একাত্তরে পাকিস্তানের তিন প্রধান চরিত্র শেখ মুজিব, ইয়াহিয়া ও ভুট্টো—তিনজনই ছিলেন পরস্পরের প্রতি সন্দিহান। মুজিব নির্বাচনে জিতেও ভরসা রাখতে পারছিলেন না যে, ইয়াহিয়া তাঁর হাতে ক্ষমতা দেবেন। ভুট্টোর ভয় মুজিব-ইয়াহিয়া সমঝোতা হলে পাকিস্তানের রাজনীতিতে তিনি অপাঙ্ক্তেয় হয়ে যাবেন। আর ইয়াহিয়া দুই প্রধান নেতার বিবাদ জিইয়ে রেখে নিজের ক্ষমতা স্থায়ী করতে চান।
আরশাদ সামি খানের ভাষ্যমতে, ৭ ডিসেম্বর সকালে ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডির কনভেন্ট স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। যাওয়ার সময় তিনি ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, সামি, এজাজ, মনে রাখবে আমাদের সাইকেল মার্কায় ভোট দিতে হবে। সাইকেল ছিল মুসলিম লীগের প্রতীক।
সামির মনে হয়েছে, নিরাপত্তার দেয়ালে বন্দী থাকায় প্রেসিডেন্ট সাধারণ মানুষের মনোভাব আঁচ করতে পারেননি। এ ছাড়া জাতীয় নিরাপত্তা সেলের মহাপরিচালক মেজর জেনারেল উমর তাঁকে ভুল রিপোর্ট দিয়েছেন। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাঁর পক্ষে অনুমান করা কঠিন ছিল।
পরদিন রাত তিনটায় ইয়াহিয়া জেনারেল উমরকে টেলিফোনে ধরতে বললেন। সামি জানাচ্ছেন প্রেসিডেন্ট ও উমর যখন কথা বলছিলেন, তখন ইন্টারকমে তিনি তা শুনেছেন। দুজনের কথোপকথন ছিল এ রকম:
‘উমর এসব কী ঘটছে? তোমাদের হিসাবনিকাশ কোথায় গেল? কাইয়ুম খান, সবুর খানকে যে টাকাপয়সা দিলে তাতে কী লাভ হলো? হায় খোদা! তুমি (উমর) সবকিছু গড়বড় করে দিয়েছ। উমর তুমি কি টেলিফোনে নেই? তুমি কি বাক্রুদ্ধ হয়ে গেছ। কথা বলো।’
‘হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি।’
‘শোনা বন্ধ করো, উত্তর দাও। আমি উত্তর চাই। তুমি যে পরিস্থিতি তৈরি করেছ তা কীভাবে সামাল দেবে?’
‘হ্যাঁ স্যার, আমি কী বলব স্যার? একটি পথ বের হবেই।’
‘এখন আমার কথা ভালো করে শোনো। প্রাদেশিক পরিষদের নির্বাচন এক সপ্তাহ পর। সেই নির্বাচন সুষ্ঠু হোক আর না হোক, আমি চাই ফলাফল উল্টে যাক। প্রাদেশিক পরিষদের ফল ভিন্ন হতে হবে। আমি নিশ্চিত, আজকের নির্বাচনে যারা শোচনীয়ভাবে হেরেছে তারা আমাদের সঙ্গে থাকবে। কাল আমার সঙ্গে দেখা কোরো এবং সজাগ থাকো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ।’
‘হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার। আপনার সুবিধামতো কাল দেখা করব।’
এরপর সামি খান লিখেছেন, ‘ইয়াহিয়া ও উমরের কথোপকথনের পর আমার কাছে গেম প্ল্যান পরিষ্কার হলো। জাতীয় নিরাপত্তা সেল ধারণা দিয়েছিল যে নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ১৬২টি আসনের মধ্যে ১৬০টিতে জয়ী হয়েছে। তবে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ৯৯ শতাংশ আসন পেলে পশ্চিম পাকিস্তানে এবং পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের ৭২ শতাংশ আসন পেলেও পূর্ব পাকিস্তানে একটি আসনও পায়নি।
এরপর ইয়াহিয়া খান ঢাকায় গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বারবার বলতে থাকেন, ‘হবু প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে এবং তাঁর সঙ্গে দেখা করতে আমি এসেছি।’
এখানে অবশ্য লেখক সামি খানও পাকিস্তানি মানসিকতার ঊর্ধ্বে উঠতে পারেননি। ইয়াহিয়ার সফরসঙ্গী দুই বাঙালি কর্মকর্তা ব্রিগেডিয়ার বাচ্চু করিম ও লেফটেন্যান্ট কর্নেল মাহমুদকে সন্দেহ করেন। তাঁর ধারণা, প্রেসিডেন্ট তাঁর পারিষদবর্গের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেসব আলোচনা করতেন, তা এই দুই কর্মকর্তা শেখ মুজিবের কাছে ফাঁস করে দিতেন।
