
বাংলাদেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ২৩৫টি পৌরসভার নির্বাচনের যে তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তার প্রাথমিক পর্ব শেষ হয়েছে। ৩০ ডিসেম্বর নির্ধারিত পৌরসভাগুলোর নির্বাচন হতে যাচ্ছে। তার মানে প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার পৌরসভা আইন যা এসআরও নং ৩৪৫-আইন/২০১৫-এর মাধ্যমে প্রজ্ঞাপিত এবং তদনুসারে নভেম্বর ২৩, ২০১৫ সালে প্রণীত স্থানীয় সরকার পরিবর্তিত বিধি প্রজ্ঞাপিত হওয়ার প্রায় ৩৮ দিনের মাথায় এই ২৩৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একসঙ্গে এতগুলো পৌরসভায় যে নির্বাচন হবে তা জাতীয় সংসদের মতো নির্বাচন নয়, বরং ২৩৫টি আলাদা আলাদা সত্তার নির্বাচন হবে। এই ২৩৫টি আলাদা নির্বাচনের মধ্যে রয়েছে তিন স্তরের পৌরসভা, যেগুলোর ওয়ার্ড সংখ্যাও সমান নয়। কাজেই প্রতিটি পৌরসভায় পদ ও প্রার্থীর সংখ্যা ভিন্নতর হবে। এমনকি প্রতিটি স্তরের পৌরসভার ভোটারসংখ্যাও হবে ভিন্নতর। এ বিষয়টি নির্বাচন পরিচালনার জন্য অত্যন্ত জরুরি, কারণ এই স্তর, ব্যাপ্তি এবং ভোটারসংখ্যার ভিত্তিতেই প্রয়োজন হবে নিরাপত্তার বিন্যাস ও প্রশাসনিক জনবলের প্রয়োজনীয়তা, একই সঙ্গে নির্বাচনকালীন অর্থনৈতিক কর্মকাণ্ড, যার মানে নির্বাচনকালীন দলের ও প্রার্থীর ব্যয়।
এই নির্বাচনটি বেশ ব্যতিক্রমধর্মী নির্বাচন। বহুদিন ধরেই গুঞ্জন চলছিল আর রাখঢাক নয়, সরাসরি দলীয় প্রতীকেই নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু এর প্রক্রিয়া এত তাড়াতাড়ি হবে, তা অধিকাংশ সাধারণ মানুষ উপলব্ধি করেনি। প্রথমে সম্পূর্ণ সকল পদে দলীয় পরিচয়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও সে মত পরিবর্তন করে সরকার। মেয়র পদে দলীয় পরিচয়ে আর কাউন্সিলর পদগুলোতে নির্দলীয় পরিচয়ে নির্বাচন হবে। প্রথমে রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের ওপর নির্ভর করলেও পরে সংসদে আইনটি গৃহীত হয়েছে। এই আইনকে নির্বাচনী প্রক্রিয়ায় রূপান্তর করতেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন বিধিমালা।
এসব পরিবর্তন এবং স্বল্প সময়ে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা সবই এত দ্রুত হয়েছে যে আচরণবিধি ও আইনের মধ্যে মারাত্মক ধরনের ত্রুটি রয়েছে, যা নির্বাচনকালীন ও নির্বাচন-উত্তর সময়ে সমস্যার সৃষ্টি করতে পারে। নির্বাচন, তা যেকোনো নির্বাচনই হোক, এখন নির্বাচন পরিচালনা ব্যবস্থা (ইলেক্টোরাল গভর্ন্যান্স) হিসেবে বিশ্বব্যাপী গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। গবেষক ও বিশেষজ্ঞদের মতে, নির্বাচন পরিচালনা ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে। যথা: আইন প্রণয়ন (রুল মেকিং), আইনের প্রয়োগ (রুল অ্যাপ্লিকেশন) এবং আইনের আওতায় বিচারপূর্বক সিদ্ধান্ত (রুল অ্যাডিউডিকেশন) দেওয়া। এখানে আইন প্রণয়নের সঙ্গে বিধি প্রণয়নের বিষয়টিও যুক্ত হবে এবং বর্তমানে নির্বাচনী বিধিমালা প্রণয়নের এখতিয়ার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওপর। কাজেই নির্বাচনী আইন, যার আওতায় নির্বাচনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠাও রয়েছে। দায়িত্ব এ ক্ষেত্রে জাতীয় সংসদের এবং নির্বাচনী আইনের আওতায় বিরোধ নিষ্পত্তির এখতিয়ার আদালতের। গবেষণায় প্রতিষ্ঠিত যে এই তিনটির সমন্বয় এবং সুচারুরূপে সংগঠিত না হলে নির্বাচনী সুশাসন (ইফেক্টিভ ইলেক্টোরাল গভর্ন্যান্স) প্রতিষ্ঠিত হয় না।
