নির্যাতনমূলক সব সহিংসতা নিষিদ্ধ করা হয়েছে

>জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করে ১৯৯৮ সালে। চার বছর পরপর প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও ২০ বছরে বাংলাদেশ কোনো প্রতিবেদন দেয়নি। জেনেভায় জাতিসংঘ দপ্তরে নির্যাতনবিরোধী কমিটির ৬৭তম অধিবেশনে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করা হবে আজ ও কাল। অধিবেশনে বাংলাদেশ সরকারের দেওয়া প্রাথমিক প্রতিবেদন এবং মানবাধিকার ফোরাম বাংলাদেশ–এর প্রতিবেদনের সংক্ষেপিত ভাষ্য এখানে প্রকাশিত হলো।
দ্য ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট (আনক্যাট), ১৯৮৪-এর ১৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপক্ষ হিসেবে বাংলাদেশ সরকার এই প্রতিবেদন পেশ করছে। এই প্রতিবেদনে আনক্যাট বিধানের আওতায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলো পদ্ধতিগতভাবে তুলে ধরা হয়েছে।
আনক্যাট বাস্তবায়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে হালনাগাদ তথ্য এই প্রতিবেদনে রয়েছে। এই প্রতিবেদনের প্রাথমিক উৎস হিসেবে সংসদের আইন, অধ্যাদেশ, বিধিবিধান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তসমূহ এবং সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নেওয়া তথ্য রয়েছে। দ্বিতীয় উৎসের মধ্যে রয়েছে বাংলাদেশের ইউপিআর প্রতিবেদনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের তৈরি করা প্রতিবেদন, সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য। বাংলাদেশ সরকার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা করেছে। সরকার জাতীয় মানবাধিকার কমিশন, বেসরকারি সংগঠন, নাগরিক সমাজ, বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একাধিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নির্যাতন রোধ ও দণ্ডদান প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য আচরণবিধি, চিকিৎসকদের জন্য প্রণীত নীতিমালা, কয়েদিদের প্রতি নিষ্ঠুরতাবিরোধী বিভিন্ন আইন ও বিধিবিধান করেছে। রাষ্ট্র বনাম মহানগর পুলিশ কমিশনার মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বলেছেন, ‘যদি অভ্যন্তরীণ আইন যে প্রশ্ন সামনে এনেছে, তা সুরাহায় যথেষ্ট পরিষ্কার বলে গণ্য না হয়, তাহলে জাতীয় আদালতসমূহ আন্তর্জাতিক আইনের দ্বারা পরিচালিত হবে।’ মৌলিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের সংবিধান সংসদকে আইন তৈরি করতে দিয়েছে। সংবিধান একই সঙ্গে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করা থেকে সংসদকে বিরত থাকতে বলেছে।
২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন পাস করা হয়। বাংলাদেশের ফৌজদারি আইনগুলোতে নির্যাতনের পর্যায়ে পড়ে, এমন সব ধরনের সহিংসতা নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনিক পদক্ষেপ
বাংলাদেশের সংবিধানে শৃঙ্খলা বাহিনী সংজ্ঞায়িত করা হয়েছে। ক. স্থল, নৌ বা বিমানবাহিনী। খ. পুলিশ বাহিনী, গ. আইন দ্বারা এই সংজ্ঞার অর্থের অন্তর্গত বলে ঘোষিত যেকোনো শৃঙ্খলা বাহিনী। ২০১৩ সালের আইন অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা অর্থ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, কাস্টমস, ইমিগ্রেশন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ভিডিপি, কোস্টগার্ডসহ দেশে আইন প্রয়োগ ও বলবৎকারী সরকারি কোনো সংস্থা।
বাংলাদেশ পুলিশ একটি সুপ্রতিষ্ঠিত প্রশাসনিক ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। বাংলাদেশে নির্যাতনসহ যেকোনো অসদাচরণের সঙ্গে দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়। যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে নিরাপত্তা হেফাজতে কিংবা তার বাইরে নির্যাতনের বিষয়ে অভিযোগ করতে পারেন। ১৯৮৫ সালের পাবলিক সার্ভেন্ট শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ১৯৪৩ সালের বেঙ্গল পুলিশ রেগুলেশন, ১৯৭৬ সালের পুলিশ কর্মকর্তার অধ্যাদেশের আওতায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
