মাস দুয়েক আগে ফেসবুকে লিখেছিলাম, লস অ্যাঞ্জেলেসের ওয়ালমার্ট শপিংমল থেকে ব্যবহারের জন্য কিছু জামাকাপড় কিনলাম। বাসায় এসে দেখলাম বাংলাদেশের প্রস্তুতকৃত ট্যাগ। আমার নয় বছরের ছেলে জিজ্ঞেস করল, ‘বাবা, আমেরিকা এসে বাংলাদেশি কাপড় কিনেছ কেন? জবাবটা ছিল সবাই কিনছে, তাই আমিও কিনি। শুধু ওয়ালমার্ট নয়, রস, টার্গেট জে সি পেনির মতো দোকানগুলোতেও বাংলাদেশের প্রস্তুত করা নজরকাড়া কাপড়চোপড়ের সমাহার দেখা যাবে। আমেরিকার জীবনযাত্রার দৈনন্দিন ব্যয় অনুযায়ী পোশাকগুলো তেমন দামি নয় (পাঁচ থেকে ২০ ডলারের মধ্যে)। তবে টাকার হিসাবে আবার অনেক বেশি। আমার সেই ফেসবুকের লেখার প্রতিক্রিয়ায় অনেক ফেসবুক-বন্ধুই আবেগাপ্লুত হয়েছেন, আশান্বিত হয়েছেন পোশাকশিল্পের অগ্রগতি দেখে, আর মহিমান্বিত হয়েছেন মার্কিন মুলুকে বাংলাদেশের পরিচিতি নির্মাণের জন্য। বিশ্বের ক্ষমতাধর দেশে বিভিন্ন দেশের অভিবাসীদের সরব কোলাহলে বাংলাদেশের ব্র্যান্ডের পোশাক চোখধাঁধানো শপিংমলে শোভা পাচ্ছে, আর ক্রেতারা তা কিনছে। বাঙালি হিসেবে এমন সুখ আমরা অনুভব করতেই পারি। ভোক্তার সংস্কৃতিতে জাতীয় পরিচয়টি মূর্ত হয়ে ওঠে। কিন্তু নিশ্চিন্তপুরে পোশাকশ্রমিকদের শবমিছিলে আমার পরিচিতির আত্মতৃপ্তি মিলিয়ে গেল। স্থান আর পরিসর দুটোর ক্ষমতা ভিন্ন, বড্ড অসম। ক্যালিফোর্নিয়ায় আমি আর দশটা মানুষের মতোই ছিলাম ভোক্তা অথবা কল্পিত স্বদেশের স্মৃতি রোমন্থনকারী, ‘মেড ইন বাংলাদেশ’ লোগো ব্যবহারকারী। ঢাকায় ফিরে আসার পরপরই নিশ্চিন্তপুরের ট্র্যাজেডি অনেকের মতো আমাকেও স্পর্শ করে। আমি এখন এমন স্থানে বসবাস করছি, যেখানে অল্প বয়সের ছেলেমেয়েরা দিন-রাত অমানুষিক কাজ করছে, আমি এমন স্থানের বাসিন্দা এখন, যেখান থেকে মার্কিন মুলুকসহ ইউরোপে সুদৃশ্য ও টেকসই পোশাকের জোগান দেওয়া হয়। পোশাক হচ্ছে ট্রান্সন্যাশনাল, শ্রমিকেরা হচ্ছে তার বিশ্বস্ত জোগানদাতা, আর ওয়ালমার্ট হচ্ছে তার বড় বেনিয়া—করপোরেট বেনিয়া। ওয়ালমার্টের গ্লোবাল রেসপনসিবিলিটি রিপোর্ট-২০১২-এ বলা হয়, ‘এ যুগের ব্যবসা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। করপোরেট সেবা, দায়িত্ববোধ আর স্বচ্ছতা হচ্ছে এ দায়বদ্ধতার প্রাণভোমরা।’ রিপোর্টের শুরুতেই ওয়ালমার্টের মহাব্যবস্থাপক মাইক ডিউক তাঁর স্বাগত বাণীতে বলেন, ওয়ালমার্ট হচ্ছে টেকসই ও দায়িত্বসম্পন্ন কোম্পানি, যাদের বড় দুটো অর্জন হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা পালন। নারীর ক্ষমতায়নে ওয়ালমার্টের আশাবাদ হচ্ছে, অধিকসংখ্যক নারীকে কর্মে নিয়োগ, আমেরিকার ৬০ হাজারের বেশি নারী শ্রমিককে প্রশিক্ষণ দিয়ে তাঁদের জীবনমান উন্নতকরণ ও আন্তর্জাতিক পরিসরে দুই লাখ নারীকে প্রশিক্ষণ দেওয়া, যাতে করে তাঁরা দারিদ্র্য বিমোচন করতে পারেন।