নির্বাচনের রেলগাড়িটা: চকরিয়া-পেকুয়ার শেষ সুযোগ

টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু পেরিয়ে চট্টগ্রামের পথ ধরলেই কক্সবাজার–১ আসন। ২০১৪ সালে এই আসনে কোনো ভোট হয়নি। বিনা প্রতিবন্ধিতার তালিকাভুক্ত আসনটি ভাগে পায় জাতীয় পার্টির এরশাদ অংশ। চকরিয়া আর পেকুয়া উপজেলা নিয়ে এই আসনের পেকুয়া অংশ আগে চকরিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ২০০২ সালের ২৩ এপ্রিল বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা চকরিয়ার ১৭টি ইউনিয়নের ৭টি ইউনিয়ন নিয়ে পেকুয়া উপজেলা গঠিত হয়। দলিল–দস্তাবেজ অনুযায়ী নৌকা, ধানের শীষসহ মোট আটজন প্রার্থী হাতুড়ি, মোটরগাড়ি, সিংহ, হাতপাখা, হারিকেন, লাঙ্গল নিয়ে লড়ছেন এই আসনে। এই আসনে দুজন নারী প্রার্থীর নাম আছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলমের মেয়ে তানিয়া আফরিন এঁদের একজন। আরেকজন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। তবে ফরিদপুর–২ আসনের মতো এখানে দুই নারী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে না। ফরিদপুর–২ আসনে লড়ছেন আওয়ামী লীগের সাজেদা চৌধুরী আর বিএনপির শ্যামা ওবায়েদ।
কক্সবাজার–১ আসনে মূল লড়াই হবে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে আসা আওয়ামী লীগের জাফর আলম আর বিএনপির হাসিনা আহমদের মধ্যে। বর্তমানে গদিতে থাকা সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ চেয়েছিলেন নৌকা নিয়ে প্রতিযোগিতায় থাকতে। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন বাবলু প্রার্থী হলে হয়তো সেটা ঘটতে পারত। নৌকা না পেয়ে মো. ইলিয়াছ লাঙ্গল নিয়েই দাঁড়িয়েছেন। ২০১৪ সালের ফাঁকতালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. ইলিয়াছ এবার মূল লড়াইয়ে একজন দর্শকের চেয়ে বেশি কিছু অবদান রাখতে পারবেন বলে মনে হলো না। সেটাই মনে হলো চকরিয়া–পেকুয়ার ভোটারদের কথায়।
২০০২ সালে যখন পেকুয়াকে উপজেলায় উন্নীত করা হয়, তখন এখানকার নির্বাচিত সাংসদ সালাউদ্দিন আহমদ (বিসিএস) ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী। তিনি রাতারাতি পেকুয়ার চেহারা বদলে দেন। কুমিল্লা থেকে বছর ৫০ আগে বাবার সঙ্গে পেকুয়া চলে আসা এখলাস উদ্দিনের (আসল নাম নয়) দোকানে বসে কথা হচ্ছিল। এই আসনে সালাউদ্দিনের ছড়াছড়ি। ১৯৮৬ সালে এরশাদের দেওয়া নির্বাচনে এই আসনে এসেছিলেন এ এইচ সালাহউদ্দিন মাহমুদ। তিনি নিজেকে মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তিনি এখন জাতীয় পার্টির মঞ্জু অংশের জেপির প্রেসিডিয়াম সদস্য। তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে বসে গেছেন। আরেকজন সালাউদ্দিন তিন–তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে প্রতিবারই দ্বিতীয় হয়েছেন। তিনি নিজেকে সিআইপি সালাউদ্দিন হিসেবে পরিচয় দেন। লেখেন সালাউদ্দিন আহমেদ সিআইপি। তাই উত্তরা থেকে হারিয়ে যাওয়া পরে ভারতের শিলংয়ে খুঁজে পাওয়া সাবেক যোগাযোগমন্ত্রী সাবেক আমলাকে সালাউদ্দিন বিসিএস বলেছেন এখলাস উদ্দিন। স্রেফ এক সালাউদ্দিন থেকে আরেক সালাউদ্দিনের ফারাক বোঝানোর জন্য, অন্য কোনো কারণে নয়।
