নিয়ন্ত্রণমূলক নয়, সুরক্ষামূলক আইন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যতার কিছুটা পূরণ হচ্ছে বেসরকারি টিভি চ্যানেল ও এফএম রেডিও স্টেশনগুলোর দ্বারা। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রায়-বৈপ্লবিক একটা পরিবর্তন সূচিত হয়েছে বেসরকারি সম্প্রচারমাধ্যমের সূচনার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬-২০০১ মেয়াদের আওয়ামী লীগ সরকার যথার্থভাবেই এই কৃতিত্ব দাবি করে। সেই সরকারই একুশে টেলিভিশন নামে একটি বেসরকারি টিভি স্টেশনের অনুমতি দিয়েছিল, যার ধারাবাহিকতায় এ দেশে এখন বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা প্রায় তিরিশ।

তবে এই প্রীতিকর ইতিহাসের একটা সুদূরপ্রসারী নেতিবাচক দিকও আছে। তা হলো এই যে, বেসরকারি খাতে সম্প্রচারমাধ্যমের যাত্রা শুরু হয়েছিল তৎকালীন সরকারের শুভেচ্ছা ও বদান্যতায়; কোনো আইনের ভিত্তিতে নয়। তৎকালীন সরকার দেশের প্রথম বেসরকারি টিভি স্টেশনটির অনুমোদন দিয়েছিল তার একান্তই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এমন কোনো আইন-বিধান করা হয়নি, যার বলে একাধিক আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের টিভি স্টেশন খোলার অনুমোদন চাওয়ার ও পাওয়ার সুযোগ ছিল।

তার পরবর্তী দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপি ও আওয়ামী লীগ সরকার পালাক্রমে এসে টিভি চ্যানেল খোলার অনুমতি দিয়েছে নিজ নিজ দলের বা পক্ষের ঘনিষ্ঠ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। আইন-বিধানের ভিত্তিতে নয়, সরকারের মর্জিমাফিক। বেসরকারি টিভি চ্যানেল ও বেতারকেন্দ্রগুলো পরিচালনার জন্য কোনো আইন এত দিন প্রণয়ন করা হয়নি। এগুলো পরিচালিত হয়ে আসছে সরকারের নির্বাহী আদেশবলে। সরকারের ইচ্ছা হলেই যেকোনো টিভি চ্যানেল বন্ধ করে দিতে পারে, এমন কোনো আইন নেই যার বলে ওই টিভি চ্যানেল সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করতে পারে।

এই অবস্থা চলে আসছে দেড় দশকের বেশি সময় ধরে। দুদিন আগে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘সম্প্রচার আইন ২০১৬’ নামে একটা আইনের খসড়া প্রকাশ করে ‘অংশীজনসহ সংশ্লিষ্ট সকলের মূল্যবান মতামত ও পরামর্শ’ আহ্বান করা হয়েছে। ১৩ পৃষ্ঠার খসড়া আইনটি মনোযোগ দিয়ে পড়ার পর আমার মনে কিছু প্রশ্ন জাগল। যথা: কী উদ্দেশ্যে ও কার প্রয়োজনে এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে?

খসড়ায় বলা হয়েছে, একটা সম্প্রচার কমিশন গঠন করতে হবে, সেটা হবে সাত সদস্যবিশিষ্ট এক সংবিধিবদ্ধ সংস্থা। সরকারের গঠন করা একটা ‘অনুসন্ধান কমিটি’ সাতজন কমিশনার মনোনীত করবেন এবং রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দেবেন। এই কমিশন সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স দেওয়ার সুপারিশ পাঠাবে সরকারের কাছে, সরকার সেই সুপারিশ অনুমোদন করলে কমিশনই লাইসেন্স দেবে। লাইসেন্স পাওয়ার শর্তাবলি প্রণয়ন ও নির্ধারণ করবে কমিশন; কোনো সম্প্রচার প্রতিষ্ঠান শর্তাবলি ভঙ্গ করলে কমিশন তার লাইসেন্স বাতিল বা স্থগিত করবে। কমিশন সম্প্রচারকারীদের জন্য ‘গাইডলাইন’ ও ‘কোড অব ইথিকস’ তৈরি করবে এবং সম্প্রচারকারীরা (টিভি ও বেতার) সেগুলো যথাযথভাবে মেনে চলছে কি না, তা নজরদারি করবে। কোনো ব্যক্তি কোনো সম্প্রচার প্রতিষ্ঠানের প্রতি সংক্ষুব্ধ হলে কমিশনের কাছে নালিশ করতে পারবে, কমিশন সেই নালিশ শুনবে ও নিষ্পত্তি করবে। কমিশনের আদেশ বা নির্দেশনা লঙ্ঘন করলে বা এ আইনের বিধিমালা বা প্রবিধানমালা লঙ্ঘন করলে অনধিক তিন মাস কারাদণ্ড অথবা অন্যূন পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় ধরনের দণ্ড হতে পারে; অপরাধ সংঘটন চলতে থাকলে অপরাধ চলমান প্রতিদিনের জন্য অনধিক এক লাখ টাকা করে জরিমানা হতে পারে।

>সম্প্রচার আইনের যে খসড়া আমাদের সামনে হাজির করা হয়েছে, তাতে শুধু নিয়ন্ত্রণমূলক বিধান আর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ক্ষমতা ও অধিকারের কথাই আছে; সম্প্রচারমাধ্যমের অধিকারের কথা কোথায়? তার স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তা কোথায়?

