্লেষণ প্রচারের জন্য বিশেষজ্ঞ হিসেবে প্যাটি স্যালিস ডয়েলকে সিএনএন আগেই তাদের স্টুডিওতে এনে রেখেছিল এবং তিনি তা অস্বীকার করেন। সিএনএনেরই একজন সাংবাদিক উলফ ব্লিৎজারকে তিনি এ কথা বলেছিলেন বলে জানিয়েছিলেন ট্রাম্প। সিএনএন সেই সাক্ষাৎকারটুকুর ক্লিপও খুঁজে বের করে প্রচার করে। ফলে মি. ট্রাম্প যে অসত্য বলেছেন, তা তিনি মিলনায়তন থেকে বেরোনোর আগেই প্রচার হয়ে যায়। ফলে সাংবাদিকেরা সিএনএনের প্রমাণের প্রতি তাঁর দৃষ্টি আকৃষ্ট করলে তিনি কৌশলে তা এড়িয়ে যান।
আমাদের রাজনীতিকেরা (বিশেষত ক্ষমতাসীনেরা) সৌভাগ্যবান যে তাঁদের এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না। এমনিতে তো নয়ই, নির্বাচনের সময়ও নয়। তাঁদের আরও সৌভাগ্য এই যে তাঁরা অদৃশ্য ক্ষমতার বলে বলীয়ান হওয়ায় তাঁদের কেউ এভাবে খোলাসা হতে বলে না।
কামাল আহমেদ: সাংবাদিক।