ভারতের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা আসাম প্রকাশ করতেই প্রতিবেশী রাজ্যগুলোতেও শুরু হয়েছে ‘বাংলাদেশি ধরো’ অভিযান। কিন্তু আপাতদৃষ্টিতে আসামে ‘বাংলাদেশি’ শনাক্ত করা গেছে বলে যাঁরা আহ্লাদিত হয়েছিলেন, তাঁরাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন এনআরসির আসল রহস্য। তালিকায় বহু নাম বাদ পড়েছে ঠিকই কিন্তু এমন একটিও গোটা পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি, যে পরিবারের সবাই তালিকা থেকে বাদ পড়েছেন। বরং দেখা যাচ্ছে বেশির ভাগ পরিবারই এনআরসির ভুলের শিকার। অথবা এখনো বংশবৃক্ষ পরীক্ষার কাজই হয়ে ওঠেনি।
আসামে ‘বাংলাদেশি’ খোঁজার প্রক্রিয়া প্রায় ভারতের স্বাধীনতার সময় থেকেই। ‘বিদেশি’ ‘বিদেশি’ করে বহু আন্দোলন, বহু রক্তক্ষয় হয়েছে রাজ্যটিতে। কিন্তু এখনো সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি অসমিয়ারা। তাই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতেই রয়ে গেছে অসমিয়া আধিপত্যবাদ। এনআরসিতেও তার প্রতিফলন স্পষ্ট। ভুলে ভরা এই তালিকায় বাঙালিদের নামেই বেশি জটিলতা। তাই অসম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য প্রথম থেকেই অসমিয়া আধিপত্যবাদের কড়া সমালোচনা করে চলেছেন। তাঁর মতে, ভাষিক (বাঙালি) ও ধর্মীয় (মুসলিম) সংখ্যালঘুদের শুধু আসামে নয়, গোটা দেশেই সহ্য করতে পারছে না আধিপত্যবাদীরা। সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে এনআরসিতে।
১৯৫১ থেকেই এনআরসি নিয়ে আসামে হইচই চলছে। ‘বিদেশি খেদাও’, ‘বাঙাল খেদাও’ আন্দোলনের নামে গেল শতকের আশির দশকে বহু রক্তপাতের পর ভারত সরকারের সঙ্গে আন্দোলনকারীরা ‘অসম চুক্তি’ স্বাক্ষর করেন। চুক্তির শর্ত ছিল ১৯৭১-এর ২৪ মার্চের পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে হবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অবশ্য বলছেন, এনআরসি আসামের জন্য ঐতিহাসিক দলিল। আবার তাঁর দলেরই বিধায়ক শিলাদিত্য দেব বলেছেন, ‘একাত্তর নয়, একান্নকে ভিত্তি বছর ধরতে হবে। না হলে আসাম একদিন মুসলিম রাজ্য হয়ে যাবে।’
বিতর্ক চললেও এবার আসা যাক এনআরসি-পর্যবেক্ষণে। আসামের ৩ কোটি ২৯ লাখ বাসিন্দা তঁাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য আবেদন করেছিলেন। গত ৩০ জুলাই চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে প্রাথমিকভাবে দেখা যায়, ২ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৬৭৭ জনের নাম নথিভুক্ত রয়েছে তালিকায়। বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জনের নাম; অর্থাৎ এই বিপুলসংখ্যক আসামবাসী ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ।
সোফিয়া খাতুন (৫০)। বর্তমানে জেলের ভেতর বিদেশি বন্দিশালায় বন্দী। সম্প্রতি তাঁর মামলাটি ভারতীয় সুপ্রিম কোর্টে ওঠে। সর্বোচ্চ আদালত সোফিয়ার আইনজীবীর কথা শুনে তিনটি প্রশ্ন করেন রাজ্য সরকারকে। প্রশ্ন তিনটির মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। সর্বোচ্চ আদালতের প্রশ্ন, ‘এটা কি সত্যি সোফিয়ার পাঁচ ভাই-ই ভারতীয়? সোফিয়ার স্বামীও কি ভারতীয়? সোফিয়ার বাবা-মা দুজনই কি ভারতীয়?’ আসাম সরকার এখনো জবাব দেয়নি। কিন্তু আরও একটি প্রশ্ন উঠে আসছে। তাঁরা সবাই যদি ভারতীয় হন, তাহলে সোফিয়া বিদেশি হন কীভাবে?