ঝকমকে রিপোর্টে ওয়ালমার্টের শ্রমিক তথা নারী শ্রমিকের নিরাপত্তা নিশ্চয়তার প্রসঙ্গটি নিশ্চিন্তপুরের বহুসংখ্যক শ্রমিকের আত্মাহুতি ও তৎপরবর্তী লাশ সৎকারের বেদনাদায়ক পরিস্থিতি আমাদের ভাবিয়ে তোলে। কতগুলো মৌলিক প্রশ্ন আমাদের সামনে হাজির হয়। এ ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব কী? ষড়যন্ত্রতত্ত্বের যে অভিযোগ একেবারে কেন্দ্র থেকে তোলা হয়, তা কি নিছক রাজনৈতিক ভাঁওতাবাজি? বিজিএমইএ ও বিকেএমইএর কাজ কি শুধু শোক দিবস, মিলাদ মাহফিল ও সাতটি তদন্ত কমিটি দিয়েই দায়িত্ব শেষ করা? এবং বৈশ্বিক বেনিয়া ওয়ালমার্টের সম্পৃক্ততাকেই বা কীভাবে দেখব? ওয়ালমার্টের মতে, বাংলাদেশের পোশাকশিল্প বৈশ্বিক এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তাদের সেবা প্রদান করছে। এই সেবা মুনাফানির্ভর, এখানে ভৌগোলিক সীমানা চিহ্নিত নয়, পুঁজির অবাধ প্রবাহ চলছে। দায়িত্বসম্পন্ন মানবিক ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে ওয়ালমার্টের যে সরব উপস্থিতি অন্তত আমরা ইন্টারনেটের কল্যাণে পাই, তার সঙ্গে নিশ্চিন্তপুরের ট্র্যাজিক পরিণতিতে দুস্তর অসংগতি লক্ষ করি। সত্য-অসত্য প্রমাণ করার মধ্যে না গিয়েও নিশ্চিন্তপুরের বিয়োগান্ত ঘটনার পরবর্তী ঘটনাবলি এবং ওয়ালমার্টের বয়ানগুলো পর্যবেক্ষণ করলে করপোরেট দায়িত্বের কিছু নমুনা উপলব্ধি করা সম্ভব হবে। নিশ্চিন্তপুর ট্র্যাজেডির পরপরই ওয়ালমার্ট বিবৃতি দেয়, ওয়ালমার্ট এখনো নিশ্চিত নয় যে তাজরীন ফ্যাশনস লিমিটেডের সঙ্গে তাদের বা চুক্তিগত সরবরাহকারীর কোনো সম্পৃক্ততা আছে কি না। এক দিন পর রোববারের ই-মেইলের বরাতে জানানো হয়, ‘আমরা জানার চেষ্টা করছি যে আমাদের সঙ্গে বা আমাদের কোনো সরবরাহকারীর সঙ্গে তাজরীন ফ্যাশনসের কোনো সম্পৃক্ততা আছে কি না। এ ঘটনায় আমরা মর্মাহত এবং আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ একই বিবৃতিতে বলা হয়, ওয়ালমার্ট বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় নিরাপত্তাবিষয়ক শিক্ষা-প্রশিক্ষণ উন্নত করার জন্য কাজ করবে। আজকের ডিজিটাল যুগেও ওয়ালমার্টের মতো করপোরেট কোম্পানির চিনতে বেগ পেতে হয়, কারা তাদের সরবরাহকারী। দ্বিতীয় দিনের বিবৃতিতে মনে হতে পারে শ্রমিকদের নিরাপত্তাজ্ঞান নেই, কীভাবে দ্রুততার সঙ্গে আত্মরক্ষা করতে হয়, তার কৌশল জানা প্রয়োজন। তৃতীয় দিনে শ্রমিক অধিকার কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক নোভা বলেন, ওয়ালমার্টের অপরাধ ব্যাপক। প্রথমত, তারা হচ্ছে বাংলাদেশের বৃহৎ ক্রেতা এবং বাজার তৈরি করে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় পোশাক সরবরাহকারী দেশ। কেননা, বাংলাদেশ ওয়ালমার্ট ও তার প্রতিযোগীদের যা তারা চায় তা করার সুযোগ দিয়েছে। সে জন্যই পোশাকশিল্পে সস্তা শ্রম নেওয়া সম্ভব হচ্ছে। দ্য নেশন পত্রিকাকে নোভা জানিয়েছেন, বাংলাদেশে ওয়ালমার্ট এমন এক শিল্পকৌশল অবলম্বন করছে, যার প্রকাশ ঘটে স্বল্প মজুরি, অস্তিত্বহীন নিয়মনীতি, মজুরি বৃদ্ধির আন্দোলন অবদমনের নির্মম পন্থা অবলম্বনের মধ্য দিয়ে। সরবরাহ করা প্রতিষ্ঠান মূলত ওই শিল্পকৌশলের উৎপাদক, যে কৌশলকে ওয়ালমার্ট আমন্ত্রণ জানায়, সমর্থন দেয় আর পরিচর্যা করে।