১৯৭৬ সালের পুলিশ কর্মকর্তার অধ্যাদেশের আওতায় নেওয়া শৃঙ্খলামূলক পদক্ষেপের মধ্যে রয়েছে চাকরিচ্যুতি, চাকরি থেকে অপসারণ, বাধ্যতামূলক অবসর এবং দায়িত্ব থেকে অব্যাহতি, পদের অবনতি ঘটানো। পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার জন্য ‘ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড’ নামের একটি বিভাগ রয়েছে। তাদের কাছে মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ করা যায়।
বিচার বিভাগীয় পদক্ষেপ
সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যা হাইকোর্ট এবং আপিল বিভাগ নিয়ে গঠিত। সংবিধান অনুসারে মৌলিক অধিকার সুরক্ষায় হাইকোর্ট বিভাগের কাছে প্রতিকার প্রার্থনা করা যায়। মানবাধিকারের লঙ্ঘন ঘটলে যেকোনো ব্যক্তি হাইকোর্টের কাছে দরখাস্ত পেশ করতে পারেন। মানবাধিকার বলবৎ করতে হাইকোর্ট বিভাগ প্রজাতন্ত্রের যেকোনো কর্তৃপক্ষের ওপর আদেশ নির্দেশ জারি করতে পারেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নেওয়া সিদ্ধান্ত সব অধীন আদালতের জন্য বাধ্যতামূলক। যে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দেওয়া কোনো আদেশ বা নির্দেশের অমান্য ঘটে, তখন সুপ্রিম কোর্ট তার অবমাননার জন্য তদন্তদানে যেকোনো আদেশ বা নির্দেশ দিতে পারেন।
বাংলাদেশের সুপ্রিম কোর্ট গ্রেপ্তার ও অন্তরীণ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একাধিক সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট বনাম বাংলাদেশ মামলায় হাইকোর্ট বিভাগ ১৫টি নির্দেশনা দিয়েছেন। এতে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার, ডিটেনশন, রিমান্ডকালে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের করণীয় নির্দেশ করা আছে।
ওই মামলায় এই যুক্তি দেওয়া হয়েছিল যে ৫৪ ধারার আওতায় সন্দেহের বশে গ্রেপ্তারকালে পুলিশ তার ক্ষমতার বাইরে যাওয়ার একটা প্রবণতা দেখিয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাঁর রায়ে বলেছেন, পুলিশি হেফাজতে বা জেল হেফাজতে কয়েদির প্রতি নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর কোনো আচরণ সংবিধান অনুমোদন করে না। পরে সাইফুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় সুপ্রিম কোর্ট গ্রেপ্তার, আটক, তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আচরণের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের জন্য একটি গাইডলাইন বেঁধে দিয়েছেন। ব্লাস্ট বনাম বাংলাদেশ ও অন্যান্য মামলায় সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর পাস হওয়া জাতিসংঘের রেজল্যুশনের (৩৪/১৬৯) আলোকে একটি আচরণবিধি তৈরি করতে বলেছেন।
সুপ্রিম কোর্ট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সব ধরনের দৈহিক শাস্তি বন্ধে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর বিরুদ্ধে যৌন হয়রানি রোধে নানাবিধ নির্দেশনা দিয়েছেন।
অন্যান্য পদক্ষেপ
জাতীয় মানবাধিকার কমিশন, আইন কমিশন, লিগ্যাল সার্ভিসেস অর্গানাইজেশনের মতো একাধিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান নির্যাতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্যারিস নীতির আলোকে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে মানবাধিকার কমিশন নির্যাতন বিষয়ে ৭৭টি অভিযোগ পেয়েছে। আইন কমিশন দৈহিক শাস্তি নিষিদ্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর বিরুদ্ধে যৌন হয়রানি রোধ, গুরুতর অপরাধের শিকার ব্যক্তি ও মামলার সাক্ষীদের সুরক্ষা দেওয়া, দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে একাধিক প্রতিবেদন দিয়েছে। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে অবহিত করা ছাড়া তাকে অন্তরীণ রাখা যাবে না। সিআরপিসিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে অনতিবিলম্বে তার গ্রেপ্তারের কারণ জানাতে হবে।
