নির্বাচিত সরকারের অধীনেই সব থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দুটি বিভেদের মধ্যে একটি হচ্ছে সামরিক-বেসামরিক সম্পর্ক। তাদের মধ্যকার সম্পর্কটা ভালো নয়। কথা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সেনাপ্রধানের চাকরির মেয়াদ বাড়াতে চান না। আবার ভারত, আফগানিস্তান, কাবুলবিরোধী তালেবান ও ভারতবিরোধী জিহাদিদের কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও ঊর্ধ্বতন সেনা কমান্ডের সঙ্গে তাঁর মতভেদ রয়েছে। তিনি সন্ত্রাসবাদ মোকাবিলার লেবাসে রাজনীতিকদের দুর্নীতি হ্রাসে সেনাবাহিনী ও রেঞ্জারদের বেশি ক্ষমতা দিতে চান না।

অভ্যন্তরীণ দ্বিতীয় বিভেদ সৃষ্টিকারী বিষয়টি হচ্ছে, সম্মিলিত বিরোধী দলের সঙ্গে শাসক দলের চলমান দ্বন্দ্ব। বিরোধীরা নওয়াজ শরিফকে শুধু সরকার থেকে নয়, একদম রাজনীতি থেকেই দূরে রাখতে চান, যাতে পিএমএলএন তাদের জনপ্রিয় নেতাকে হারিয়ে আগামী নির্বাচনে জিততে না পারে। এ দুটি কারণে দেশটির সামরিক বাহিনী, গণমাধ্যম ও আদালত বিতর্কে জড়িয়ে পড়েছেন। ফলে দেশটিতে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।

আর বাহ্যিক চাপ আসছে ভারত ও আফগানিস্তানের কাছ থেকে। কাশ্মীরে বিচ্ছিন্নতার আন্দোলন তীব্র হওয়ার পর ভারত সরকার সেখান থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার লক্ষ্যে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। এর জন্য ‘প্রধান শত্রু’ পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব লাগানোর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে। প্রথমত, পাকিস্তানের ওপর ‘সুনির্দিষ্ট হামলার’ প্রহসন করা হলো। এরপর এ​ল সীমান্ত থেকে মাছির মতো পাকিস্তানি সেনাদের তুলে নেওয়ার দাম্ভিক দাবি। আর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাজার থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। মানুষ তাঁর ওপর খেপেছে।

আফগানিস্তানের ক্ষেত্রেও পাকিস্তান একই ধরনের সমস্যায় পড়েছে। আফগান সরকার তাদের সীমান্তে ঘাঁটি গাড়া পাকিস্তানি তালেবানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি নয়, যারা পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে। কারণ, পাকিস্তান আফগান তালেবানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি নয়, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে তারা যেমন নিয়েছিল। আফগান তালেবানদের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণে সমস্যা আরও ঘনীভূত হচ্ছে, যাদের কট্টরপন্থীরা কাবুলের সঙ্গে সমঝোতার প্রক্রিয়ায় বাদ সাধছে। এরাই আবার আইএস হয়ে গিয়ে কাবুল ও ইসলামাবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এরপর তারা পাকিস্তানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তাদের শক্তিশালী অবস্থান থেকে বেলুচিস্তানে হামলা চালাচ্ছে। আফগান তালেবানদের মধ্যকার কট্টরপন্থীরা পাকিস্তানের ওপর নাখোশ, কারণ তারা সিআইএকে তালেবান নেতা মোল্লা মনসুরকে পাকিস্তানের মাটিতে হত্যা করতে সহায়তা করেছিল। একই সঙ্গে, পাকিস্তান পাকিস্তানপন্থী তালেবানদের একত্র করার চেষ্টা করেছিল, যাতে কাবুলের সঙ্গে আলোচনায় বসা যায়।

এসব বিষয়ের গোড়ায় একটি ব্যাপার রয়েছে। সামরিক ক্ষমতাচক্র পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ করে। এতে তাদের সঙ্গে নির্বাচিত সরকারের সম্পর্ক নষ্ট হয়, যার প্রভাব পড়ে দেশটির পররাষ্ট্রনীতিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। এই নীতিতে ভারত পাকিস্তানের প্রধান শত্রু হিসেবে আবির্ভূত হয়। আর কাশ্মীরের সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হয় পাকিস্তানের আকাঙ্ক্ষা অনুসারে। এই নীতিতে আফগানিস্তানকে পাকিস্তানের বন্ধু হিসেবে দেখানো হয়, যারা ভারতের শত্রু। সে কারণে অ-রাষ্ট্রীয় বাহিনী হিসেবে তালেবানদের দরকার। কিন্তু এই নীতি বিভিন্ন ক্ষেত্রেই পাল্টা আঘাতের মুখে পড়ছে, যার কারণে পাকিস্তান মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে পড়ছে।

প্রথমত, নাগরিক সমাজ, গণমাধ্যম, বিচার বিভাগ ও রাজনৈতিক দলগুলো এক জোট হয়ে বেসামরিক সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যদিকে সামরিক আইন জারির ব্যাপারে সেনাবাহিনীর ক্ষমতাও দ্রুত কমে যাচ্ছে। পাঞ্জাবের জনপ্রিয় রাজনীতিক নওয়াজ শরিফ সামরিক বাহিনীর ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে বদ্ধপরিকর। ফলে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে আর সামরিক-বেসামরিক সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, দেশটির সামরিক বাহিনী কাবুল ও কাশ্মীরকে আফগান তালেবান ও জিহাদিদের মতো অ-রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সংযুক্ত করতে ব্যর্থ হওয়ায় প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। আফগান তালেবান ও পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী জিহাদিরা এক জোট হয়ে পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে। তবে পাকিস্তান ও আফগানিস্তানের অন্যান্য সেনাপন্থী ও অ-রাষ্ট্রীয় শক্তিগুলো কাবুল ও ভারতকে আক্রমণ করতে মুখিয়ে আছে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিটা এমন যে এ ধরনের প্রতিটি হামলায় পাকিস্তান নিজেকে আরও বেশি করে বিচ্ছিন্ন করছে। পৃথিবীর চোখে সে ‘সন্ত্রাসবাদের স্থানীয় পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হচ্ছে’। এতে যে প্রতিক্রিয়া হয় তা নিশ্চিতভাবেই বেসামরিক কূটনৈতিক নেতৃত্বকে সামাল দিতে হয়। ফলে তারা সামরিক নেতৃবৃন্দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে। কথা হচ্ছে, সামরিক বাহিনী যখন বিরোধীদের লাই দিয়ে নির্বাচিত সরকারকে দুর্বল করতে চায়, তখন পুরো রাষ্ট্রব্যবস্থাই অস্থিতিশীল হয়ে যায়। এতে বাইরের শক্তিগুলো সুযোগ পেয়ে যায়।

পাকিস্তানের নতুন এক সামাজিক চুক্তি দরকার। বলা যায়, এটা তার জন্য খুবই জরুরি। সেটা হবে এমন চুক্তি, যেখানে সামরিক বাহিনী সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারের অধীনে থাকবে, যারা আবার সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে কাজ করবে। এ দুটিই হবে ক্ষমতার মূল নির্ধারক।

পাকিস্তানের সাপ্তাহিক ফ্রাইডে টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত।

নাজাম শেঠি: পাকিস্তানি সাংবাদিক।