
ইসলামাবাদে কয়েক দিন ধরে যা ঘটছে, তাতে এ নিয়ে আর কোনো সন্দেহ নেই যে পাকিস্তানের সংকটজনক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সংকট এত গুরুতর আকার ধারণ করেছে যে সেটা আর লুকিয়ে রাখার জো নেই। নওয়াজ শরিফের মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে সাক্ষ্য দিতে না দেওয়া এবং ইহসান ইকবালের পক্ষে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে না পারার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ক্ষমতাযন্ত্রের ওপর সরকারের নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে। কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আর কে ‘রাষ্ট্রের ভেতরের রাষ্ট্র’ সম্পর্কে ভালো জানতে পারবেন।
একদিকে রাষ্ট্রযন্ত্রের ওপর রাজনৈতিক সরকারের ক্ষমতা কমছে, অন্যদিকে সামরিক বাহিনীর ক্ষমতা বাড়ছে। তবে এখানে শূন্যতা নেই—সেটা নিশ্চিত। কাবুলে পাকিস্তানের যে প্রতিনিধিদল সফরে গেল, সেখানে সরকারের কোনো প্রতিনিধি নেই। অন্যদিকে গেল বৃহস্পতিবার আইএসপিআরের মহাপরিচালক সংবাদ সম্মেলন করলেন—বোঝা যায়, পাকিস্তানের পররাষ্ট্রনীতি কে পরিচালনা করছে। এই পরিস্থিতিতে কোন দেশ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর গুরুত্বের সঙ্গে নেবে? পাকিস্তানের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো ও তার মহাপরিচালকের বিরুদ্ধে যে প্রচারণা চালানো হচ্ছে তাতে বোঝা যায়, দেশটিতে কতটা গভীর বিভাজন সৃষ্টি হয়েছে। আর সংসদকে গালাগাল করতে করতে তো তাকে কার্যত পার্শ্বভূমিকা পালনের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তা সত্ত্বেও সিনেটের চেয়ারম্যান মিয়া রেজা রাব্বানি সংসদে যে বৃহৎ জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন, তা সবাই একযোগে
খারিজ বা অগ্রাহ্য করেছেন। পাকিস্তানের রাজনীতি বিচার বিভাগের হাতে চলে যাওয়ায় বিচার বিভাগের সম্মান নষ্ট হয়েছে। সরকারি ও বিরোধী দলের রাজনীতিকেরা এখন শুধু বেঁচে থাকার তালিকায় আছেন। মনে হচ্ছে রাজনৈতিক অভিজাতরা এতটাই ক্ষমতাহীন হয়ে পড়েছেন যে এই শক্তি নাশকারী সংকট থেকে বেরোনোর উদ্যোগ নিতে তাঁরা অপারগ।
রাষ্ট্রের সামরিক ও বেসামরিক শাখার মধ্যে এই ক্রমবর্ধমান বিভাজনের কারণে পুরো ব্যবস্থা এমন একসময় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে, যখন তার প্রজ্ঞার সঙ্গে কাজ করা খুবই জরুরি। দক্ষিণ এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে পাকিস্তানের নামের পাশে লাল দাগ দেওয়া হয়েছে। পাকিস্তানের স্পর্শকাতর রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর যোগ আছে বলে তাদের প্রকাশ্যে সমালোচনা করা হচ্ছে। এটাও যেন যথেষ্ট নয়, পাকিস্তানের ঘনিষ্ঠতম আন্তর্জাতিক মিত্ররা আহ্বান জানিয়েছে, পাকিস্তান যেন সক্রিয় চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মাঠে নামে। চার প্রতিবেশীর মধ্যে তিনটি দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বিগড়ে গেছে, ফলে বিপুলসংখ্যক সেনা মোতায়েন তার জন্য জরুরি।