এটা তাত্ত্বিকভাবে প্রমাণিত যে নির্বাচনী সুশাসন প্রতিষ্ঠায় শুধু সহযোগী ভূমিকাতেই নয়, মুখ্য শরিকদের মুখ্য ভূমিকা ব্যতিরেকে নির্বাচনী সুশাসন প্রতিষ্ঠিত হয় না, বরং নির্বাচন কমিশনের ওপরে ক্রমেই আস্থার অভাব সৃষ্টি হয়। এখানে মুখ্য শরিক বলতে পার্লামেন্ট, আইন বিভাগ, সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা যায়। তবে রাজনৈতিক দল ও ভোটার নির্বাচন কমিশনের জন্য নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক দল নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ের জন্য মুখ্য শরিক হিসেবে গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত।
এই তত্ত্বের আঙ্গিকেই ২৩৫টি পৌরসভা নির্বাচনের প্রক্রিয়ার কিছু বিশ্লেষণ প্রয়োজন। প্রথমেই আইন প্রণয়ন। উল্লিখিত স্থানীয় সরকার পরিবর্তিত হয়েছে সরকারের একক ইচ্ছায়। এ আইন নিয়ে সংসদে বিশদ আলোচনা যেমন হয়নি, তেমনি সংসদের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও হয়নি। এমনকি স্থানীয় সরকার নিয়ে যাঁরা বহু বছর ধরে অধ্যাপনা এবং গবেষণা করছেন, তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে বলে মনে হয় না। তার উদাহরণ মত পরিবর্তন করে শুধু মেয়র পদকে দলীয়করণ করা। শুধু মেয়র পদ হবে দলের, বাদবাকি নির্দলীয়।
এই আইন ও ব্যবস্থাপনার ইতিবাচক ও নেতিবাচক দিক বাদ দিলেও বড় প্রশ্ন হয়েছে, পৌরসভা নামের পরিষদটি কীভাবে পরিচালিত হবে। এখানে যেসব কাউন্সিলর মেয়রের দলের বাইরের হবেন, তাঁদের অবস্থান কী হবে? এ প্রশ্ন আমাদের মতো রাজনৈতিক সংস্কৃতির দেশের জন্য প্রযোজ্য। এখানে স্থানীয় সরকার পরিষদ চলে মেয়রের কৃপায়, সংসদীয় পদ্ধতিতে নয়। আরও বড় ধরনের কারিগরি প্রশ্ন হচ্ছে, দলীয় মেয়রের পরিবর্তে প্যানেল মেয়র কে হবেন? কারণ, দৃশ্যত মেয়রকে দলীয় হতেই হবে। যেভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কলমের এক খোঁচায় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন অভিযোগে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত না হওয়ার আগেই বরখাস্ত হচ্ছেন, তাতে প্যানেল মেয়রের ভূমিকা অপরিহার্য। সে ক্ষেত্রে নির্দলীয় একজন কাউন্সিলর, তিনি যে দলের সমর্থক হোন না কেন, তাঁর আইনি অবস্থান কী হবে? নাকি মেয়রের জায়গায় পুনর্নির্বাচন পর্যন্ত প্রশাসক নিয়োগ হবে, তা অন্তত তথ্যমতে পরিষ্কার নয়।
সমস্যার এখানেই শেষ নয়। পৌরসভার মেয়র নির্বাচন সংসদ সদস্য নির্বাচনের আদলে হলেও নির্বাচনের পরে দলত্যাগের মতো ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তার কোনো বিধান নেই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দুটি বিষয় বিশ্লেষণ করলে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতীয়মান হয়, তা হলো নির্বাচনের পর মেয়র কেনাবেচা অথবা দলত্যাগ করাতে বেগ পেতে হবে না। এমনকি প্যানেল মেয়রের ক্ষেত্রেও তেমন হতে পারে।
শুধু আইনই নয়, নির্বাচনী বিধিমালাতে রয়েছে কমপক্ষে পাঁচটি দৃশ্যমান জটিলতা। প্রথমটি হলো বিধি ১২-এর উপবিধি (৩) দফা (গ) এর নতুন সংযোজন (ইইই)। সেখানে মনোনয়নে দলের একজন প্রার্থীর বাধ্যবাধকতা করা হয়েছে, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থীর মনোনয়নের বিষয়টি ব্যাপক আলোচনা ও গবেষণা করে করা হয়েছিল, যাতে কোনো দল নির্বাচন থেকে বাদ না পড়ে। পৌরসভার এ বিধিতে কোনো দলের একক প্রার্থীর মনোনয়ন বাতিল হলে তার পরিবর্তে আর কোনো প্রার্থীর মনোনয়ন সম্ভব নয়। যেকোনো কারণে প্রার্থিতা বাতিল হওয়ার উদাহরণ আমাদের সামনে রয়েছে। শুধু হলফনামার বিবরণ বিশ্লেষণেই বহু