সফরসঙ্গীদের সঙ্গে ইয়াহিয়া খান যেসব বিষয়ে আলোচনা করতেন তার মধ্যে ইয়াহিয়া খানকে কার্যকর প্রেসিডেন্ট হিসেবে হবু প্রধানমন্ত্রী শেখ মুজিবের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির কথাও ছিল। প্রেসিডেন্ট তখন ১৯৬০ সালে রানি এলিজাবেথের আগমন উপলক্ষে নির্মিত ভবনে অবস্থান করছিলেন। ড. কামাল হোসেন, তাজউদ্দীন আহমদ ও খোন্দকার মোশতাককে সঙ্গে নিয়ে শেখ মুজিব সেখানে ইয়াহিয়ার সঙ্গে দেখা করতে এলে তিনি তাঁর দিকে এগিয়ে করমর্দন করেন এবং উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নির্বাচনে নজিরবিহীন সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান।
অভিনন্দনের জবাবে শেখ মুজিবও নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসায় ইয়াহিয়াকে ধন্যবাদ জানান। আলোচনায় প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন যে, হাজার মাইল দূরের দুই ভূখণ্ডকে একসঙ্গে রাখতে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। এ ক্ষেত্রে ইয়াহিয়া তিনটি বিকল্পের কথা বলেন। প্রথমত, আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এককভাবে সরকার গঠন করতে পারে; কিন্তু তাতে পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব থাকবে না। দ্বিতীয়ত, পশ্চিম পাকিস্তানের বিজয়ী দল পিপলস পার্টির সঙ্গে কোয়ালিশন করতে পারে। অথবা পিপলস পার্টির বাইরের দলগুলোকে নিয়েও সরকার গঠন করতে পারে।
ইয়াহিয়া যে বিষয়টির ওপর জোর দিলেন তা হলো ক্ষমতার সব পক্ষকে যুক্ত করতে না পারলে কিংবা তাদের সহযোগিতা না পেলে কোনো রাজনৈতিক দলই কার্যকর সরকার পরিচালনা করতে পারবে না। তিনি বললেন, ‘জনাব, আমি ব্যারাকে ফিরে যেতে চাই এবং বেসামরিক সরকার দেশ চালাক এটাই চাই।’
শেখ মুজিব ও তাঁর সহযোগীরা প্রেসিডেন্টের কথা ধীরস্থিরভাবে শুনছিলেন। তিনি ইয়াহিয়া খানকে ভারতের মতো প্রতীকী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে বললেন। ইয়াহিয়া হাসলেন এবং বললেন, ‘শেখ সাহেব, আমি আশা করি আপনার বিপুল বিজয় আপনার ভিশনকে (ভবিষ্যৎ পরিকল্পনা) ভন্ডুল করে দেবে না। আপনি একজন সামরিক লোককে রাষ্ট্রপ্রধান করতে চান, যিনি হবেন দন্তবিহীন সিংহ!’
ইয়াহিয়া যে কার্যকর প্রেসিডেন্টের কথা বলেছেন, শেখ মুজিব তার মর্মার্থ বোঝার চেষ্টা করলেন এবং জানতে চাইলেন, ‘স্যার, আপনি সংসদীয় ব্যবস্থার স্থলে প্রেসিডেন্ট শাসিত সরকারের পরামর্শ দিচ্ছেন?’
ইয়াহিয়ার জবাব, ‘মিশ্রিত।’ দুই পক্ষ যাতে ক্ষমতা ভাগাভাগি করতে পারে।
স্বাভাবিকভাবেই শেখ মুজিবের পক্ষে এই প্রস্তাব মানা সম্ভব ছিল না। ইয়াহিয়ার উপদেষ্টা জি ডব্লিউ চৌধুরী লিখেছেন, শেখ মুজিবের সঙ্গে বৈঠকের পর ক্ষুব্ধ ইয়াহিয়া তাঁকে জানান, ‘মুজিব আমাকে হেয় করেছেন। আমি তাঁকে বিশ্বাস করে ভুল করেছি।’
ওই বৈঠকে শেখ মুজিব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় পরিষদের অধিবেশন ডাকার অনুরোধ জানালে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বাস্তবসম্মত নয়। শেষ সপ্তাহে হতে পারে। কিন্তু সেই অধিবেশন আর কখনোই বসেনি, পাকিস্তানও এক থাকেনি।
আগামীকাল: ‘হবু প্রধানমন্ত্রী’ হলেন দেশদ্রোহী
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।