
কার্ডিফে শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের উৎসব তখনো চলছে। মাত্র শ দেড়েক মাইল দূরে লন্ডনে তখন রেস্তোরাঁ এবং পানশালাগুলো কানায় কানায় পূর্ণ। গ্রীষ্মের সময় রাত ১০টা, অনেকটা সন্ধ্যার মতোই। সূর্য ডোবার পর এক ঘণ্টাও পার হয়নি। ঠিক এ রকম সময়েই লন্ডন ব্রিজের ওপর পরিচালিত হয় সন্ত্রাসী হামলা।
দুই মাস আগে ২২ মার্চ, ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর যেভাবে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে হামলা হয়েছিল, ঠিক একইভাবে হামলা হলো লন্ডন ব্রিজে। ওয়েস্টমিনস্টারের হামলাকারী পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার পর গাড়ি থেকে নেমে ছুরি নিয়ে ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা চালায় এবং তার ছুরিকাঘাতে নিহত হন একজন পুলিশ সদস্য। লন্ডন ব্রিজেও পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে সেই ভ্যান থেকে তিনজন সন্ত্রাসী ছুরি দিয়ে পথচারী এবং পানশালার অতিথিদের ওপর হামলা চালায়। তাদের হামলায় নিহত হন সাতজন।
পুলিশের বিবরণ অনুযায়ী ওই তিনজন সন্ত্রাসী এমন এক বেল্ট পরিধান করেছিল, যা আত্মঘাতী বিস্ফোরকভরা বেল্টের মতো ছিল। ফলে লোকজন চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ে। হামলার খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশের গুলিতে ওই তিন সন্ত্রাসী নিহত হয় এবং পুলিশ পরে জানায় যে তাদের পরিধান করা বেল্টগুলো ছিল ভুয়া। কিন্তু ওই স্বল্পতম সময়ের মধ্যে সন্ত্রাসীরা সে সময়েই ছয়জনকে হত্যা এবং আরও প্রায় ৪৮ জনকে জখম করতে সক্ষম হয়। আহত ব্যক্তিদের মধ্যে পরে মারা যান আরও একজন। সাধারণ অস্ত্র ব্যবহারের মাধ্যমে যে মাত্রার ভয়াবহ আঘাত এসব সন্ত্রাসী করতে সক্ষম হয়েছে, তা অবিশ্বাস্য।
মাত্র দুই সপ্তাহ আগে, ২২ মে, ম্যানচেস্টারে এক সংগীতানুষ্ঠানে পরিচালিত হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। সেই হামলাটি ছিল আত্মঘাতী। পুলিশি তদন্তে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে ম্যানচেস্টারের হামলাকারী ছিল একজন। ওয়েস্টমিনস্টারেও হামলাকারী ছিল একজন। কিন্তু লন্ডন ব্রিজে দেখা গেল হামলায় একসঙ্গে অংশ নিয়েছে তিনজন। ফলে ইংল্যান্ডে সংগঠিতভাবে ইসলামি সন্ত্রাসবাদীদের তৎপরতা পরিচালনার সামর্থ্যের প্রত্যক্ষ প্রমাণ কর্তৃপক্ষের জন্য এখন একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে।
ম্যানচেস্টারের সংগীতানুষ্ঠানে হামলা যে পাশ্চাত্যের জীবনধারা বদলাতে পারবে না, সেটা বোঝানোর উদ্দেশ্যে রোববার রাতে ওই শহরেই আরও বড় আকারে আরেকটি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমেরিকান পপ তারকা অ্যারিয়ান গ্রান্ডের কনসার্টে হামলার জবাবে ওয়ান লাভ ম্যানচেস্টার নামের দ্বিতীয় সংগীতানুষ্ঠানে অ্যারিয়ানের সঙ্গে যোগ দেবেন পপজগতের আরও ডজনখানেক শীর্ষ তারকা। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এই দ্বিতীয় সংগীতানুষ্ঠানের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জের বিষয়।
রোববার ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ও জনবহুল শহর বার্মিংহামে হচ্ছে ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভারত-পাকিস্তানের ম্যাচ। কয়েক সপ্তাহজুড়ে চলার কথা চ্যাম্পিয়নস ট্রফির অনেক খেলা। এসব আয়োজনের নিরাপত্তা প্রস্তুতির জন্য পুলিশ এবং নিরাপত্তাবাহিনী স্বাভাবিকভাবেই ব্যস্ত। পাশাপাশি যুক্তরাজ্যজুড়ে চলছে সাধারণ নির্বাচনের প্রচার। ঠিক এ রকম একটি সময়ে লন্ডন ব্রিজের হামলায় একধরনের পরিকল্পনার ইঙ্গিত মেলে। নাগরিকদের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি তাই এখন পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর জন্য যেমন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, তেমনি তা নির্বাচনী রাজনীতিতেও বিতর্কের প্রধান বিষয় হয়ে দাঁড়াবে।
