নির্বাচনে ঝড়ের প্রভাব নিয়ে আলোচনার ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পূর্ব এবং উত্তর- পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় স্যান্ডির প্রত্যক্ষ তাণ্ডব শেষ হলেও তার ক্ষয়ক্ষতির ব্যাপকতা এখনো স্পষ্ট নয়। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে তার কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে আলোচনার ঝড় আগেই শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নির্বাচনের দিন ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অনুপস্থিতি দেখা দেবে কি না, সেটা একটি বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত যেসব রাজ্যে আগে থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল, সেগুলোতে কত তাড়াতাড়ি আবার তা শুরু করা যাবে, তা নিয়ে উদ্বেগ-আশঙ্কা রয়েছে। তা ছাড়া যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা শেষ পর্যন্ত এমনকি ৬ নভেম্বরেও ভোট দিতে আসবেন কি না, সেটাও অনেকের চিন্তার বিষয়। যেহেতু এসব অঙ্গরাজ্যের মধ্যে কিছু কিছু রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র বলে জনমত জরিপগুলোতে আভাস পাওয়া যাচ্ছিল, সেহেতু এই ঝড়ই ফলাফল-নির্ধারক হয়ে ওঠে কি না, সেটাও অনেকেই লক্ষ করার চেষ্টা করছেন। নিউইয়র্ক ও নিউজার্সি ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি; ফলে কম ভোটার ভোট দিলেও তাতে ডেমোক্র্যাটদের হারার আশঙ্কা নেই বললেই চলে। কিন্তু তাতে করে ওবামার পাওয়া মোট ভোটের পরিমাণ কমে যাবে, এ কথা বলা বাহুল্য।ঝড়ের কারণে মিট রমনি এবং প্রেসিডেন্ট ওবামা তাঁদের প্রচারণার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার পর বুধবার আবারও তা শুরু করছেন। কিন্তু কাজটি মিট রমনির জন্য যত সহজ, ওবামার জন্য ততটা সহজ নয়। কেননা, প্রেসিডেন্ট ওবামাকে এখন সবচেয়ে বেশি নজর দিতে হচ্ছে উদ্ধারকাজ, ত্রাণ তৎপরতা, অঙ্গরাজ্যগুলোকে সাহায্য প্রদানের মতো কাজে এবং এ বিষয়ে তাঁর সরকারের কাজের সমন্বয় করা। এর সামান্য অন্যথা হলে প্রেসিডেন্ট হিসেবে তা তাঁর ব্যর্থতা বলে বিবেচিত হবে এবং সেটি তাঁর নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। অন্যদিকে তিনি যদি প্রচারণার কাজে অনুপস্থিত থাকেন, তারও প্রভাব তাঁর জন্য অনুকূল হবে না। অনেকে বলার চেষ্টা করছেন যে ঝড়ের ফলে প্রেসিডেন্ট ওবামার জন্য তাঁর নেতৃত্ব প্রদর্শনের একটা সুযোগ তৈরি হয়েছে। তিনি যদি দেখাতে পারেন যে এ ধরনের একটা বড় সংকট মোকাবিলায় তিনি ও তাঁর সরকার সফল, তবে এখনো মনস্থির করেননি এমন ভোটারদের কেউ কেউ তাঁকে ভোট দিতে বেশি উৎসাহী বোধ করতে পারেন।অবশ্য কিছু মানুষের মধ্যে এর ঠিক বিপরীত মতামতও রয়েছে। তাঁরা মনে করেন সরকার যে ব্যবস্থাই নিক না কেন তা কখনোই যথেষ্ট হয় না। ফলে মিট রমনি বলার সুযোগ পাবেন যে ওবামার সরকারের ওপর নির্ভর করা যায় না, নির্বাচনে তাঁর বিরুদ্ধে ভোট দেওয়াই সমীচীন হবে। এ ধরনের প্রচারণার শক্তিকে খাটো করে দেখার উপায় নেই। জর্জ বুশের সরকারের আমলে ২০০৫ সালে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষত লুইজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন ক্যাটরিনার সময় যে অব্যবস্থা হয়েছিল, তার বিরূপ প্রভাব পড়েছিল ২০০৮ সালে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের ওপর। সে ক্ষেত্রে নির্বাচনের এত কাছে এবং ওবামা নিজেই যখন প্রার্থী, তার প্রভাব পড়ার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।