তুবা গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১১ সালের মে মাসে তাদের গ্রুপ ওয়ালমার্ট থেকে ‘কমলা’ রেটিং পায়; কারণ তারা নিয়ম লঙ্ঘন করেছে এবং ঝুঁকির মধ্যে আছে। কিন্তু তার পরও কেন সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ালমার্টের জন্য উৎপাদন করছে? নোভা বলেন, ওয়ালমার্টের মনিটরিং আসলে একটা তামাশা। সোমবার বাংলাদেশের শ্রমিক সংহতি কেন্দ্র নিশ্চিন্তপুরের ধ্বংসস্তূপ থেকে ওয়ালমার্টের লোগো-সংবলিত পুড়ে যাওয়া পোশাকের ছবি প্রকাশ করে। নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস আর ওয়ালমার্টের লোগো সংযুক্তিতে প্রমাণিত হয় ট্রান্সন্যাশনাল মুনাফার গোপন কারসাজি। সোমবার দেওয়া ওয়ালমার্টের বয়ান আরও তাৎপর্যপূর্ণ। বয়ানটা হচ্ছে, ‘আমরা বাংলাদেশের এক সরবরাহকারীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। ওই সরবরাহকারী আমাদের সঙ্গে চুক্তি করে সেই কাজ তাজরীন ফ্যাশনস লিমিটেডের সাব-কন্ট্রাক্টের ভিত্তিতে সম্পন্ন করেছে। আশুলিয়ায় প্রাণহানির ঘটনায় তাই আমরা ওই কন্ট্রাক্টর বা সরবরাহকারীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি।’ (প্রথম আলো—২৮.১১.১২) উপরিউক্ত বয়ানগুলোর কত ব্যাখ্যা হতে পারে। নিশ্চিন্তপুরের ‘দুর্ঘটনা’ ভবিষ্যতে মুনাফার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। শুধু ‘দায়বদ্ধতা’ থেকেই এই বয়ানগুলো সৃষ্ট তা নয়, বরং পোশাকশিল্পের শোষণ, অন্যায় আর বঞ্চনাকে আড়াল করাই এর মূল লক্ষ্য। এটি এমন একটি ব্যবসায়িক প্রকল্প, যা নব্য-উদারনীতি মতাদর্শের স্মারক। ওয়ালমার্ট যে ট্রান্সন্যাশনাল যোগাযোগহীনতার কথা বলে, এটি আসলে করপোরেট কৌশল। সংযুক্তি চায় মুনাফাকে বেগবান করতে, আর সাময়িক বিযুক্তি ঘটায় ওই মুনাফাকে টেকসই করতে। পোশাকশিল্প ওয়ালমার্টের মতো করপোরেট বেনিয়ার মডেল অনুসরণ করে চলতে বাধ্য হয়। তার শিকার হচ্ছেন পোশাকশ্রমিক। যদি শ্রমিকের ন্যায্য মজুরি বোঝাপড়া করা যায়, কারখানায় শ্রমবান্ধব পরিবেশ যথাযথ অনুসরণ করা যায়, তবে দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, পোশাকশিল্পে শ্রমিকদের মধ্যে দেখা যাবে না পৌনঃপৌনিক অসন্তোষ-বিক্ষোভ। কিন্তু এ পদক্ষেপগুলো নিলে অধিক মুনাফা করা সম্ভব নয়, পণ্যের দাম বেড়ে যাবে। ওয়ালমার্টের ঝকঝকে রেসপনসিবিলিটি রিপোর্টে বলা সম্ভব হবে না, ‘আমরা স্বল্পমূল্যে মার্কিন ভোক্তার সেবায় নিয়োজিত।’ বাংলাদেশের শ্রমিক এই সেবার চালিকাশক্তি। তাঁরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত, গ্রাম থেকে ঢাকায় এসেছেন জীবিকার তাড়নায়। মজুরি বৃদ্ধির জন্য তাঁদের প্রতিনিয়ত আহাজারি। তাঁরা অগ্নিদগ্ধ হয়ে ‘অপরিচিত’ বা ‘বেওয়ারিশ’ পরিচিতি লাভ করেন। নিশ্চিন্তপুরের বাসিন্দা হলেও অন্তিম শয়নের স্থানটুকুও নিশ্চিত থাকে না। রাষ্ট্রযন্ত্র তাঁদের দায়িত্ব নেয় না, আঞ্জুমান মুফিদুল ইসলাম হয় অভিভাবক। তাঁদের পরিচিতি এখন একটা নম্বর—ডিএনএ টেস্ট করে ওই নম্বর তাঁদের পরিচিতি বলে দেবে। ‘করপোরেট দায়িত্ববোধ’ থাকে জীবন্ত শ্রমিকের প্রতি। হিমশীতল, পরিচয়হীন ও বেওয়ারিশ পোশাকশ্রমিকের পোশাকহীন অন্তর্যাত্রা বেনিয়াগোষ্ঠীর করপোরেট দায়িত্বের অংশ নয়। কারণ, সে করপোরেট মুনাফার সীমানার বাইরে। এই মুনাফার রাজনৈতিক শবব্যবচ্ছেদ জরুরি। ড. জহির আহমেদ: অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।