১৯৮৬ সালের নির্বাচনের কথা তেমন মনে করতে পারেন না এখলাস। তবে সালাউদ্দিন ম্যাজিকে তিনিও বেশ চমক খেয়েছিলেন ৯৬–এ। তাঁর কথা মতো ১৯৯১ সালের বিএনপির কোনো খবরই ছিল না এই আসনে। তাদের পজিশন ছিল চার। সেবার জেতে জামায়াত। জামায়াতের এনামুল হক মঞ্জু পেয়েছিলেন প্রায় ৩৮ হাজার ভোট। বিএনপি প্রার্থী মাহমুদুল করিম পেয়েছিলেন মাত্র ১৬ হাজার ভোট, জামায়াতের তুলনায় অর্ধেকেরও কম ভোট। নিকটতম ছিলেন প্রায় ৩৩ হাজার ভোট নিয়ে আওয়ামী লীগের জহিরুল ইসলাম। সেবারই এখলাস প্রথম দেখেন তখনকার এনডিপি সভাপতি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে। তিনিও বিএনপির থেকে বেশি ভোট পেয়েছিলেন। এখলাস চা খেতে খেতে সাকা চৌধুরীর লম্বা–চওড়া শরীরের বর্ণনা দিলেও তাঁর হম্বিতম্বি তখনকার তরুণ এখলাসের ভালো লাগেনি। ৯৬–এর নির্বাচনে যখন সারা দেশে বিএনপির ছুটি হয়ে যায়, তখন কক্সবাজার–১ আসনে বিএনপি চার নম্বর থেকে একে উঠে আসে। সালাউদ্দিন বিসিএস সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির ১৬ হাজার ভোট এক লাফে ৭২ হাজারের বেশি হয়ে যাওয়াকেই ম্যাজিক বলেছেন এখলাস। আওয়ামী লীগ সেবার ৫০ হাজারে বেশি ভোট পেয়ে দুই নম্বরে থেকে গেলেও জামায়াত নেমে যায় তিন নম্বরে।
২০০১ সালের নির্বাচনে প্রায় দ্বিগুণ হয়ে যায় বিএনপির ভোট। ১ লাখ ৩৪ হাজার ভোট নিয়ে আসনটি তারা ধরে রাখে। এই সময় আওয়ামী লীগের ভোটারও বেড়ে দাঁড়ায় প্রায় ৭৪ হাজার। জামায়াতের কোনো প্রার্থী ছিল না। পরের আর কোনো নির্বাচনে এই আসনে জামায়াত প্রার্থী দেয়নি। এখলাস এসব নির্বাচনে কাকে ভোট দিয়েছিলেন, সে ভেদ ভাঙেন না। তবে জানিয়ে দেন, তিনি ১৯৯৬ সালের থেকে আরও বেশি চমকিয়ে ছিলেন ২০০৮ সালের ফলাফলে। বিসিএস সালাউদ্দিন তখন জেলে। ঘুষ কেলেঙ্কারিতে তাঁর সাত বছরের সাজা হয় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এ কারণে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতাও হারান। তাঁর বদলি প্রার্থী হন স্ত্রী হাসিনা আহমেদ। সারা দেশে তখন আওয়ামী জোয়ার। বিএনপির আসনসংখ্যা ১৯৩ থেকে কমে ৫৮–তে এসে ঠেকলেও হাসিনা আহমেদ জিতে যান। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের সিআইপি সালাউদ্দিন আহমদের থেকে প্রায় ৩৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন হাসিনা আহমেদ।
কক্সবাজার–১ বাংলাদেশের সেই সব বিরল আসনের একটি, যেখানে ১৯৮৬ সাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ কখনোই জয়লাভ করেনি, কিন্তু ভোট বেড়েছে প্রতিবার আর দ্বিতীয় থেকেছে সব সময়। ১৯৯১ সালে কাস্টেড ভোটের ৩০ দশমিক ৩ শতাংশ, ১৯৯৬ সালে বেড়ে হয় ৩২ দশমিক ৪ শতাংশ, ২০০১ সালে হয় ৩৫ শতাংশ। আর আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের বছর ২০০৮ সালে সেটা হয় ৪৩ দশমিক ৫ শতাংশ। ১৯৯১ সালের নির্বাচনে যে আসনে বিএনপির কোনো পাত্তাই ছিল না, সেই আসন কী করে তাদের একটা নিশ্চিত আসনে পরিণত হয়? জামায়াতের কারসাজি? বিসিএস সালাউদ্দিনের কারিশমা? না অন্য কিছু? এসব প্রশ্নের কোনো হদিস দিতে পারেন না এখলাসরা। পেকুয়া থেকে কুতুবদিয়ার রাস্তা ধরে মগনামার করিমদাদ ঘাট এবং অন্যদিকে সিকদারবাড়ি, মুহুরিপাড়া পর্যন্ত নতুন ভোটাররা গত ১০ বছরে কোনো ভোট দেখেনি। শাহ জামিরিয়া বিরিয়ানি হাউসে থালায় লেবু ঘষতে ঘষতে রাজাখালীর কৃষক সোলায়মান হাজি বলেন, গত ১০ বছরে পাঁচবার ডুবেছে খেতখামার। বাঁধ টেকে না। পানি এলে আর সরে না। জলাবদ্ধতাকে এভাবে বোঝালেন সোলায়মান হাজি। ২০১৫-১৭ সালে পেকুয়া–চকরিয়ার ঝটকা বন্যার খবর জাতীয় দৈনিকের পাতায় পাতায় ঠাঁই পায়। জলাবদ্ধতার ছবি যায় চ্যানেল টিভির ব্রেকিং নিউজে। এসব তাঁর জানা। বললেন, ‘মার্কাটার্কা বুঝি না। বাঁধ বুঝি। স্লুইসগেট বুঝি।’ ভোটকেন্দ্রে যেতে পারলে ভোট দিয়ে জবাব দেবেন তিনি। বলেন না বা আমি বুঝি না, কাকে তিনি কিসের জবাব দেবেন। তবে বলেন, এটাই শেষ সুযোগ। আমি বিষম খাই। তিনি কী তাঁর বয়সের দিকে ইঙ্গিত করলেন! না নিগূঢ় কোনো রাজনৈতিক বাণ ছাড়লেন? পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে ওপরে তাকাতে বললেন, তাহলে নাকে চলে যাওয়া ভাত নেমে আসবে, শ্বাস নেওয়া সহজ হবে, বিষম কেটে যাবে।
গওহার নঈম ওয়ারা: শিক্ষক ও গবেষক