প্রধান দুই রাজনৈতিক দল, প্রধানমন্ত্রী থেরেসা মের কনজারভেটিভ পার্টি এবং বামপন্থী ও শান্তিবাদী রাজনীতিক জেরেমি করবিনের লেবার পার্টি এক দিনের জন্য নির্বাচনী প্রচার বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। লিবারেল ডেমোক্র্যাট এবং স্কটিশ জাতীয়তাবাদী এসএনপিও তাদের প্রচারকাজ এক দিনের জন্য বন্ধ রেখেছে। কিন্তু উগ্র জাতীয়তাবাদী ইউকে ইনডিপেনডেন্স পার্টি (ইউকিপ) নির্বাচনী প্রচার বন্ধ রাখতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, নির্বাচনী প্রচার বন্ধ রাখার মানে দাঁড়াবে সন্ত্রাসবাদীরা যা চায় সেটা পূরণ করা। কেননা, তারা গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, ব্রিটিশ জীবনধারাকে বদলে দিতে চায়।
প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপত্তাবিষয়ক বিশেষ (কোবরা) কমিটির বৈঠক শেষে ঘোষণা করেছেন যে নির্বাচন যথাসময়েই, অর্থাৎ আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। অবশ্য নির্বাচনের কোনো বিকল্পও নেই। থেরেসা মের সরকার কার্যত একটি অর্ন্তবর্তী বা তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো সংসদ নেই। ফলে কার্যকর কর্তৃত্ব অর্জনের জন্য নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। তবে নিশ্চিতভাবেই আগামী তিন দিনের নির্বাচনী বিতর্কের কেন্দ্রে থাকবে সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি। থেরেসা মে চেয়েছিলেন ব্রেক্সিট প্রশ্নে তাঁর অবস্থানের প্রতি সমর্থন যাচাইয়ে নির্বাচনী ম্যান্ডেট। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপগুলোতে আভাস মিলছিল যে বিরোধী নেতা করবিনের কৃচ্ছ্রনীতিবিরোধী পালাবদলের বার্তা নির্বাচনের মোড় ঘোরাতে শুরু করেছে। ম্যানচেস্টারের হামলার পর জেরেমি করবিন কৃচ্ছ্রের কারণে পুলিশের সংখ্যা কমানোর যে সমালোচনা করেছিলেন, সেটি আবারও আলোচনায় আসবে সন্দেহ নেই। নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রায় সবাই একমত যে সন্ত্রাসবাদের বিপদ যতটা বিস্তৃত, তা মোকাবিলায় সেই পরিমাণে সম্পদের বরাদ্দ নেই। বিপরীতে শান্তিবাদী নীতিতে বিশ্বাসী হওয়ার কারণে সন্ত্রাসবাদীদের হত্যার চেয়ে গ্রেপ্তারের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টির কারণে মি করবিন সন্ত্রাসীর প্রতি নমনীয় এমনকি সহানুভূতিশীল বলেও অভিযোগ করেন তাঁর প্রতিপক্ষ। ওসামা বিন লাদেনকে জীবিত অবস্থায় আটক না করে হত্যার সমালোচনা করায় তাঁকে বারবারই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
লন্ডন ব্রিজ এলাকাটি বাংলাদেশি-অধ্যুষিত এলাকার খুবই কাছে। ওই এলাকায় রেস্তোরাঁসহ ছোট-বড় নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশিরা কর্মসূত্রে বা ব্যবসায়িক কারণে জড়িত। স্বাভাবিকভাবেই তাঁরাও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। আত্মঘাতী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কারও কোনো যোগসূত্র আছে কি না, সেই দুর্ভাবনাও কম নয়। কেননা, ইতিমধ্যে ব্রিটেনে বসবাসরত একাধিক বাংলাদেশি তরুণ-তরুণীর ইরাক ও সিরিয়ার কথিত ইসলামিক স্টেটে গিয়ে সন্ত্রাসে জড়িত, এমনকি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।