সম্প্রচার কমিশনের সদস্য মনোনয়নের জন্য ‘অনুসন্ধান কমিশন’ যেহেতু সরকারই গঠন করবে, এবং যেহেতু সরকারের অনুমোদন ছাড়া সম্প্রচার কমিশন কোনো লাইসেন্স দিতে পারবে না, তাই পুরো প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণই নিরঙ্কুশ থেকে যাবে। আর যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়, তা হলো মন্ত্রী বা সরকারি কর্মচারী অথবা সম্প্রচার কমিশনের চেয়ারম্যান বা অন্য কমিশনার বা কোনো কর্মকর্তা-কর্মচারী, যাঁরা এই আইন প্রয়োগের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থাকবেন, তাঁদের প্রতি কেউ সংক্ষুব্ধ হলে প্রতিকার বা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা যাবে না। যে দেশে ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির ঊর্ধ্বে থাকার মানসিকতা প্রবল এবং রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সংকীর্ণতা মারাত্মক, সেই দেশে দায়মুক্তির এই বিধান সম্প্রচার আইনের অপব্যবহারের আশঙ্কা বাড়িয়ে দেয়। সম্প্রচারমাধ্যমের কর্মকাণ্ডের দোষত্রুটি ফৌজদারি অপরাধবৃত্তির মতো করে, বিচার করে জেল-জরিমানার বিধান করা হচ্ছে, অথচ দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সম্প্রচার প্রতিষ্ঠানকে বা সাংবাদিককে দণ্ড দিলে তার কোনো আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রাখা হচ্ছে না। এটা তাহলে কেমন আইন? এই আইন দিয়ে কার স্বার্থরক্ষা হবে?

যত দূর জানি, গণতান্ত্রিক দুনিয়ায় সংবাদমাধ্যম-সম্পর্কিত আইন-বিধানগুলো করা হয় সংবাদমাধ্যমকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে, যাতে সে আরও স্বাধীনভাবে, প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে। সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যই যদি কোনো আইনের প্রধান লক্ষ্য হয়, তাহলে সেই আইন ভালো আইন নয়। সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে সে নিজেই। সেলফ-রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণের ধারণা সংবাদমাধ্যমের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয় এ জন্য যে, এটাকে রাষ্ট্রের অন্য তিনটি স্বাধীন অঙ্গের মতো মনে করা হয়। এ জন্যই সংবাদমাধ্যমকে বলা হয় ফোর্থ এস্টেট বা চতুর্থ ক্ষেত্র। আমাদের সম্প্রচার গণমাধ্যম বৃহত্তর গণমাধ্যমের অবিচ্ছেদ্য অংশ; নিয়ন্ত্রণমূলক কোনো আইন দিয়ে এর স্বাধীনতা খর্ব করার উদ্যোগ নেওয়া উচিত নয়। তবে আমাদের সংবাদমাধ্যম বা সাংবাদিকদের আচরণ আইনের ঊর্ধ্বে বিবেচিত হবে—এমন অযৌক্তিক দাবি কেউ করে না। সভ্য গণতান্ত্রিক দুনিয়ায়ও সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিচার হয়, অপসাংবাদিকতার অপরাধে অনেকের শাস্তিও হয়। কিন্তু সে জন্য দমনমূলক বা নিয়ন্ত্রণমূলক আইন প্রণয়নের দরকার পড়ে না।

সম্প্রচার আইনের যে খসড়া আমাদের সামনে হাজির করা হয়েছে, তাতে শুধু নিয়ন্ত্রণমূলক বিধান আর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ক্ষমতা ও অধিকারের কথাই আছে; সম্প্রচারমাধ্যমের অধিকারের কথা কোথায়? তার স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তা কোথায়? ভালো হয় যদি এ আইনের কোনো ধারায় সম্প্রচার গণমাধ্যমের আত্মনিয়ন্ত্রণের একটা প্রাথমিক ব্যবস্থার বিধান থাকে। সম্প্রচারমাধ্যমগুলো সম্মিলিতভাবে ‘এডিটরস কোড’ ধরনের একটা আচরণবিধি তৈরি করবে এবং তা মেনে চলার দায়িত্ব তারাই নেবে; কেউ মেনে না চললে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে। এই প্রক্রিয়া যথেষ্ট না হলে সম্প্রচার কমিশনের কাছে বিষয়টা পেশ করা হবে। সেখানেও সুরাহা না হলে আদালত তো রয়েছেনই। অর্থাৎ, সম্প্রচার আইন করা হোক সম্প্রচারমাধ্যমের সুস্থ বিকাশের দিকে লক্ষ্য রেখে, তাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নয়। আর দায়মুক্তির বিধান অবশ্যই বাতিল করা দরকার, নইলে এটা সুদূরপ্রসারী ক্ষতির কারণ হবে।

মশিউল আলম: সাংবাদিক।