এসব অনিশ্চয়তার পাশাপাশি এমন একটি বিষয় উঠে আসছে যার প্রভাব এই নির্বাচনে পড়লে অবাক হওয়ার কিছু নেই। তা হলো সরকারের, বিশেষত কেন্দ্রীয় সরকারের ভূমিকা কী। এই প্রশ্নে আদর্শিকভাবে দুই প্রধান প্রতিদ্বন্দ্ব্বী ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। রিপাবলিকানরা মনে করে, বড় আকারের সরকার ব্যক্তির অর্থনৈতিক জীবনের জন্য বাধা এবং সরকারের উপস্থিতি মানেই নাগরিকদের অধিকারের আওতা সীমিত হয়ে যাওয়া। তারা চায় যে সরকার হবে সীমিত, যে কারণে তারা বড় ব্যবসার বিষয়ে আইনকানুনের বাধানিষেধ এবং ধনিক শ্রেণীর ওপর কর হ্রাসের চেষ্টা করে থাকে। তারা সরকারের ব্যয় কমাতে চায়, তার জন্য শিক্ষা, অবকাঠামো খাতে ব্যয়েও তাদের আপত্তি। তারা এও মনে করে যে সমাজকল্যাণ খাতগুলো নাগরিকদের, বিশেষত দরিদ্র জনগোষ্ঠীকে সরকারের ওপর নির্ভরশীল করে তোলে। সে জন্য এগুলো কমানো দরকার। ডেমোক্র্যাটরা এর বিপরীতে মনে করে যে রাষ্ট্রের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বড় ভূমিকা রয়েছে। যেমন শিক্ষা, অবকাঠামো খাতে ব্যয়, মৌলিক গবেষণায় উৎসাহ প্রদান, দরিদ্র ও বয়স্কদের দায়িত্ব নেওয়া, সাধারণ জনগণের বিপদের সময় তাদের সাহায্য করা ইত্যাদি। ছোট সরকারের ধারণা এবং দৃষ্টিভঙ্গি থেকেই রিপাবলিকানরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা বলে। মিট রমনি তাঁর দলের মনোনয়নের জন্য অনুষ্ঠিত এক বিতর্কে একটি কেন্দ্রীয় সরকারের এ ধরনের একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে প্রতিষ্ঠানটি হলো ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)। রমনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই খাতে ব্যয় হলো অপচয়। তাঁর বক্তব্য ছিল, এই অর্থ বরঞ্চ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া ভালো এবং প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন খাতের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া যেতে পারে। ফেমার সবচেয়ে বড় দায়িত্ব হলো প্রাকৃতিক দুর্যোগের সময় রাজ্য সরকারের পাশে দাঁড়ানো এবং ফেমার নিজস্ব উদ্যোগে এই দুর্যোগ-পরবর্তী ত্রাণ তৎপরতা চালানো। এখন যখন একটা বড় দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে এবং রাজ্যগুলো ফেমার সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারে সাহায্যের আবেদন জানাচ্ছে, তখন অনেকেই প্রশ্ন করছেন এখন রমনি কী বলবেন। তাঁর পক্ষ থেকে এ বিষয়ে তাঁর অবস্থানের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেটা তাঁর আগের অবস্থান থেকে যথারীতি ভিন্ন। কিন্তু অনেক বিশ্লেষকই এই প্রেক্ষাপটে সরকারের ভূমিকা নিয়ে রিপাবলিকানদের আদর্শিক অবস্থান বিষয়ে প্রশ্ন তুলছেন। এই বিতর্কে ডেমোক্র্যাটরা, বিশেষত প্রেসিডেন্ট ওবামা এই মুহূর্তে একটা সুবিধাজনক অবস্থানে আছেন। কেননা, তিনি সব সময়ই বলে এসেছেন যে সরকারের ভূমিকাকে খাটো করে দেখার উপায় নেই। ফেমার ভূমিকার কারণে যে আদর্শিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে, তার কোনো প্রভাব ভোটারদের ওপর পড়বে কি না, তা এখনই বলা অসম্ভব। ডেমোক্র্যাটরা আশা করছে এর প্রভাব পড়বে, রিপাবলিকানরা আশা করছে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা না হোক।আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।