২০১২ সালে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স আইন পাস হয়। এর আওতায় অপরাধের তদন্ত, বিচার ইত্যাদি বিষয়ে আন্তরাষ্ট্রীয় সহযোগিতার পথ প্রশস্ত হয়। ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার কারাগার ব্যবস্থাপনা উন্নত করতে একটা কমিশন গঠন করে। এই কমিশন কয়েদিদের সব ধরনের শারীরিক দণ্ড বিলুপ্ত করতে সুপারিশ করেছে। কারা মহাপরিদর্শক, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা জজ নিয়মিত কারাগার পরিদর্শন করে থাকেন। জেল সুপার প্রতিদিন যেখানে এক দিন কারাগার পরিদর্শন করেন, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ মাসে একবার করে কারাগার পরিদর্শনে যান। কারা কর্তৃপক্ষ কারাগার ব্যবস্থাপনা বিষয়ে কারা কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ দিয়ে থাকে। রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি এবং ঢাকায় কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিজন্স অ্যাকাডেমি শিগগিরই উদ্বোধন করা হবে।
দ্রুত ও নিরপেক্ষ তদন্ত
নির্যাতনবিরোধী আইনের অধীনে চলমান কোনো আদালতের সামনে কোনো ব্যক্তি যদি অভিযোগ করে যে তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে আদালত অনতিবিলম্বে তেমন বিবৃতির একটি কপি সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছে বা ক্ষেত্রমতো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে প্রেরণ করবেন এবং একটি মামলা দায়েরের নির্দেশ দেবেন। পুলিশ সুপার উক্ত আদেশপ্রাপ্তির পরপরই ঘটনা তদন্ত করে অভিযোগসহ বা অভিযোগ ছাড়াই প্রতিবেদন পেশ করবেন। তবে শর্ত থাকে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি মনে করেন যে পুলিশের দ্বারা সুষ্ঠুভাবে তদন্ত সম্ভব নয়, তাহলে উক্ত ব্যক্তি যদি আদালতে আবেদন করবেন এবং আদালত যদি তাঁর আবেদনে এই মর্মে সন্তুষ্ট হন যে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন যথার্থ, তাহলে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারবেন।
জোরপূর্বক প্রত্যাবাসন নয়
বাংলাদেশের কোনো আইনেই কোনো বিদেশি নাগরিককে এমন কোনো রাষ্ট্রের কাছে প্রত্যর্পণের অনুমতি দেয় না, যেখানে গেলে ওই ব্যক্তি কোনোভাবে নির্যাতনের কবলে পড়তে পারে। বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। জাতিসংঘ ও তার সহযোগী ও সমর্থিত একাধিক স্বাধীন সংগঠন তাদের সমীক্ষায় বলেছে, মিয়ানমারের যেসব লোককে ‘জোরপূর্বক স্থানান্তরিত মিয়ানমার-নাগরিক’ (ফোরসিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস-এফডিএমএন) বলা হচ্ছে, তারা জাতিগতভাবে রোহিঙ্গা। তারা ধর্ষণ, অগ্নিসংযোগ, প্রহার, হত্যা ও অনাহারে রাখার মতো নিকৃষ্ট ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার। এ ছাড়া পরিকল্পিত ও সংগঠিত (সিস্টেম্যাটিক) নির্যাতন এবং সুপরিকল্পিতভাবে ভোটাধিকার হরণের ঘটনায় তারা অব্যাহতভাবে নাজুক অবস্থায় রয়ে গেছে। সে কারণেই মিয়ানমারে তাদের ফিরে যাওয়ার বিষয়ে যখনই আলোচনা চলে, বাংলাদেশ সরকার সর্বদা কঠোরভাবে জোরপূর্বক প্রত্যাবাসন না করার নীতিতে সংকল্পবদ্ধ থাকে। বাংলাদেশ এই অঙ্গীকারের অবিচল রয়েছে যে মিয়ানমারে যখন তাদের নিরাপত্তা, নিরাপদ জীবন ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা সৃষ্টি হবে, কেবল তখনই তাদের সে দেশে প্রত্যাবাসন করা হবে।
উপসংহার
নির্যাতনবিরোধী কনভেনশনের সম্পূর্ণ বাস্তবায়ন সন্দেহাতীতভাবে একটি চ্যালেঞ্জিং কাজ। এ জন্য দরকার ব্যাপকভিত্তিক প্রাতিষ্ঠানিক এবং আইনগত সংস্কার। একই সঙ্গে দরকার নাগরিক ও সরকারি কর্মকর্তা, বিশেষ করে আইন প্রয়োগকারী এবং বিচার বিভাগীয় সদস্যদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা। মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থার পক্ষ থেকে আসা সুপারিশের আলোকে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অংশীদার, স্থানীয় এনজিও, নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে সব ধরনের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর ও লাঞ্ছনাকর আচরণ ও দণ্ড রোধের ম্যান্ডেটকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে।
ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