সৌদি আরবে গৃহকর্মী পাঠায় এমন দেশগুলো যখন তাদের দেশের নারীদের সে দেশে পাঠাতে অস্বীকৃতি জানায়, তখন সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশি নারীদের নিয়োগের জন্য এগিয়ে আসে। নাগরিক সমাজের নানামুখী সমালোচনার পরও ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ সৌদি আরবে দুই লাখ নারীকে গৃহকর্মী হিসেবে পাঠানোর প্রতিশ্রুতি দেয়। উভয় দেশের সরকারের প্রতিনিধিরা ওই স্মারকে অনুস্বাক্ষর করেন।
বাংলাদেশ জনশক্তি ব্যুরোর সাম্প্রতিক তথ্যে দেখা যায়, ২০১৫ থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ৯৬১ জন নারী গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গেছেন। পরিবার-পরিজন ও সন্তানদের সুখস্বপ্ন নিয়ে এসব নারী দেশান্তরি হন। কিন্তু তাঁদের সবার আশা পূরণ হয় না, যেমন হয়নি বৈধভাবে যাওয়া নাজমা, তাহমিনা, ফাতেমা, জাবেদা, রোকেয়া ও মাজেদা এই ছয় নারীর। সম্প্রতি তাঁদের নিয়োগকারীরা মোটা টাকার বিনিময়ে অন্য নারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে (সমকাল, ১০ এপ্রিল ২০১৭)।
এটি কোনো বিচ্ছিন্ন নারী পাচারের ঘটনা নয়, মাত্র কয়েক সপ্তাহ আগেও নবীগঞ্জের এক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে দেশীয় কয়েকজন পাচারকারী চক্রের সদস্য সৌদি পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। (সমকাল, ১৮ এপ্রিল ২০১৭) আন্তর্জাতিক মহলের নানা সমালোচনার পরও সৌদি কর্তৃপক্ষ গৃহস্থালি কাজে নিয়োগ দেওয়া কর্মীদের শ্রম আইনের সুযোগ থেকে যেমন বঞ্চিত রাখছে, অন্যদিকে কাফালা প্রথার সুযোগ নিয়ে এসব কর্মীকে শোষণ, নির্যাতন আর বেচাকেনা ঘটে চলেছে।
অভিবাসী নারী শ্রমিকদের মধ্যে অনেকে ইতিমধ্যে নির্যাতনের শিকার হয়ে স্থানীয় সিন্ডিকেট দালালকে মোটা টাকা দেওয়ার বিনিময়ে দেশে ফিরে ফিরতে পেরেছেন। কিছু অভিবাসী নারী সৌভাগ্যক্রমে র্যাব বা কোনো সাহায্য সংস্থার সহযোগিতায় সৌদির নিয়োগ সিন্ডিকেটের আটকাবস্থা থেকে অসুস্থ-আধমরা হয়ে ফিরে আসেন। তবে নরকযন্ত্রণায় আটকে পড়া অনেক নারী দেশে ফেরার আবেদন-নিবেদন করেও ফিরে আসার সুযোগ পান না। তাঁদের কান্নার শব্দ আমাদের নীতিনির্ধারকদের কানে হয় পৌঁছায় না, বা পৌঁছালেও তাঁরা কিছু করতে চায় না। যাঁরা ফিরে আসতে পেরেছেন, তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন কি? ভুক্তভোগীরা যাতে মুখ না খোলেন, দালাল চক্রের সব কর্মকাণ্ড ফাঁস না করে দেন, তার জন্য স্থানীয় দালাল চক্র ভয়ভীতি দেখাতে থাকে। কুৎসা রটায়। এতে এসব নারী পরিবারে ও সমাজে নানান অবজ্ঞার শিকার হন। ফলে ফিরে আসা নারীরা নিজের স্বাভাবিক সত্তাকে হারিয়ে বসেন। সাম্প্রতিক যেসব নারী দেশে ফিরে এসেছেন, তাঁদের ভাষ্যমতে ও বাংলাদেশ দূতাবাস সূত্রের তথ্যে জানা যায়, এখনো অনেক নির্যাতিত নারী সৌদি আরবের সরকারি আশ্রয়কেন্দ্রে দেশে ফিরে আসার প্রতীক্ষায় মানবেতর জীবন কাটাচ্ছেন।
আরও দু-একটি বিষয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা দরকার। প্রথমত, নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগে–পরে গৃহকর্মী পাঠানো নিয়ে যে কয়েকটি বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা হয়েছিল তা হলো, অভিবাসী নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা। দ্বিতীয়ত, নির্যাতিত নারীর আশ্রয়, চিকিৎসা, ক্ষতিপূরণ ও প্রত্যাবাসন প্রক্রিয়া। অধিকাংশ গৃহকর্মীকে ভোর থেকে বিরতিহীনভাবে রাত ১২টা, কখনোবা রাত ২টা পর্যন্ত কাজে নিযুক্ত রাখা হয়। অনেক নিয়োগকারী নিজেই বাড়তি রোজগারের জন্য তার গৃহকর্মীকে বিভিন্ন বাসায় জোর করে কাজে নিযুক্ত করে। এমন গৃহকর্মীরা অধিকাংশ ক্ষেত্রে ওই সব সাময়িক কর্মস্থলে যৌন হয়রানিসহ নানা রকম নির্যাতনের শিকার হন। এ ছাড়া কিছু নিয়োগকারী এসব নারীকে জোরপূর্বক দেহব্যবসায় নিযুক্ত করে। প্রত্যেক গৃহকর্মীর বিদেশে যাওয়ার আগে একটি চুক্তিপত্রে উভয় পক্ষ স্বাক্ষর করলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নিয়োগকারীরা এটি পরিপালন করে না কিংবা গুরুত্ব দেয় না। সেখানে ব্যাপকভাবে চুক্তি ভঙ্গ করা হয়। যৌন নিপীড়নের শিকার ভুক্তভোগীরা ন্যায়সংগত বিচার সৌদি আরবে পেয়েছেন, এমন নজির নেই বলা যায়। প্রতিবাদ করলে বরং নির্যাতিতকেই পুনরায় শাস্তি ভোগ করতে হয়, জেলে ঢোকানো হয় এবং নানা ধরনের অভিযোগের দায় চাপানো হয়।
নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দেশের নাগরিকদের জানিয়েছিলেন, ভুক্তভোগী নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করাসহ তাঁর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, তদন্ত, ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনের প্রক্রিয়া অতি দ্রুততর সময়ে উভয় সরকারের তত্ত্বাবধানে করা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। সম্প্রতি একটি সম্পাদকীয়তে (সমকাল, ১১ এপ্রিল) উল্লেখ করা হয়েছে, ‘বিক্রি হয়ে যাওয়া নারীদের স্বজনরা অভিযোগ করেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ ঘটনা জানে; কিন্তু কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করেনি। রিক্রুটিং এজেন্সিও কোনো গুরুত্ব দিচ্ছে না।’
একই সংবাদপত্রের ১০ এপ্রিল সংখ্যার সংবাদে উল্লেখ করা হয়েছে, ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময় ওই ছয় নারীসহ আরও কয়েকজনকে বেচে দেয় তাদের নিয়োগকারীরা। দীর্ঘ প্রায় চার মাস আগে মন্ত্রণালয় এসব মেয়েকে উদ্ধার করার জন্য সৌদি আরবের শ্রম কাউন্সিলরকে চিঠি পাঠায় কিন্তু এখন পর্যন্ত ওই সব হতভাগ্য নারীর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। গৃহকাজে নিয়োগ দেওয়া এসব নারীকে দাসের মতো বিক্রি করে দেওয়া হবে অথচ এর কোনো বিচার হবে না, তাহলে অপরাধীরা কীভাবে জানবে তারা মানব পাচারের মতো জঘন্য মানবতাবিরোধী অপরাধ করছে, যার স্বীকৃতি কিংবা বৈধতা কোনো দেশের আইনই কাউকে দেয়নি। তবে সৌদি আরব থেকে দাসব্যবস্থার উচ্ছেদ ১৯৬২ সালে হলেও (ঘোষণামাত্র!) এর শোষণ ও পীড়নমূলক প্রবণতা এখনো দূর হয়নি। একইভাবে সে দেশে মানব পাচার আইন ২০০৯ সালে প্রণীত হলেও মানব পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এই আইন প্রয়োগের দৃষ্টান্ত নেই বললেই চলে।
২০০৫ সালের জুলাই মাসে তৎকালীন সৌদি আরবের জাতীয় কর্মসংস্থান কমিটির চেয়ারম্যান ওয়ালিদ আল-সোয়াইদেন একটি বিশেষ প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে আসেন। তাঁর সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে পরিশ্রমী আনসার-ভিডিপির নারী সদস্যদের গৃহকর্মীসহ অন্যান্য কিছু পেশায় নিযুক্ত করা। তাঁর ফিরে যাওয়ার সময় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের মেয়েদের তাঁরা কোনো ধরনের যৌন শোষণ-নির্যাতন হতে দেবেন না, বরং তাঁদের নিজের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করবেন।’ (নিউ এজ, ১২ জুলাই ২০০৫) এমন আশ্বাস দিয়েছিলেন বটে কিন্তু সুবিধাভোগীরা ভুলে গেলেও ঘটনার শিকার আনসার-ভিডিপির সদস্যসহ বহু নারী হয়তো এখনো সবাই ভুলে যাননি। আনসারের নারী সদস্যরা যথেষ্ট শক্ত-সমর্থ থাকলেও নানান নির্যাতনে ও নিরাপত্তাহীনতায় অতিষ্ঠ হয়ে তাঁরাও দেশে ফিরে আসার আকুতি জানাতে থাকেন। পাশবিক নির্যাতনসহ যৌন হয়রানি ও যৌন নিপীড়নের শিকার অসংখ্য নারী ওই সব তিক্ততা ভুলে এখনো স্বাভাবিক জীবনে ফেরার জন্য লড়লেও সৌদি সমাজমানসে ও রাষ্ট্রের আইনি কাঠামোয় আজও কি কোনো কার্যকর পরিবর্তন এসেছে? আমাদের দুয়ারে আঘাত আগেই শুরু হয়েছে, সমঝোতা স্মারকের পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি।
আবদুল হান্নান বিশ্বাস: শ্রম অভিবাসন ও মানব পাচার গবেষক, দৃষ্টি রিসার্চ সেন্টার।