প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। এ ধরনের বিধি অত্যন্ত মারাত্মক এবং অগণতান্ত্রিক বলে বিবেচিত। অপর বিধিটি হলো, স্থানীয় পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১০০ জনের স্বাক্ষর গ্রহণ। মনে রাখতে হবে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা খুব বড় এলাকা ও নিম্নে লক্ষাধিক ভোটারের আবাস। অপরদিকে বেশির ভাগই গ্রাম্য পৌরসভা, যার ভোটার সংখ্যাও ১০ হাজারের নিচে, সে ক্ষেত্রে গ্রামেগঞ্জে বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ১০০ জন ভোটার কাউকে সমর্থন করে চিহ্নিত হতে চাইবেন কি না, তা অনুধাবন করা প্রয়োজন ছিল।
বিধি অনুযায়ী প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রচার থেকে বাদ দেওয়া হয়েছে, যা অতীতে হয়নি। কারণ, সব সংসদ সদস্যই সংবিধানের আওতায় লাভজনক পদাধিকারকারী নন। এই নির্বাচনের এই বিধি নির্বাচন কমিশন প্রয়োগ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিধি ২০ও একধরনের সমস্যার সমাধান করবে। কারণ, এর আগে স্থানীয় নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে সম্পূর্ণ বা কোনো অংশের নির্বাচন প্রক্রিয়া বাতিল হতো না। এ ধারা সংযোজন দুইধারি তলোয়ারের মতো কাজ করবে। আল্লাহ না করুন, মেয়র পদ বাদ দিলেও কোনো ওয়ার্ডের একজন প্রার্থীর যেকোনো কারণে মৃত্যু ঘটলে হয়তো ওই ওয়ার্ডের কারণে মেয়র নির্বাচনের ফলাফল স্থগিত হতে পারে। সে ক্ষেত্রে বর্তমানের আংশিক দলীয় নির্বাচনে কী ধরনের জটিলতা ঘটতে পারে, তার ব্যাখ্যার প্রয়োজন নেই। এই নির্বাচন গ্রামাঞ্চলের নির্বাচন, আরবান নির্বাচন নয়। তা ছাড়া, আচরণবিধির বহু বিধিই প্রয়োগ করা কতখানি সম্ভব হবে, তা নির্বাচন কমিশনের সামর্থ্যের প্রমাণ অবশ্য দেবে।
শুরুতেই বলেছি যে বর্তমান গণতান্ত্রিক বিশ্বে নির্বাচনী শাসনব্যবস্থায় শরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌর নির্বাচনে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো কোনো পর্যায়েই কোনো পক্ষকে আলোচনা করতে দেখা যায়নি। অথচ নির্বাচন কমিশনের প্রথম এবং গুরুত্বপূর্ণ শরিক রাজনৈতিক দলগুলো, যেহেতু এসব পরিবর্তনের মাধ্যমে এই নির্বাচনের চরিত্রেই আমূল পরিবর্তন আনা হয়েছে এবং এ পরিবর্তনে যে মারাত্মক খুঁতগুলো রয়েছে, তা হয়তো উতরানো যেত, যদি নির্বাচন কমিশন তার প্রধান শরিকদের, ন্যূনতম পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বিধি প্রণয়ন করত। এসব বিধি এবং আইনের খুঁতগুলোকে প্রতিপক্ষ সহজেই উদ্দেশ্যপ্রণোদিত মনে করতে পারে। এমতাবস্থায় এসব বিধি প্রয়োগ করা কতখানি সহজ হবে, তা সময়ই বলে দেবে।
আইন ও বিধি প্রণয়নের আগে যেসব প্রশ্নের উত্তর খুঁজতে হয় তার মধ্যে অন্যতম হলো, এ আইন এবং বিধির সহজ অপপ্রয়োগ এবং সঠিক প্রয়োগ কতখানি বাস্তবসম্মত অথবা প্রয়োগযোগ্য কি না এবং এসব আইন প্রয়োগে সমতল ক্ষেত্র তৈরি হবে কি না? এবং এসব আইন ও বিধির অপব্যাখ্যায় নির্বাচনের ফলাফল কতখানি গ্রহণযোগ্য হবে। এমনকি এই আইনে নির্বাচন-উত্তর সময়ে কতখানি জটিলতা সৃষ্টি করতে পারে। অন্তত আইন ও বিধি পাঠে এমন প্রশ্নের উত্তর অনেকটা নেতিবাচক বলে মনে হচ্ছে। আইন ঘন ঘন পরিবর্তনও আইনকে দুর্বল করে দেয়।
যা হোক, যদিও এ প্রক্রিয়ায় নির্বাচনী সুশাসনের প্রথম ধাপের অভাব পরিলক্ষিত, তথাপি যেহেতু সব দল, অনেক অভিযোগ থাকলেও নির্বাচনে অংশগ্রহণ করছে, এসব ত্রুটিকে উপেক্ষা করে সে ক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনই কাম্য।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার৷
[email protected]