খুনের তালিকায়ও এগিয়ে আওয়ামী লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার প্রথম আলো ‘ইউপি নির্বাচনের পূর্বাপর’ নামে একটি বিশেষ পাতা প্রকাশ করেছে। এতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত সহিংসতার একটি বিবরণ ও পরিসংখ্যান আছে। এখানে ‘শেষ পর্যন্ত’ কথাটি লেখা বোধ হয় ঠিক হলো না। কেননা, বুধবারের পত্রিকায়ও ইউপি নির্বাচনের জের ধরে সহিংসতার খবর ছাপা হয়েছে। সহিংসতায় নিহত ইউপি চেয়ারম্যান হত্যার এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ধারণা করি, ইউপি নির্বাচনের সহিংসতা, হামলা-মামলার রেশ চলবে আরও অনেক দিন। প্রতিপক্ষ দুর্বল হলে মারামারি কম হয়। এখানে দুই পক্ষই শক্তিশালী, সমানে সমান।

প্রথম আলোর খবর অনুযায়ী চার মাস ধরে চলা ইউপি নির্বাচনে নিহত হয়েছেন ১১৬ জন। এর মধ্যে আওয়ামী লীগেরই মারা গেছেন বেশি—৭১ জন। ৬১ শতাংশ। বিএনপির মাত্র সাতজন। এ ছাড়া যাঁরা রাজনীতির ধারে-কাছে নেই, সেই সাধারণ মানুষ মারা গেছেন ৩৮ জন। আওয়ামী লীগের যে ৭১ জন মারা গেছেন, তার মধ্যে ৬০ জনই দলের অভ্যন্তরীণ কোন্দল বা সংঘর্ষে। অর্থাৎ, স্বাধীনতাবিরোধী বা মৌলবাদী শক্তির কেউ তাঁদের হত্যা করেনি। হত্যা করেছে স্বাধীনতার পক্ষের শক্তিই।

প্রথম আলোর খবর থেকে আরও জানা যায়, দেশের ৬৪ জেলার মধ্যে ৪৫টি জেলায় ভোটের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম (আটজন) ও পিরোজপুরে (সাতজন)। এর বাইরে পাঁচজন করে মারা গেছেন কক্সবাজার ও জামালপুরে। চারজন করে মারা গেছেন এমন জেলাগুলো হচ্ছে ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, পটুয়াখালী, যশোর ও বগুড়া। বিভাগওয়ারি বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণ ঝরেছে ঢাকা (ময়মনসিংহসহ), চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। ঢাকা বিভাগে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৩৫ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ সংখ্যা যথাক্রমে ২৩ ও ১৬। আর সবচেয়ে কম সহিংসতা হয়েছে সিলেট বিভাগে। এ জন্য সিলেট বিভাগের প্রার্থী ও ভোটাররা ধন্যবাদ পেতে পারেন।

ওপরে যে পরিসংখ্যান পাওয়া গেল, তা আওয়ামী লীগের জন্য একটি ভয়াবহ দুঃসংবাদ। যে দলটি নিজেকে সবচেয়ে সুশৃঙ্খল, আদর্শবাদী ও ত্যাগী কর্মীদের সংগঠন বলে দাবি করে, সেই দলই একটি স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে নিজেরা মারামারি করে এতগুলো প্রাণ কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের নেতারা যা-ই বলুন না কেন, বাস্তবে দেখা যাচ্ছে, দলে শৃঙ্খলা বলে কিছু নেই। ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে দলের মনোনয়ন বোর্ড। দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরেই মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে। দলের নেতা-কর্মীরা সুশৃঙ্খল ও আদর্শবাদী হলে তো মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অকপটে মেনে চলার কথা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তা হয়নি। কেন অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলেন? এমনকি বিদ্রোহীদের বহিষ্কার করা হবে—এই হুমকি সত্ত্বেও কেউ নিবৃত্ত হননি। এর অন্যতম কারণ মনোনয়ন-বাণিজ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা। মনোনয়নে সাংসদ প্রভাব খাটিয়েছেন, কোথাও স্থানীয় কমিটি। প্রকৃতপক্ষে যাঁরা জনপ্রিয়, তাঁরা বাদ পড়েছেন। বেশ কিছু ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আসা নবাগতরাও মনোনয়ন পেয়েছেন। পুরোনোরা এটি মানতে পারেননি। ফলে সহিংসতার মাত্রা বেড়েছে।

আসলে দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত প্রথম ইউপি নির্বাচনে লড়াই হয়েছে মূলত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। মনোনীত বনাম বিদ্রোহী। আর বিএনপি শুরু থেকেই ছিল নিষ্ক্রিয়। তাদের অনেক প্রার্থী মামলা-হামলার ভয়ে ঘর থেকে বের হননি। অনেকে মনোনয়নপত্রও জমা দিতে পারেননি। ফলে, একতরফা নির্বাচনের মারামারিটাও একতরফা হয়েছে।

এ রকম একটি অসম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে যা হওয়ার, তা-ই হয়েছে। কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের পাশাপাশি ভুতুড়ে ভোটের টর্নেডো বয়ে গেছে। কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে। কোথাও ভোট দিয়েছেন মৃত ব্যক্তিরাও, যা কোনোভাবেই সম্ভব নয়।

নির্বাচন পরিচালনার দায় মূলত নির্বাচন কমিশনের। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে সন্দেহ নেই। তবে এ ব্যাপারে সরকারেরও দায় কম নয়। বিভিন্ন মহলের আপত্তি উপেক্ষা করে সরকার দলীয় ভিত্তিতে নির্বাচন করেছে। নির্বাচনটি ভালো হলে তার কৃতিত্ব যেমন দাবি করত তারা, তেমনি খারাপ হওয়ার বদনামও তাকে নিতে হবে।

এই নির্বাচনে আওয়ামী লীগ জিতেও হেরেছে। এর চেয়েও উদ্বেগের বিষয়, একটি স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে দলের ৭১ জন নেতা-কর্মীকে প্রাণ দিতে হয়েছে। অর্থাৎ, ইউপি নির্বাচনে নিহত হওয়ার তালিকায়ও তারা এগিয়ে আছে।

আওয়ামী লীগ অনেক ক্ষেত্রেই সাফল্য দাবি করে। জানি না এটিকেও তারা সাফল্য হিসেবে দাবি করবে কি না?