এ ছাড়া অর্থনীতির বিষয়েও যৌক্তিক ও বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া কঠিন হয়ে উঠেছে। অথচ সরকার বলে যাচ্ছে, তারা অর্থনীতির উন্নয়নে নানা সংস্কার করে যাচ্ছে। কিন্তু বিরোধীরা এসব দাবি আস্তাকুঁড়ে ফেলে দিচ্ছে। উভয় পক্ষই এ ব্যাপারে একমত যে পাকিস্তানকে শিগগিরই বেইলআউটের জন্য আইএমএফের দ্বারস্থ হতে হবে। এই পরিস্থিতিতে পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। এসব সত্ত্বেও পাকিস্তান এখনো নিজের ঘর সামলাতে পারে। প্রথমত, দেশটি তার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি) বাস্তবায়ন করে তারপর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রতী হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশটি এর উল্টো পথে হাঁটছে। নিষিদ্ধঘোষিত দলগুলোর মূল ধারায় পরিণত হওয়ার ব্যাপারটা উল্লেখযোগ্য। চরমপন্থা দূরীকরণ কর্মসূচিতে এসব দল কোনো নিয়মকানুন মেনে চলছে না। তাদের মধ্যে অনেকে নিজস্ব ‘প্ল্যাটফর্ম’ থেকে সহিংসতার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে রাজনৈতিক ফ্রন্টে সরকারকে আরও একটি চ্যালেঞ্জ জরুরি ভিত্তিতে আমলে নিতে হবে। সেটা হলো তাকে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়ার (এফএটিএ) মর্যাদা নির্ধারণ করতে হবে। কিন্তু তারা এ ব্যাপারে ঐকমত্যও তৈরি করতে পারেনি। এখানকার সাংসদেরা এফএটিএর সংস্কার বাস্তবায়নে সংসদের সামনে অবস্থান ধর্মঘট করেছেন। বেলুচিস্তানের সংকট মোকাবিলায় রাজনৈতিক সমাধান লাভের ক্ষেত্রেও তোড়জোড় নেই। সমস্যা হচ্ছে যেসব চ্যালেঞ্জ উল্লেখ করা হলো, সেগুলো দেশের রাজনৈতিক তর্কবিতর্কে পাওয়া যাবে না। অথচ ২০১৩ সালের নির্বাচনে জালিয়াতি ও পানামা কেলেঙ্কারিতে তাঁর আত্মীয়দের নাম আসায় নওয়াজকে জবাবদিহির আওতায় আনার জন্য বছরের পর বছর নষ্ট করা হয়েছে। নীতিগত প্রশ্নে সরকারকে আক্রমণ না করে পিটিআই নেতৃত্বাধীন বিরোধী দলগুলো অভ্যুত্থানের চেষ্টা করেছে। এতে বরং দেশটিতে আরও তিক্ত ও গভীর বিভাজনের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি খুবই বিষিয়ে উঠেছে। আর ব্যাপারটা এতই বিস্ফোরণমুখর হয়ে উঠেছে যে তা অনন্তকাল বজায় রাখা যাবে না। উভয় পক্ষের রাজনীতিবিদদের পরিস্থিতির দাবি মেটাতে তৎপর হতে হবে। আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে দেশটিকে সঠিক পথে রাখতে এখনো সিনেট চেয়ারম্যানের আহূত জাতীয় সংলাপ করা যেতে পারে।
নতুন কিছু নিয়মের ভিত্তিতে পাকিস্তান নব যাত্রা শুরু করতে পারে। ১৯৭৭ সালে প্রবীণ বালুচ নেতা মির গাউস বক্স বেজেঞ্জো হায়দরাবাদ কারাগারে যা বলেছিলেন, সেটা আমার স্মরণে আছে। গাউস বক্স তরুণ বয়সে ভালো ফুটবল খেলতেন। অবিভক্ত ভারতের আলিগড় কলেজ ফুটবল দলে খেলতেন তিনি। তিনি জুলফিকার আলী ভুট্টোকে রাজনৈতিক খেলার নিয়ম মেনে চলতে এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে নিয়ম ভাঙতে মানা করতেন। তিনি ভুট্টোকে সতর্ক করে বলেছিলেন, রাজনীতির খেলায় নিয়ম না থাকলে রাজনীতিই থাকবে না। তাঁর কথা ফলে গেছে।
নেশন ডটকম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
আফ্রাসিয়াব খটক: পাকিস্তানের আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।