
সম্প্রতি সরকারের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সম্প্রচার নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে। এ নীতিমালার বিরুদ্ধে সাংবাদিকদের বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাঁরা বলছেন, এ নীতিমালা সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে। এর বিরুদ্ধে দেশের ভেতরে যেমন প্রতিবাদ হচ্ছে, তেমনি দেশের বাইরেও সাংবাদিক মহলে এর তীব্র সমালোচনা হচ্ছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের এশিয়া প্রোগ্রাম রিসার্চ অ্যাসোসিয়েট সুমিত গালহোত্রা তাঁর উদ্বেগ প্রকাশ করে এ লেখাটি লিখেছেন। প্রথম আলোর পাঠকদের জন্য সেটা বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হলো।
এ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা বাংলাদেশের সম্প্রচারমাধ্যম নজরদারিতে সম্প্রচার নীতিমালা অনুমোদন করেছে। নীতিতে বলা হয়েছে, ইলেকট্রনিক গণমাধ্যম নজরদারিতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। নীতিগতভাবে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। তবে এটা পরিষ্কার নয়, এই কমিশন কবে গঠন করা হবে। কী সম্প্রচার করা যাবে আর কী যাবে না, তা নির্দিষ্ট করে দিয়েছে এই নীতিমালা। ফলে এ নিয়ে সবার মধ্যেই উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক বাহিনীসংক্রান্ত এমন কোনো খবর বা ফুটেজ প্রচার করা যাবে না, যা এই বাহিনীগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—নীতিমালায় এমন কথাও বলা হয়েছে। এই নীতিমালায় আরও বলা হয়েছে, জাতীয় গুরুত্ব বহন করে এমন অনুষ্ঠান যেমন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করতে হবে। সরকারের বিরুদ্ধে যায় এমন কিছু সম্প্রচার করা যাবে না, বিজ্ঞাপনও নয়। জনস্বার্থের জন্য হানিকর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, এমন কোনো খবরও সম্প্রচার করা যাবে না।
এই নীতিতে একটি স্বাধীন ও সংবিধিবদ্ধ কমিশন গঠনের কথা বলা হয়েছে, যারা এসব বাস্তবায়ন করবে। প্রচারমাধ্যমগুলোর জন্য ‘পরিচালনা বিধি’ প্রণয়ন করবে এই কমিশন, একই সঙ্গে এই নীতিমালা ভঙ্গ করলে কী শাস্তি প্রযোজ্য হবে তাও নির্ধারণ করবে এই কমিশন। প্রযোজ্য হলে কমিশন সুপারিশও করতে পারবে। এই বিধি মান্য করা না হলে সরকার সংশ্লিষ্ট মাধ্যমের ওপর শাস্তি আরোপ করতে পারবে। আর এর ‘তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণও সরকারের হাতে থাকবে’ প্রকাশিত সংবাদ অনুযায়ী।
মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইয়া প্রতিবেদকদের বলেছেন, এই কমিশন বেতার ও টিভির লাইসেন্স প্রদান করতে পারবে, যেটা আগে সরকারের অধীনে ছিল। তিনি আরও বলেছেন, এই নীতিমালা বাস্তবায়ন করবে তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, পাঁচ মাসের মধ্যে এই কমিশন গঠন করা হবে।
সাংবাদিকদের অনেকেই বলেছেন, এই নীতি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রিসভার নীতিটির খসড়া অনুমোদনের দিন কয়েক আগে প্রথম আলোর সম্পাদকীয়তে বলা হয়, ‘এই নীতি কিছু প্রতিষ্ঠানকে দায়মুক্তি দেবে।’ সম্পাদকীয়তে আরও বলা হয়, এই নীতির উদ্দেশ্য হচ্ছে ‘সংবাদমাধ্যমের হাত-পা বেঁধে দেওয়া। এরূপ নিয়ন্ত্রণকামী নীতিমালা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ সম্পাদকীয়তে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ‘এই নীতিমালা অনুযায়ী বিচারিক ক্ষমতাসম্পন্ন মানুষদের মানহানি হয় এমন কোনো বিবৃতি বা ছবি প্রচার করা যাবে না।’
আমরা ইতিমধ্যে দেখেছি, বিচার বিভাগও দেশের ভেতরের সমালোচনমূলক কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চায়।
কমিশন কবে গঠন করা হবে সেটা নিশ্চিত না হওয়ায় সাংবাদিকেরা দ্রুত এটা গঠনের দাবি জানিয়েছেন। অন্যদিকে কিছু সাংবাদিক প্রতিবাদে এই নীতিমালার কপিতে আগুন দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের সিইও এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে বলেছেন, ‘এই কমিশন কীভাবে গঠন করা হবে, তা নিয়ে সরকার এখন পর্যন্ত কিছু বলেনি। যা বলা হয়েছে, তাতে তথ্য মন্ত্রণালয়ের ক্ষমতা বাড়বে।’
বাংলাদেশের জাতীয়তাবাদী দলও এই নীতির তীব্র সমালোচনা করেছে। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, সরকার আইনের মাধ্যমে গণমাধ্যমকে নিজের খাঁচায় ঢোকাতে চাচ্ছে।’ মোশাররাফ হোসাইন ভূইয়া এসব সমালোচনার জবাবে বলেছেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা হরণের কোনো প্রশ্নই ওঠে না।’
এদিকে এই নীতির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন অনেকে। আর্টিকেল ১৯-এর বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া পরিচালক তাহমিনা রহমান আশাবাদ ব্যক্ত করেছেন এভাবে: ‘এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশ সরকার গণমাধ্যমের সঙ্গে তার সম্পর্কেচ্ছদ করবে। কমিশনই এখন গণমাধ্যম দেখভাল করবে।’ এই সংস্থাটি এই নীতিমালার খসড়া প্রণয়নে সহায়তা করেছে। তাহমিনা রহমান সিপিজেকে ফোনে বলেছেন, ‘কিছু দুর্বলতা থাকলেও একটি প্রক্রিয়া শুরু হয়েছে।’
ইংরেজি থেকে অনূদিত
সুমিত গালহোত্রা: কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের রিসার্চ অ্যাসোসিয়েট।