মানবাধিকারকর্মী সাধন পুরকায়স্থ প্রথম আলোকে বলেছিলেন, ‘স্বদেশিকে বিদেশি বানানোর কারখানা রয়েছে আসামে। এ রকম বহু সোফিয়াই তার শিকার।’ সোফিয়ার অপরাধ তিনি নিরক্ষর। তাই জন্মের প্রমাণপত্র নেই। তা ছাড়া, ভোটার তালিকায় তাঁর বাবা হুসেন মুন্সির নামের বানান ভুল রয়েছে। বাবা মারা গেছেন। তাই সংশোধনও সম্ভব নয়। এ কারণে ১৯৯৬ সালে ভোটার তালিকায় তাঁর নামের পাশে ‘ডি’ (ডাউটফুল) যুক্ত হয়। আর ২০১৬-তে বরপেটা বিদেশি ট্রাইব্যুনালে ‘বিদেশি’ শনাক্ত হয়ে এখন বন্দিজীবন কাটাচ্ছেন। কোকরাঝাড়ের সামিরান নেসা অবশ্য মুক্তি পেয়েছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, এনআরসিও আসলে নতুন করে লাখ লাখ ‘সোফিয়া’ তৈরি করেছে; অর্থাৎ পরিবারের অন্যদের নাম রয়েছে। কিন্তু একজনের নাম বাদ। আরও সহজভাবে বলতে গেলে, বাবা, মা বা পরিবারের সবার নাম থাকলেও একটি নাম বাদ। অথবা বানান ভুল। এভাবেই তৈরি হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। একটি পরিবারও এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যাদের পুরোটাই বাংলাদেশ থেকে উঠে এসেছে।
এনআরসিতে আরও একটি বিষয় প্রচারের আড়ালে রয়ে গেছে, সেটি হলো নামের বানান ভুল। প্রায় প্রতিটি পরিবারই এই রোগের শিকার। বিশাল কর্মযজ্ঞ ছিল এই এনআরসি। ভুল হতেই পারে। শুরু হচ্ছে সংশোধনী। সেই প্রক্রিয়াটি সঠিকভাবে হলেই সমস্যা মিটে যাবে বলে আশা করা যায়। বংশবৃক্ষ যাচাই করে বহু তথ্য আসা বাকিও রয়েছে। ভারতের সর্বোচ্চ আদালতই সোফিয়া মামলায় প্রশ্ন করেছেন, কারও বাবা-মা, স্বামী এবং ভাইবোনেরা ভারতীয় হলে, তিনি কি বিদেশি হতে পারেন? দেখা গেছে, চূড়ান্ত খসড়া তালিকায় বিজেপির বিধায়ক, বিধানসভার উপাধ্যক্ষের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির পরিবার—এ রকম বহু বিশিষ্ট ব্যক্তির নাম নেই। সংশোধনী পরীক্ষা নিরপেক্ষ হলে ‘বর্ষা’র সম্ভাবনা নেই বললেই চলে।
আর এটা বুঝতে পেরেই এখন এনআরসির সমালোচনা শুরু করে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্ত। তিনি বলেছেন, ‘এনআরসি প্রত্যাশা পূরণে ব্যর্থ। খিলঞ্জিয়াদেরও (অসমিয়া ভূমিপুত্র) বহু নাম বাদ গেছে। তেমনি বহু বিদেশির নাম রয়ে গেছে খসড়ায়।’ ৩১ ডিসেম্বর মধ্যরাতে প্রথম খসড়া তালিকা এবং ৩০ জুলাই চূড়ান্ত খসড়া তালিকা হয়। কিন্তু চূড়ান্ত খসড়া কবে প্রকাশিত হবে, তার কোনো নিশ্চয়তা নেই। সুপ্রিম কোর্টে ‘ধমক’ খাওয়ার আগে এনআরসির আসামের সমন্বয়ক প্রতীক হাজেলা প্রথম আলোকে জানিয়েছিলেন, কোনো সময়সীমা নেই। বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ৩১ ডিসেম্বরই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। কিন্তু হাজেলা জানিয়েছিলেন, কোনো সময়সীমা সর্বোচ্চ আদালত বেঁধে দেননি। এখন তো তাঁর কথা বলা বারণ। তবে আসামের অনেকেই মনে করেন, ২০১৯-এ ভারতের সাধারণ নির্বাচনের আগে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে না। আদৌ সেই তালিকা দিনের আলো দেখবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। মুঠোফোনে তিনি মন্তব্য করেন, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ সমস্যা। অফিশিয়ালি আমাকে কেউ জানায়নি। ভারতে সাম্প্রতিক কালে বাংলাদেশি অনুপ্রবেশের কোনো কারণ নেই। আমাদের দেশের অর্থনীতি খুব ভালো। ভারত আমাদের বন্ধুদেশ। আশা করি তারা এই সমস্যা মিটিয়ে নেবে।’
তরুণ চক্রবর্তী প্রথম আলোর ত্রিপুরা প্রতিনিধি